Published : 09 Aug 2026, 02:31 PM
যুক্তরাষ্ট্রের রকি পর্বতমালা অঞ্চলের পার্বত্য অঙ্গরাজ্য ইউটার মধ্যাঞ্চলে বড় এক দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট ও এক ক্রু নিহত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে রিচফিল্ড শহরের দক্ষিণপশ্চিমে থ্রি ক্রিকস জলাধার এলাকায় বিধ্বস্ত হয়। ওয়াইডমাউথ টু দাবানলের দক্ষিণপূর্ব প্রান্তের কাছে ঘটনাটি ঘটে।
যুক্তরাষ্ট্রের বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি কোম্পানি হেলিকপ্টারটি পরিচালনা করছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হওয়ার পর শনিবার ওই দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এনআইএফসি জানিয়েছে, হেলিকপ্টারটির ওই দুই সদস্য ‘মারাত্মকভাবে আহত’ হয়েছিলেন।
পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে এনআইএফসি জানিয়েছে, তীব্র দাবানল পরিস্থিতি ও খাড়া পাহাড়ি ঢালের কারণে হেলিকপ্টারের ধ্বংসাবশেষে কাছে পৌঁছতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছিল। শনিবার মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের নাম প্রকাশ করা হয়নি।
এনআইএফসি ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাস্তা বন্ধ করে দিয়েছে।
ইউটার গভর্নর স্পেন্সার কক্স দাবানলের বিরুদ্ধে লড়াইকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর একটি’ বলে বর্ণনা করেছেন।
২৭ জুলাই ফিসলেক জাতীয় বনে বজ্রপাত থেকে ওয়াইডমাউথ টু দাবানলের উৎপত্তি হয়। তারপর থেকে এটি ৪৫ হাজার হেক্টর বনভূমি পুড়িয়েছে। এটি চলতি বছরে ইউটার সবচেয়ে বড় দাবানল হয়ে উঠতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার পর্যন্ত দাবানলের ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। এই আগুনের কারণে নিকটবর্তী বসতিগুলো হুমকির মুখে পড়েছে।
এটি চলতি বছর ইউটার দ্বিতীয় প্রাণঘাতী দাবানল। জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলজ ও গোর দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে তিন দমকলকর্মীর মৃত্যু হয়েছিল। আহত আরেক দমকল কর্মীর মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।