Published : 08 Feb 2026, 12:35 PM
তীব্র ঠাণ্ডার মধ্যে তুষারপাত উপেক্ষা করে আগাম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন জাপানের ভোটাররা। ভোটপূর্ব জারিপ অনুযায়ী ধারণা করা হচ্ছে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রক্ষণশীল জোট নির্বাচনে বড় ধরনের জয় পাবে।
জাপানের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, অভিবাসন আইন কঠোর করা সহ বেশ কিছু উচ্চাভিলাষী কর্মসূচী বাস্তবায়নের জন্য নতুন করে জনরায় পেতে রোববারের এ ভোটের ডাক দিয়েছেন তাকাইচি।
বিবিসি জানিয়েছে, ৩৬ বছরের মধ্যে এটি জাপানে শীতের মাঝে হওয়া প্রথম নির্বাচন। দেশটিতে সাধারণত অপেক্ষাকৃত কম তীব্র আবহাওয়ার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু তাকাইচি পার্টির নেতৃত্ব প্রতিযোগিতায় জয় পাওয়ার পরপরই ক্ষমতায় অবস্থান দৃঢ় করতে আগাম নির্বাচনের ডাক দেন।
বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও ইশিন নামে পরিচিত জনতুষ্টবাদী জাপান ইনোভেশন পার্টির জোট দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে তিনশরও বেশি আসনে জয় পেতে পারে।
বর্তমানে পার্লামেন্টের নিম্নকক্ষে এই জোটের আসন সংখ্যা ২৩৩। নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল পেলে জোটটি তাদের ক্ষমতা আরও দৃঢ় করে তুলতে পারবে।
মধ্যপন্থি একটি নতুন রাজনৈতিক জোট ও জনপ্রিয় হতে থাকা কট্টর ডানপন্থিরা প্রকৃত প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো শক্তি এখনও অর্জন করতে পারেনি বলে পর্যবেক্ষকদের ধারণা।
এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৬৪ বছর বয়সী তাকাইচি। তিনি জানিয়েছেন, নির্বাচনে এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি পদত্যাগ করবেন।
দুর্নীতি কেলেঙ্কারি ও বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়ের কারণে এলডিপি তাদের কয়েক দশকের পুরনো জোট শরীকদের সমর্থন ও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। তাকাইচির নেতৃত্বে এ আগাম নির্বাচনের মধ্য দিয়ে দলটি আবার ঘুরে দাঁড়াবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
জনমত জরিপগুলোতে জাপানের ১৮ থেকে ৩০ বছর বয়সী ভোটারদের মধ্যে তাকাইচির জনপ্রিয়তার বিষয়টি লক্ষ্য করা গেছে।