নিজেকে নির্দোষ দাবি করলেন এফবিআই’র সাবেক পরিচালক জেমস কোমি
গতমাসে অভিযুক্ত হওয়ার পর কোমি বুধবার ভার্জিনিয়ায় আলেক্সান্দ্রিয়া আদালতে প্রথম হাজিরা দেন। বিচার শুরুর দিন ধার্য হয়েছে আগামী ৫ জানুয়ারি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কোমি ফেডারেল আদালতে নিজেকে নির্দোষ দাবি করে কংগ্রেসে মিথ্যা বিবৃতি দেওয়া এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
গতমাসে অভিযুক্ত হওয়ার পর কোমি বুধবার ভার্জিনিয়ায় আলেক্সান্দ্রিয়া আদালতে প্রথম হাজিরা দেন। শুনানিতে কোমির পক্ষ থেকে তাকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী প্যাট্রিক ফিটজজেরাল্ড।
প্রায় ২৫ মিনিটের শুনানিতে তিনি বলেন, “আমাদের বিশ্বাস, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই মামলা করা হয়েছে।”
মামলাটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম ফৌজদারি অভিযোগ, যা তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তার বিচার বিভাগকে ব্যবহারেরই ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের বক্তব্য।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার লক্ষ্য ছিলেন কোমি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্যে- সংবাদমাধ্যমকে শ্রেণিবদ্ধ তথ্য ফাঁস করার অনুমোদন দিয়েছিলেন কি না, সে বিষয়ে মিথ্যা বলেছেন।
অভিযোগের প্রতিক্রিয়ায় কোমি এর আগে ইনস্টাগ্রামে এক মিনিটের একটি ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, “আমি ফেডারেল বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখি।”
কোমির বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার একটি অভিযোগ এবং আরেকটি ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। আগামী বছর ৫ জানুয়ারি কোমির বিচার শুরুর দিন ধার্য করেছেন বিচারক।
ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান এই মামলার নেতৃত্ব দিচ্ছেন। তিনি একসময় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন এবং গত মাসে তার পূর্বসূরিকে সরিয়ে এই পদে নিয়োগ পান।
বিচার বিভাগ কোমির বিরুদ্ধে তিনটি অভিযোগ বিবেচনা করতে গ্র্যান্ড জুরির কাছে অনুরোধ করেছিল, কিন্তু আদালতে মামলা চলার জন্য কেবল দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে জুরি একমত হয়। তৃতীয় অভিযোগটি ছিল মিথ্যা বিবৃতি দেওয়ার আরেকটি অভিযোগ।
কোমি হচ্ছেন প্রথম কোনো সাবেক এফবিআই পরিচালক, যার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। তিনি সবসময়ই বলে আসছেন, তিনি শপথভঙ্গ করেননি।
যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কোমির আইনজীবী বলেছেন, “জিম কোমি অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করেছেন। আমরা আদালতে তাকে নির্দোষ প্রমাণের অপেক্ষায় আছি।”
