Published : 21 Dec 2025, 04:26 PM
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, দেশটির লাটিনি নদীর দক্ষিণে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ প্রায় সম্পন্ন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চলতি বছর শেষ হওয়ার আগেই অন্যতম এ প্রধান দাবি পূরণ করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটি।
২০২৪ এর নভেম্বরে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই প্রতিবেশী দেশ। এর মধ্য দিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের অবসান হয়। কিন্তু এ যুদ্ধবিরতির অন্যতম শর্ত, লাটিনি নদীর দক্ষিণে ইসরায়েলের সীমান্ত সংলগ্ন অঞ্চলটিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ।
প্রেসিডেন্ট জোসেফ আউন ও সালামের নেতৃত্বাধীন লেবাননি কর্তৃপক্ষ ৫ অগাস্ট যুক্তরাষ্ট্র সমর্থিত লেবাননিজ সেনাবাহিনীকে এই বছরের মধ্যে সব অস্ত্রশস্ত্রের ওপর রাষ্ট্রের একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি পরিকল্পনা তৈরির দায়িত্ব দেয়।
“প্রধানমন্ত্রী সালাম নিশ্চিত করেছেন যে লাটিনি নদীর তীরবর্তী ওই অঞ্চলটির সঙ্গে সম্পর্কিত ‘অস্ত্র একত্রীকরণ পরিকল্পনা’র প্রথম পর্ব আর কয়েকদিনের মধ্যে সম্পন্ন হবে,” তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে; জানিয়েছে রয়টার্স।
বিবৃতিতে সালাম বলেছেন, “সরকারের নির্দেশ অনুসারে লেবাননের সেনাবাহিনীর তৈরি করা পরিকল্পনার ওপর ভিত্তি করে রাষ্ট্র লাটিনি নদীর উত্তরে ‘অস্ত্র বাজেয়াপ্তকরণ’ নামের দ্বিতীয় পর্ব শুরু করার জন্য প্রস্তুত।”
সালাম ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি তত্ত্বাবধানকারী কমিটির শীর্ষ বেসামরিক আলোচক সাইমন কারামের সঙ্গে বৈঠক করার পর তার দপ্তর থেকে বিবৃতিটি দেওয়া হয়।
যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ এটি লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে। পাশাপাশি ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ক্রমবর্ধমানভাবে লেবাননের দক্ষিণাঞ্চলে আর এমনকি রাজধানী বৈরুতেও হিজবুল্লাহর লক্ষ্যস্থলগুলোতে হামলা চালাচ্ছে।
লেবাননের শিয়া মুসলিম রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য দেশের ভেতরে তাদের বিরোধী প্রধানত খ্রীস্টান ও সুন্নি মুসলিম গোষ্ঠীগুলো এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব চাপ সৃষ্টি করে আসছে। আর ইসরায়েল যখন লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে তখন তাদের নিরস্ত্রীকরণ করা একটি ভুল হবে, এমন যুক্তি দেখিয়ে চাপ প্রতিরোধ করার চেষ্টা করছে হিজবুল্লাহ।
ইসরায়েল খোলাখুলি যুদ্ধবিরতির শর্ত পূরণ করার জন্য লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। লেবানন হিজবুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তারা ‘প্রয়োজন অনুযায়ী’ কাজ করবে বলে জানিয়ে রেখেছে ইসরায়েল।