১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের জাপোরিজিয়ায় রাশিয়ার হামলায় নিহত ৫

এর আগে রাশিয়ার অন্তত চারটি অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলায় কৌশলগত ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করে ইউক্রেইন।

ইউক্রেইনের জাপোরিজিয়ায় রাশিয়ার হামলায় নিহত ৫
জাপোরিজিয়ার তার্নুভেত গ্রামে রাশিয়ার ব্যাপক গোলা হামলায় কয়েকটি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরের কাছে রাশিয়ার গোলাবর্ষণ ও আকাশ হামলায় পাঁচজন নিহত আর উত্তরপূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে ড্রোন হামলায় দু’টি শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।   

রোববার সন্ধ্যা রাতে ও সোমবার ভোররাতে এসব হামলার ঘটনা ঘটেছে বলে ওই অঞ্চল দু’টির কর্মকর্তারা জানিয়েছেন।  

জাপোরিজিয়া অঞ্চলের কর্মকর্তা ইভান ফেদেরোভ টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, রোববার রাতে জাপোরিজিয়ায় পূর্বদিকের তার্নুভেত গ্রাম লক্ষ্য করে রুশ বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করে, এতে তিন নারী নিহত হন এবং একটি দোকান ও কয়েকটি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।   

ফেদেরোভ জানান, নিকটবর্তী জেলায় রাশিয়ার একটি স্মার্ট বোমার (গাইডেড এরিয়াল বোম্ব) হামলায় এক ব্যক্তি নিহত হন। রাশিয়ার এসব হামলায় মোট নয়জন আহত হন এবং একটি বেসামরিক বাড়ি ধ্বংস হয়।

সুমি অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ সোমবার টেলিগ্রামে জানিয়েছেন, তার অঞ্চলে রাশিয়ার ড্রো হামলায় দু’টি শিশুসহ ছয়জন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত শিশুদের মধ্যে ছোটটির বয়স সাত বছর। 

তিন বছরেরও বেশি সময় আগে প্রতিবেশী ইউক্রেইনের ওপর পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে রাশিয়া। তারপর থেকে ইউক্রেইনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র; তাদের মধ্যস্থতায় আরেক পর্ব শান্তি আলোচনায় বসার ঠিক আগে এসব হামলা চালালো রাশিয়া। 

এর আগে রাশিয়ার অন্তত চারটি অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলায় কৌশলগত ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করে ইউক্রেইন। 

আরও পড়ুন: 

রুশ বিমানঘাঁটিতে হামলাড্রোন নেওয়া হয়েছিল কাঠের শেডে লুকিয়ে