Published : 24 Nov 2025, 02:45 PM
ভারতের তামিলনাডু রাজ্যে চলন্ত দুটি প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
সোমবার সকালে রাজ্যটির তেনকাসি জেলায় এ ঘটনা ঘটে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
পুলিশের জানিয়েছে, একটি প্রাইভেট বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল, আরেকটি তেনকাসি থেকে কোভিলপট্টির দিকে রওনা হয়েছিল। তেনকাসির একটি মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
এ দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ও দমকল বাহিনী ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করে।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে মাদুরাই থেকে সেনকোট্টাইর পথে রওনা হওয়া বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। এই বাসটির অতিরিক্ত গতি ও চালকের দায়িত্বহীনতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তদন্তকারীদের বিশ্বাস।
আহত ২৮ জনের সবাইকে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর, তাই মৃত্যুর সংখ্যা বাড়তেও পারে।
এই দুর্ঘটনা নিয়ে পুলিশ একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা ওই স্থানের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে দেখছে।