Published : 20 Apr 2026, 03:24 PM
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস করতে প্রত্যেকটি যৌক্তিক ও কূটনৈতিক পথ ব্যবহার করা উচিত, তবে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা ও অবিশ্বাস একটি ‘অনস্বীকার্য প্রয়োজনীয়তা বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এমনটি জানিয়েছে বলে খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। তার আগেই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি আলোচনায় মিলিত হতে সোমবার মার্কিন আলোচক দলের প্রতিনিধিদের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার কথা রয়েছে। কিন্তু তেহরান ইসলামাবাদে তাদের প্রতিনিধি পাঠাবে কি না, তা এখনও ঘোষণা করেনি।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বিষয় সম্পর্কে অবগত অনামা এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিদাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন ও পরস্পরবিরোধী বিবৃতির কারণে দ্বিতীয় পর্বের আলোচনার জন্য তেহরান প্রস্তুত নয়।
হরমুজ প্রণালি নিয়ে দুই পক্ষ চরম বিরোধে জড়িয়ে আছে। ইরান বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথটির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে আর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ চালিয়ে যাচ্ছে। রোববার মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
ইরান ও যুক্তরাষ্ট্র, একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। পেজেশকিয়ান বলেছেন, মার্কিন অবরোধ দেখাচ্ছে যে ওয়াশিংটন ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের আগের ধারার পুনরাবৃত্তি ঘটানোর’ দিকে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করল ইরান