Published : 07 Jul 2025, 08:20 PM
পাকিস্তানের লাহোরে ফার্মহাউজ থেকে একটি পোষা সিংহ পালিয়ে গিয়ে এক নারী ও তার শিশু সন্তানদেরকে আক্রমণ করার ঘটনায় প্রাণীটির মালিকদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিংহটি একটি কংক্রিটের দেয়াল টপকে বাইরে বেরিয়ে এসে এক নারীকে তাড়া করছে, আর আশপাশের লোকজন আতঙ্কে ছুটোছুটি করছেন।
ওই নারী এবং তার ৫ ও ৭ বছর বয়সী সন্তানরা হাত ও মুখে আঘাত পেয়েছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন।
সিংহ পালিয়ে যাওয়ার ঘটনায় অবহেলা ও লাইসেন্সবিহীন বন্যপ্রাণী পালনের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে অভিযুক্ত করেছে। সিংহটিকে ধরে পরে একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে সরিয়ে নেওয়া হয়।
পাকিস্তানে অর্থনৈতিক অবস্থা বোঝাতে অনেকেই বাঘ, সিংহের মতো প্রাণীকে পোষ্য হিসাবে রাখেন। দেশটিতে সিংহ, চিতা, বাঘ, পুমা ও জাগুয়ারের মতো বড় বিড়ালজাত প্রাণী পোষার অনুমতিও রয়েছে।
তবে এর জন্য নিবন্ধন ও ৫০ হাজার রুপি এককালীন ফি দিতে হয়। এসব প্রাণী শহরের বাইরে রাখার নিয়ম রয়েছে।
লাহোরে পালিয়ে যাওয়া পোষা সিংহটির আক্রমণে আহত শিশুদের বাবা অভিযোগ করেন, ঘটনার সময় মালিকরা পাশে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সিংহটিকে থামাতে কিছু করেননি।
ভিডিও ফুটেজে দেখা যায়, আক্রমণের পর নারীটি উঠে দাঁড়িয়ে সাহায্যের জন্য ছুটছেন, আর আশপাশের লোকজন পালাচ্ছেন।
ঘটনার পর পাঞ্জাবে অবৈধভাবে বন্যপ্রাণী পালনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হয়েছে ১৩টি সিংহ।
চলতি বছরের শুরুতে এক পাকিস্তানি ইউটিউবারকে সিংহ শাবক অবৈধভাবে রাখার দায়ে আদালত পশু-কল্যাণবিষয়ক সচেতনতামূলক ভিডিও তৈরির নির্দেশ দিয়েছিল।
রজব বাট নামের ওই ইউটিউবার, যার চ্যানেলের সাবস্ক্রাইবার ৫৬ লাখ, বিয়ের উপহার হিসেবে সিংহ শাবকটি পেয়েছিলেন তিনি।