১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার টানা ষষ্ঠ দিনের হামলায় কাঁপল কিইভ, নিহত ৯

কিইভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার অনবরত হামলায় লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রাশিয়ার টানা ষষ্ঠ দিনের হামলায় কাঁপল কিইভ, নিহত ৯
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিইভে ক্ষতিগ্রস্ত স্থাপনা ও গাড়ি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 04:48 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

ইউক্রেইনের রাজধানী কিইভ ও এর আশপাশের অঞ্চলে টানা ষষ্ঠ দিনের মতো আকাশ হামলা চালিয়েছে রাশিয়া। 

এতে অন্তত নয়জন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে মঙ্গলবার কিইভের কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর পূর্ণাঙ্গ আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকলেও উভয় পক্ষের হামলা-পাল্টা হামলা থামছে না। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধে পরিণত হয়েছে। 

টেলিগ্রামে কিইভের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, কিইভ শহরেই আটজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। হামলার পর রাজধানী শহরটির বিভিন্ন স্থানে আগুন ধরে যায়।

কিইভ অঞ্চলের রোরিসপিল শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একজন নিহত ও এক শিশুসহ আরও নয়জন আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেনকো।

কিইভ ও আশপাশের অঞ্চলে প্রতিনিয়ত রাশিয়ার হামলায় লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মঙ্গলবারের প্রথম প্রহরে ইউক্রেইনের বেশিরভাগ অঞ্চলেই আকাশ হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

জ্বালানি ও লজিস্টিক স্থাপনাগুলোতে আঘাত হানার পাশাপাশি ইউক্রেইন সীমান্তেও হামলা বাড়িয়েছে রাশিয়া। 

মঙ্গলবার দানিয়ুব নদীর তীরবর্তী ওরলিভকা সীমান্ত পয়েন্টে নতুন করে রাশিয়ার হামলার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটো সদস্য দেশ রোমানিয়ার সঙ্গে সীমান্ত পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, রাশিয়ার অভ্যন্তরেও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান রপ্তানি কেন্দ্র উস্তলুগা বন্দর এলাকায় ইউক্রেইনীয় ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মস্কো এলাকাতেও ড্রোন হামলা নস্যাৎ করার দাবি করেছে রাশিয়া।

এছাড়া মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণপূর্বে বড় বড় তেল শোধনাগার সমৃদ্ধ সামারা অঞ্চলে আকাশ হামলায় কিছু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন।

তবে দুই দেশই সাধারণ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করে আসছে। এসব ক্ষয়ক্ষতির বিবরণ রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে ‘বিস্তারিত ও গঠনমূলক’ ফোনালাপের কথা জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রতিনিধি দলের ইউক্রেইন সফরের তারিখ চূড়ান্ত করতে কাজ চলছে বলে জানান তিনি।

একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, মানবিকতার খাতিরে এই যুদ্ধের অবসান প্রয়োজন। ক্রেমলিন নেতা জবাবে জানান, মস্কোও ‘এই পথেই এগোচ্ছে’।

এদিকে সীমান্ত অঞ্চলে ড্রোনের তীব্র আনাগোনা বৃদ্ধি পাওয়ায় নেটোর সীমান্তবর্তী সদস্য দেশগুলো তাদের সামরিক সতর্কতা বাড়িয়েছে। 

লেনিনগ্রাদ অঞ্চলের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা যাওয়ায় লাটভিয়ায় নেটোর ‘বাল্টিক এয়ার পলিসিং মিশন’ তাদের যুদ্ধবিমানগুলো সক্রিয় করে এবং ফিনল্যান্ড সীমান্তবর্তী আকাশ ও নৌ যোগাযোগ সাময়িকভাবে সীমিত করে।

মঙ্গলবারে সাময়িকভাবে বিমান হামলার সতর্কতা জারি করা দেশ এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাহকনা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নেটোকে ধন্যবাদ জানিয়েছেন।