মহারাষ্ট্রে সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ৮
বিস্ফোরণটি এত তীব্র ছিল যে, পাঁচ কিলোমিটার দূর থেকে এর শব্দ শোনা গেছে।
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি সমরাস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় নাগপুরের ভান্ডারা জেলায় অস্ত্র কারখানাটির এলটিপি বিভাগে বিস্ফোরণ ঘটে বলে জানান জেলা প্রশাসক সঞ্জয় কোলতে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এবং চিকিৎসাকর্মীরা সেখানে রয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের ফলে কারখানাটির ছাদ উড়ে গেছে।
জওহরনগর এলাকায় অবস্থিত কারখানটির এলটিপি বিভাগে ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন। প্রথমমিক অবস্থায় একজনকে মৃত এবং তিনজনকে জীবিত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়।
সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কারখানটির ধ্বংসাবশেষ উদ্ধারে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
বিস্ফোরণটি এত তীব্র ছিল যে, পাঁচ কিলোমিটার দূর থেকে এর শব্দ শোনা গেছে। ধারণ করা ভিডিও চিত্রে ধোঁয়া উড়তে দেখা গেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, শীর্ষ সরকারি কর্মকর্তারা বিস্ফোরণ এলাকায় রয়েছেন এবং নাগপুর থেকে একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছাবে।
এছাড়া মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন দেবেন্দ্র ফড়নাভিস।
