১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় সশস্ত্র ব্যক্তিদের থেকে পালানোর সময় ডুবে ১৩ জনের মৃত্যু

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় গোষ্ঠীগত রক্তপাত বৃদ্ধিন সুযোগ নিচ্ছে ‘ডাকাত’ নামে পরিচিত সশস্ত্র ব্যক্তিরা।

নাইজেরিয়ায় সশস্ত্র ব্যক্তিদের থেকে পালানোর সময় ডুবে ১৩ জনের মৃত্যু
এ ঘটনায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: আরব নিউজ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় সশস্ত্র হামলা থেকে বাঁচতে নৌকাযোগে পালানোর সময় নদীতে ডুবে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।  

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক মাসগুলোতে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় গোষ্ঠীগত রক্তপাত বৃদ্ধি পেয়েছে। এসব সহিংসতার সঙ্গে প্রায়ই জঙ্গি ও অপরাধী চক্রগুলো যুক্ত থাকছে। তারমধ্যেই স্থানীয়ভাবে ‘ডাকাত’ নামে পরিচিত সশস্ত্র ব্যক্তিদের হামলার কেন্দ্রস্থল হয়ে উঠেছে জামফারা। 

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানান, শুক্রবার দুপুরে সশস্ত্র হামলাকারীরা বার্নিন মাগাজি ওয়ার্ডের দুটি এলাকায় হামলা চালায়। আতঙ্কিত স্থানীয়রা নিকটবর্তী একটি নদী তীরের দিকে পালিয়ে যায় আর সেখানে মাত্র একটি নৌকা ছিল। সবাই গাদাগাদি করে ওই নৌকাযোগে পালানোর চেষ্টা করে। 

বার্নিন মাগাজির স্বাস্থ্যকর্মী শেহু মোহাম্মদ বলেন, “নৌকাটি যখন অনেক মানুষ নিয়ে যাত্রা করে তাদের মধ্যে আমার বড় ছেলে আর দুই ভাতিজিও ছিল। ডুবে মারা যাওয়া ১৩ জনের মধ্যে তারাও আছে। 

বার্নিন মাগাজি জেলা প্রশাসনের প্রধান মাইদাম্মা দানকিলো জানান, ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ২২ জন। তবে আরও ২২ জন এখনো নিখোঁজ।

এর আগের রোববার বার্নিন মাগাজি থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে আরেক হামলার ঘটনায় অন্তত দুজন নিহত হন। এ সময় বন্দুকধারীরা শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

লাগোসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত জামফারায় অন্তত ৫০টি গণ-অপহরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ভুক্তভোগীর সংখ্যা ১ হাজার ৬৪ জন।