১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনের হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

গত বৃহস্পতিবার ইয়েমেনের মোখা বন্দরের দখল নিয়েছিল ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার পেরিম দ্বীপও তাদের দখলে চলে যায়।

ইয়েমেনের হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 10:01 PM

Updated : 17 Sep 2026, 10:31 PM

হুতিরা সৌদি আরবে হামলা জোরদার করা এবং বাব আল-মান্দেব প্রণালির কাছে নিয়ন্ত্রণ বিস্তার করার মধ্যেেই ইয়েমেনের ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে ওয়াশিংটন সরাসরি আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

সোমবার সাংবাদিকদের ভ্যান্স বলেন, “আমরা হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরব এবং অন্যান্য দেশের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ট্রাম্প প্রশাসন।

পরিস্থিতি আয়ত্তে রয়েছে উল্লেখ করে ভ্যান্স বলেন, “পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে বলে মনে হচ্ছে। এটি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল ও গতিশীল একটি বিষয়, তবে আমরা টানা নজর রাখছি এবং আমেরিকার সর্বোত্তম স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছি।”

গত সপ্তাহে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সরাসরি হামলার অনুমোদন না দিয়ে রিয়াদকে কেবল গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং লক্ষ্যবস্তু চিহ্নিতকরণে সহায়তা করার প্রস্তাব দেন।

সেই ঘটনার পরই মার্কিন ভাইস প্রেসিডেন্টের হুতিদেরে সঙ্গে আলোচনা চলা নিয়ে এই বক্তব্য এল।

বৃহস্পতিবার ইয়েমেনের মোখা বন্দরের দখল নিয়েছিল হুতিরা। শুক্রবার পেরিম দ্বীপও তাদের দখলে চলে যায়। লোহিত সাগরের এই দুই গুরুত্বপূর্ণ এলাকা হুতিরা কব্জা করায় কার্যত বন্ধ হতে চলেছে বাব আল-মান্দেব প্রণালি।

এর আগে জুলাইয়ে লোহিত সাগর-এডেন উপসাগর-আরব সাগরের স‌ংযোগ রক্ষাকারী বাব এল-মান্দেব প্রণালিতে সৌদি আরবের তেলবাহী জাহাজের উপর নৌ-অবরোধ ঘোষণা করেছিল হুতিরা। এর পর তারা একাধিকবার সৌদি ও ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলাও চালিয়েছে।

গত ১০ দিনে হুতিদের সঙ্গে লড়াইয়ে কোণঠাসা ইয়েমেনের সেনাবাহিনী বলতে গেলে লোহিত সাগরের উপকূলবর্তী পুরো এলাকারই দখল হারিয়েছে।

এ পরিস্থিতির মধ্যে গত রোববার ওমানের রাজধানী মাস্কাটে হুতি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বৈঠকটি নিয়ে কোনও প্রকাশ্য ঘোষণা দেওয়া হয়নি। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে।

ওই বৈঠকে মার্কিনিদেরকে হুতিরা জানিয়েছে, লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্রের কোনও জাহাজে হামলার পরিকল্পনা তাদের নেই। তাছাড়া ইসরায়েলি জাহাজেও হামলা চালানো হবে না।

কিন্তু কোনো জাহাজ যদি সৌদি আরবের হয় অথবা সৌদি আরবের পণ্য পরিবহন করে থাকে তাহলে সেই জাহাজকে ছাড় দেওয়া হবে না।