১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, একুয়েডরের গোয়েন্দা প্রধানসহ নিহত ৭

দেশটির একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে ভ্রমণে যাওয়ার সময় সামবুরু কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, একুয়েডরের গোয়েন্দা প্রধানসহ নিহত ৭
পর্যটকবাহী হেলিকপ্টারটি সামবুরু কাউন্টিতে বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 10:28 AM

Updated : 16 Sep 2026, 12:58 PM

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একুয়েডরের গোয়েন্দা প্রধানসহ সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক। 

বুধবার দেশটির একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে সাফারি ভ্রমণের উদ্দেশে উড়ে যাওয়ার সময় সামবুরু কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  

আর্চার পোস্ট পুলিশ স্টেশনের প্রাথমিক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার উত্তরাঞ্চলীয় লইসাবা কানজারভেন্সির দিকে যাচ্ছিল। এটি একটি বণ্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত এলাকা।   

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছয় যাত্রী ও একজন পাইলট ছিলেন, তারা সবাই নিহত হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক। 

একুয়েডরের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান মিচেল সেন্সি কন্তুজি ও তার স্ত্রী স্টেফানি হলিহানও রয়েছেন। হলিহানের মার্কিন নাগরিকত্ব রয়েছে।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে সেন্সি কন্তুজি ও তার স্ত্রীকে পর্যটক হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছিল।

বিশ্বের শীর্ষস্থানীয় বিলাসবহুল ভ্রমণ সংস্থা অ্যান্ডবিয়ন্ড এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। 

কেনিয়ার রেডক্রস জানিয়েছে, দুর্গম পাহাড়ি ঢাল ও ঘটনাস্থলে আগুন ধরে যাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছিল।