১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চার্লি কার্কের স্মরণানুষ্ঠানে একে অপরকে কী বললেন ট্রাম্প ও মাস্ক

ট্রাম্প ও মাস্ক অল্প সময় কথা বলেন আর একসময় তাকে সরিয়ে দিতে দেখা যায় ট্রাম্পকে।

চার্লি কার্কের স্মরণানুষ্ঠানে একে অপরকে কী বললেন ট্রাম্প ও মাস্ক
যুক্তরাষ্ট্রের নিহত ডানপন্থি নেতা চার্লি কার্কের স্মরণানুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 02:17 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে কয়েক মাস ধরে চলা প্রকাশ্য ঝগড়ার পর যুক্তরাষ্ট্রের নিহত ডানপন্থি নেতা চার্লি কার্কের স্মরণানুষ্ঠানে তারা আবার পাশাপাশি বসেছেন, হাত মিলিয়েছেন ও কথা বলেছেন। 

রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্লেনডালে স্টেট ফার্ম এরিনা বাস্কেটবল স্টেডিয়ামে ট্রাম্পের প্রয়াত ঘনিষ্ঠ সহযোগী কার্কের স্মরণসভা আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রেসিডেন্ট বক্সের ভেতরে ট্রাম্প মাস্ককে ফের একসঙ্গে দেখা যায়। স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।  

ব্রিটেনের ডেইল মেইল জানিয়েছে, ট্রাম্প ও মাস্ক অল্প সময় কথা বলেন আর একসময় তাকে সরিয়ে দিতে দেখা যায় ট্রাম্পকে।

ঠোঁটের নড়াচড়া দেখে কথা বুঝতে পারা ‘লিপ রিডার’ নিকোলা হিকলিং জানিয়েছেন, ট্রাম্প মাস্কের দিকে ফিরে তাকে অভিবাদন জানানোর সময় বলেছেন, “কেমন আছো?”

উত্তরে মাস্ক কাধ ঝাঁকান; এ সময় ট্রাম্প বলেন, “তাহলে ইলন, আমি শুনেছি তুমি কথা বলতে চেয়েছিলে।”

তখন ইউএফসির সভাপতি ডানা হোয়াইট তাদের সঙ্গে যোগ দেন। ট্রাম্প বলেন, “আসুন চেষ্টা ও বের করি কীভাবে আবার সঠিক পথে ফিরে আসা যায়।”

মাস্ক মাথা নেড়ে সাড়া দেন। তারপর প্রেসিডেন্ট ট্রাম্প মাস্কের হাত ধরে বলেন, “আমি তোমাকে মিস করেছি।”

এরপর মাস্ক প্রেসিডেন্টের পাশে যে খালি চেয়ারে এসে বসেছিলেন সেখান থেকে উঠে চলে যান।  

২০২৫ এর জুনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর থেকে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে ট্রাম্পকে আক্রমণ করেন।

এই ধনকুবের ব্যবসায়ীর মূল ক্ষোভ ছিল ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে। এই বিলের কারণে মার্কিন করদাতাদের শত শত কোটি ডলার ব্যয় হতে পারে ও সরকারি ঋণ বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন মাস্ক।

মাস্ককে ‘বাজে কথার শিল্পী’ আখ্যায়িত করে তাদের প্রকাশ্য ঝগড়া আরও তীব্র করে তুলেন ট্রাম্প। ২০২৫ সালের জুলাইয়ে মিশিগানে এক সমাবেশে মাস্ককে নিয়ে ট্রাম্প বলেন, “হয়তো এখন সময় হয়েছে, যেখান থেকে সে এসেছিল সেখানে ফিরে যাওয়ার।”

২০১৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের ক্ষেত্রে কার্ক ও মাস্ক, উভয়ের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

রোববার ট্রাম্প স্টেট ফার্ম এরিনা বাস্কেটবল স্টেডিয়ামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন ‘ইউএসএ, ইউএসএ, ইউএসএ’ বলে শ্লোগান দেয়। এ সময় প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তার দুই ছেলে এরিক ও ডন জুনিয়র এবং জামাতা জ্যারেড কুশনার।