Published : 16 Nov 2025, 04:01 PM
অস্ট্রেলিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে 'ডেমোলিশন ডার্বি' নামের এক মোটরস্পোর্ট প্রতিযোগিতায় জনতার ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি ঢুকে পড়ার ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার রাতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওলকা শহরে ঘটনাটি ঘটেছে। ওই গাড়িটিও প্রতিযোগিতায় অংশ নিচ্ছিল, জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, প্রতিযোগিতা চলার এক পর্যায়ে গাড়িটি চলন্ত অবস্থায় বেড়া ভেঙে গ্রান্ডস্ট্যান্ডে গিয়ে আঘাত হানে।
বার্ষিক ওলকা মোটরসাইকেল র্যালির অংশ ছিল ওই ‘ডেমোলিশন ডার্বি’। এই মোটরস্পোর্ট প্রতিযোগিতায় চালকরা তাদের গাড়ি নিয়ে একে অপরের সঙ্গে সজোরে ধাক্কাধাক্কি করতে থাকে। যে চালকের গাড়ি শেষ পর্যন্ত সচল থাকে তিনিই বিজয়ী হন।
ওলকা যে অঞ্চলে অবস্থিত সেই নিউ ইংল্যান্ড টেবিলল্যান্ড থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ব্রেন্ডান ময়লান রোববার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এখনও নয়জন হাসপাতালে আছেন, তবে তারা ‘সবাই দ্রুত চোট কাটিয়ে উঠছেন’।
এর আগে পুলিশ আহতের সংখ্যা নয়জন বলে জানিয়েছিল। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এসব আহতের বয়স ২০ থেকে ৭৫ বছরের মধ্যে। সঙ্কজনক অবস্থায় থাকা দুইজনের মধ্যে ৫৪ বছর বয়সী একজন আছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তারা আরও জানায়, গাড়িটির ২৭ বছর বয়সী চালক বেড়ার দিকে গাড়ি চালিয়ে দেওয়ার ঠিক আগে প্রতিযোগিতার ট্র্যাকে সংঘর্ষে জড়িয়েছিল বলে জানতে পেরেছে তারা।
ওলকা মোটরসাইকেল র্যালির কর্তৃপক্ষ তাদের ফেইসবুক পেইজে বলেছে, “দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনার কারণে ওলকা কাউন্সিল হতবাক ও মর্মাহত।”
কাউন্সিল বলছে, ‘যে পরিস্থিতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা পরীক্ষা করতে’ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে তারা।