১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইরাকে ভূপাতিত মার্কিন স্ট্র্যাটোট্যাংকারের ৪ ক্রু নিহত

বাকি দুই ক্রু’র খোঁজে উদ্ধার অভিযান চলছে।

ইরাকে ভূপাতিত মার্কিন স্ট্র্যাটোট্যাংকারের ৪ ক্রু নিহত
স্পেনের এক ঘাঁটিতে মার্কিন কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 04:04 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

ইরানে যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পশ্চিম ইরাকে তাদের যে কেসি-১৩৫ রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্ট্র্যাটোট্যাংকারে থাকা ছয় ক্রু’র চারজন প্রাণ হারিয়েছে। 

শুক্রবার এক বিবৃতিতে তারা এ চারজনের নিহত হওয়ার খবর জানায়, বলছে আল জাজিরা। 

বাকি দুই ক্রু’র খোঁজে এখনও অভিযান চলছে, বলেছে সেন্টকম। 

কীভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলেও নিজেদের দুটি বিমানের মধ্যে সংঘাত বা খুব কাছাকাছি চলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই কেসি-১৩৫ ভূপাতিত হতে পারে বলে তাদের আগের বিবৃতিতে আভাস দেওয়া হয়েছিল।

দ্বিতীয় বিমানটি ‘নিরাপদে অবতরণ করেছে’, বলেছিল তারা।

“শত্রুপক্ষের হামলা কিংবা মিত্রদের ভুলক্রমে হামলার কারণে এটি ঘটেনি,” ভাষ্য মার্কিন সেন্টকমের।

তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, তারাই যুক্তরাষ্ট্রের ওই কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকারটি ভূপাতিত করেছে।

যুদ্ধরত বিমানে জ্বালানি ভরায় দামি এই স্ট্র্যাটোট্যাংকারগুলোই মেরুদণ্ডের ভূমিকা পালন করে। 

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বিমানটিকে নিশানা করলে সেটি ভূপাতিত হয়।

যুদ্ধের একেবারে প্রথমদিকে কাতারে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টায় মধ্যপ্রাচ্যজুড়ে সেসময় ইরান মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছিল, তার মধ্যেই কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে ওই বিমানগুলো ভূপাতিত হয় বলে পরে দাবি করে ওয়াশিংটন।

ইরান যুদ্ধের মধ্যে ইরাকে মার্কিন স্ট্র্যাটোট্যাংকার ভূপাতিত