আলজেরিয়ার কয়েকটি প্রদেশে দাবানলে ১২ জনের মৃত্যু
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উত্তর আফ্রিকাজুড়ে চলমান তীব্র দাবদাহের মধ্যে দাবানল ছড়িয়ে পড়ছে।
আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ সাইয়ুদ জানিয়েছেন, কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার স্থানীয় সময় রাতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উত্তর আফ্রিকাজুড়ে চলমান তীব্র দাবদাহের মধ্যে দাবানল ছড়িয়ে পড়ছে।
নিহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে জিজেল প্রদেশে, চারজনের বেজাইয়াতে আর তিনজনের তিজি উজুতে।
সাইয়ুদ জানান, আগুন পুড়ে আরও ৫৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটজনক। এদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা পরিষেবা বুধবার দেশজুড়ে ১৫৪টি দাবানলের তথ্য রেকর্ড করেছে। এর মধ্যে শুধু বেজাইয়া প্রদেশেই ৩৬টি, তবে এগুলোর মধ্যে ১৮টি দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে।
উত্তর আফ্রিকাজুড়ে একটি অস্বাভাবিক তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এর তীব্রতা তিউনিসিয়া ও আলজেরিয়াতেই বেশি অনুভূত হচ্ছে।
