১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বাড়ল, কংগ্রেসে রিপাবলিকানদের ঝুঁকি কমল না

এখনই নির্বাচন হলে ৪৪ শতাংশ ভোটার ডেমোক্রেটদের এবং ৩৭ শতাংশ রিপাবলিকানদের বেছে নেবেন বলে জানিয়েছেন।

ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বাড়ল, কংগ্রেসে রিপাবলিকানদের ঝুঁকি কমল না
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 02:37 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন অবস্থান থেকে সামান্য বাড়লেও নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়েছে তার দল রিপাবলিকান পার্টি।

গেল সপ্তাহে রিপাবলিকান পার্টির প্রথম ‘মিডটার্ম কনভেনশন’ শেষে বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের চার দিনব্যাপী পরিচালিত যৌথ জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, ট্রাম্পের একটি বিশেষ নির্বাচনী প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ৬৩ শতাংশ আমেরিকান। 

দলীয় সম্মেলনে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলে প্রতিটি আমেরিকান নাগরিককে ৫ হাজার ডলার করে লভ্যাংশ দেওয়া হবে। 

ডেমোক্র্যাট সমর্থকদের ১০ জনের মধ্যে ৯ জন এবং রিপাবলিকানদের ১০ জনের মধ্যে ৪ জনই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

দেশব্যাপী ১ হাজার ১৪৩ জন মার্কিন নাগরিকের ওপর পরিচালিত এই জরিপে মার্জিন অব এরর (ভুলের মাত্রা) ধরা হয়েছে ৩ শতাংশ পয়েন্ট। জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ ভোটার ট্রাম্পের বর্তমান কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। 

এটি অগাস্টের শেষে পাওয়া ৩৩ শতাংশের চেয়ে কিছুটা বেশি, যা ছিল তার পুরো রাজনৈতিক জীবনে সর্বনিম্ন অবস্থান।

গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই তার জনপ্রিয়তার পারদ নামতে থাকে। 

পশ্চিম এশিয়া থেকে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়া আর যুক্তরাষ্ট্রে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মার্কিনিদের পারিবারিক বাজেটে চাপ বাড়ছে। একই সঙ্গে অর্থনীতি পরিচালনায় রিপাবলিকানদের দীর্ঘদিনের সুখ্যাতিও ধাক্কা খেয়েছে। 

এখনই নির্বাচন অনুষ্ঠিত হলে কোন দলকে ভোট দেবেন, এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ ভোটার ডেমোক্রেটদের এবং ৩৭ শতাংশ রিপাবলিকানদের বেছে নিয়েছেন।

দুই দলের মধ্যে এই ৭ শতাংশ পয়েন্টের ব্যবধান ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর সর্বোচ্চ। 

নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ বা সিনেটের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের নীতি বাস্তবায়নে মারাত্মক অচলাবস্থা তৈরি হবে।

তবে জাতীয় পর্যায়ের এই জরিপ সামগ্রিক জনমতের ওপর আলোকপাত করলেও অঙ্গরাজ্য বা কাউন্টিভিত্তিক আসনগুলোর জটিল সমীকরণ এতে পুরোপুরি ফুটে ওঠে না, যেখানে কাঠামোগত দিক থেকে রিপাবলিকানরা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

অর্থনীতির সঠিক চালক হিসেবে রিপাবলিকানদের (৩৭%) চেয়ে ডেমোক্রেটদের (৩৮%) ওপর বেশি আস্থা প্রকাশ করেছেন ভোটাররা। প্রায় এক দশকের মধ্যে এই প্রথম অর্থনৈতিক ইস্যুতে রিপাবলিকানদের পেছনে ফেলল ডেমোক্রেটরা।

অন্যদিকে, রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউজে বিশেষ বলরুম নির্মাণসহ ট্রাম্পের একের পর এক বিতর্কিত উন্নয়ন প্রকল্প নিয়েও ক্ষোভ দেখা গেছে।  

জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ ডেমোক্রেট এবং ২৫ শতাংশ রিপাবলিকান এসব প্রকল্পের বিরোধিতা করেছেন। একই সঙ্গে দুই-তৃতীয়াংশ আমেরিকান প্রেসিডেন্টের এসব নির্মাণকাজকে ‘কম গুরুত্বপূর্ণ’ বিষয় হিসেবে দেখছেন।