১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফগান সীমান্তে ৩০ জনেরও বেশি ‘অনুপ্রবেশকারীকে’ হত্যার দাবি পাকিস্তানের

খাইবার পাখতুনখওয়ার মোহমান্দে ঘটনাটি ঘটেছে। এই জেলার সীমান্ত দিয়ে বহু ‘জঙ্গি’ পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল বলে দাবি কর্তৃপক্ষের।

আফগান সীমান্তে ৩০ জনেরও বেশি ‘অনুপ্রবেশকারীকে’ হত্যার দাবি পাকিস্তানের
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানের ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র। ছবি: ডন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 12:46 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

আফগানিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশটির সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টারত ৩০ জনের বেশি ‘অনুপ্রবেশকারীকে’ হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। 

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা এমনটি জানিয়েছেন বলে খবর দিয়েছে ডন। 

পিটিভি নিউজের বরাত দিয়ে ডন জানিয়েছে, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ার মোহমান্দ জেলায় ঘটনাটি ঘটেছে, এই জেলার সীমান্ত দিয়ে বহু ‘জঙ্গি’ পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল। 

কর্মকর্তারা জানিয়েছেন, জেলাটির বাহাদর কালাইয়ের পর্বতময় খোর এলাকার কাছে জঙ্গিদের একটি বড় দলকে দেখা যাচ্ছে, গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পর অভিযানটি চালানো হয়। 

তারা বলেন, “নিরাপত্তা বাহিনী দ্রুত ওই এলাকাটি ঘেরাও করে ব্যাপক একটি অভিযান চালায়।”  

পিটিভি বলছে, এই ঘটনায় অন্তত ৩০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। কিন্তু স্থানীয় সূত্রগুলো ডনকে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। 

পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ ঘটনার বিষয়ে কিছু জানায়নি। 

কিন্তু পিটিভি বলেছে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে এখন প্রতিশোধ নেওয়ার জন্য জঙ্গিদের ওপর নির্ভর করছে আর এ ঘটনা সেটিই তুলে ধরেছে।