০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা ও ১ লেবাননি নিহত

দক্ষিণ লেবাননের মাজদাল সেলেম গ্রামে এক ভবনে পেতে রাখা বোমার ফাঁদে পড়ে দুই ইসরায়েলি সেনা নিহত হয়।

দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা ও ১ লেবাননি নিহত
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে ইসরায়েল প্রায়ই বিমান হামলা চালাচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 01:08 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

লেবাননের দক্ষিণাঞ্চলে ফাঁদ পেতে রাখা একটি ভবনে বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলের হামলায় এক লেবাননি নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় তিবনিন শহরের একটি গোরস্থানের মসজিদে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একজন নিহত ও আরও ১২ জন আহত হয়।  

এর আগে দক্ষিণ লেবাননের মাজদাল সেলেম গ্রামে এক ভবনে পেতে রাখা বোমার ফাঁদে পড়ে দুই ইসরায়েলি সেনা নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়। আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। 

বৈরুত থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, মাজদাল সেলেম এখনও ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে আছে। সেখানে হিজবুল্লাহর কোনো উপস্থিতি নেই। তারপও উল্লেখযোগ্য এই ঘটনাটি ঘটেছে। 

এই বিস্ফোরণের পর টেলিগ্রামে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা দক্ষিণ লেবাননজুড়ে তাদের বর্ণনা অনুযায়ী ‘সুনির্দিষট লক্ষ্যে আঘাত’ হানা শুরু করেছে।

তারা আরও বলেছে, “সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর যুদ্ধবিরতির নির্লজ্জ লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা আঘাত হানা শুরু করেছে।”  

ইসরায়েলি সেনাবাহিনীর আরবিভাষী মুখপাত্র এলা ওয়াউয়েয়া মাজদাল সেলেমের পার্শ্ববর্তী আল-মানসূরি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছেন। আরও হামলা হওয়ার আগে সব বাসিন্দাকে উত্তর দিকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।  

আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে শত্রুতা কমলেও পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থিতিশীল রয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে লেবাননি ও ইসরায়েলি কূটনীতিকদের এবং সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা চললেও এর মধ্যেই সীমান্তবর্তী গ্রামগুলোতে ইসরায়েল প্রায়ই বিমান হামলা চালাচ্ছে।  

তিনি জানান, যুদ্ধবিরতির অবকাশে যারা নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফিরে এসেছেন তারা সংঘাত আবার শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন। 

ওই প্রতিনিধি বলেছেন, “আলোচনায় সীমিত অগ্রগতি হয়েছে। যুদ্ধবিরিত পালিত হবে কি না, তা নিয়ে এখানে অনেকেই সন্দিহান। সীমান্ত অঞ্চলে সহিংসতা কোথাও তীব্র হয়ে উঠলে দ্রুত তা সারা লেবাননজুড়ে ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগও আছে। লড়াই হ্রাস পেলেও সংঘাত সত্যিকারভাবে কখনো শেষ হবে না বলে বিশ্বাস অনেকের।” 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়র তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪৩৩৩ জন নিহত ও আরও ১২২৫০ জন আহত হয়েছে।