সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গুলিতে ২২ বছরের তরুণী নিহত, আহত ৫
অজ্ঞাত হামলাকারীকে ধরতে বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।
সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে রাতভর চলা একটি ‘রেভ পার্টিতে’ বন্দুকধারীর গুলিতে ২২ বছর বয়সী এক তরুণী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, রোববার ভোররাতের এই ঘটনার পর অজ্ঞাতপরিচয় হামলাকারীকে ধরতে সুইজারল্যান্ডজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।
আরগাউ ক্যান্টন পুলিশ জানিয়েছে, জুরিখ শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পশ্চিমে আরাউ এলাকার একটি ঘোড়দৌড় মাঠে আয়োজিত পার্টিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ২২ বছরের তরুণী ঘটনাস্থলেই মারা যান।
আহত অন্য পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে।
আঘাতের মাত্রা গুরুতর হওয়ায় তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।
তবে হামলাকারীর পরিচয়, আক্রমণের মূল কারণ এবং ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই রাতে রেভ পার্টিতে পারফর্ম করছিলেন সুইজারল্যান্ডের জনপ্রিয় সংগীশিল্পী ‘ডিজে টেকিবো’। হামলার পর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেন তিনি।
ডিজে টেকিবো লেখেন, “আমি আমার এক কাছের বন্ধুকে হারিয়েছি। আসলে সেখানে কী ঘটে গেল, তা এখনো আমি বুঝে ওঠার চেষ্টা করছি।”
ঘটনার পর থেকে ঘোড়দৌড় মাঠ, শহরের সুইমিং পুল ও সংলগ্ন ক্রীড়া ক্ষেত্রসহ বিশাল এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
নিরাপত্তা নিশ্চিতে ও হামলাকারীকে ধরতে আরাউ শহরের বাইরেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় দুর্যোগ মোকাবিলা ইউনিটের (কেকেই) পাশাপাশি সুইজারল্যান্ড সেনাবাহিনীর একটি হেলিকপ্টারকে রোববার ভোরে আকাশে চক্কর দিতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের কাছে ওই ঘটনার সময় ধারণ করা যে কোনো ছবি বা ভিডিও থাকলে তা দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।
