Published : 09 Sep 2025, 07:57 PM
নেপালে সরকারের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভকারীদের আন্দোলন ক্রমে তীব্র হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। দেশটির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পুডেলকে রাস্তায় ধাওয়া দেওয়া এবং মারধর করার ভিডিও সামনে এসেছে।
ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পুডেল কাঠমান্ডুর সড়ক দিয়ে দৌড়াচ্ছেন। তাকে পেছন থেকে তাড়া করছেন বেশ কয়েকজন। এর মধ্যে সামনে থেকে এক বিক্ষোভকারী লাফ দিয়ে এসে তাকে লাথি মারেন। এতে তিনি ভারসাম্য হারিয়ে পাশের একটি দেয়ালে ধাক্কা খান।
দেশটিতে সোমবারের বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ১৯ জন প্রাণ হারান। এর পরেই আন্দোলন সরকারবিরোধী রূপ নেয়। বাধ্য হয়ে সরকার সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রীর পদত্যাগ মূল দাবিতে পরিণত হয়। বিভিন্ন দল এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্যও এই দাবিতে সংহতি জানান।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
এদিন বিক্ষোভকারীরা একের পর এক মন্ত্রী ও রাজনীতিকের বাড়িতে আগুন ও ভাঙচুর শুরু করেন। দুপুর থেকে সেনাবাহিনী সব মন্ত্রী ও বড় বড় দলের শীর্ষ নেতাদের তাদের বাড়ি ও অ্যাপার্টমেন্ট থেকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া শুরু করে। তাদেরকে অজ্ঞাত সেনাঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
জেন-জি বিক্ষোভকারীরা নেপালের সচিবালয় সিংহ দুর্বার প্রাঙ্গণেও ঢুকে পড়ে।
ওলির পথ ধরে প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেলও পদত্যাগ করতে যাচ্ছেন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।