২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি রাফাল কেনার প্রস্তাবে ভারতের অনুমোদন

চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। তার আগে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে ভারত সরকারের এই ছাড়পত্র দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি রাফাল কেনার প্রস্তাবে ভারতের অনুমোদন
রাফাল যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 07:17 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

আকাশপথে আরও বাড়ছে ভারতের শক্তি। ৩.২৫ লাখ কোটি রূপির ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ফরাসি এই যুদ্ধবিমান কেনার মেগা ডিল অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি)। 

চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। তার আগেই নতুন করে ১১৪টি রাফাল কেনার বিষয়ে কেন্দ্রের ছাড়পত্র দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিএসি ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দেয়। 

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, যে ১১৪টি রাফাল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে, তার মধ্যে ১৮টি তৈরি অবস্থায় পাবে ভারত। বাকী ৯৬ টি তৈরি হবে ভারতেই, তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার হবে। 

এই যুদ্ধবিমানগুলোর মধ্যে ৮৮টিতে এক জন পাইলটের বসার জায়গা থাকবে। বাকি ২৬টিতে বসতে পারবেন দু’জন পাইলট।

২০২০ সালের জুলাই মাস থেকে ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল পেয়েছে ভারত। সেগুলির কার্যকারিতা দেখে বিমান বাহিনীর বিশেষজ্ঞেরা সন্তোষ প্রকাশ করায় গত বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ (সিসিএস)-র আরও রাফাল কেনার সবুজসঙ্কেত দেয়।

রাফাল জঙ্গি বিমানগুলোতে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র, মেটিওর এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং হ্যামার প্রিসিশন-গাইডেড বোমা-সহ উন্নত অত্যাধুনিক অস্ত্র রয়েছে।

পাকিস্তানের মাটিতে ভারতের‘অপারেশন সিঁদুর’-অভিযানে আকাশপথে গুরুত্বপূর্ণ ছিল এই জঙ্গিবিমানের ভূমিকা। 

তবে কেবল রাফাল নয়, ভারতীয় নৌবাহিনীর জন্য ৬টি পি৮ই বিমান কেনার চুক্তিও অনুমোদন পেয়েছে। এ মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ ভারত সফরে গেলে এই চুক্তিটি সই হতে পারে বলে আশা করা হচ্ছে।