১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরান-সমর্থিত ইরাকি নেতার খোঁজে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরান-সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠী 'কাতাইব সাঈদ আল শুহাদা'র নেতা হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজি-কে ধরিয়ে দিতে এই পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্রদপ্তর।

ইরান-সমর্থিত ইরাকি নেতার খোঁজে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আবুওয়ালা আল-ওয়ায়েলি। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 11:39 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ইরাকে ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর নেতার খোঁজ দিলে বা তাকে ধরিয়ে দিতে সহায়তা করলে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

এই নেতার নাম হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজি, ওরফে আবুওয়ালা আল-ওয়ায়েলি। তিনি ইরান-সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠী 'কাতাইব সাঈদ আল শুহাদা' (কেএসএস) এর সাধারণ সম্পাদক।

আবুওয়ালার খোঁজ দিলে ১ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় ঘোষণা করা হয়েছে। 

গত এক দশকে এই গোষ্ঠীর মিলিশিয়ারা ইরাকে যুক্তরাষ্ট্রের বাহিনী এবং কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছে। 

তাছাড়া, এবছর ইরান যুদ্ধ চলার সময়েও এই গোষ্ঠীর মিলিশিয়ারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিতে হামলা বাড়িয়েছে এবং প্রায় ১ হাজারটি হামলা চালিয়েছে।

মার্কিন প্রশাসনের পুরস্কার ঘোষণা করে দেওয়া বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, কাতাইব সাঈদ আল-শুহাদা (কেএসএস) ইরাকের সাধারণ নাগরিকদের হত্যার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনে হামলা চালানোর জন্য দায়ী।

এই গোষ্ঠীর নেতার খোঁজ কেউ দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। ২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর কেএসএস নেতা ওয়ায়েলিকে  বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী (স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট) হিসাবে তালিকাভুক্ত করেছিল।

ওয়ায়েলি কেএসএস- গোষ্ঠীতে যোগ দেওয়ার আগে কাতাইব হিজবুল্লাহর (কেএইচ) সদস্য ছিলেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রে বন্দি ছিলেন বলে শোনা যায়। ২০১০ সালে তিনি মুক্তি পান।

পরে কেএইচ সদস্যরা আবু হুসেইন এবং আবু ফাদাক শাখার সঙ্গে মিলে কেএসএস গঠন করে।

লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতির মতোই ইরাকের এই গোষ্ঠীগুলোও ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধের অক্ষ’- এর অংশ।

সূত্র: এনডিটিভি