১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুরস্ক-সৌদি আরব-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, চুক্তির উদ্দেশ্য হল যে কোনও আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জোরদার করা।

তুরস্ক-সৌদি আরব-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 06:03 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তার বন্ধন শক্তিশালী করতে শুক্রবার মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলো ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এই হামলা নিয়ে উদ্বেগে থাকা সুন্নি মুসলিম প্রধান ও মার্কিন মিত্র এই তিন দেশ নিজেদের সুরক্ষায় চুক্তি সই করল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে অভিযান শুরুর পর থেকে ইরান ও এর মিত্ররা সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালিয়ে আসছে এবং তাদের জ্বালানি চালানে অবরোধ আরোপ করছে, যা বছরের পর বছর ধরে চলা আঞ্চলিক অস্থিরতার এক বড় ধরনের বিস্তার।

এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, চুক্তির উদ্দেশ্য হল যে কোনও আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জোরদার করা এবং এতে বলা হয়েছে যে, তিন দেশের যে কোনও একটির ওপর সশস্ত্র আক্রমণ সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

যদিও বিবৃতিতে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ শীর্ষক এই চুক্তির অধীনে প্রত্যেকে কী ধরনের প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা মেনে নিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। তবে এতে বলা হয়েছে যে, এই চুক্তির লক্ষ্য নিজেদের সম্মিলিত নিরাপত্তা শক্তিশালী করা এবং এ অঞ্চলে ও এর বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানো।

এক তুর্কি কর্মকর্তা বলেছেন, চুক্তিটি প্রতিরক্ষামূলক প্রকৃতির, এটি কোনও নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে করা হয়নি, অঞ্চলের অন্যান্য দেশের জন্যও এ চুক্তি উন্মুক্ত এবং বিদ্যমান কোনও দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তিকে বাতিল বা প্রতিস্থাপন করে এটি করা হয়নি।

তবে, এই তিন দেশ বিশেষ করে ইসরায়েল এবং বিপ্লবী শিয়া মতাদর্শী ইরান দু’য়েরই ক্রমাগত আগ্রাসী সামরিক অবস্থানের কারণে উদ্বিগ্ন। এমনকি তাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এই আঞ্চলের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।