ক্যারিবিয়ানে জ্বালানি ভরার সময় সংঘর্ষে জড়াল দুই মার্কিন জাহাজ, আহত ২
সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ক্যারিবিয়ানের ঠিক কোথায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে মার্কিন বাহিনী তাও জানায়নি।
ক্যারিবীয় অঞ্চলে জ্বালানি ভরার সময় মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ সংঘর্ষে জড়িয়েছে এবং এতে দুজন হালকা আহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সাউদার্ন কমান্ডের মুখপাত্র কর্নেল ইমানুয়েল অরতিজ।
বুধবার জাহাজ থেকে জাহাজে জ্বালানি ভরার সময় ডেস্ট্রয়ার ইউএসএস ট্রাক্সটান ও দ্রুতগতির যুদ্ধকালীন সহায়তা জাহাজ ইউএসএনএস সাপ্লাইয়ের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত দুই নাবিকের অবস্থাই স্থিতিশীল, জাহাজদুটির কোনোটিরই বড় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় তাদের নিজ নিজ অভিযানেও কোনো ধরনের বিঘ্ন ঘটছে না, মার্কিন বাহিনীর বরাত দিয়ে এমনটাই ওয়াল স্ট্রিট জার্নাল।
সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, জানিয়েছেন অরতিজ। ক্যারিবিয়ানের ঠিক কোথায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তাও জানানো হয়নি। যদিও এক সামরিক কর্মকর্তা বলেছেন, সাউদার্ন কমান্ডের এখতিয়ারভুক্ত এলাকাতেই এ সংঘর্ষ হয়েছে।
মার্কিন বাহিনীর এ কমান্ডের আওতায় ক্যারিবীয় অঞ্চলের পাশাপাশি দক্ষিণ আটলান্টিক ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশও রয়েছে।
নির্দিষ্ট এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে ইউএসএস ট্রাক্সটান গত ৬ ফেব্রুয়ারি ভার্জিনিয়ার নরফোক ছেড়েছিল; ইউএসএনএস সাপ্লাই ক্যারিবিয়ানেই ব্যস্ত ছিল।
মার্কিন নৌবাহিনীর জাহাজের সংঘর্ষে জড়ানোর ঘটনা খুবই বিরল। সর্বশেষ গত বছরের ১২ ফেব্রুয়ারি ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান মিশরের পোর্ট সাইদের কাছে একটি বাণিজ্যিক নৌযানকে ধাক্কা দিয়েছিল। ওই সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত রণতরীটিকে মেরামতের পাঠাতে হয়েছিল।
সেবার কেউ হতাহত না হলেও পরে মার্কিন নৌবাহিনীর এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, দুই জাহাজের যে কোনো একটির যাত্রাপথে যদি যৎসামান্য পরিবর্তনও হতো তাহলে বড় দুর্ঘটনা ও ব্যাপক প্রাণহানি হতে পারতো।
