১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান

ইরান বলছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদার করতে পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে জেনারেল মুনিরের এই সফর।

তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 04:46 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সোমবার এক সফরে তেহরান যাচ্ছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয়টির মুখপাত্র ইসমায়েল বাকায়ি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদার করার পাকিস্তানের প্রচেষ্টার ধারাবাহিকতায় জেনারেল মুনিরের এই সফর। 

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। 

ইরানের ব্রডকাস্টিং এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক টেলিফোন কলে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনিরের সঙ্গে কথা বলেছেন। এ সময় তারা পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা নিরাপত্তা জোরদার করার মতো বিষয়গুলোর পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী ও কৌশল নিয়ে আলোচনা করেন। 

আরাকচি মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতির সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তারা পারস্য উপসাগর ও লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতি এবং অঞ্চল দুটিতে উত্তেজনা হ্রাসের সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। 

পাশপাশি তারা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও আলোচনা ও মতবিনিময় করেন। 

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালিয়ে যুদ্ধ শুরু করার পর থেকে প্রায় ছয় মাস পার হয়ে গেছে, এখন পক্ষগুলো পরস্পরের প্রতি গোলাবর্ষণ বন্ধ রাখলেও তাদের কারও মধ্যেই শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না।

আপাতভাবে যুদ্ধ বন্ধ থাকলেও নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে ব্যাপক চাপে রয়েছে ইরানের অর্থনীতি। যুদ্ধ শুরু পর থেকেই ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে; ফলে প্রণালিটি দিয়ে তেল, গ্যাস সরবরাহ প্রায় স্থবির হয়ে আছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে অননুমোদিত কোনো তেলবাহী ট্যাংকার পার হওয়ার চেষ্টা করলে আঘাত হানার হুমকি দিয়ে রেখেছে তেহরান।