১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেপালে বিক্ষোভকারীদের আগুনে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

পরিবারের সদস্যরা বলছেন, রাজিয়ালাক্সমিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নেপালে বিক্ষোভকারীদের আগুনে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু
ছবি: এনডিটিভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

নেপালে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ কানালের স্ত্রীর মৃত্যুর খবর দিয়েছে একাধিক সংবাদমাধ্যম। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর দালু এলাকায় ঝালানাথ কানালের বাড়িতে আগুন ধরিয়ে দেন জেন-জি বিক্ষোভকারীরা। এতে দগ্ধ হন তার স্ত্রী রাজিয়ালাক্সমি চিত্রকর। 

পরিবারের সদস্যরা বলছেন, তাকে উদ্ধার করে কৃতিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নেপালে সরকারের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভকারীদের আন্দোলন মঙ্গলবার আরও তীব্র হয়ে ওঠে। 

এদিন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনেও আগুন দেন বিক্ষোভকারীরা। তারা দেশটির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পুডেলকে রাস্তায় ধাওয়া দেন এবং মারধরও করেন। 

দেশটিতে সোমবারের বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ১৯ জন প্রাণ হারান। এর পরেই আন্দোলন সরকারবিরোধী রূপ নেয়। বাধ্য হয়ে সরকার সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রীর পদত্যাগ মূল দাবিতে পরিণত হয়। বিভিন্ন দল, এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্যও এ দাবিতে সংহতি জানান।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

এদিন বিক্ষোভকারীরা একের পর এক মন্ত্রী ও রাজনীতিকের বাড়িতে আগুন ও ভাঙচুর শুরু করেন। দুপুর থেকে সেনাবাহিনী সব মন্ত্রী ও বড় বড় দলের শীর্ষ নেতাদের তাদের বাড়ি ও অ্যাপার্টমেন্ট থেকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া শুরু করে। তাদেরকে অজ্ঞাত সেনাঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

জেন-জি বিক্ষোভকারীরা নেপালের সচিবালয় সিংহ দুর্বার প্রাঙ্গণেও ঢুকে পড়ে।

ওলির পথ ধরে প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেলও পদত্যাগ করতে যাচ্ছেন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।