১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কানাডায় বন্দুক হামলা: ‘আপনাদের সঙ্গে জাতিও শোকার্ত’, বললেন প্রধানমন্ত্রী

হামলায় নিহতদের স্মরণে আগামী সপ্তাহে সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

কানাডায় বন্দুক হামলা: ‘আপনাদের সঙ্গে জাতিও শোকার্ত’, বললেন প্রধানমন্ত্রী
মার্ক কার্নি। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 01:24 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ছোট শহর টাম্বলার রিজের একটি মাধ্যমিক স্কুল ও বাড়িতে বন্দুকধারীর গুলির ঘটনায় স্তম্ভিত সেখানকার মানুষেরা। তারা এমন ঘটনার কথা যেন বিশ্বাস করে উঠতে পারছে না।

শহরটির স্থানীয় একটি হাইস্কুল এবং বাড়িতে এই গুলির ঘটনায় হামলাকারীসহ ১০ জন নিহত হওয়া ছাড়াও ২৫ জন আহত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শহরের অধিবাসীদের উদ্দেশে অশ্রুসজল চোখে বলেছেন, “আপনাদের সঙ্গে গোটা জাতিও আজ শোকার্ত।”

অটোয়ায় পার্লামেন্ট হিল -এ পৌঁছার পর সাংবাদিকদের তিনি বলেন, “টাম্বলার রিজ এবং কানাডার জন্য এ এক কঠিন দিন। আজ টাম্বলার রিজের বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীরা, ভাই-বোনেরা ঘুম থেকে উঠে তাদের প্রিয়জনকে দেখবে না।”

“জাতি আপনাদের সঙ্গে শোকার্ত। কানাডা আপনাদের পাশে আছে।” হামলায় নিহতদের স্মরণে আগামী সপ্তাহে সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

কানাডার পশ্চিমাঞ্চলীয় নগরী ভ্যাঙ্কুভারের ৪১৫ মাইল উত্তরপূর্বের প্রত্যন্ত শহর টাম্বলার রিজ। সেখানকার বাসিন্দারা স্কুলে হামলার সময় তাদের শঙ্কা এবং অনিশ্চয়তার কথা বর্ণনা করেছেন।

মাত্র আড়াই হাজার মানুষের বসতির কত কাছে হামলার ঘটনাটি ঘটেছে এবং যা ঘটেছে তা আরও কতটা ধ্বংসাত্মক হতে পারত- সেই আশঙ্কার কথা প্রকাশ করেছেন তারা। কারও কথায় উঠে এসেছে হামলার খবর পেয়ে প্রিয়জনকে নিয়ে ভয়াবহ আতঙ্কে ভোগার কথা।

গুলির ঘটনা যেখানে ঘটেছে, সেখান থেকে টাম্বলার রিজ শহরের যে কারুর চেয়ে সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থানে ছিলেন শহরটির কাউন্সিলার ক্রিস নরবারি। তার স্ত্রী ওই স্কুলের শিক্ষিকা এবং তার মেয়ে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আর নরবারি কাজ করেন এর এক ব্লক দূরেই একটি ভিজিটর সেন্টারে। হামলার ঘটনার কথা বলতে গিয়ে তিনি স্ত্রীর খবর পাওয়ার অপেক্ষায় থাকার সময় কতটা উদ্বেগে ছিলেন সে অনুভূতি প্রকাশ করেছেন বিবিসি-র কাছে।

বলেছেন, “ভয়াবহ শঙ্কায় ছিলাম। প্রিয়জন বিপদে আছে জেনে যে ভয় ও শঙ্কা কাজ করে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”

নরবারি তার মেয়ের স্কুল থেকে একটি ফোন কল পাওয়ার পরই বুঝেছিলেন কিছু একটা অঘটন ঘটেছে। ফোনে তাকে বলা হয়, তাদের স্কুলে লকডাউন চলছে। এরপর নরবারি তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন সেও লকডাউনে আছে।

কিন্তু ওই সময় তিনি একটি জরুরি সতর্কবার্তা থেকে জানতে পারেন যে, সক্রিয় এক বন্দুকধারী সেখানে আছে। এই বার্তা পাওয়ার পর স্ত্রীর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি নরবারি।

নরবারি বলেন, “আমাদেরকে কেবল অনুমানের ওপরই থাকতে হচ্ছিল আর কী ঘটছে তা জানার জন্য সোশাল মিডিয়ায় চোখ রাখতে হচ্ছিল। নানা রকম জল্পনা চলছিল। তবে আমি আমার অবস্থান থেকে যতটা সম্ভব শান্ত থাকতে চেয়েছি এবং আসলেই কী ঘটেছে তা জানার জন্য অপেক্ষা করেছি।”

ওই সময় বাইরে থেকে কেবল জরুরি সেবার যানবাহন আর হেলিকপ্টারের আনাগোনা দেখছিলেন তিনি।

ওদিকে, টাম্বলার রিজ  শহরের মেয়র ড্যারিল ক্রাকোকা কানাডার সংবাদমাধ্যম সিবিসি-কে বলেন, ১৯ বছর ধরে তিনি এ শহরে আছেন এবং ভুক্তভোগীদের প্রত্যেককেই তিনি ব্যক্তিগতভাবে চিনতেন। 

তিনি বলেন, “আমি তাদের কেবল বাসিন্দা বলি না, তারা আমার পরিবারের মত।” পুলিশ জানায়, বন্দুকধারী ছিলেন একজন নারী। হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত আরও দুইজনকে একটি বাড়িতে পাওয়া গেছে।

হামলায় কতজন শিশু মারা গেছে পুলিশ তা বলেনি। বাবা-মায়েরা তাদের শিশুদের ভাগ্যে কী ঘটেছে জানতে স্থানীয় কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছে। 

পুলিশ ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। শহরটি ছোট হওয়ায় এই হতাহতের ঘটনা পুরো জনপদে গভীর প্রভাব ফেলেছে। 

শহরের স্থা্নীয় এক যাজক জর্জ রো বলেছেন, “এটি এমন এক পরিস্থিতি যার মুখোমুখি আপনি সত্যিই আবার হতে চাইবেন না...আমি যে দৃশ্য দেখেছি তা ধ্বংসাত্মক। অনেক বাবা-মা’ই তাদের সন্তানরা বেঁচে আছে কিনা সেই খবর পাওয়ার অপেক্ষায় আছে।”