Published : 26 Apr 2026, 06:03 PM
দেশজুড়ে সামরিক স্থাপনায় আল কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী ও টুয়ারেগ বিদ্রোহীদের একটি দলের সমন্বিত হামলার মাঝে মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন বলে একাধিক সূত্র আল জাজিরাকে বলেছে।
শনিবার সশস্ত্র বাহিনীর শক্তিশালী ঘাঁটি কাটিতে জঙ্গি-বিদ্রোহীরা সমন্বিত হামলা চালানোর সময় কামারার বাড়িতেও হামলা হয়। এর একদিন পর তার মৃত্যুর খবর এল।
কামারা ২০২০ ও ২০২১ সালের পরপর অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করা সামরিক বাহিনী নেতৃত্বাধীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন।
“ক্ষমতাসীন সামরিক নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, অনেকে তাকে মালির পরবর্তী নেতাও মনে করতেন। তার মৃত্যু দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বড় ধাক্কা,” বলেছেন আল জাজিরার প্রতিবেদক নিকোলাস হক।
তিনি জানান, হামলাকারীরা কাটিতে কামারার বাসভবনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়।
রাজধানী বামাকোর ১৫ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত কাটিতে সবসময়ই বিপুল সংখ্যক সেনা মোতায়েন থাকে।
“কাটিকে দেশের অন্যতম সুরক্ষিত এলাকা বিবেচনা করা হয়। তারপরও আল-কায়েদা সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন ও লিবারেশন ফ্রন্ট অব আজাওয়াদের টুয়ারেগ যোদ্ধারা সেখানে হামলা করতে সক্ষম হয়েছে,” বলেছেন হক।
বন্দুকধারীরা কাটির পাশাপাশি বামাকো, উত্তরের গাও, কিদাল, মধ্যাঞ্চলীয় শহর সেভারেসহ আরও কিছু এলাকায়ও হামলা চালিয়েছে।
“আমরা যখন কথা বলছি, কিদালের লোকজন এখনও ব্যাপক গোলাগুলি ও বিকট শব্দ শুনতে পাচ্ছে। এর মানে শুরু হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সেখানে অভিযান চলছে,” বলেছেন এ প্রতিবেদক।
প্রেসিডেন্ট আসিমি গোইতা জীবিত আছেন, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আফ্রিকান ইউনিয়ন, অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের মহাসচিব এবং মার্কিন ব্যুরো অব আফ্রিকান অ্যাফেয়ার্স মালিজুড়ে হামলার নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন:
মালিতে একাধিক সেনা ঘাঁটিতে 'একযোগে জঙ্গি হামলা', বামাকোতে কারফিউ