Published : 03 Jan 2026, 02:04 PM
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
এ বিস্ফোরণ প্রত্যক্ষ করার কথা জানিয়ে সিএনএনের একদল সাংবাদিক বলেছেন, ঘটনার পর শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বিবিসি লিখেছে, এ হামলাকে যুক্তরাষ্ট্রের তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি হয়।

সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ বলেন, “একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, সেটির প্রভাবে আমার জানালার কাঁচ কাঁপছিল।”
বিস্ফোরণের পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারাকাসে অবস্থানরত সিএনএনের সাংবাদিকরা বিস্ফোরণের পর আকাশে বিমানের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন।
একটি ভিডিওতে দেখা গেছে, রাতে শহরের আলোঝলমলের মধ্যে আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি কুণ্ডলীর নিচের অংশে কমলা আভা দেখা যায়। একটি কুন্ডলীর নিচে আগুনের আভা দেখা যায়। এরপর অন্য একটি স্থানে আলোর ঝলকানির পরপরই বিকট শব্দ শোনা যায়।
স্থানীয় সংবাদমাধ্যম এফেক্টো কোকুইও এবং তাল কুয়াল ডিজিটাল জানিয়েছে, কারাকাসের উত্তরে লা গুয়াইরা রাজ্য এবং মিরান্ডা রাজ্যের উপকূলীয় শহর হিগুয়েরোতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলে আসছেন যে, ভেনেজুয়েলার ‘মাদক পাচারকারী নেটওয়ার্কের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। স্থলভাগে ‘শিগগির’ হামলা শুরু হবে বলেও তিনি সতর্ক করে আসছিলেন।
এর আগে গত অক্টোবরে ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ আমেরিকার দেশটি থেকে অবৈধ অভিবাসী ও মাদকের চালান ঠেকাতে সিআইএ’কে ভেনেজুয়েলার ভেতরে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন তিনি।

এই ঘটনাকে ‘চরম সামরিক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে কারাকাস বলেছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করতেই এই হামলা চালাচ্ছে।
প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন এবং বাইরের অস্থিরতা মোকাবেলায় ডিক্রি জারি করেছেন। একইসঙ্গে তিনি জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়ে দেশবাসীকে এ ‘সাম্রাজ্যবাদী হামলার’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।