Published : 28 Mar 2026, 05:38 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছেন।
শনিবার টেলিগ্রাম অ্যাপে জেলেনস্কি বলেছেন, “আমাদের টিমগুলো বিস্তারিত চূড়ান্ত করবে।”
আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম বিস্তারিত না জানিয়ে শুধু বলেছে, দুই নেতা দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত ব্যাপক অর্থনৈতিক চুক্তির আওতায় দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগগুলো কাজে লাগানো নিয়ে আলোচনা করেছেন। তারা ‘নিরাপত্তা উন্নয়ন’ ও মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি আর আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বৈশ্বিক অর্থনীতিতে এগুলোর প্রভাব নিয়ে আলোচনা করেছেন।
রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি বৃহস্পতিবার সৌদি আরব দিয়ে তার মধ্যপ্রাচ্য সফর শুরু করেন। তার উপস্থিতিতে শুক্রবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।
এরপর জেলেনস্কি শনিবার সংযুক্ত আরব আমিরাত ও কাতারে যান।
শুক্রবার ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলা প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সঙ্গে বেশ কয়েকটি নিরাপত্তা চুক্তি করার কাছাকাছি আছে কিইভ।