১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেসিকে ‘১০ কোটি রুপির ঘড়ি’ দিলেন অনন্ত আম্বানি

রিচার্ড মিল আরএম ০০৩-ভিটু মডেলের এমন ঘড়ি বিশ্বে রয়েছে মাত্র ১২টি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

কলকাতার বিশৃঙ্খলা আর চোখ ধাঁধানো আয়োজনসহ নানা কারণেই ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ভারত সফর আলোচনার জন্ম দিয়েছে; তার সঙ্গে যুক্ত হল একটি ঘড়ি, যার দাম প্রায় ৯.৯৪ কোটি রুপি। 

ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এ উপহার মেসিকে দিয়েছেন বলে খবর বেরিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, অনন্ত প্রতিষ্ঠিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ভান্তারা পরিদর্শনের সময় শুরুতে মেসিকে ঘড়ি ছাড়াই দেখা গিয়েছিল। তবে পরিদর্শনের মাঝামাঝি সময়ে তার হাতে বিরল রিচার্ড মিল আরএম ০০৩-ভিটু জিএমটি টারবিয়ো (এশিয়া সংস্করণ) দেখা যায়। এই ঘড়িটি একটি সংগ্রাহক সংস্করণ। পুরো বিশ্বে এই সংস্করণের ঘড়ি আছে মাত্র ১২টি।

রিচার্ড মিলের প্রাথমিক ও সবচেয়ে আইকনিক সৃষ্টি হিসেবে বিবেচিত এই ঘড়িটির দাম আনুমানিক ১১ লাখ ডলার বলে ধারণা করা হয়।

ভান্তারা পরিদর্শনের সময় অনন্তর হাতেও একটি বিরল ঘড়ি দেখা গেছে। রিচার্ড মিল আরএম ০৫৬ স্যাফায়ার টারবিয়ো ঘড়িটির দাম প্রায় ৫০ লাখ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৫ দশমিক ৫৯ কোটি রুপি।

রিচার্ড মিল আরএম ০০৩-ভিটু ঘড়ি

কাঁটায় চালিত এই ঘড়িতে ঘণ্টা, মিনিট, দ্বৈত টাইম জোন, ফাংশন সিলেক্টর, পাওয়ার রিজার্ভ ও টর্ক সূচক রয়েছে। নকশায় রয়েছে কালো কার্বন কেইস, স্কেলিটোনাইজড ডায়াল এবং টাইটানিয়াম বেসপ্লেট।

৩৮ মিমি ট্রাইপার্টাইট কেসটি তৈরি হয়েছে কার্বন টিপিটি (থিন প্লাই টেকনোলজি) দিয়ে; এই উপাদানটি মূলত অ্যরোস্পেস ইঞ্জিনিয়ারিং ও ফর্মুলা ওয়ান রেসিংয়ের জন্য ডেভেলপ করা হয়েছিল।

মেসির ভান্তারা পরিদর্শন

ভান্তারা পরিদর্শনের সময় মেসি প্রথাগত হিন্দু আচারেও অংশ নেন, সংরক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন এবং পরিচর্যাকারী ও সংরক্ষণ সুরক্ষা দলের সঙ্গে সময় কাটান। বন্যপ্রাণী সংরক্ষণ প্রশ্নে মেসি ও অনন্তর মধ্যে গড়ে ওঠা ব্যক্তিগত সম্পর্ক এ সফরে আলোচনায় আসে।

মেসির সঙ্গে ছিলেন তার ইন্টার মায়ামি সতীর্থ সঙ্গী লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পল। সংগীত, আরতি ও ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।

মেসি সেখানকার মন্দিরে মহা আরতি অনুষ্ঠানেও যোগ দেন, যাতে ছিল আম্বে মাতা পূজা, গণেশ পূজা, হনুমান পূজা ও শিব অভিষেক। ফুটবল মহাতারকা বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।