পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা ভারতের প্রধানমন্ত্রীর
ভারতে পরীক্ষা ব্যবস্থা আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে এই বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।
পরীক্ষা ব্যবস্থা সংস্কার করতে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি।
ভারতের পরীক্ষা ব্যবস্থা আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে এই বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোদী।
এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় মোদী জানান, এই টাস্ক ফোর্স ভারতের পরীক্ষা ব্যবস্থায় কীভাবে উন্নতি করা যায় তা খতিয়ে দেখবে এবং সরকারকে এ বিষয়ে একটি রিপোর্ট জমা দেবে।
নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্সের ওই রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোকে কীভাবে আরও নির্ভরযোগ্য করে তোলা যায়, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
ভিডিও বার্তায় মোদী বলেন, “বন্ধুরা, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই ভারত সরকার ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ নিচ্ছে। যারা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজ জেলে রয়েছে। আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছি। আগামীকাল (সোমবার) সংসদেও কঠোর আইনি বিধান-সহ বিল পেশ করে নতুন আইন আনার দিকে এগোচ্ছি।”
রাজধানী দিল্লিতে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের প্রতিবাদে চলা ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন শেষ হয়েছে শনিবারই। শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তারপরই ভিডিও বার্তায় এই বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
জোর দিয়ে তিনি বলেন, “আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। দেশের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর। এখন সময় এসেছে পরীক্ষা ব্যবস্থায় সর্বাধিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার।
“এই বিষয়টি মাথায় রেখেই টেক বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি হাই-পাওয়ার্ড টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাস্কফোর্স দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কারের উপর বিশেষভাবে কাজ করবে। তাদের রিপোর্টের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আগামী দিনের পরীক্ষাগুলোকে আরও নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
