Published : 02 May 2026, 04:16 PM
পহেলা মে-র ছুটির দিনে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে পর্যটকবাহী এক বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও আরও ৩১ জন আহত হয়েছে।
নায়ারিত রাজ্য সরকার জানিয়েছে, শুক্রবার বাসটি আমাতলান দে কানিয়াস শহরের কাছে মহাসড়ক থেকে ছিটকে পড়ার পর উল্টে যায়। বাসের যাত্রীরা হালিস্কো রাজ্য থেকে নায়ারিতের একটি বিনোদেন কেন্দ্রে যাচ্ছিল।
কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর নায়ারিত ও হালিস্কোর জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে ছুড়ে আসেন। উদ্ধার অভিযান চালানোর জন্য তারা মহাসড়কটি বন্ধ করে দেন। কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
নায়ারিত রাজ্য সরকার সামাজিক মাধ্যমে দুর্ঘটনায় পড়া বাসটির ছবি শেয়ার করেছে। তাতে দেখা গেছে, রাস্তার পাশে কাৎ হয়ে পড়ে থাকা বাসটি কাদায় মাখামাখি হয়ে আছে।
লাতিন আমেরিকা ও মেক্সিকোর মহাসড়কগুলোতে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। কিন্তু যাত্রীবাহী রেল রুট সীমিত হওয়ায় মেক্সিকোতে পরিবহনের একটি প্রধান মাধ্যম বাস।
তবে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যাত্রীবাহী রেল নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণের জন্য কাজ শুরু করেছেন। প্রাথমিকভাবে মেক্সিকোর উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন অংশের মধ্যে রেল যোগাযোগ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।