১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরিয়ার বাশার আল আসাদের পতনের এক বছর পূর্তি

বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা এদিন রাজধানী দামেস্ক দখল করে আসাদের দীর্ঘদিনের শাসনের পতন ঘটিয়েছিল।

সিরিয়ার বাশার আল আসাদের পতনের এক বছর পূর্তি
সিরিয়ার হামা শহরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির বছর পূর্তি উদযাপন করছেন সিরীয়রা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 04:27 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির বছর পূর্তি উদযাপন করছেন সিরীয়রা। 

সোমবার রাজধানী দামেস্কের উমাইয়াদ স্কয়ারে অনুষ্ঠানিক উদযাপনের পরিকল্পনা করা হয়েছে, জানিয়েছে রয়টার্স। 

৮ ডিসেম্বরকে সামনের রেখে আগের দিনই সিরিয়ার তরুণরা এই স্কয়ারটি ও দেশটির অন্যান্য অংশে জড়ো হয়ে  উদযাপন শুরু করে দেয়। এ দিন সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।  

এক বছর আগে আগে ক্ষমতাচ্যুত আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা তখন রাজধানী দামেস্ক দখল করে আসাদের দীর্ঘদিনের শাসনের পতন ঘটিয়েছিল। এর আগে আসাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শুরু হওয়া গৃহযুদ্ধ ১৩ বছরেরও বেশি সময় ধরে দেশটিকে আচ্ছন্ন করে রেখেছিল। 

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ খবর অনুযায়ী, শারা দামেস্কের উমাইয়া মসজিদে ফজরের নামাজ পড়ে দিবসটি উদযাপন শুরু করেন। এ সময় তিনি সামরিক বাহিনীর উর্দি পরা ছিলেন। 

ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম গোষ্ঠীর নেতৃত্বাধীন বিদ্রোহীদের বিজয়ী অভিযানের সময়ও শারা এই উর্দি পরেছিলেন।     

এদিন শারা একটি শক্তিশালী ও ন্যায়সঙ্গত সিরিয়া গড়ে তোলার অঙ্গীকার করেন।

এসএএনএর ভাষ্য অনুযায়ী তিনি বলেছেন, “উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে, খোদার ইচ্ছায়, আমরা একটি শক্তিশালী সিরিয়া গড়ে তুলবো যার কাঠামো এর অতীত ও বর্তমানের সঙ্গে মানানসই হবে।”    

সিরিয়ার রাজধানী দামেস্কের উমাইয়াদ স্কয়ারে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির বছর পূর্তিতে জড়ো হওয়া সিরীয়রা। ছবি: রয়টার্স 

সিরিয়ার রাজধানী দামেস্কের উমাইয়াদ স্কয়ারে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির বছর পূর্তিতে জড়ো হওয়া সিরীয়রা

সাবেক আল কায়েদা কমান্ডার শারা সিরিয়াকে বড় ধরনের পরিবর্তনের পথে পরিচালিত করেছেন যা দেশটির বৈদেশিক সম্পর্ককে পুরোপুরি পাল্টে দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং উপসাগরীয় আরব দেশগুলো ও তুরস্কের সমর্থন অর্জন করেছেন আর আসাদের সমর্থক ইরান ও রাশিয়া থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। সিরিয়াকে পঙ্গু করে রাখা পশ্চিমা নিষেধাজ্ঞা তার সময়ে অনেকটাই তুলে নেওয়া হয়েছে।  

শারা আসাদের নির্মম পুলিশি রাষ্ট্রকে পরিবর্তন করে ন্যায়সঙ্গত ও অন্তর্ভূক্তিমূলক করার প্রতিশ্রুতি দিয়েছেন।        

কিন্তু ইতোমধ্যে সিরিয়ায় বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছেন। এতে বহু মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে শারা সরকারকে নিয়ে অবিশ্বাস তৈরি হয়েছে। এসব পরিস্থিতির মধ্যেই তিনি পুরো সিরিয়াকে দামেস্কের কর্তৃপক্ষের অধীনে আনার চেষ্টা করছেন। 

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের প্রশাসন নিরাপত্তাজনিত কারণে সোমবার সমাবেশ ও অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। তারা বলছে, ‘সন্ত্রাসী সেলগুলো’ এই উপলক্ষ্যকে কাজে লাগানোর জন্য তৎপরতা বৃদ্ধি করেছে। তবে আসাদ পতনের বার্ষিকীতে তারা সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছে।