- পশ্চিম ইরাকে কেসি–১৩৫ মডেলের জ্বালানি সরবরাহকরী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।
- ইরানের তেহরানে ইসরায়েলি হামলার মধ্যেই দেশটির শীর্ষ কর্মকর্তারা আল-কুদস দিবসের র্যালিতে জনসমক্ষে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে নিরাপত্তা প্রধান আলী লারিজানিও রয়েছেন।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের ওপর ‘কঠোর হামলার’ অঙ্গীকার করেছেন। ফলে আসন্ন দিনগুলোতে যুদ্ধ থামার ইঙ্গিত মিলছে না।
- ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, সোহর প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
- ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব রয়েছে।
- তেহরানে রাতভর তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে, রিসালাত স্কোয়ারের কাছে অন্তত ৪০ জন নিহত হয়েছে।
- ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে; লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে।
14 Mar 2026, 01:27 AM
চাইলেও হয়ত ইরান যুদ্ধ শেষ করতে পারবেন না ট্রাম্প, কেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের বর্ণনায় বলছেন, এই যুদ্ধ ‘জেতা হয়ে গেছে’ কিন্তু ‘এখনও শেষ হয়নি’। আবার বলছেন, এটি এক ‘ছোট্ট অভিযান’ (এসকারশন) যার জন্য ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ প্রয়োজন।
ট্রাম্পের এই ধরনের জটিল বা পরষ্পরবিরোধী কথাবার্তা তার যুক্তরাষ্ট্রের তথ্য নিয়ন্ত্রণের রীতির সঙ্গে খাপ খেয়ে গেলেও যুদ্ধের রূঢ় বাস্তবতার সঙ্গে মেলে না।
যুদ্ধের জয়-পরাজয় কোনও খেলার স্কোরবোর্ডের মতো নয়। আগে থেকে নির্ধারণ করা সময়ের পর খেলার স্কোরের মতো যুদ্ধে কোনও স্কোর জয়ের ঘোষণা দেয় না।
ইরানে হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র যে বীরত্বগাঁথা বা গেমিং-স্টাইলের ভিডিও প্রচার করছে, তার আড়ালে আছে প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই মূহূর্তের এক কঠিন বাস্তবতা।
যেখানে আমেরিকানদের জন্য কেবল ‘আমরা জিতেছি’ বললেই হয় না (যেমনটি গত বুধবার কেন্টাকিতে ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প) বরং ইরান যেন সত্যিই পরাজিত হওয়ার মতো আচরণ করে সে অবস্থায় আনতে আমেরিকানদের কতদূর যেতে হবে- প্রশ্ন সেটি।
ট্রাম্প এখন আধুনিক যুদ্ধের সেই পুরোনো ফাঁদে আটকা পড়েছেন, যেখানে মনে করা হয়,দ্রুত ও সীমিত আকারের সামরিক অভিযান চটজলদি ও স্থায়ী রাজনৈতিক ফল দেবে। কিন্তু যুদ্ধের ইতিহাসে দেখা গেছে এমনটি আসলে হয় না।
সূত্র: সিএনএন
14 Mar 2026, 01:24 AM
ইরানকে সহায়তা করছে পুতিনের ‘গোপন হাত’: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সামরিক কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ কাজ করছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি।
ইরাকের উত্তরাঞ্চলে ইরবিলে পশ্চিমা বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে ড্রোন হামলার পর তিনি এই মন্তব্য করেন।
উত্তর-পশ্চিম লন্ডনে ব্রিটিশ সামরিক সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর হিলি জানান, ইরান ও তাদের ছায়াগোষ্ঠীরা ড্রোন পরিচালনার ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে ‘রুশ কৌশল’ গ্রহণ করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান এ পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে ২,০০০-এর বেশি ‘শাহেদ’ ড্রোন ছুড়েছে, যে অস্ত্রটি ইউক্রেইন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করছে।
ব্রিটিশ জয়েন্ট অপারেশনস-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি জানান, রাশিয়া সম্ভবত ইরান ও তাদের সহযোগীদের ড্রোন মোতায়েনের বিষয়ে কৌশলগত পরামর্শ দিচ্ছে।
তিনি বলেন, ইরানি ড্রোন চালকরা এখন অনেক নিচ দিয়ে ড্রোন উড়োচ্ছে, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কার্যকর এবং এটি আমাদের জন্য সমস্যা তৈরি করছে।
14 Mar 2026, 01:17 AM
আঞ্চলিক যুদ্ধে জড়াবে না তুরস্ক: এরদোয়ান
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে তুরস্ক জড়াবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
শুক্রবার এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, তুরস্কের দিকে আসা আরেকটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
আঙ্কারা ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রয়েছে মন্তব্য করে এরদোয়ান বলেন, “আমরা নিজেদের আকাশসীমা রক্ষায় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি, যেমনটি আমরা গত রাতেও নিয়েছি।
“আমাদের প্রধান লক্ষ্য হলো তুরস্ককে ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধ থেকে দূরে রাখা।”
সূত্র: আল জাজিরা
13 Mar 2026, 11:41 PM
ইসরায়েলে হিজবুল্লাহর হামলার চিত্র



13 Mar 2026, 11:08 PM
তেল আবিবের উপকণ্ঠে হিজবুল্লাহ-ইরানের যৌথ হামলা
লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইরানের আইআরজিসির যৌথ হামলার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে একটি স্থাপনায় ভয়াবহ আগুন জ্বলতে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, ইসরায়েলের জরুরি পরিষেবা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

হামলার জেরে তেল আবিব, মধ্য ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে।
13 Mar 2026, 10:15 PM
যখন যুদ্ধ বন্ধের প্রয়োজন মনে হবে, তখনই বন্ধ হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে এক প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “যখন যুদ্ধ বন্ধের প্রয়োজন মনে হবে, ঠিকাছে? তখনই যুদ্ধ বন্ধ হবে।”
শুক্রবার ফক্স নিউজের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় যুদ্ধ কবে শেষ হবে। জবাবে ওই কথা বলেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতার ব্যাপারে তিনি বলেন, “আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে সম্ভবত কোনো না কোনোভাবে জীবিত আছেন।”
ইরানে হামলার প্রসঙ্গে বলেন, “আগামী এক সপ্তাহে আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানতে যাচ্ছি। ইতোমধ্যে ইরানের এতটাই ক্ষতি করেছিযে, তা পুনর্গঠন করতে তাদের কয়েক বছর সময় লেগে যাবে।”
সূত্র: বিবিসি।
13 Mar 2026, 09:55 PM
হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলে যৌথ হামলা চালিয়েছে ইরান
ইরানের আইআরজিসি বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে।
ইরানি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর পাশাপাশি আইআরজিসির নৌবাহিনী ও ড্রোন ইউনিটও এ অভিযানে অংশ নিয়েছে। যৌথ হামলার জেরে তেল আবিব, মধ্য ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে বিমান হামলার সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল।
এখন পর্যন্ত এ দফার হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
13 Mar 2026, 09:48 PM
ইরান আরও অস্ত্র বানাতে অপারগ, নতুন নেতা আত্মগোপনে আছেন: হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা নাটকীয়ভাবে কমিয়ে দেওয়া হয়েছে।
দেশটির ক্ষেপণাস্ত্রের মজুত ৯০ শতাংশ কমেছে এবং একমুখী আক্রমণাত্মক ড্রোন হামলাও বৃহস্পতিবার ৯৫ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি বলেন, “ইরানের এখন আর কোনও অস্ত্র উৎপাদনের ক্ষমতা নেই।”
যুদ্ধে ইরানের সামরিক বাহিনীকে 'ধ্বংস' করা হচ্ছে বলে মন্তব্য করেন হেগসেথ। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে ইরান যুদ্ধের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে হেগসেথ এসব কথা বলেন।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে নিয়েও কথা বলেছেন তিনি। হেগসেথ বলেন, ইরানের এই নতুন নেতা আহত এবং সম্ভবত তার দেহ বিকৃত হয়ে গেছে। মুজতাবা আত্মগোপনে আছেন বলেও হেগসেথ দাবি করেন।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে মুজতাবা খামেনির প্রথম লিখিত বিবৃতি আসার কথা উল্লেখ করে হেগসেথ প্রশ্ন তোলেন, “মুজতাবার কোনও ভিডিও ফুটেজ কিংবা অডিও কেন আসেনি?
“আমি মনে করি, উত্তরটা আপনারা জানেন। মুজতাবা ভীত, তিনি আহত, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তার নেতা হওয়ার বৈধতায় ঘাটতি আছে।”
13 Mar 2026, 09:08 PM
‘আগামী সপ্তাহে’ ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়াচ্ছে। সংঘাত মধ্যপ্রাচ্যে আরো ছড়িয়ে পড়ছে। এ অবস্থার মধ্যে ইরানে আরো কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ রেডিওকে তিনি বলেছেন, “আগামী এক সপ্তাহে আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানতে যাচ্ছি।”
সূত্র: আল জাজিরা।
13 Mar 2026, 08:59 PM
‘কুদস দিবসে’ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাল বিশ্ব
রোজার মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে পালন করা হয় কুদস দিবস। জেরুজালেমের আরবি নামে (আল-কুদস) আন্তর্জাতিক এ প্রতিবাদ দিবস পালন করা হয়ে থাকে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে কুদস দিবসের র্যালি। ছবি: রয়টার্স।
ইন্দোনেশিয়ার জাকার্তায় কুদস দিবসের র্যালি। ছবি: রয়টার্স।
ভারতশাসিত কাশ্মীরে কুদস দিবস পালনে র্যালি। ছবি: রয়টার্স।
তুরস্কে কুদস দিবসের র্যালি। ছবি: রয়টার্স।
ইয়েমেনের সানায় কুদস দিবসের র্যালি। ছবি: রয়টার্স।
ইরানের তেহরানে কুদস দিবসের র্যালি। ছবি: রয়টার্স।
13 Mar 2026, 08:37 PM
ইরাকে বিধ্বস্ত মার্কিন সামরিক বিমানের সব আরোহী নিহত: সেন্টকম
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বিমানের ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তরফে জানানো হয়েছে।
কেসি–১৩৫ মডেলের বিমানটি জ্বালানি সরবরাহ করত।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে সেন্টকম বলেছে, তারা উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ তদন্ত করে দেখছে।
তবে এটি শত্রুপক্ষ বা নিজেদের ভুল করে চালানো হামলায় ভূপাতিত হয়নি বলে দাবি মার্কিন বাহিনীর।
সূত্র: আল জাজিরা।
13 Mar 2026, 08:31 PM
বাংলাদেশি তেলের জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান: রাষ্ট্রদূত
মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে বাংলাদেশের জন্য জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালি পারের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, “আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছে। জ্বালানি সমস্যার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলিকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারকে অনুরোধ করতে বলেছেন।
“আমি এটি করেছি। আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত। যদি আপনার কাছে এমন কোনো জাহাজ থাকে, যা হরমুজ প্রণালিতে আপনার জন্য জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা আপনার জাহাজগুলিকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রিয় মানুষদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে লাগাম টেনেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ পাড়ি দেওয়ার সুযোগ না থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগরীয় দেশটি বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে। বিশ্ববাজারে তেল সরবরাহের ২০ শতাংশই পরিবাহিত হয় এই জলপথ দিয়ে।

হরমুজ প্রণালি হয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তারা সতর্ক করে বলেছে, বিশ্ব বাজারে তেলের ব্যারেল প্রতি দর বেড়ে ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।
হরমুজ প্রণালি হয়ে চীনের তেলবাহী ট্যাংকার পার হওয়ার খবর ইতোমধ্যে এসেছে। ভারতের তেলবাহী ট্যাংকারও ওই প্রণালি পার হওয়ার সুযোগ পাওয়ার কথাও উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে।
যুদ্ধের ধাক্কায় জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় তেল বিক্রিতে লাগাম টেনেছে সরকার। তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো আগাম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আন্তর্জাতিক কুদস কমিটি বাংলাদেশ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
13 Mar 2026, 08:27 PM
‘কাপুরুষোচিত হামলায়’ ইরানিরা মাথা নত করবে না: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে আল-কুদস দিবসের র্যালিতে অংশ নেওয়া ইরানিদের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে আশেপাশে বোমা বর্ষণ হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
কর্মসূচিতে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারাও অংশ নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাগচি লিখেছেন, “আন্তর্জাতিক কুদস দিবস পালন করতে ইরানের শক্তিশালী ও অটল জনগণের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ইরানিরা সর্বদাই অটল থাকবে এবং কাপুরুষোচিত হামলার সামনে কখনোই মাথা নত করবে না।”
Proud and honored to have accompanied the Strong and Resilient People of Iran to mark International Quds Day.
— Seyed Abbas Araghchi (@araghchi) March 13, 2026
Iranians will ALWAYS stand firm and NEVER cower before cowardly attacks.
Video: Reaction of demonstrators when Tehran was bombed today is nightmare for aggressors. pic.twitter.com/0dtcHXMlTE
13 Mar 2026, 08:13 PM
‘পরিস্থিতি ভয়াবহ’: ইরান যুদ্ধের প্রভাবে ভারতে রান্নার গ্যাস সংকট
প্রায় তিন হাজার কিলোমিটার দূরে চলা যুদ্ধের অভিঘাত এখন ভারতের রান্নাঘরে পৌঁছেছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতজুড়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট তীব্র হচ্ছে।
ফলে দেশটির অনেক রেস্তোরাঁ তাদের মেনু ছোট করতে, কাজের সময় কমাতে এবং কোনও কোনও ক্ষেত্রে ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

বর্তমানে ভারতের বিভিন্ন শহর ও গ্রামে রান্নার গ্যাসের ডিলারদের সামনে দীর্ঘ লাইনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
এতে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি সংকট নিয়ে আতঙ্ক বাড়ছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীরা, বিশেষ করে রেস্তোরাঁ মালিকরা।
‘ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র কর্মকর্তা মনপ্রীত সিং বলেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। রান্নার গ্যাস পাওয়াই যাচ্ছে না।” দেশজুড়েই গ্যাসের এই সংকট অনুভূত হচ্ছে।
মনপ্রীত বলেন, দিল্লি থেকে শুরু করে দক্ষিণ ভারত সর্বত্রই রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। টিকে থাকার লড়াইয়ে অনেকে কয়লা, কাঠ এবং বৈদ্যুতিক কুকারের দিকে ঝুঁকছেন।
মুম্বাইয়ের সংবাদমাধ্যমগুলো বলছে, এলপিজি সংকটে প্রায় এক-পঞ্চমাংশ হোটেল ও রেস্তোরাঁ পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ব্যবসায়ীরা বলছেন, তাদের মজুত শেষ হয়ে আসছে।
বেঙ্গালুরুর এক বেকারি মালিক হারুন সাইত বলেন, “আমরা এখন কফি ছাড়া আর কিছুই বানাতে পারছি না। ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়বে।”
সংকট মোকাবিলায় কোনও কোনও রেস্তোরাঁ দুপুরের খাবার পরিবেশন বন্ধ করে শুধু রাতের জন্য খোলা রাখছে। অন্যদিকে, বাজারে ইলেকট্রিক কুকারের চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা তা সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন।
13 Mar 2026, 07:46 PM
ইরানের নতুন নেতা জখম হলেও বেঁচে আছেন: ট্রাম্প
হামলায় জখম হলেও বেঁচে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে মুজতাবার প্রথম বিবৃতি সম্প্রচার হওয়ার পরই এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, “আমার মনে হয় সম্ভবত তিনি (মুজতবা) বেঁচে আছেন। আমার ধারণা, তিনি ক্ষতিগ্রস্ত। কিন্তু তিনি হয়ত কোনও না কোনওভাবে বেঁচে আছেন।”
বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, মুজতাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
এরপর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মুজতাবার জখম হওয়া এবং জীবিত থাকার সম্ভাবনা নিয়ে কথা বললেন। ইরানের নতুন নেতার বার্তা প্রকাশের পর এটিই এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া।
13 Mar 2026, 07:44 PM
ইরানে আগামী সপ্তাহে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আগামী এক সপ্তাহে আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শুক্রবার সকালে ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানে ‘খুবই কঠোর’ আঘাত হানার পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্পের এই মন্তব্যের বিষয়টি নিশ্চিত করেছে।

ফক্স নিউজের এই মন্তব্যটি ট্রাম্পের এর আগে শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টেরই প্রতিধ্বনি।
সেখানে ইরানি শাসকগোষ্ঠীকে ইঙ্গিত করে তিনি লিখেছিলেন, “আজ এই পাগল বদমায়েশদের কী দশা হয়, তা শুধু তাকিয়ে দেখুন।”
ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে ট্রাম্প তার পোস্টে আরও বলেন, “তারা ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরপরাধ মানুষকে হত্যা করে আসছে। আর এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের খতম করছি।
“এমনটা করতে পারা অনেক বড় সম্মানের বিষয়! ইরানের যাতে যুক্করাষ্ট্র ও মিত্রদের হুমকি দেওয়ার ক্ষমতা না হয় আমরা সেই ব্যবস্থা করছি।”
11 Mar 2026, 01:39 AM
দুই দিনেও দেখা দেননি মুজতাবা, আলোচনায় নতুন নেতা
ইরানে যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রয়ারিতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার ঠিক ৯ দিনের মাথায় গত রোববার খামেনির ছেলে মুজতাবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেয় ইরান।
এরপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু জনসম্মুখে তার দেখা মেলেনি এখনও। কোথায় তিনি? না কোনও ভাষণ, না সাংবাদিক সম্মেলন, না খামেনির মতো কায়দায় বাসভবনের বারান্দা থেকে জনগণকে আশ্বস্ত করার কোনও ছবি বা ভিডিও।
এমনকি মুজতাবা কিংবা তার কার্যালয় থেকে কোনও লিখিত বিবৃতিও সামনে আসেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জনগণের সামনে মুজতাবা খামেনিকে পরিচয় করিয়ে দিতে তার আর্কাইভের ছবি ব্যবহার করছে।

রাষ্ট্রীয়প্রচারযন্ত্রগুলো একজন নেতা হিসাবে মুজতাবাকে তুলে ধরতে এআই ভিডিও এবং স্থিরচিত্র ব্যবহার করছে। মুজতাবা যেন কর্পূরের মতো উবে গেছেন। তাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।
তিনি ‘জীবিত না মৃত’ তা নিয়ে প্রশ্ন উঠছে । আবার অনেকেই ধারণা করছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে কোন বাংকারে হয়ত তিনি লুকিয়ে থাকতে পারেন।
এমন সব জল্পনার মাঝেই সোমবার ইরানের রাষ্ট্রীয় টিভি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে, মোজতাবা বেঁচে আছেন, তবে তিনি আহত। এতে জল্পনা সৃষ্টি হয়েছে যে, আহত হওয়ার কারণেই হয়ত তাকে ভিডিওতে দেখা যায়নি।
তবে তার কাছ থেকে কোনও লিখিত বিবৃতিও কেন আসেনি সেই ব্যাখ্যা এখান থেকে পাওয়া যায় না। রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে কেবল মুজতাবাকে যুদ্ধক্ষেত্রে আহত সৈনিক (জানবাজ অফ রমজান ওয়ার) বলা হয়েছে।
কোনও ভিডিও ক্লিপও দেখানো হয়নি। কেবল মুজতাবা জখম হয়েছেন বলা হয়েছে। কিন্তু কবে, কীভাবে, এখন তার অবস্থা কেমন, তা নিয়ে মুখ খোলেনি ইরান।সেকারণে তার অবস্থা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
তিনি সামনে না আসার আরেকটি কারণ হতে পারে তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হতাশা প্রকাশ এবং হুঁশিয়ারি।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় কেবল খামেনেই নন, তার স্ত্রী, জামাই, ছেলের বউ এবং এক নাতিরও মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ২৮ ফেব্রুয়ারির হামলাতেই মুজতাবা আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টিভিও তাদের প্রতিবেদনে মুজতাবাকে যুদ্ধে আহত সৈনিক বলে যেন চলমান যুদ্ধের কথাই বলতে চেয়েছে।
কারণ, সেই ২৮ ফেব্রুয়ারির পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। মুজতাবাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নেওয়ার পর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
কোনও রাখঢাক না করে তিনি বলেছিলেন, ‘খামেনির ছেলেকে আমার পছন্দ নয়।’ যুক্তরাষ্ট্রের পছন্দ ছাড়া নেতা বেছে নেওয়া হলে তিনি বেশিদিন টিকবেন না বলেও জানিয়েছিলেন ট্রাম্প।
ইরানের রাজধানী তেহরান এবং সামরিক স্থাপণাগুলোতে এখনও চলতে থাকা হামলার মধ্যে মুজতাবার অনুপস্থিতি তার নিরাপত্তা নিয়ে সংশয় বাড়াচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানসহ অন্যান্য দেশের নেতাদেরও কতল করার লক্ষ্য সাধনে দীর্ঘদিন ধরে লেগে থাকার প্রেক্ষাপটে।
কিন্তু মুজতাবা চোখের আড়ালে থাকলেও ইরানের রাজনৈতিক অঙ্গন যুদ্ধের মেজাজে তেমন কোনও পরিবর্তন ছাড়াই এখনও কার্যকর রয়েছে।
খামেনির মৃত্যুর পর এর নিন্দা জানিয়ে সংস্কারপন্থি সাবেক ইরানি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রকাশিত বিবৃতির মতো আনুগত্য প্রকাশ করে আরও এমন বিবৃতি আসছে।
হয়ত সর্বোচ্চ নেতার পদটি খালি নেই, কেবল এই ভাবনাই যুদ্ধ যে গতিতে চলছে, তা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
11 Mar 2026, 01:35 AM
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার কথা রাশিয়া অস্বীকার করেছে: উইটকফ
যুদ্ধ চলাকালে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ।
তিনি বলেছেন, সোমবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রুশ নেতারা এমনটাই দাবি করেছেন।
মঙ্গলবার সিএনবিসির ‘মানি মুভার্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, “আমরা তাদের কথা বিশ্বাস করতেই পারি। আশা করি তারা সত্যিই কোনো তথ্য শেয়ার করছে না।”
ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎকারে উইটকফকে প্রশ্ন করা হয়, মার্কিন যুদ্ধজাহাজ, বিমান বা ঘাঁটির তথ্য রাশিয়া ইরানকে দিচ্ছে বলে তিনি মনে করেন কিনা। আর যদি তা হয়ে থাকে, তাহলে ট্রাম্প প্রশাসন কেন ভারতীয় তেল শোধনাগারগুলোকে রুশ তেল কেনা থেকে বিরত রাখার যে নিষেধাজ্ঞা ছিল, তা শিথিল করল।
জবাবে উইটকফ বলেন, “আমি গোয়েন্দা কর্মকর্তা নই, তাই আপনাকে সে বিষয়ে বলতে পারব না।
“তবে বলতে পারি, গতকাল প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে রাশিয়ানরা বলেছে যে তারা কোনো তথ্য শেয়ার করছে না। তারা এটাই বলেছে।”

উইটকফ জানান, সোমবার সকালে তিনি এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলাদাভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে ফোনে কথা বলেছেন।
“ওই ফোনালাপেও উশাকভ একই কথা বলেছেন। তিনি বলেছেন, রাশিয়া ইরানের সঙ্গে কোনো গোয়েন্দা তথ্য শেয়ার করছে না।”
এদিকে ‘পরিস্থিতি সম্পর্কে অবগত’ যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে শনিবার ‘এমএস নাউ’ এক প্রতিবেদনে বলে, রাশিয়া ইরানকে এমন তথ্য দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ইরানি বাহিনীকে সহায়তা করতে পারে।
ওই দুই কর্মকর্তার একজন এমএস নাউকে বলেন, “রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে।”
ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি শুক্রবার ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, রাশিয়া ইরানকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে সহায়তা করছে কি না। প্রশ্নটি শুনে ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া দেখান।
তিনি বলেন, “এই সময়ে এমন প্রশ্ন করা কতটা বোকামি!”
এমএস নাউয়ের সঙ্গে কথা বলা আরেক কর্মকর্তা বলেন, “রাশিয়া সরাসরি কোনো কৌশলগত বা সামরিক লড়াইয়ের ভূমিকা পালন করছে—এমন কোনো প্রমাণ আমি দেখিনি।”
সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফোনালাপ পুতিন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অগ্রগতি দেখে ‘খুবই মুগ্ধ’ হওয়ার কথা বলেছেন।
10 Mar 2026, 10:06 PM
‘ইরানকে যারা ধ্বংসের স্বপ্ন দেখছে তারা ইতিহাসের কিছুই জানে না’
যুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও তার দেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, যারা মনে করে ইরানকে ধ্বংস করতে পারবে, তারা একটি ‘ভ্রমের’ মধ্যে আছে।
Iran is the heir to a civilization at least 6,000 years old. Through the trials of history, no power has ever succeeded in erasing this storied name. Anyone who entertains the illusion of destroying Iran knows nothing of history. Aggressors have come and gone; Iran has endured. pic.twitter.com/XX63yFuynT
— Masoud Pezeshkian (@drpezeshkian) March 10, 2026
এক্স এ দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, “ইতিহাসের নানা পরীক্ষার মধ্য দিয়ে কোনো শক্তিই এই ইতিহাসসমৃদ্ধ নামটিকে কখনো মুছে ফেলতে পারেনি।
“যে ইরানকে ধ্বংস করার ভ্রম পোষণ করে, তিনি ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। আগ্রাসনকারীরা এসেছে এবং চলে গেছে; ইরান টিকে আছে।”
সূত্র: আল জাজিরা
10 Mar 2026, 09:53 PM
লেবাননে ইসরায়েলের স্থল অভিযান হবে ‘ভুল’, স্পেনের সতর্কবার্তা
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান হবে একটি ‘ভয়াবহ ভুল’।
ইরান যুদ্ধের মধ্যে লেবাননেও একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল।
মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনাকর এ পরিস্থিতিতে আলবারেস হিজবুল্লাহকেও ইসরায়েলে রকেট হামলা বন্ধ করার আহ্বান জানান।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বৈরুতের জন্য মানবিক সহায়তা হিসেবে ৯ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দেন।
ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিন্ন করার হুমকির পরও ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।
সূত্র: আল জাজিরা
10 Mar 2026, 08:49 PM
ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে "এক লিটার তেলও" রপ্তানি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস।
মঙ্গলবার তেহরানের এই হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ এই অঞ্চলের তেল সরবরাহ বাধাগ্রস্ত করলে ইরানে আরও ২০ গুণ কঠোর হামলা চালানো হবে।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং তার নির্ধারিত চার সপ্তাহ সময়সীমার আগেই এই সংঘাত শেষ হবে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতাবা খামেনির নিযুক্তির মাধ্যমে তেহরান তাদের অনমনীয় অবস্থানের জানান দিলেও, ট্রাম্পের ‘দ্রুত যুদ্ধ শেষ হওয়ার’ আশ্বাসে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন এবং শেয়ার বাজারে চাঞ্চল্য দেখা গেছে।
বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বাধাগ্রস্ত করলে মার্কিন হামলা তীব্রতর হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প।
যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে আছে। ট্রাম্প সোমবার সন্ধ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি তেল প্রবাহ সচল রাখার জন্য যথেষ্ট।
তবে তিনি ট্রুথ সোশালে এক পোস্টে হুমকি দিয়ে বলেন, “ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করতে কিছু করে, তবে তাদের ওপর এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালানো হবে।”
অন্যদিকে, রেভল্যুশনারি গার্ডসের মুখপাত্র ট্রাম্পের বক্তব্যকে ‘বাজে কথা’ হিসেবে অভিহিত করে বলেছেন, “আমরাই নির্ধারণ করব এই যুদ্ধ কবে শেষ হবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার সম্ভাবনা নেই।
10 Mar 2026, 08:02 PM
জ্বালানি-বিদ্যুতের সংকট নেই, দাম বাড়ানোরও চিন্তা নেই: প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি নিয়ে উদ্বেগ, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের মধ্যে তেল সরবরাহে রেশনিং করা হলেও বর্তমানে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই বলে সরকারের তরফে আবারও তুলে ধরা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হতে থাকলেও সরকার এখনই জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর কথাও ভাবছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। বলেন, মধ্যপ্রাচ্যের সংকট শুরুর পর সরকার জনদুর্ভোগ কমাতে কাজ করছে।
পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত সপ্তাহে পাঁচ দিনে স্বাভাবিক চাহিদার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হলেও মানুষের উদ্বেগ পুরোপুরি কমেনি।
তার ভাষায়, এই অস্বাভাবিক চাহিদার পেছনে যৌক্তিক কারণের চেয়ে ‘পেনিক বায়িং’ ও উৎকণ্ঠাই বেশি কাজ করেছে।
10 Mar 2026, 07:35 PM
জ্বালানি সাশ্রয়ে কর্মীদের হোম অফিস দেওয়ার আহ্বান ভিয়েতনামেও
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া এবং তেলের দামের ঊর্ধ্বগতি হয়ে পড়ায় কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে ভিয়েতনাম।
মঙ্গলবার এর আগে একই কারণে থাইল্যান্ডও হোম অফিস করার কথা বলেছে। দেশটি লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা এবং গাড়ি ভাগাভাগি করে ব্যবহারের কথা বলেছে।
এরপর ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় জ্বালানি সাশ্রয় প্রচেষ্টার অংশ হিসেবে এমন আহ্বান জানিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।
দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের বরাতে বলা হয়, মধ্যপ্রাচ্যের জ্বালানি আমদানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ক্ষতির মুখে পড়া দেশগুলোর মধ্যে আছে ভিয়েতনাম।
বিবৃতিতে বলা হয়, যাতায়াত ও পরিবহনের প্রয়োজনীয়তা কমাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত ‘সম্ভব হলে কর্মীদের বাসা থেকে কাজ করতে উৎসাহিত করা।’
ভিয়েতনামের শীর্ষ জ্বালানি ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘পেট্রোলিমেক্স’ এর তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে পেট্রোলের দাম ৩২ শতাংশ, ডিজেলের দাম ৫৬ শতাংশ এবং কেরোসিনের দাম ৮০ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার রাজধানী হ্যানয়ের পেট্রোল পাম্পগুলোতে গাড়ি ও মোটরবাইকের দীর্ঘ সারি দেখা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের প্রতি জ্বালানি তেল মজুত বা এটি নিয়ে কারসাজি না করারও অনুরোধ জানানো হয়েছে।
10 Mar 2026, 06:51 PM
জ্বালানি সাশ্রয়ে থাইল্যান্ডে হোম অফিস, বিদেশ সফর স্থগিত
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে জ্বালানি সংকটে পড়া থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাদেরকে জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।
মঙ্গলবার সরকারের এক মুখপাত্র জানান, সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত করা এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি মুখপাত্র লালিদা পেরিসউইভাতানা সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আজ (মঙ্গলবার) থেকেই সরকারি কর্মকর্তারা বাসা থেকে কাজ করবেন।"
তবে যেসব কর্মকর্তার সরাসরি জনগণকে পরিষেবা দিতে হয়, তারা এই নির্দেশের বাইরে থাকবেন বলে তিনি জানান।
জ্বালানি মন্ত্রী আত্তাপোল রের্কপিবুন জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতির দেশে বর্তমানে প্রায় ৯৫ দিনের জ্বালানি মজুত রয়েছে।
দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের চেষ্টা করছে। সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে জ্বালানির চাহিদা কমানোর চেষ্টা করছে সরকার।
থাইল্যান্ডের জ্বালানি নিয়ন্ত্রক কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৮ শতাংশ মেটানো হয় প্রাকৃতিক গ্যাস থেকে।
এর অর্ধেকের বেশি আসে থাইল্যান্ড উপসাগর থেকে, আর ৩৫ শতাংশ গ্যাস আমদানি করতে হয়। আমদানিকৃত গ্যাসের ১৩ শতাংশ আসে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে।
এর আগে চলতি মাসের শুরুতে লাওস ও মিয়ানমার বাদে অন্য সব দেশে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেয় থাইল্যান্ড।
থাই সরকারের মুখপাত্র লালিদা আরও জানান, প্রয়োজন ছাড়া বাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রেখে অফিস ভবনে বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সাধারণ মানুষকে কার্পুলিং বা গাড়ি ভাগাভাগি করে যাতায়াতের মতো সাশ্রয়ী পদক্ষেপে সহযোগিতা করতে অনুরোধ জানাবে সরকার।
10 Mar 2026, 04:26 PM
লেবানন থেকে সিরিয়া গেছেন ৮০ হাজার মানুষ
ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লেবানন থেকে ৮০ হাজার মানুষ সিরিয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।
সংস্থার মুখপাত্র সেলিন শ্মিট সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে জানিয়েছেন, অনেক পরিবার খুব দ্রুত লেবানন ছেড়ে গেছে এবং অনেকেই ব্যক্তিগত কোনো জিনিসপত্র নেওয়ার সুযোগও পায়নি। তারা এখন বেশিরভাগই আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছে।
শ্মিট বলেন, এখন পর্যন্ত জরুরি আশ্রয়ের জন্য কোনো আবেদন নথিভুক্ত হয়নি।
10 Mar 2026, 03:46 PM
ইরানে ১৯৩ শিশু নিহত
ইরান সরকারের এক মুখপাত্র বলেছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ১৯৩ জন শিশু মারা গেছে, যার মধ্যে সর্বকনিষ্ঠের বয়স আট মাস।
নিহত শিশুদের বোর্ডের সামনে কথা বলার সময় ফাতেমেহ মোহাজেরানি বলেন, হতাহতদের মধ্যে চার মাস বয়সি এক শিশু আহত হয়েছিল।
মোহাজেরানি বলেন, হামলায় ১১ স্বাস্থ্যকর্মীও নিহত হয়েছেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার ৫২টি ইউনিট, ২৯টি চিকিৎসা স্থাপনা, ১৯টি জরুরি ইউনিট এবং ১৬টি অ্যাম্বুলেন্স আক্রান্ত হয়েছে। আর চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী জাহাজ ধ্বংস হয়েছে।
10 Mar 2026, 01:58 PM
গ্যাসের দামও কমেছে
রাতের মধ্যে তেলের দামে বড় পতনের পর মঙ্গলবার সকালে গ্যাসের দামও উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।
বিবিসি লিখেছে, লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাজ্যের পাইকারি গ্যাসের দাম ১০ শতাংশের বেশি কমে প্রতি থার্মের দর প্রায় ১২৩ পেন্সে নেমে আসে। সোমবার এক সময় এটি ১৭১ পেন্স পর্যন্ত উঠেছিল।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দামের ওঠানামা করলেও গ্যাসের দাম এখনও ২০২২ সালের রেকর্ড দামের অনেক নিচেই রয়েছে। ওই সময় প্রতি থার্মের দর সর্বোচ্চ ৬৪০ পেন্স পর্যন্ত চড়েছিল।

10 Mar 2026, 12:27 PM
তেলের দাম কমল
হরমুজ প্রণালি সচল রাখতে ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ার উচ্চারণ করার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
ট্রাম্প সোশাল মিডিয়ায় বলেছেন, “ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করার মতো কিছু করে, তাহলে তাদের ওপর এখন পর্যন্ত যা করা হয়েছে তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে আঘাত হানবে যুক্তরাষ্ট্র।”
এশিয়ায় মঙ্গলবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.০৫ ডলার হয়েছে এবং নাইমেক্স লাইট সুইট ক্রুড ৬ দশমিক ১ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৬ ডলার হয়েছে।
এর আগে সোমবার তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠেছিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা থেকে তেলের দর চড়ছিল। তবে যুদ্ধ শিগগির শেষ হতে পারে বলে ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর তেলের দাম আবার কমে আসে।

10 Mar 2026, 11:28 AM
ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার
যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুঁজিবাজার।
জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ জিএমটি সময় সকাল ৫টা পর্যন্ত প্রায় ২.৫% বেড়েছে, যদিও সোমবার তা ৫ শতাংশের বেশি পড়ে গিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে, যা আগের সেশনে কমেছিল ৬ শতাংশ।
হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, ফলে আগের দিনের সব ক্ষতি পুষিয়ে গেছে।
সোমবার ২ দশমিক ৯ শতাংশ কমা অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক মঙ্গলবার বেড়েছে প্রায় ১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় অপরিশোধিত তেলের দামে বড় ওঠানামা হয়েছে। ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলার ওঠা দর পরে ৯০ ডলারে নেমে আসে।
দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কায় জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় পঞ্চমাংশ (২০%) পরিবহন করা হয়।
10 Mar 2026, 10:51 AM
ইরানে নতুন করে স্কুল-বাড়িঘর আক্রান্ত
বার্তা সংস্থা মেহের নিউজ লিখেছে, ইরানের কেন্দ্রীয় শহর খোমেনের একটি বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাফেজ খোমেনি বিদ্যালয় এবং আশাপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দক্ষিণ ইরানের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ নিয়ে তদন্ত চলার মধ্যে নতুন স্কুল হওয়ার হওয়ার খবর এল।আগের ঘটনায় ১৭০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

10 Mar 2026, 10:43 AM
ইরান যুদ্ধ শিগগির শেষ হতে পারে: ট্রাম্প
ইরান মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ আটকে রাখলে দেশটির সঙ্গে যুদ্ধ আরও বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; সেই সঙ্গে সংঘাত দ্রুত শেষ হতে পারে বলে অনুমান তার।
ইরানের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করছে আর দেশটি শিগগিরই যুদ্ধ শেষ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না, এমনটি দেখার পর বৈশ্বিক আর্থিক বাজার অস্থির হয়ে উঠেছে। এ পরিস্থিতিতেই সোমবার ট্রাম্প ওই হুঁশিয়ারি দিয়েছেন; জানিয়েছে রয়টার্স।
ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিমান ও নৌবাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করেছে আর যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে প্রাথমিকভাবে যে সময় নির্ধারণ করেছিলেন তার অনেক আগেই শেষ হয়ে যেতে পারে।

10 Mar 2026, 09:34 AM
হরমুজে বাধা দিলে ইরানে বিভীষিকা নামবে: ট্রাম্প
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আবারও সতর্ক করে বলেছেন, তারা যেন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত না করে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “যদি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহবন্ধ করার মতো কিছু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এ পর্যন্ত যা করা হয়েছে তার চেয়ে বিশ গুণ বেশি কঠোরভাবে আঘাত হানবে।”
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবহন হয়। যুদ্ধের কারণে জলপথটি বন্ধ হওয়ায় বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে গেছে।
ট্রাম্প বলেন, “আমরা এমন লক্ষ্যবস্তু ধ্বংস করব যেগুলো সহজেই ধ্বংস করা সম্ভব, যাতে ইরানের পক্ষে আর কখনও একটি জাতি হিসেবে পুনর্গঠিত হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে—তাদের ওপর নেমে আসবে বিভীষিকা। তবে আমি আশা করি এবং প্রার্থনা করি, যেন তা ঘটাতে না হয়।”
10 Mar 2026, 01:17 AM
‘ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত, ইতি টানতে পারে কেবল অর্থনৈতিক চাপ’

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি।
সেইসঙ্গে উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, যাতে দেশগুলো চাপে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে যেতে রাজি করায়।
তেহরানে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি একথা বলেন।
তিনি আপাতত কূটনৈতিক পন্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, এই যুদ্ধের অবসান কেবল অর্থনৈতিক চাপ বা আঘাতের মাধ্যমেই সম্ভব।
এর মধ্য দিয়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের দশম দিনে এসে সরকারের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিলেন খারাজি।
সোমবার সিএনএন-কে খারাজি বলেন, "আমি এখন আর কূটনীতির কোনো সুযোগ দেখছি না। কারণ, ট্রাম্প অন্যদের প্রতারিত করছেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করছেন না।
10 Mar 2026, 01:11 AM
মুজতাবা খামেনিকে বেছে নেওয়াটা ইরানের ‘বড় ভুল’: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মুজতাবা খামেনিকে বেছে নেওয়াটা ‘বড় ভুল’ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, “আমি মনে করি, মুজতাবা খামেনিকে নির্বাচন করার মধ্য দিয়ে তারা বড় ভুল করেছে।”
এর আগে তিনি আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকে ‘দুর্বল ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছিলেন।
সূত্র: আল জাজিরা
10 Mar 2026, 12:58 AM
ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফেইসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।
গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। গ্রেপ্তার বাকিরা পাকিস্তানি।
সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি ও স্থানীয় সংবাদমাধ্যমে তাদের গ্রেপ্তারের খবর দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
10 Mar 2026, 12:51 AM
‘নজিরবিহীন’ অস্থিরতার মুখে মধ্যপ্রাচ্য: কুয়েতের আমির
ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য ‘নজিরবিহীন’ অস্থিরতার মুখোমুখি হয়েছে বলে সতর্ক করে দিয়েছেন কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ।
ইরানকে ইঙ্গিত করে তিনি বলেছেন, কুয়েত এমন এক প্রতিবেশী রাষ্ট্রের হামলার শিকার হয়েছে, যাকে তারা ভ্রাতৃপ্রতিম হিসেবে দেখে। এছাড়া কুয়েত তাদের ভূখণ্ড বা আকাশসীমা ওই দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতিও দেয়নি।
দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হামলা মোকাবেলায় প্রস্তুতির মাত্রা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
“অঞ্চলটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি ও নজিরবিহীন উত্তেজনার মুখোমুখি হচ্ছে।”
জনগণকে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বানও জানান আমির।
সূত্র: আল জাজিরা
09 Mar 2026, 09:22 PM
হরমুজ প্রণালিতে রণতরী পাঠানোর পরিকল্পনা ফ্রান্সের

মধ্যপ্রাচ্যের মিত্রদের ‘প্রতিরক্ষামূলক’ সহায়তার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে যুদ্ধবিমানবাহী রণতরীসহ বেশ কিছু নৌযান মোতায়েনের পরিকল্পনা করেছে ফ্রান্স।
গত সপ্তাহে সাইপ্রাসে ড্রোন হামলার প্রসঙ্গ তুলে ধরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, "যখন সাইপ্রাস আক্রান্ত হয়, তখন ইউরোপ আক্রান্ত হয়।"
মাক্রোঁ জানান, তারা এই অঞ্চলে মোট আটটি যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং দুটি হেলিকপ্টারবাহী রণতরী মোতায়েন করবে।
শেষ পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে এসব সামরিক যান হরমুজ প্রণালিতেও পাঠানো হতে পারে বলে আভাস দেন ফরাসি প্রেসিডেন্ট।
সূত্র: আল জাজিরা
09 Mar 2026, 08:29 PM
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমিরাতের ২ সেনা নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিজেদের দুই সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে সংযুক্তর আরব আমিরাত।
‘যান্ত্রিক ত্রুটির’ কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কথা বলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার এক বিবৃতিতে তারা বলেছে, “আজ দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য ‘শাহাদাত বরণ’ করেন।"
সূত্র: আল জাজিরা
09 Mar 2026, 07:55 PM
লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স: মাক্রোঁ

ইউরোপীয় ইউনিয়নের নৌ-মিশনের অংশ হিসেবে লোহিত সাগরে ফ্রান্স দুটি যুদ্ধজাহাজ পাঠাবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদুলিদেস ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান মাক্রোঁ।
তিনি বলেন, “আমরা একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা-সহযোগিতামূলক মিশন গঠনের প্রক্রিয়ায় আছি। এটি ইউরোপীয় ও অ-ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুত করতে হবে।”
সূত্র: আল জাজিরা
09 Mar 2026, 05:38 PM
লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে অন্তত ৮৩ জন শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে।
সোমবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১০ জনের বেশি শিশু নিহত হয়েছে এবং প্রায় ৩৬ জন শিশু প্রতিদিন আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৮ মাসে লেবাননে মোট ৩২৯ জন শিশু নিহত এবং ১,৬৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ইউনিসেফ বলেছে, “এই সংখ্যাগুলো ভয়াবহ; সংঘাত শিশুদের ওপর কত বড় মূল্য চাপিয়ে দিচ্ছে তা এতে ফুটে উঠেছে।”
লেবাননজুড়ে দুই লাখ শিশুসহ প্রায় ৭ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর সঙ্গে আগের উত্তেজনার সময় বাস্তুচ্যুত হওয়া আরও হাজার হাজার মানুষ রয়েছে।
সংস্থাটি সংঘাতে জড়িত সব পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামো, বিশেষ করে স্কুল ও আশ্রয়কেন্দ্রগুলো রক্ষা করার আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে বলেছে।
ইউনিসেফ বলেছে, “পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং শিশুদের আরও ক্ষতি থেকে রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি।”
09 Mar 2026, 05:25 PM
লেবানন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চায় ফ্রান্স
লেবাননের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, গত এক সপ্তাহ ধরে ইসরায়েলের তীব্র বোমা হামলার মুখে পড়েছে লেবানন। তাতে প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বারো বলেন, লেবাননে মাঠপর্যায়ে কাজ করা মানবিক সংস্থাগুলোর জন্য ফ্রান্স ইতোমধ্যে প্রায় ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিয়েছে। পাশাপাশি দেশটিতে মঙ্গলবার পৌঁছানোর জন্য ২০ টন অতিরিক্ত মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
লেবানন যাতে বিশৃঙ্খলার দিকে না যায় এবং একটি যুদ্ধবিরতি নিশ্চিতে ফ্রান্স ও ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া যায়।
09 Mar 2026, 05:00 PM
ইরানে সামরিক স্থাপনার কাছাকাছি থাকা বেসামরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে এমন স্থাপনাগুলোর ভেতরে ও বাইরে অবস্থানকারী বেসামরিকদের নিরাপত্তার ‘গ্যারান্টি তারা দিতে পারবে না’।
আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অবস্থান বৈধ সামরিক লক্ষ্যস্থল হতে পারে বলে সতর্ক করেছে তারা; জানিয়েছে সৌদি গেজেট।
রোববার সামাজিক মাধ্যম এক্স এ সেন্টকম জানায়, ইরানের কর্তৃপক্ষ সামরিক অভিযান চালাতে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলো ব্যবহার করছে।
ইস্পাহান, শিরাজ ও দেজফুলের মতো শহরগুলো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো একমুখি হামলা চালাতে ব্যবহার করা হচ্ছে।
এ ধরনের অনুশীলন বেসামরিকদের বিপন্ন করবে বলে সতর্ক করেছে সেন্টকম। তারা বলেছে, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থানগুলো সুরক্ষিত মর্যাদা হারাবে আর আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ সামরিক লক্ষ্যস্থলে পরিণত হবে।
সেন্টকম ইরানি কর্তৃপক্ষকে অভিযুক্ত করে বলেছে, তারা জেনেশুনে বেসামরিকদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। ইরানের বেসামরিকদের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন এই কমান্ড।
বিবৃতিতে সেন্টকম বলেছে, “ইরানি বাহিনী বেসামরিক বিমানবন্দর, হোটেল ও আবাসিক এলাকাগুলোতে ইচ্ছাকৃতভাবে নির্বিচার হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপরাধ লোকজনের নিরাপত্তাকে বিপন্ন করছে।”

09 Mar 2026, 04:58 PM
ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র
সপ্তাহের শুরুতে ইরানি তেল সংরক্ষণাগারে ইসরায়েলি হামলার ঘটনায় তেল আবিবের মিত্র ওয়াশিংটনের অবস্থা ‘অনেকটা আকাশ থেকে পড়ার’ মতো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।
২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু করার পর একে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই মিত্রের মধ্যে প্রথম বড় মতবিরোধ হিসেবেও দেখা হচ্ছে। ইরানি তেল স্থাপনায় ইসরায়েলের ওই হামলার ব্যাপক অগ্নিকাণ্ড সৃষ্টি করার পাশাপাশি চারজনের প্রাণও কেড়ে নিয়েছে।
রোববারের প্রতিবেদনে এক্সিওস বলছে, হামলার ব্যাপারে তেল আবিব আগে থেকেই ওয়াশিংটনকে জানিয়েছিল। ইসরায়েল তাদের বলেছিল, ওই স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জ্বালানি সরবরাহে ব্যবহৃত হচ্ছিল।
কিন্তু তাদের ওই হামলা ‘যুক্তরাষ্ট্রের ধারণাকেও ছাড়িয়ে যায়’, বলছে এনডিটিভি।
মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেন, হামলার ব্যাপ্তি দেখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হতবাক হয়ে গেছে।
“এটি ভালো সিদ্ধান্ত ছিল না বলেই আমরা মনে করি,” বলেছেন ওই কর্মকর্তা।
হামলার পর ওয়াশিংটনের দিক থেকে আসা বার্তাটি ছিল ‘হোয়াট দ্য ফাক’ (এটা কী হল), বলেছেন এক ইসরায়েলি কর্মকর্তা।
এসব বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী তেহরান ও এর আশপাশে তিনটি তেলের ডিপো ও একটি পরিশোধনাগারে হামলা চালানোর পর ইরানের রাজধানীর বিভিন্ন অংশে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন ছবি-ভিডিওতে দেখা যায়, নিয়ন্ত্রণহীন আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বিষাক্ত গাঢ় কালো ধোঁয়া আশপাশের সবকিছুকে ঢেকে দিচ্ছে।
একটি তেলের ডিপো থেকে লিক হওয়া তেলে আগুন ধরে যাওয়ার পর সড়কে ‘আগুনের নদী’ দেখতে পাওয়ার কথা জানান স্থানীয়রা। হামলার পর তেল ও ধুলোবালি মিশ্রিত কালো বৃষ্টি লোকজনের ওপর পড়ে; কর্তৃপক্ষ ‘এসিড বৃষ্টির’ খবরে সবাইকে চার দেয়ালের ভেতরে থাকার পরামর্শ দেয়।
ইসরায়েলের এ হামলার মানবিক ও পরিবেশগত মূল্য যেমন অনেক তেমনি এর কারণে কৌশলগত কিছু মূল্য চুকাতে হতে পারে বলেও সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন। তাদের ভাষায়, এ হামলা যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিতে পারে; ইরান যদি এর পাল্টায় আশপাশের সব দেশের জ্বালানি স্থাপনায় লাগাতার হামলা শুরু করে তাহলে পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে পড়বে।

09 Mar 2026, 04:53 PM
‘ইরানিরা নিজেদের মাতৃভূমি রক্ষায় প্রস্তুত’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রভাব বিস্তারের পরিকল্পনা নিয়ে সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন,
“আমাদের জনগণের ইচ্ছা ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
তিনি বলেন, “ইরানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত।”
ইসমাইল বাঘাইয়ের ব্রিফিংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো:
- সামরিক সংঘর্ষ চলতে থাকলে যুদ্ধবিরতির জন্য সম্ভাব্য মধ্যস্থতার আলোচনা ‘অপ্রাসঙ্গিক’।
- নিজেকে রক্ষা করে যাবে ইরান।
- গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি ইরান। বরং কিছু ঘটনা ‘মঞ্চস্থ করা হয়ে থাকতে পারে’।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা আন্তর্জাতিক সব আইনকে ঝুঁকির মুখে ফেলেছে।
- ইরানকে খণ্ডিত করে এর ‘তেল সম্পদ’ দখল করতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
- ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ, তবে অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে নিজেকে রক্ষা করার অধিকার তেহরানের রয়েছে।

09 Mar 2026, 04:31 PM
এক নজরে লেবাননে বাস্তুচ্যুতদের এলাকা

09 Mar 2026, 02:43 PM
ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’

ইরানের বিশেষজ্ঞ পরিষদ যে নতুন নেতা নির্বাচন করেছে, সেই আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনিকে নিয়ে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের একটি অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়েছে।
উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, নতুন নেতার নাম ঘোষণার পর তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তখন ট্রাম্প তাকে বলেন, “আমি খুশি নই।”
কিলমিড এই কথোপকথনের বিষয়ে আর কোনো বিস্তারিত দেননি।
এদিকে মুজতাবাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দেওয়াকে ‘সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়’ বলে বর্ণনা করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি ইরানের সংবিধানের ভিত্তিতে তাদের নিজেদের নেওয়া একটি সিদ্ধান্ত।”
এর আগে রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তাদের শাসনব্যবস্থা পরিবর্তনে বাইরের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন।
ওয়াং ই বলেন, “কোনও ‘কালার রেভল্যুশন’ বা সরকার পরিবর্তনের নীল নকশা কখনওই সাধারণ মানুষের সমর্থন পাবে না।”
১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন আলি খামেনি। এরপর থেকে ৩৭ বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন।
এরপর রোববার তেহরান সময় মধ্যরাতের ঠিক পরেই ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।
09 Mar 2026, 02:24 PM
বাহরাইনে ড্রোন হামলায় আহত ৩২
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ লিখেছে, রাজধানী মানামার কাছে ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের সবাই বাহরাইনি নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সি এক কিশোরী রয়েছে, যে মাথা ও চোখে গুরুতর আঘাত পেয়েছে। আর সবচেয়ে কম বয়সি আহতের বয়স দুই মাস। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল, যাদের মধ্যে এমন শিশুরাও ছিল যাদের অস্ত্রোপচার করতে হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলোর ওপর একক হামলার এটিই সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা।
09 Mar 2026, 02:01 PM
ইরানে ৯ দিনে নিহত ১২৫৫, আহত ১২০০০
মার্কিন-ইসরায়েলি হামলায় ৯ দিনে ইরানে ১২৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্য মন্ত্রী আলি জাফারিয়ন।
তিনি জানিয়েছেন, এসময়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
হতাহতদের মধ্যে আট বছর থেকে ৮৮ বছর বয়সিরা রয়েছেন জানিয়ে তিনি বলেন, নিহতদের মধ্যে দুইশ নারী এবং মিনাবেরি একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ জন শিশু রয়েছে।
উপস্বাস্থ্য মন্ত্রী জাফারিয়ন বলেন, হামলায় স্বাস্থ্যকর্মীদের ১১ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেছেন। হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।
তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতদের অধিকাংশই বিস্ফোরণে মারা গেছেন। আহতদের মধ্যে মোটাদাগে দুই ধরনের আঘাত দেখা যাচ্ছে: দগ্ধ হওয়া এবং চাপা পড়ে যাওয়ার আঘাত।
ইরানের স্বাস্থ্য ব্যবস্থা দেশের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট শক্তিশালী মন্তব্য করে উপমন্ত্রী জাফারিয়ন বলেছেন, ইরানে এমন মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে যা স্বাস্থ্যসেবা ও শিক্ষা—দুটিই পরিচালনা করে। প্রতিটি প্রদেশে এমন একটি ব্যবস্থা রয়েছে যা প্রয়োজন হলে স্বাধীনভাবে কাজ করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সহায়তা করছে।
ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কাজ করছে এবং দেশের জন্য প্রয়োজনীয় সব ধরনের ওষুধ উৎপাদন করছে।

09 Mar 2026, 01:40 PM
দেশে দেশে পুঁজিবাজারে বড় ধাক্কা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় এশিয়ার সব বাজারে শেয়ারের পতন হচ্ছে।
আল জাজিরা লিখেছে, পূর্ব এশিয়ার বড় শিল্পশক্তি—জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে এই আশঙ্কা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। কারণ তাদের বিশাল শিল্প অবকাঠামোর জন্য আমদানির জ্বালানির ওপর অনেক বেশি নির্ভর করতে হয়।
টোকিওর নিক্কেই সূচক ৭ শতাংশ পয়েন্ট কমে গেছে। নিক্কেই বড় বাজার হওয়ায় এর ৭ শতাংশ পয়েন্ট হারাতে ব্যাপক বিক্রির চাপ থাকতে হয়।
প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার কসপি সূচকেরও ৮ শতাংশ পতন দেখেছে। সেখানকার সরকার বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তেলের দামের সীমা ঠিক করার মতো ‘অস্বাভাবিক’ পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তারা গত ৩০ বছরে এমনটি করেনি।

হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ৩ শতাংশ কমে গেছে। বাজারের নিয়মিত সময়ের বাইরে যেসব মার্কিন স্টক ফিউচারস লেনদেন হয়, সেগুলোও দর হারিয়েছে।
ফিউচারস লেনদেন সম্পর্কিত ওয়াল স্ট্রিটের প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ১ দশমিক ৭ শতাংশ। আর প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিটের সূচক কমেছে ১ দশমিক ৯০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের তরফে স্বল্পমেয়াদি ধাক্কা, তেলের দাম আবার কমে আসবে—এমন কথা বলা হলেও তাতে যে বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না তা সব বাজারে প্রতিফলিত হয়েছে।
09 Mar 2026, 12:23 PM
উপসাগরীয় আরব দেশগুলোতে হামলার ঢেউয়ে আরেক ব্যস্ত রাত
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাতারের স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টার দিকে ইরানি হামলার হুমকির মাত্রা বাড়ানো হয় আর তাদের মোবাইল ফোনে পাঠানো সতর্ক বার্তাগুলো বন্ধ হয়ে যায়। এর কয়েক মিনিট পরেই তারা বিস্ফোরণের শব্দ শুনতে থাকেন। এগুলো ছিল ইরান থেকে আসতে থাকা ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শব্দ।
ওই প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে জানান, তারা ১২ থেকে ১৩টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর ১০ থেকে ১৫ মিনিট পর হামলার হুমকির মাত্রা হ্রাস করা হয় আর মোবাইল ফোনে বার্তা দিয়ে জানানো হয়, হুমকি নির্মূল করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্যস্থল করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে।
কাতারের পাশাপাশি একই রাতে উপসাগরীয় অন্য আরব দেশগুলোতেও হামলার ঢেউ বইয়ে দিয়েছে ইরান।
বাহরাইনের সিতরা এলাকায় সোমবার ভোরে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়। সিতরা এলাকাটি দেশটির রাজধানী মানামার দক্ষিণের একটি এলাকা। আহতদের মধ্যে দুই শিশুসহ চারজনের আঘাত গুরুতর।
ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতও আরেকটি ব্যস্ত রাত ও সকাল পার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে আসতে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহের একটি তেল শিল্পাঞ্চলে প্রতিরোধ করে ধ্বংস করা একটি ইরানি ড্রোনের অবশিষ্টাংশ পড়ে দুটি তেল ডিপোতে আগুন ধরে যায়।

09 Mar 2026, 12:17 PM
তেলের ব্যারেল ১০০ ডলার ছাড়াল
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বাড়তে থাকা তেলের বাজারে উল্লম্ফন ঘটেছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রোববার অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দর ২৪ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৭৪ ডলারে পৌঁছায়।
আল জাজিরা লিখেছে, পরদিন এই দর কিছুটা কমে ১০৭ দশমিক ৫০ ডলারে নেমেছে।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথম তেলের দর ১০০ ডলার ম্পর্শ করল।
ডনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো নিয়ে জোরাল প্রচার চালালেও তেলের দামের হঠাৎ বৃদ্ধিকে এখন গুরুত্ব দিতে চাইছেন না।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য তেলের খুবই সামান্য দর বৃদ্ধিকে মেনে নিতে হবে। ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হলে এই দর দ্রুত কমে যাবে।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হওয়ায় এই জলপথকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধের কারণে এক সপ্তাহ ধরে ওই পথ বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে।

09 Mar 2026, 10:36 AM
ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের
ইরানের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচিত নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনির প্রতি সমর্থন ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রভাবশালী শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ।
দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নতুন নেতা নির্বাচিত হওয়ার পরপরই দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি মুজতাবা খামেনির সব নির্দেশ মেনে চলার ও ইসলামি বিপ্লবের মূল্যবোধ রক্ষার প্রত্যয় জানায়।
আইআরজিসি বলেছে, নতুন নেতা নির্বাচন ইসলামি বিপ্লব ও ইসলামিক প্রজাতন্ত্রের নতুন উত্থান এবং নতুন পর্বের শুরু।

09 Mar 2026, 09:53 AM
সৌদি আরবে ইরানি হামলায় আরও এক মার্কিন সেনার মৃত্যু
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সৌদি আরবের এক মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা চলাকালে আহত আরেক মার্কিন সেনার মৃত্যু হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে তেহরানের পাল্টা আক্রমণে এ নিয়ে মোট সাতজন মার্কিন সেনার মৃত্যু হলো।
09 Mar 2026, 09:34 AM
ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত
ইসরায়েলে গত সপ্তাহ থেকে ইরানি হামলায় অন্তত ১৩ জন নিহত ও ১৯২৯ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, গত ২৪ ঘণ্টায় ইরানি হামলায় ১৫৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১২ জন এখনও হাসপাতালে আছেন। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।
মন্ত্রণালয়টি ইসরায়েলিদের ‘সতর্কতার’ সঙ্গে বোম্ব শেল্টারগুলোতে যাওয়ার আহ্বান জানিয়েছে। দৌড়ে ও তাড়াহুড়া করে এসব আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় অনেকেই আহত হচ্ছেন বলে উল্লেখ করেছে তারা।

09 Mar 2026, 01:30 AM
ইরানে হামলা চলতে পারে ‘দীর্ঘ সময় ধরে’: ইসরায়েল
ইরানে চলমান হামলা ‘দীর্ঘ সময় ধরে’ চলার আভাস দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, ভোরে বৈরুতের একটি হোটেলে হামলা চালানো হয়েছে।
তার দাবি, যেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) সদস্যরা অবস্থান করছিলেন।
ডেফরিন বলেন, “আইআরজিসির সদস্যদের বিরুদ্ধে এই হামলা চলতে থাকবে। ইরান, লেবানন বা অন্য কোথাও তাদের লুকানোর জায়গা নেই।”
এই মুখপাত্র বলেন, “চলমান এই অভিযান ‘বহুমুখী যুদ্ধ’, যা দীর্ঘ সময় ধরে চলতে পারে।”
সূত্র: আল জাজিরা
09 Mar 2026, 01:13 AM
ট্রাম্প-স্টারমার ফোনালাপ, যুদ্ধে অসহযোগিতা নিয়ে সম্পর্কের বরফ গলল?

ইরান যুদ্ধে অসহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে অবনতিশীর সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়ে রোববার তার সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এদিন বিকালে দুই নেতার মধ্যে কথা হয়। দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতেই দুইজন ফোনে কথা বলেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে এই ফোনালাপের বিষয়টি জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার। ওই অঞ্চলে থাকা ব্রিটিশ ঘাঁটি কী ভাবে ব্যবহার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
09 Mar 2026, 01:08 AM
ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট
ইরানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরো হামলা চালানোর তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কৌলিভান্দ বলেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর থেকে ৬৫টি স্কুল এবং ৩২টি চিকিৎসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ফার্মেসিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
রেড ক্রিসেন্ট এর আগে জানিয়েছিল, দেশজুড়ে প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ৩ হাজার ৪০০টি স্থানে হামলার কথা বলার পর এই তথ্য দিয়েছিল রেড ক্রিসেন্ট।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: আল-জাজিরা
09 Mar 2026, 12:49 AM
সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
সৌদি আরবের আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের আঘাতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয়।
রোববারের হামলার এ ঘটনায় ১২ জন আহত হওয়ার তথ্য এক্স পোস্টে দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
ইরান যুদ্ধ শুরুর পর এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে একজন করে বাংলাদেশি আহত হয়েছিলেন। কুয়েতসহ আরও কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের আহত হওয়ার খবর এসেছিল।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যে রোববার সৌদি আরবে হামলা ও হতাহতের এ খবর সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টের বরাতে দিয়েছে রয়টার্স ও আল জাজিরা।
08 Mar 2026, 10:08 PM
মার্কিন সেনা আটকের দাবি তেহরানের, অস্বীকার ওয়াশিংটনের

‘বেশ কয়েকজন মার্কিন সেনাকে’ বন্দি করার দাবি জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মার্কিন সেনা বন্দি হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র গোপন করছে।
“আমার কাছে খবর এসেছে, বেশ কয়েকজন মার্কিন সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। কিন্তু আমেরিকানরা দাবি করছে যে, তারা যুদ্ধে নিহত হয়েছে। এই চেষ্টা সত্ত্বেও সত্য খুব বেশি দিন তারা লুকিয়ে রাখতে পারবে না।"
তবে মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিক এক বিবৃতিতে এই দাবি প্রত্যাখ্যান করে।
মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, “ইরানি শাসকগোষ্ঠী মিথ্যা ছড়াতে এবং প্রতারণা করতে যা যা করা সম্ভব, সবই করছে। এটি তাদের সেই অপপ্রচারের আরেকটি স্পষ্ট উদাহরণ।”
সূত্র: আল জাজিরা
08 Mar 2026, 09:38 PM
ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করল চীন

চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার মধ্যে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে চীন। বলেছে, এমন যে কোনও পদক্ষেপে জনগণের সমর্থনের অভাব আছে।
রোববার চীনের রাজধানী বেইজিংয়ে এক বার্ষিক সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, “কোনও ‘কালার রেভল্যুশন’ বা সরকার পরিবর্তনের নীল নকশা কখনওই সাধারণ মানুষের সমর্থন পাবে না।”
ইরান এবং সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে মধ্যপ্রাচ্যে এই সামরিক অভিযান বন্ধের দাবি জানান, যাতে সংঘাত বেড়ে যাওয়া এবং ছড়িয়ে পড়া ঠেকানো যায়।
ওয়াং ই আরও বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না। এতে কারও কোনও মঙ্গল হবে না। শক্তি দিয়ে কোনও স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়াবে এবং নতুন সংকটের জন্ম দেবে।
মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রক উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলিক বিষয়গুলো সেখানকার দেশগুলোর নিজেদেরই স্বাধীনভাবে নির্ধারণ করে নেওয়া উচিত। তাদের অভ্যন্তরীন বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
“গায়ের জোর থাকলেই যুক্তি সবসময় সঠিক হয় না। বিশ্বকে আমরা জঙ্গলের রাজত্বে ফিরে যেতে দিতে পারি না”, সাংবাদিকদের বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
08 Mar 2026, 09:32 PM
যুক্তরাষ্ট্রের আরো ৪ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি তেহরানের
গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আরো চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করার দাবি জানিয়েছে তেহরান।
দেশটির ইসলামিক রেভলুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) দাবি, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 'থাড' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত চারটি রেডার ধ্বংস করেছে।
আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা— আইআরএনএ বলেছে, ‘প্রিসিশন ক্ষেপণাস্ত্র’ দিয়ে এসব রেডারে হামলা চালানো হয়।
‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ হলো যুক্তরাষ্ট্রের প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও মাঝপথে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
08 Mar 2026, 08:51 PM
ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ড্রোন ছুড়ছে ইরান, অভিযোগ যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনের গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল যে ধরনের বিবৃতি দিত, সে রকমই একটি বিবৃতিতে এসেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তরফে।
এতে অভিযোগ করা হয়েছে, ইরানি বাহিনী দেশটির ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ড্রোন ছুড়ছে।
এসব এলাকার লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এই বিপজ্জনক সিদ্ধান্ত ইরানের বেসামরিক নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। কারণ সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত এলাকার মর্যাদা হারায় এবং এসব স্থান বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।”
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “ইরানের সন্ত্রাসী শাসন উপসাগরীয় অংশীদারদের ওপর হামলা চালিয়ে নিজেদের জনগণের নিরাপত্তা বিপন্ন করছে এবং বেসামরিক জীবনের তোয়াক্কা করছে না।”
সূত্র: আল জাজিরা
08 Mar 2026, 08:34 PM
তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

তেল আবিবে নতুন করে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ এই খবর দেওয়ার পর তেল আবিবের আকাশে ধোঁয়া দেখা গেছে।
তেল আবিব থেকে পাওয়া সর্বশেষ ছবিগুলোতে দেখা যাচ্ছে, শহরের আকাশে ধোঁয়া উড়ছে।
এর আগে আইডিএফ জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, “হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।”
এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘাত শুরুর পর থেকে প্রায় দুই হাজার মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি।
08 Mar 2026, 08:08 PM
লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে নিজেদের দুই সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।
রোববার দেশটির সামরিক বাহিনী এই তথ্য দিয়েছে। তবে ঘটনার বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।
গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরুর পর লেবাননে এটিই ইসরায়েলি বাহিনীর প্রথম প্রাণহানির ঘটনা।
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরুর পর লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে।
সূত্র: আল জাজিরা
08 Mar 2026, 06:04 PM
লেবাননে ৩৯৪ জন নিহত
ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জন হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন বলেন, নিহতদের মধ্যে ৮৩ জন শিশু ও ৪২ জন নারী রয়েছে।
নাসেরেদ্দিন জানান, নয়জন উদ্ধারকর্মীও নিহত হয়েছেন।
লেবাননে মোট নিহতের সংখ্যা শনিবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিহতের সংখ্যা ২৯৪ জন বলে জানিয়েছিলেন।
08 Mar 2026, 05:21 PM
ইসরায়েলে চিকিৎসা নিয়েছেন ১৯২৯ জন
ইরানের পাল্টা হামলায় এক সপ্তাহে ইসরায়েলে আহত ও উদ্ধার হওয়া ১৯২৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ১২২ জন এখনো হাসপাতালে আছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আহত নয় এমন কয়েকজনও আছেন।
সবশেষ ২৪ ঘণ্টায় ১৫৭ জন চিকিৎসা নিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ইরানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আসছে।
“হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।”
08 Mar 2026, 05:21 PM
এক সপ্তাহর জন্য ওমান এয়ারের ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় আগামী ১৫ মার্চ পর্যন্ত ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে ওমান এয়ার।
উড়োজাহাজটি কোম্পানিটি বলছে, এই সিদ্ধান্তের ফলে আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত, বাগদাদ, কাশা এবং কোপেনহেগেনের সব ফ্লাইট বন্ধ থাকবে।
08 Mar 2026, 04:50 PM
ইরানে ১০ হাজার বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নয় হাজার ৬৬৯টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার রেড ক্রিসেন্ট।
সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে ৭,৯৪৩টি আবাসিক স্থাপনা এবং ১৬১৭টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে ৩২টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩টি রেড ক্রিসেন্ট কেন্দ্র, ১৫পি অপারেশনাল গাড়ি এবং ১৩টি অ্যাম্বুলেন্স রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১২ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। তার মধ্যে ১১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া আরও ৩৩ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।

08 Mar 2026, 04:34 PM
২ পাকিস্তানির মরদেহ ফেরাতে কাজ চলছে: শেহবাজ
দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশাষে আঘাতে নিহত দুই পাকিস্তানির মরদেহ ফেরাতে আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তিনি এক্স পোস্টে লিখেছেন, “সংযুক্ত আরব আমিরাতে থাকা আমাদের কূটনৈতিক মিশনগুলো দুবাই কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে, যাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায় এবং মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করা যায়।”
ইরানে পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে চারজন নিহত হয়েছে। বাকি দুজনের একজন বাংলাদেশি, অপরজন নেপালি।
I am deeply saddened by the tragic death of two Pakistani nationals in UAE caused by missile debris. Our diplomatic missions in the UAE are in close contact with the Dubai authorities to provide all necessary assistance and to facilitate the repatriation process. Our hearts go…
— Shehbaz Sharif (@CMShehbaz) March 8, 2026
08 Mar 2026, 04:20 PM
ইরানের নাজাফাবাদ শহরে ‘ডাবল-ট্যাপ’ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ
ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাজাফাবাদে মার্কিন-ইসরায়েলি বাহিনী একবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর উদ্ধার করতে আসা লোকজনকে লক্ষ্য করে দ্বিতীয়বার (ডাবল-ট্যাপ) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী এ হামলায় ২০ জনেরও বেশি নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনটিতে অনামা এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, শহরটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার পর জরুরি বিভাগের কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের সরিয়ে নেওয়ার কাজ করছিলেন, কয়েক মিনিট পর একই স্থানে দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
08 Mar 2026, 04:13 PM
‘ইরানের আঘাতে মার্কিন বাহিনীর দুইশর বেশি হতাহত’
ইরানি সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের এক মুখপাত্র।
ইরানি সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান পরিচালনাকারী সমন্বিত কমান্ড খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র শনিবার মার্কিন বাহিনী ও তাদের সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন।
ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম ওই মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের শক্তিশালী পাল্টা হামলায় মার্কিন বাহিনীর বহু সেনা ও কমান্ডার হতাহত হয়েছে।
মুখপাত্র বলেন, ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের অধীনে চালানো এসব হামলায় এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ওই মুখপাত্রের দাবি অনুযায়ী, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে চালানো হামলায় ২১ আমেরিকান সেনা নিহত ও আরও অনেকে আহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল ধাফরা বিমান ঘাঁটিতে চালানো হামলায় প্রায় ২০০ মার্কিন সেনা হয় নিহত অথবা আহত হয়েছে। আর পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে।
08 Mar 2026, 03:58 PM
ইরানের নতুন নেতা নির্বাচিত
ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আহমদ আলামোলহোদা বলেছেন, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ভোট ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
তিনি জানান, এখন সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার দায়িত্ব রয়েছে বিশেষজ্ঞ পরিষদের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর।
08 Mar 2026, 03:02 PM
‘দায়িত্ব পালনকালে’ ২ দমকল কর্মী নিহত হয়েছে: কুয়েত
কুয়েতের দমকল বাহিনী জানিয়েছে, ‘দায়িত্ব পালনকালে’ তাদের দুই কর্মকর্তা নিহত হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া বিবৃতিতে তারা ঘটনার কথা জানালেও ওই দুই কর্মকর্তা কোন পরিস্থিতিতে নিহত হয়েছেন তার বিস্তারিত জানায়নি।
আল জাজিরা কুয়েতের কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর তা নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ওই দমকল কর্মীরা।
08 Mar 2026, 02:54 PM
লেবাননে ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সির আল গারবিয়ার একটি তিনতলা ভবনে ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে।
দমকল বাহিনী ও অন্য উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ ও আবর্জনা সরিয়ে মৃতদেহ উদ্ধারে কাজ করছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

08 Mar 2026, 02:46 PM
ইসরায়েলে প্রায় ২০০০ আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে: স্বাস্থ্য মন্ত্রণালয়
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনসহ ইরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ১৯২৯ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর, ৪২ জনের আঘাত মাঝারি ধরনের আর ৭০ জন সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
হাসপাতালে যাদের পাঠানো হয়েছে তাদের একটি উল্লেখযোগ্য অংশ সংরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে নামার সময় আহত হন।
08 Mar 2026, 02:35 PM
হরমুজ প্রণালিতে আরব আমিরাতের টাগবোট ডুবে ৩ ইন্দোনেশীয় ক্রু নিখোঁজ
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী টাগবোট মুসাফাহ ২ ডুবে যাওয়ার পর থেকে তিন ইন্দোনেশীয় ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “এ ঘটনায় জীবিত এক ইন্দোনেশীয় দগ্ধ অবস্থায় এখন ওমানের খাসব শহরের এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপর তিন ইন্দোনেশীয়র সন্ধানে এখনো তল্লাশি চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।”
বিবৃতিতে আরও বলা হয়, ডুবে যাওয়ার আগে মুসাফাহ ২-তে একটি বিস্ফোরণ ঘটেছিল আর তাতে টাগবোটটিতে আগুন ধরে যায়। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
08 Mar 2026, 02:35 PM
ইসরায়েলের হামলার পর ছড়িয়ে পড়া তেলে তেহরানে ‘আগুনের নদী’
ইসরায়েলি বিমান হামলায় ইরানের ধ্বংস হয়ে যাওয়া একটি ডিপো থেকে বের হয়ে আসা তেল তেহরানের কিছু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দিয়ে ছড়িয়ে পড়েছে আর
এতে রাজধানীর রাস্তাগুলোর পাশে কথিত ‘আগুনের নদী’ তৈরি হয়েছে।
আল জাজিরা সামাজিক মাধ্যম এক্স এ তেহরানের এক বাসিন্দার একাউন্টে পোস্ট করা ভিডিওর বরাত দিয়ে জানিয়েছে, নগরীটির একটি সড়ক বরাবর টানা আগুন জ্বলতে দেখা গেছে।
এর আগে ইরানের জ্বালানিমন্ত্রী জানান, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ তিনটি এলাকায় রাতে জ্বালানি ডিপোগুলোতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত চারজন ট্যাঙ্কার লরি চালক নিহত হয়েছেন।
Spill of oil in the sewage system has created a flowing burning river in parts of #Tehran after oil depots were bombed earlier tonight, setting the streets in the Iranian capital on fire. pic.twitter.com/tHIFE6Z5EW
— Living in Tehran (LiT) (@LivinginTehran) March 8, 2026
08 Mar 2026, 02:05 PM
কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলা
ইরানের ইসলামী বিপ্লব রক্ষা বাহিনী (আইআরজিসি) বলেছে, তাদের বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আইআরজিসির বরাতে ফার্স নিউজ লিখেছে, ওই ঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাংক এবং কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেছে।
“এই হামলার ঢেউয়ের পর ওই ঘাঁটিতে ভয়াবহ আগুন লেগেছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া এখনও উঠছে, যা দূর থেকেও দেখা যাচ্ছে।”
এর আগে কুয়েতের সেনাবাহিনী বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে।

সামরিক বাহিনীর এক্স পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো ড্রোনের হামলার মুখে পড়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা।”
মুখপাত্র বলেন, সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমা লঙ্ঘন করা ‘শত্রুভাবাপন্ন ড্রোনের ঢেউ’ মোকাবিলা করছে
08 Mar 2026, 12:46 PM
ইরানে তেল ডিপোতে নিহত ৪
সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়, তেহরান এবং আলবরজ প্রদেশে তেলের ডিপোতে ইসরায়েলি হামলায় অন্তত চারজন ট্যাঙ্কার চালক নিহত হয়েছেন।
এসব হামলায় তেহরান ও আলবরজে চারটি তেল সংরক্ষণ স্থাপনা এবং একটি তেল স্থানান্তর কেন্দ্র আঘাতপ্রাপ্ত হয়েছে। হামলার পরও জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। নিরাপত্তা বাহিনী বর্তমানে অগ্নিনির্বাপণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

08 Mar 2026, 12:13 PM
কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা
কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে রোববার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ।
এদিন সকালে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই সীমান্ত নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘোষণা দেওয়ার কয়েক মিনিট পর আগুন নিয়ন্ত্রণের খবর এল।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সামরিক বাহিনীর এক্স পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো ড্রোনের হামলার মুখে পড়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা।”
মুখপাত্র বলেন, সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমা লঙ্ঘন করা ‘শত্রুভাবাপন্ন ড্রোনের ঢেউ’ মোকাবিলা করছে।
08 Mar 2026, 10:45 AM
আমার ব্রিটেনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে ব্রিটেন ‘গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা’ করছে, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রের তাদের সাহায্য প্রয়োজন নেই।
ট্রাম্পের এমন মন্তব্যে পশ্চিমা এ দুই সামরিক মিত্রের সর্বশেষ দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে, লিখেছে রয়টার্স।
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে প্রাথমিকভাবে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়নি লন্ডন। এতে ক্ষুব্ধ ট্রাম্প বারবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করছেন। বলেছেন, স্টারমার দুই দেশের ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ককে ‘ধ্বংস’ করছেন।
শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ব্রিটিশ সমর্থনের অভাব তিনি ‘মনে রাখবেন’।
ট্রাম্প লিখেছেন, “আমাদের এক সময়ের মহান মিত্র যুক্তরাজ্য, সম্ভবত তাদের সবার মধ্যে মহত্তম, অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানো নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছে। ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, এগুলোর আমাদের আর প্রয়োজন নেই- কিন্তু আমরা মনে রাখবো। আমরা ইতোমধ্যে জয়ী হয়ে যাওয়ার পর যেসব লোকজন যুদ্ধে যোগ দেয় তাদের প্রয়োজন নেই আমাদের।”

08 Mar 2026, 09:25 AM
বৈরুতের হোটেলে নিহত ৪, আহত ১০
লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলের একটি হোটেলে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়াও হামলায় আরও ১০ জন আহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে চলমান সংঘর্ষের কারণে বাস্তুচ্যুতদের ওই হোটেলে আশ্রয় দেওয়া হয়েছিল।
আরও হামলার আশঙ্কায় কয়েকজনকে ভবনটি ছেড়ে বের হয়ে যেতে দেখা গেছে।
08 Mar 2026, 01:53 AM
ইরান যুদ্ধে পাকিস্তানের সংকট কোথায়?

ইরান যুদ্ধের প্রতিধ্বনি পাকিস্তানেও গভীরভাবে অনুভূত হচ্ছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশটিকে কূটনীতিকভাবে কঠিন এক অবস্থায় ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতি।
আল জাজিরা লিখেছে, ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তে পাকিস্তানের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দেশটির লাখ লাখ শ্রমিক কাজ করেন সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে।
আনুষ্ঠানিকভাবে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে গত বছরের সেপ্টেম্বর থেকে রিয়াদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করেছে ইসলামাবাদ।
এই চুক্তি অনুযায়ী এক পক্ষের ওপর আগ্রাসনকে উভয়ের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করার অঙ্গীকার রয়েছে।
ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ায় একটি প্রশ্ন পাকিস্তানে ক্রমেই জোরালো হয়ে উঠছে—যদি এই যুদ্ধে ইসলামাবাদও জড়িয়ে পড়ে, তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে?
এ পর্যন্ত পাকিস্তানের প্রতিক্রিয়া মূলত কূটনৈতিক তৎপরতায় সীমিত রয়েছে। আঞ্চলিক নেতাদের সঙ্গে, বিশেষ করে ইরান ও সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ইসলামাবাদ।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গেল ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে হামলায় শুরু করে, তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওন।
পাকিস্তান এই হামলাকে ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলাকেও ‘সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দেয় তারা।
সংঘাত শুরুর সময় ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসির বৈঠকে অংশ নিতে রিয়াদে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পরে তিনি বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে তিনি ‘শাটল যোগাযোগ’ শুরু করেছেন।
৩ মার্চ সিনেটে এবং একই দিন এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
দার বলেন, “সৌদি আরবের সঙ্গে আমাদের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং পুরো বিশ্বই তা জানে। আমি ইরানের নেতৃত্বকে বলেছি, সৌদি আরবের সঙ্গে আমাদের এই চুক্তির বিষয়টি বিবেচনায় রাখতে।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জবাবে আগারচি সৌদি আরবের মাটি থেকে ইরানের ওপর হামলা হবে না, এমন নিশ্চয়তা চেয়েছেন।
08 Mar 2026, 01:53 AM
ইরানে শনিবার অত্যন্ত কঠিন আঘাত হানা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার ইরানে ‘অত্যন্ত কঠিন আঘাত হানা হবে’ আর হামলার পরিধিও বাড়ানো হবে। নতুন এলাকা ও জনগোষ্ঠীকে হামলার আওতায় আনার কথা বিবেচনা করছেন তিনি।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, “আজ ইরানে অত্যন্ত কঠিন আঘাত হানা হবে! ইরানের খারাপ ব্যবহারের কারণে এই মুহূর্ত পর্যন্ত যেসব এলাকা ও গোষ্ঠীকে লক্ষ্যস্থল হিসেবে বিবেচনা করা হয়নি সেগুলোর সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যু গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, ইরান প্রতিবেশীদের কাছে তাদের ওপর হামলা করার জন্য ক্ষমা চেয়েছে আর এটিকে তিনি ‘আত্মসমর্পণ’ হিসেবে ধরে নিচ্ছেন।
08 Mar 2026, 01:35 AM
ইসরায়েলে ‘খেইবার শেকান’ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চল, জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বেজে ওঠে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ বলেছে, তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আইআরজিসি জানায়, ‘খেইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।
তাদের দাবি, এ ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
সূত্র: আল জাজিরা
08 Mar 2026, 01:15 AM
‘বিশেষায়িত’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলের তেল আবিবে ‘বিশেষায়িত’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি জানিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শনিবার টেলিগ্রামের এক বার্তায় তারা বলেছে, তেল আবিবের দক্ষিণ-পূর্বে অবস্থিত তেল হাশোমের ঘাঁটি লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।
লেবাননের মারকাবা গ্রামের বিপরীতে ‘হুনিন গেট’ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক যান লক্ষ্য করে হামলা চালানোর দাবিও জানিয়েছে হিজবুল্লাহ।
সূত্র: আল জাজিরা
07 Mar 2026, 11:14 PM
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ‘প্রিসিশন মিসাইল’ দিয়ে হামলার দাবি ইরানের
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘প্রিসিশন মিসাইল’ দিয়ে হামলা চালানোর দাবি জানিয়েছে ইরানের সামরিক বাহিনী— আইআরজিসি।
তারা বলেছে, হরমুজ প্রণালির একটি দ্বীপে পানি শোধনাগারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা এই আক্রমণ চালিয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম— ফারসনাতে দেওয়া এক প্রতিবেদনে আইআরজিসি বলেছে, তারা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ওই ঘাঁটিতে আঘাত হেনেছে।
এদিকে বাহরাইনে সাইরেন বাজিয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাজধানী মানামার একটি বাড়ি এবং এর আশপাশের ভবনগুলোতে আগুন লাগার পাশাপাশি ক্ষয়ক্ষতি হওয়ার তথ্যও দিয়েছে মন্ত্রণালয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: বিবিসি
07 Mar 2026, 09:35 PM
ইসরায়েলের বেইত শেমেশে হামলার পর ক্ষয়ক্ষতির দৃশ্য
ইসরায়েলের বেইত শেমেশ শহরে এর আগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় ধ্বংসাবশেষের চিত্র ফুটে উঠেছে রয়টার্সের এক ভিডিওতে।
07 Mar 2026, 09:27 PM
ইরানের সঙ্গে যুদ্ধে কোথায় প্রাণহানি কত

07 Mar 2026, 09:14 PM
যুদ্ধে কে কতটা আক্রান্ত

07 Mar 2026, 08:54 PM
ইরানের ৪২ জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
গত তিন দিনে যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীর ৪২টি জাহাজ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছে ব লে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইরানে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো’ করছে।

ফ্লোরিডায় শনিবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধে প্রাণ হারানো মার্কিন সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করতে যাবেন।
ট্রাম্প বলেন, যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি সবচেয়ে কম রাখার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।
07 Mar 2026, 08:46 PM
ইরানের ১৬ বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, তেহরানে রাতভর চালানো হামলায় তারা আইআরজিসির কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে।
এক বিবৃতিতে তেহরানজুড়ে বিস্তৃত হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মেহরাবাদ বিমানবন্দরেও হামলার দাবি করা হচ্ছে।
ইসরায়েলের দাবি, ওই বিমানবন্দরটিকে লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে ‘অস্ত্র ও অর্থ পাঠানোর কেন্দ্র’ হিসেবে ব্যবহার করত কুদস ফোর্স।
আল জাজিরা লিখেছে, ইসরায়েলি বাহিনীর এসব দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
07 Mar 2026, 08:27 PM
ইরানে হামলা বন্ধের দাবি, লন্ডনে কয়েক হাজার মানুষের বিক্ষোভ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে মধ্য লন্ডনে অন্তত ৫ হাজার মানুষ বিক্ষোভ করেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের বরাতে আলজাজিরা জানিয়েছে, শনিবার বিকালে বিক্ষোভকারীরা মিলব্যাঙ্ক থেকে ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে মিছিল নিয়ে যান। তারা বিভিন্ন স্লোগান দেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, মিছিলটিতে ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন।
এর আগে বিক্ষোভকারীরা মধ্য লন্ডনের মিলব্যাঙ্কে জড়ো হন। ওয়েস্টমিনস্টারের পাশে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেন সংলগ্ন রাস্তায় বিভিন্ন দাতব্য ও সামাজিক সংগঠন বেশ কিছু তাবু স্থাপন করে।
07 Mar 2026, 08:09 PM
ইরান যুদ্ধের এক সপ্তাহ: যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের জন্য বিপদ বাড়ছে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের এক সপ্তাহ পার হয়েছে আর এরমধ্যে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক সাফল্যকে পরিষ্কার ভূ-রাজনৈতিক জয়ে রূপান্তর করতে পারবেন কিনা তা নিয়ে বাড়তে থাকা ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে পড়ছেন।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়া এবং স্থল, জল ও আকাশপথে ইরানি বাহিনীর ওপর বিধ্বংসী আঘাত সত্ত্বেও এই সংকট দ্রুত একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। এটি ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রকে আরও দীর্ঘায়িত এক সামরিক সংঘাতে লিপ্ত থাকার হুমকির মুখে ফেলেছে।
কৌশলগত লক্ষ্য নিয়ে ধোঁয়াশা
ওয়াশিংটনের জনস হপকিন্স স্কুল ফর অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের লরা ব্লুমেনফেল্ড বলেন, "ইরান একটি আগোছালো এবং দীর্ঘস্থায়ী সামরিক অভিযান হতে পারে। ট্রাম্প বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তার নিজের রিপাবলিকান পার্টির কার্যকারিতকে ঝুঁকিতে ফেলছেন।"

বিশ্লেষকদের মতে, ২০০৩ সালের ইরাক আক্রমণের পর এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান (অপারেশন এপিক ফিউরি) । তবে ট্রাম্প এখনও এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য বা শেষ কোথায়, তা স্পষ্টভাবে র্নিধারণ করতে পারছেন না। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি অবশ্য জানিয়েছেন, ট্রাম্পের লক্ষ্য সুনির্দিষ্ট, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎপাদন ক্ষমতা ধ্বংস করা, নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা এবং তাদের পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করা।
এখন পর্যন্ত ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের সমর্থকরা এই যুদ্ধের পক্ষে থাকলেও, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জনমত জরিপে সাধারণ ভোটারদের মধ্যে যুদ্ধের বিরোধিতা বাড়ছে। রিপাবলিকান কৌশলবিদ ব্রায়ান ডার্লিং বলেন, "আমেরিকানরা ইরাক বা আফগানিস্তানের ভুলগুলোর পুনরাবৃত্তি চায় না।"
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ নিয়ে ট্রাম্পের মিশ্র বার্তা। যুদ্ধের শুরুতে তিনি ইরান সরকারকে উৎখাতের ইঙ্গিত দিলেও পরে তা নিয়ে আর কিছু বলেননি। আবার বৃহস্পতিবার তিনি বলেন যে ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি ভূমিকা রাখবেন এবং শুক্রবার ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন।
ভেনিজুয়েলা মডেলের ভুল হিসাব?
অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্প ধারণা করেছিলেন ইরান অভিযানটিও এ বছরের শুরুর দিকে ভেনিজুয়েলা অভিযানের মতো সহজ হবে। ভেনিজুয়েলায় বিশেষ বাহিনী প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করার পর দ্রুত দেশটির তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। কিন্তু ইরান অনেক বেশি সুসজ্জিত এবং শক্তিশী শত্রু হিসেবে প্রমাণিত হয়েছে। খামেনিকে হত্যার পরও ইরান সামরিকভাবে পাল্টা জবাব দেওয়া বন্ধ করেনি।
তেল ও অর্থনৈতিক ধাক্কা
বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ‘হরমুজ প্রণালী’, বিশ্বজুড়ে সরবরাহকৃত তেলের এক পঞ্চমাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানি হুমকির মুখে সেখানে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে গেছে। আমেরিকার বাজারে তেলের দাম বাড়লে তা ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে, যারা জীবনযাত্রার ব্যয় নিয়ে এমনিতেই চিন্তিত।
আটলান্টিক কাউন্সিলের জোশ লিপস্কি বলেন, "এই অর্থনৈতিক আঘাতের বিষয়টি সম্ভবত পুরোপুরি আঁচ করা যায়নি।"
আঞ্চলিক ক্ষোভ ও মিত্রদের সংশয়
উপসাগরীয় আরব দেশগুলো যুদ্ধের প্রাথমিক ধাক্কা সামলালেও সবাই ট্রাম্পের এই যুদ্ধে খুশি নয়। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের বিলিয়নিয়ার খালাফ আল হাবতুর এক খোলা চিঠিতে প্রশ্ন করেছেন, "আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার অধিকার আপনাকে কে দিয়েছে?"
অবসরপ্রাপ্ত মার্কিন লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস রয়টার্সকে বলেন, "সামরিক কৌশল হিসেবে এটি চমৎকার হলেও রাজনৈতিক, কৌশলগত এবং কূটনৈতিক দিক থেকে এই যুদ্ধের পরবর্তী পরিণতি নিয়ে খুব একটা ভাবা হয়েছে বলে মনে হয় না।"
07 Mar 2026, 07:52 PM
ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: আইডিএফ
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।
আইডিএফ জানিয়েছে, হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় থাকার নির্দেশ দিয়ে মোবাইল ফোনে সতর্কতা বার্তা পাঠানো হয়েছে।
07 Mar 2026, 07:42 PM
যুদ্ধের আগে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে
ইরান যুদ্ধের আগে হরমুজ প্রণালি অতিক্রম করে আসা বেশকিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। এর মধ্যে এলএনজি, এলপিজি ও সিমেন্ট শিল্পের কাঁচামালবাহী জাহাজ রয়েছে।

চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এলপিজি, এলএনজি ও সিমেন্ট ক্লিংকারবাহী মোট ১৫টি জাহাজের মধ্যে ১২টি ইতিমধ্যে বন্দরে এসেছে এবং বাকি তিনটি বন্দরের পথে রয়েছে।
জাহাজগুলোর মধ্যে চারটি এলএনজিবাহী, দুটি এলপিজিবাহী এবং বাকি নয়টি সিমেন্ট ক্লিংকার বহন করছে বলে জানা গেছে।
বন্দরের কর্মকর্তা ও জাহাজের স্থানীয় এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইরানের বিরুদ্ধে ইসরালে ও যুক্তরাষ্ট্রের হামলার পরবর্তী সময়ে সরাসরি হরমুজ প্রণালি বন্ধ না করলেও জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
যুদ্ধ শুরুর আগেই জাহাজগুলো ওই প্রণালি অতিক্রম করে। সে কারণে এসব জাহাজ বাংলাদেশের জলসীমায় আসতে সক্ষম হয়েছে।
জানা গেছে, ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামের এলএনজি পরিবহন করা দুটি জাহাজ মঙ্গলবার ও বৃহস্পতিবারে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এছাড়া ‘আল গালায়েল‘ ও ‘লুসাইল’ নামে অপর দুটি জাহাজ সোম ও বুধবারে বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।
অন্যদিকে ‘সেভান’ নামে এলপিজিবাহী জাহাজটি রোববার চট্টগ্রাম বন্দরে আসবে।
07 Mar 2026, 07:35 PM
ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করলে ‘কঠোর’ ব্যবস্থার হুঁশিয়ারি ইরানের
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও শেয়ার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।
মন্ত্রণালয়ের থেকে এক বিবৃতিতে বলা হয়, যারা ক্ষতিগ্রস্ত এলাকার ছবি তুলে ‘সন্ত্রাসী স্যাটেলাইট নেটওয়ার্ক, ভার্চুয়াল পেইজ ও শত্রুপক্ষের মিডিয়া আউটলেট ‘ পাঠাচ্ছে, তারা ইসরায়েলের হয়ে কাজ করা ‘ভাড়াটে সৈন্য’।
ইরান সরকার বলছে, তারা এই ধরনের ‘ইসরায়েলি সৈন্যদের’ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে। তাদের বিচারের মুখোমুখি করবে। পাশাপাশি সাধারণ মানুষকেও এ ধরনের কোনো তৎপরতা দেখলে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সূত্র: বিবিসি
07 Mar 2026, 07:28 PM
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলের দুটি লক্ষ্যবস্তুতে শনিবার হামলার চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তারা ইসরায়েলি শহর একরের পূর্বে শনিবার সকালে তজরিফিন ঘাঁটিতে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহ আরো বলছে, তাদের যোদ্ধারা দুপুরে লেবাননের সীমান্তবর্তী শহর কাফারকেলার ফাতিমা গেইট ক্রসিংয়ের কাছে যানবাহন লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।
লেবাননজুড়ে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণের দাবি করেছে হিজবুল্লাহ।
07 Mar 2026, 06:51 PM
কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসনের মুখে কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না এবং শত্রুদের উচিত ইরানি জাতি আত্মসমর্পণ করবে—এমন আশা ত্যাগ করা।
শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়নবাদী শাসনব্যবস্থার’ মাধ্যমে শুরু হওয়া উসকানিহীন যুদ্ধের মুখে দেশের ভেতরের সব মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে শক্তভাবে নিজেদের দেশ ও মাতৃভূমি রক্ষায় এক হতে হবে।
মাসুদ পেজেশকিয়ান বলেন, বর্তমান সংকট থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে আসা পর্যন্ত ইরান দৃঢ়ভাবে অবস্থান ধরে রাখবে।
তিনি বলেন, “নিঃশর্ত আত্মসমর্পণের ধারণা ইরানের শত্রুদের কেবল একটি স্বপ্ন, যা তাদের ভুলে যেতে হবে।”
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবিক নীতিমালা মেনে চলে এবং সব দেশেরই এগুলোকে সম্মান করা উচিত।
মার্কিন-ইসরায়েলি হামলার পাল্টায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে।
প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করে পেজেশকিয়ান বলেন, তাদের ওপর আক্রমণ করার কোনো উদ্দেশ্য ইরানের নেই এবং তাদেরকে ভাই হিসেবে বিবেচনা করা হয়।
07 Mar 2026, 05:57 PM
আমিরাতে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন দিয়ে হামলা
সংযুক্ত আরব আমিরাতকে নিশানা করে শনিবার অন্তত ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন হামলা হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ছাড়া বাকি সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে; একটি সমুদ্রে পড়েছে। অন্তত ১১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ২টি ড্রোন আমিরাতের ভেতরে বিধ্বস্ত হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০৫টি ধ্বংস করা হয়েছে, ১৪টি সমুদ্রে পড়েছে, দুটি আমিরাতের ভেতরে পড়েছে।
এ সময়ে ১,৩০৫টি ইরানি ড্রোন শনাক্ত হয়েছে জানিয়ে আমিরাত বলছে, ১,২২৯টি প্রতিহত করা হয়েছে, ৭৬টি আমিরাতের ভেতরে পড়েছে। এছাড়া ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়ে ধ্বংস করা হয়েছে।
এসব হামলায় তিনজন নিহত হয়েছেন, যারা বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। এছাড়া ১১২ জন সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে আমিরাত, মিশর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরোস ও তুরস্কের নাগরিক রয়েছেন।
07 Mar 2026, 04:45 PM
আমিরাতের দাফরা বিমানঘাঁটিতে হামলার খবর
সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমানঘাঁটিতে ইরানের বিপ্লব রক্ষা বাহিনী (আইআরজিসি) ড্রোন হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা তাসনিম।
প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং আগাম সতর্কতা ও ফায়ার কন্ট্রোল রাডার আঘাতপ্রাপ্ত হয়েছে।
এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষে কোনো মন্তব্য করা হয়নি।

07 Mar 2026, 04:28 PM
লেবাননের নবি চিতে নিহত বেড়ে ২৬
লেবাননের পূর্বাঞ্চলের বেকা অঞ্চলের নবি চিত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় গত সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এরপর সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে লেবাননে লাগাতার অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। সবমিলিয়ে লেবাননে দুই শতাধিক প্রাণহানি ঘটেছে।
07 Mar 2026, 04:16 PM
বাহরাইন ও ইরাকের আকাশসীমা এখনো বন্ধ
বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।
Update 07.03.26
— Bahrain Airport (@BahrainAirport) March 7, 2026
Flight operations at Bahrain International Airport remain temporarily suspended due to Bahraini airspace closure.
Operations will resume once the airspace is safely reopened.
Passengers are advised to check with their airline for updates.
07 Mar 2026, 03:08 PM
ইরানে লক্ষ্যবস্তু হয়েছে ৬৬৬৮টি বেসামরিক স্থাপনা
মার্কিন–ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ইরানের অন্তত ছয় হাজার ছয়শ ৬৮টি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে সেখানকার রেড ক্রিসেন্ট।
বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে দেওয়া এ পরিসংখ্যান অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ৫,৫৩৫টি আবাসিক ভবন, ১,০৪১টি বাণিজ্যিক স্থাপনা, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি স্কুল এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩টি কেন্দ্র।
এসব হামলায় বেশ কয়েকটি উদ্ধার ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চালানোর সময় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
07 Mar 2026, 02:43 PM
ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের
খাবাত অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তানের মহাসচিব বাবাশেখ হোসেইনি বলেছেন, ইরাকে অবস্থান করা ইরানি কুর্দি যোদ্ধাদের ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খুবই বেশি। যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন ছিল, তার যোদ্ধারা কি ইতিমধ্যে কোনো স্থল অভিযান শুরু করেছে কি না।
জবাবে বাবাশেখ বলেন, “এই মুহূর্তে না। আমরা এখন কোনো আক্রমণাত্মক অভিযানে জড়িত নই।”
তবে তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি এবং এখন পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ায় পদক্ষেপ নেওয়ার শক্ত সম্ভাবনা রয়েছে।

বাবাশেখ বলেন, “এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে খুব সম্ভবত আমরা স্থল অভিযান শুরু করার দিকে এগোব।”
তিনি বলেন, “আমেরিকানরা বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সরাসরি কোনো বৈঠক হয়নি—তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।
“তারা জানতে চেয়েছে, এই শাসনব্যবস্থার ব্যাপারে কী করা উচিত, কী কী উপায় আছে এবং ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করতে পারি কি না—শুধু সেই প্রেক্ষিতেই আলোচনা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে বাবাশেখ বলেন, “এখন পর্যন্ত সরাসরি যোগাযোগ হয়নি, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে, অন্য কুর্দি ব্যক্তিদের মাধ্যমে কথা হয়েছে।
“যখন সময় আসবে এবং আমরা তাদের সঙ্গে দেখা করব, তখন তা অপারেশনাল ক্ষেত্রেই পরিষ্কার হবে। অবশ্যই এমন অভিযানের জন্য আমাদের অস্ত্র, বিস্ফোরক এবং আধুনিক সরঞ্জাম দরকার।”
তিনি বলেন, “আপনারা জানেন, আমাদের কাছে যে সরঞ্জাম আছে তা বেশ সাধারণ ও পুরোনো। আজকের যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি আধুনিক, তাই এমন কিছু হলে আমরা এসব সহায়তা চাইব।”
07 Mar 2026, 02:19 PM
ট্রাম্পের শান্তি পরিষদে যোগদান স্থগিত ইন্দোনেশিয়ার
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিষদ উদ্যোগ নিয়ে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেন, এ অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এই উদ্যোগে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই পরিস্থিতি উদ্যোগে যুক্ত দেশগুলোর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে সরাসরি প্রভাব ফেলেছে।
তিনি বলেন, এখন আন্তর্জাতিক মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের পরিণতির দিকে চলে গেছে। পাশাপাশি ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করবে, কারণ চলমান হামলা ও বাড়তে থাকা উত্তেজনায় তারা সরাসরি প্রভাবিত হচ্ছে।
এই পরিষদে ইন্দোনেশিয়ার অংশগ্রহণ দেশটির ভেতরে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে থাকা এই উদ্যোগে যোগ দিলে জাকার্তার দীর্ঘদিনের ফিলিস্তিন সমর্থন নীতির ক্ষতি হতে পারে।
07 Mar 2026, 01:54 PM
মাল্টার ট্যাঙ্কারে ইরানের হামলা
উপসাগরে ‘প্রিমা’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লব রক্ষা বাহিনী (আইআরজিসি)।
দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম লিখেছে, হরমুজ প্রণালিতে চলাচল নিষিদ্ধ এবং এলাকাটি অনিরাপদের বিষয়ে আইআরজিসির বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করার পর এই হামলা চালানো হয়।
“অভিযুক্ত ট্যাঙ্কারটির বিরুদ্ধে এই ঘটনা আজ সকালে কয়েক মিনিট আগেই ঘটেছে।”
মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার ‘প্রিমা’ মাল্টার পতাকা নিয়ে চলাচল করছে।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হওয়ায় এই জলপথকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ওই পথ বন্ধ থাকায় ইতোমধ্যে বিশ্বুজড়ে জ্বালানির দাম বেড়ে গেছে।

07 Mar 2026, 01:35 PM
প্রতিবেশী দেশগুলোতে আর হামলা হবে না: ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তাহলে সেসব দেশে আর আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ।
গত কয়েক দিনে যেসব হামলা হয়েছে, সেগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি দুঃখও প্রকাশ করেছেন।

07 Mar 2026, 01:26 PM
দক্ষিণ লেবাননে ১৬ জন নিহত
দক্ষিণ লেবাননের শহর নবীতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত এক সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে বাসিন্দাদের সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে এসব এলাকা থেকে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৯৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

07 Mar 2026, 12:25 PM
ইরানে রাতে তীব্র বিমান হামলা, নিহত ১,৩০০ ছাড়াতে পারে
ইরানে রাতে তীব্র বিমান হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সূত্রের বরাতে আল জাজিরা লিখেছে, হাসপাতাল, স্কুল এবং পার্কিং এলাকা লক্ষ্য করে হামলা করা হচ্ছে। ‘পুলিশ পার্ক নামে একটি পার্কেও হামলা করা হয়েছে।
07 Mar 2026, 12:07 PM
দোহা থেকে ছেড়েছে প্রথম ফ্লাইট
উপসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্রের সঙ্গে বিমান যোগাযোগ পুনরায় চালু করার পদক্ষেপ হিসেবে কাতার আংশিকভাবে তাদের আকাশসীমা খুলে দিয়েছে।
বিশ্বব্যাপী ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া একটি এ৩৮০ জেট ছিল ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর দোহা থেকে ছেড়ে যাওয়া প্রথম বিমান।
দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, “পরিবারসহ আটকেপড়া যাত্রী, বয়স্ক যাত্রী এবং যাদের জরুরি চিকিৎসা বা মানবিক কারণে ভ্রমণের প্রয়োজন আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।”
07 Mar 2026, 11:55 AM
সৌদি আরবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর ধ্বংস করা হয়েছে।
মন্ত্রণালয় এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
শনিবার সকালে মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলে সৌদি বাহিনী চারটি ড্রোন ধ্বংস করেছে এবং এর আগে প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
07 Mar 2026, 11:32 AM
কাতারের আকাশসীমা আংশিক খুলবে
যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ বাদে প্রথমবারের মতো সীমিত আকারে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার।
দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল আটকেপড়াদের সরিয়ে নেওয়ার ফ্লাইট এবং জরুরি কার্গো ফ্লাইট চালানোর জন্য দেশের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু করা হবে কি না তা নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ মূল্যায়নের ওপর নির্ভর করবে।

কাতারি কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, তাদের সামরিক বাহিনী বিমানবন্দরে ইরানের সম্ভাব্য হামলার চেষ্টা নস্যাৎ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কাতার নয়টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি জনবসতিহীন এলাকায় পড়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
07 Mar 2026, 10:27 AM
ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ
পূর্ব লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে ইসরায়েলি কমান্ডো ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী সিরিয়ার দিক থেকে ইসরায়েলি শত্রু সেনাবাহিনীর চারটি হেলিকপ্টারের অনুপ্রবেশ লক্ষ্য করেছে।
হেলিকপ্টারগুলো অবতরণের পর অগ্রসরমান সেনারা নবী শীত কবরস্থানে পৌঁছালে হিজবুল্লাহ যোদ্ধাদের একটি দলের প্রতিরোধের মুখে পড়ে। নবী শীত হলো বেকার পূর্বাঞ্চলের বালবেক জেলার একটি শহরের নাম।
“শত্রু বাহিনী প্রকাশ হয়ে যাওয়ার পর সংঘর্ষ আরও তীব্র হয়।”

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনারা তীব্র বিমান হামলা শুরু করে এবং সংঘর্ষ শুরু হওয়ার পর সরিয়ে নেওয়া শুরু করে।
পৃথক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট নিক্ষেপ করে।
হিজবুল্লাহ সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে আকাশের দিকে গুলির পর গুলি ছুড়তে দেখা যায়।
লেবাননের গণমাধ্যমের তথ্যানুযায়ী, শুক্রবার নবী শীত এলাকায় অন্তত ১৩টি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এতে অন্তত নয়জন নিহত হয়েছে।
07 Mar 2026, 09:42 AM
ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাল ইসরায়েল ও জর্ডান
ইসরায়েলের চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইহুদি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘পরিস্থিতি মূল্যায়নের পর’ বাসিন্দাদের সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, জর্ডানের আকাবা শহরের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এই শহরটি দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের ঠিক বিপরীতে অবস্থিত।
07 Mar 2026, 09:03 AM
দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় বেড়েছে তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং তার পাল্টায় উপসাগরীয় অঞ্চলে তেহরানের আক্রমণে বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খাত অস্থির হয়ে পড়েছে। তেলের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম বাড়ছেই।
এর মধ্যে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে, যা এক দিনে ৮.৫ শতাংশ এবং সপ্তাহের নিরিখে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি।
বাণিজ্যকারীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ ইরান বারবার এই জলপথ বন্ধ করার হুমকি দিয়েছে।
বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়।

07 Mar 2026, 01:15 AM
যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো তেহরানের হামলাকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-রাভানচি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ ইরানের উপর ‘চাপিয়ে দিয়েছে’ বলেও দাবি করেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম 'ফ্রান্স ২৪' এ দেওয়া সাক্ষাৎকারে এই কূটনীতিক বলেন, "যুক্তরাষ্ট্র হঠাৎ করে অবস্থান বদলানোর আগে আমরা সদিচ্ছার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম।"
“আমরা আমেরিকানদের বিশ্বাস করি না। তারা শুধু আমাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেনি, তারা কূটনীতির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।”
সূত্র: আল জাজিরা
07 Mar 2026, 01:00 AM
ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য রাশিয়া গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
তিন কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি লিখেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়, এমন তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে রাশিয়া।
খবরে বলা হয়েছে, রাশিয়া ঠিক কতটা সহায়তা ইরানকে করছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর অবস্থান খুঁজে বের করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা কমে গেছে।
সূত্র: আল জাজিরা
07 Mar 2026, 12:38 AM
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিকে ঝুঁকির সর্বোচ্চ মাত্রা হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “মধ্যপ্রাচ্য ও এর বাইরে চলমান সব বেআইনি হামলা পুরো অঞ্চলের বেসামরিক মানুষের ওপর ভয়াবহ দুর্ভোগ ও ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
“একই সঙ্গে এটি বৈশ্বিক অর্থনীতির জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের জন্য।”
গুতেরেস সতর্ক করে বলেন, “পরিস্থিতি এমন জায়গায় চলে যেতে পারে, যা কারও নিয়ন্ত্রণে থাকবে না।
“এই মুহূর্তে ঝুঁকির যে মাত্রা, তা এর চেয়ে বেশি হতে পারে না।”
সূত্র: আল জাজিরা
07 Mar 2026, 12:14 AM
ইসরায়েলে আরেক দফা হামলা ইরানের
ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা হামলা চালানোর কথা জানিয়েছে ইরান।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা— তাসনিম লিখেছে, শনিবার যুদ্ধ শুরুর পর ইরানের বিপ্লবী গার্ড কোর্পসের (আইআরজিসি) এটা ২৩তম হামলা।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও ইরানের সবশেষ হামলার কথা বলা হয়েছে।
দেশটির সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ধ্বংস করতে তাদের প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।
সূত্র: আল জাজিরা
06 Mar 2026, 11:42 PM
গোলান মালভূমিতে ইসরায়েলি ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে হিজবুল্লাহ।
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে ‘কাতসাফিয়া’ ঘাঁটিতে হামলা চালায়।
লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এই আক্রমণ চালানোর কথা বলেছে হিজবুল্লাহ।
06 Mar 2026, 11:32 PM
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা ও হতাহতের দাবি ইরানের
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সফল হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা— তাসনিম নিউজ বলেছে, হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
যুদ্ধের সময় ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডের দায়িত্বে থাকা ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের’ বরাতে সংবাদ সংস্থাটি এ খবর দিয়েছে।
আল জাজিরা লিখেছে, তারা এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও।
06 Mar 2026, 09:58 PM
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনও চুক্তি হবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প একথা বলেন।
পোস্টে তিনি লেখেন, “এর পর (নিঃশর্ত আত্মসমর্পণ) এবং (ইরানের) একজন মহান ও গ্রহণযোগ্য নেতা বা (নেতাদের) বাছাই করা হয়ে গেলে আমরা এবং হয়ত আমাদের চমৎকার, সাহসী মিত্র ও অংশীদাররা নিরন্তর কাজ করে যাব।
“ইরানকে ধ্বংস থেকে ফিরিয়ে আনতে, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে আরও বড় এবং ভাল করাসহ আগের যে কোনও সময়ের চেয়ে আরও শক্তিশালী করে তুলতে।
“ইরান একটি দারুণ ভবিষ্যৎ পাবে। ‘মেইক ইরান গ্রেট অ্যাগেইন’ (মিগা)!”
06 Mar 2026, 09:49 PM
মাটির নিচে গড়ে তোলা 'ক্ষেপণাস্ত্র নগরই' এখন ইরানের সর্বনাশা ভুল

ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংসের হাত থেকে সুরক্ষিত রাখতে ইরান বছরের পর বছর ধরে বহু অর্থ ব্যয়ে মাটির নিচে ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্রের নগর গড়ে তুলেছে।
কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর তেহরানের ক্ষেপণাস্ত্র রক্ষার এই কৌশলই এখন তাদের জন্য সর্বনাশা ভুল হয়ে দাঁড়িয়েছে।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের এই দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান ও সশস্ত্র ড্রোনগুলো ইরানের মাটির নিচের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ওপর দিয়ে চক্কর দিচ্ছে।
ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র বহনকারী লাঞ্চার বের হওয়া মাত্র সেগুলোর ওপর হামলা করছে এসব যুদ্ধবিমান আর ড্রোন। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কমে গেছে।
এর সঙ্গে মাটির নিচের কিছু ক্ষেপণাস্ত্রঘাঁটিতে চলছে ভারি বোমা হামলা। এসব হামলায় ক্ষেপণাস্ত্রভান্ডারের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইরানের অস্ত্রগুলো মাটির নিচেই আটকা পড়ে থাকছে।
সম্প্রতি কয়েকদিনে স্যাটেলাইটে তোলা ছবিতে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশপথে ধ্বংসাবশেষ দেখা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, “ইরানের ভূগর্ভস্থ স্থাপনা বা ক্ষেপণাস্ত্র নগরীর প্রবেশপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষেপণাস্ত্র ও লাঞ্চার ধ্বংস হয়েছে।”
এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডারগুলোর মধ্যে আছে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিরাজ নগরীর কাছে একগুচ্ছ ঘাঁটি। সেখানে কয়েকদফা হামলা হয়েছে। এছাড়াও, আছে ইসফাহান, তাবরিজ এবং কেরমানশাহ নগরীর কাছের ঘাঁটিগুলো।
ক্ষেপণাস্ত্র রক্ষায় দীর্ঘমেয়াদী প্রস্তুতির পরও যুদ্ধের বাস্তবতায় এই ভূগর্ভস্থ স্থাপনাগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়েছে, যা এখন ইরানের এক বড় ধরনের কৌশলগত ভুল হিসেবেই প্রতীয়মান হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, প্রায় এক সপ্তাহের যুদ্ধে ইরানের যে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রান্ত হয়েছে তার প্রায় সবগুলোই মাটির নিচের। তবে ঘাঁটিগুলোর ওপরে ভবন, প্রবেশপথ এবং রাস্তাও আছে।
সেকারণে স্যাটেলাইটে তোলা ছবি থেকে এই ঘাঁটিগুলোকে চিহ্নিত করা সম্ভব। যদিও ইরানের বিভিন্ন পার্বত্য এলাকায় মাটির অনেক গভীরে সুড়ঙ্গের নেটওয়ার্কের মাধ্যমে এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে।
এসব ভূগর্ভস্থ শহরে শাহাব-৩, ঘাদর-এইচ, ইমাদ, খেইবার শেকান এবং সেজ্জিল এর মতো দূরপাল্লার ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।
২০২৫ সালের মার্চে ইরান তাদের সবচেয়ে বড় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যা তাদের 'লৌহ মুষ্ঠি' হিসেবে পরিচিত। তবে সেটি কোথায় অবস্থিত তা জানানো হয়নি।
ভিডিওতে দেখা গেছে, উর্ধ্বতন ইরানি কমান্ডারটা দীর্ঘ জানালাবিহীন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই করিডোরে আছে ক্ষেপণাস্ত্রবাহী বহু ট্রাক।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে ইরান ৫০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় এসব ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
তবে ইদানিং ইরান মাটির নিচের বাঙ্কার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার চিন্তা অনেকটাই বাদ দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিংকট্যাংক সিএনএ করপোরেশনের গবেষণা বিশ্লেষক ডেকার ইভেলেথ।
বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়া কমে যাওয়া বা তাদের অন্য কৌশল নেওয়ার চেষ্টা থেকে এই ইঙ্গিতই মিলতে পারে যে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা কমছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপার বলেছেন, তারা ইরানের হাতে থাকা আবশিষ্ট ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলোও ধ্বংস করে দেওয়ার জন্য খুঁজছেন।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অভিযান তদারককারী সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়া চারদিনের মধ্যে প্রায় ৮৬ শতাংশ কমে গেছে।
06 Mar 2026, 07:31 PM
ভারত মহাসাগরে মার্কিন টর্পেডোতে যেভাবে ফুটো হল মোদীর ‘অভিভাবক’ ভাবমূর্তি

গত বছরের অক্টোবরের শেষ দিকে নৌবাহিনীর নীল ইউনিফর্ম এবং স্টাইলিশ সানগ্লাস পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির নৌ-সেনাদের এক সভায় ভাষণ দিয়েছিলেন।
সেখানে তিনি ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্ব এবং এই পথে বাণিজ্য ও তেল পরিবহনের বিশাল সম্ভাবনার কথা জোর দিয়ে উচ্চারণ করেন। উপস্থিত দর্শকদের ‘ভারত মাতার জয়’ স্লোগানের মধ্যে তিনি বলেছিলেন, “ভারতীয় নৌবাহিনী হলো ভারত মহাসাগরের অভিভাবক।”
তার সেই বক্তৃতার পাঁচ মাসও পূর্ণ হয়নি, ভারত মহাসাগরের সেই ‘অভিভাবক’ এখন নিজেই ইমেজ সঙ্কটে পড়েছে। কেননা, ভারত তার নিজের অতিথি জাহাজকেই ওই জলসীমায় সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অভিযোগ আল-জাজিরার।
বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে মাত্র ৪৪ নটিক্যাল মাইল (৮১ কিমি) দূরে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা মার্কিন ডুবোজাহাজের টর্পেডো হামলায় ডুবে যায়।
জাহাজটি ভারত আয়োজিত ‘মিলান’ নৌ-মহড়া শেষ করে সেসময় দেশে ফিরছিল; ওই মহড়া চলাকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খোদ দেনা’র নাবিকদের সঙ্গে ছবিও তুলেছিলেন।
অথচ জাহাজটি আক্রান্ত হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ভারতীয় নৌবাহিনীর এক দিনেরও বেশি সময় লেগে যায়।
মার্কিন কর্মকর্তারা খোলাখুলি বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় তাদের এই হামলা ইরানের বিরুদ্ধে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধ আরও বাড়ানোর একটি সঙ্কেত।
পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, “একটি মার্কিন সাবমেরিন সেই ইরানি যুদ্ধজাহাজটি ডুবিয়ে দিয়েছে যেটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল। টর্পেডোর আঘাতে এটি তলিয়ে গেছে, নিঃশব্দ মৃত্যু।”
নিজেদের উপকূল থেকে হাজার মাইল দূরে যুদ্ধজাহাজ আক্রান্ত হওয়ায় ক্ষোভে ফুঁসছে তেহরান। ইরান স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে যে, ‘আইআরআইএস দেনা’ ছিল ভারতের নৌবাহিনীর ‘অতিথি’। তারা দিল্লির আমন্ত্রণেই মহড়ায় অংশ নিয়ে ফিরছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “যুক্তরাষ্ট্র ইরান থেকে ২ হাজার মাইল দূরে সমুদ্রের মাঝখানে এই নৃশংসতা চালিয়েছে। লিখে রাখুন: যুক্তরাষ্ট্র এই নজির স্থাপনের জন্য ভবিষ্যতে চরম অনুশোচনা করবে।”
বর্তমানে আইআরআইএস দেনা ভারত মহাসাগরের তলদেশে পড়ে আছে। তার ওপর আঘাতে প্রাণ হারিয়েছেন ৮০ জনেরও বেশি ইরানি নাবিক, যারা দুই সপ্তাহের সফরকালে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন, তুলেছিলেন সেলফি।
অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ-কর্মকর্তা ও বিশ্লেষকরাই বলছেন, ভারত মহাসাগরে মূল নিরাপত্তা প্রদানকারী হিসেবে নিজেদের যে ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছিল নয়া দিল্লি, এই একটি ঘটনার মধ্য দিয়েই তা অনেকটাই ধূলিস্মাৎ হয়ে গেল।
ভারতের নিজের আঙিনাতেই দিল্লির ক্ষমতা ও প্রভাবের সীমাবদ্ধতা কতখানি, মার্কিন হামলা তাও প্রমাণ করে দিয়েছে, বলছেন তারা।
06 Mar 2026, 07:28 PM
‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়ে যেভাবে হত্যা করা হয় খামেনিকে

ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতেই ‘নিখুঁত’ অভিযান চালিয়ে হত্যা করা হয় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ কয়েক ডজন নেতাকে।
খামেনিকে হত্যার সেই অভিযানে ইসরাইল ‘ব্লু স্প্যারো’ নামে শক্তিশালী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যেটি আকাশ থেকে ছোড়ার পর পৃথিবী মণ্ডলের বাইরে মহাশূন্য ঘুরে আবার পৃথিবীতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
নিউ ইয়র্ক পোস্ট লিখেছে, ইসরায়েলের তৈরি ‘ব্লু স্প্যারো’ ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ২৪০ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। পৃথিবীতে আছড়ে পড়ার আগে সেটি বায়ুমণ্ডল অতিক্রম করে মহাশূন্য ঘুরে আসে।
ইসরায়েলি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটির আঘাত এতটাই তীব্র যে এর ধ্বংসাবশেষ পশ্চিম ইরাকেও খুঁজে পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতে গেছে ওই অঞ্চলে।
খামেনিকে হত্যার সেই অভিযান চালানো হয় গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিনই। দিনটি ছিল শনিবার, যা মূলত ইসরায়েলে সাপ্তাহিক ছুটির দিন। এ দিনটিকে ঘিরেই ইসরায়েলি কর্মকর্তারা একটি ধারণা তৈরি করেন যে, তাদের বাহিনী সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ রেখেছে।
এভাবেই খামেনিকে হত্যায় আকস্মিক হামলার পরিকল্পনা করা হয় বলে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা।
বিবিসির তথ্যের বরাতে নিউ ইয়র্ক পোস্ট বলছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “আমরা এমন কিছু ছবি ও তথ্য প্রচার করেছিলাম, যা দেখে মনে হচ্ছিল আইডিএফ কর্মী ও উচ্চপদস্থ কমান্ডারেরা সাবাত ডিনারের (শনিবারের রীতি) জন্য বাসায় চলে যাচ্ছেন।”
উচ্চপদস্থ কর্মকর্তারা সাপ্তাহিক ছুটির দিন উপভোগের জন্য যখন সদর দপ্তর ত্যাগ করার নাটকীয়তা দেখান। ঠিক তখনই তারা দ্রুত ছদ্মবেশ ধারণ করে অত্যন্ত গোপনে পুনরায় দপ্তরে ফিরে যান এবং খামেনির কম্পাউন্ডে হামলার চূড়ান্ত প্রস্তুতি নেন।
ইসরায়েলের সেই অভিযান সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মূলত রাতেই হামলার পরিকল্পনা ছিল। কিন্তু তেহরানের শীর্ষ কর্মকর্তাদের শনিবার সকালের একটি বৈঠকের তথ্য পেয়ে যায় গোয়েন্দারা। সে কারণে সময়সূচিও পাল্টে ফেলা হয়।
হামলার আগে ধারণা করা হত খামেনি আক্রমণ থেকে নিজেকে রক্ষায় অধিকাংশ রাত ভূগর্ভস্থ বাংকারে কাটাতেন।
আইডিএফ কর্মকর্তাদের ভাষ্য, তেহরানের কেন্দ্রস্থলে পাস্তুর স্ট্রিটে অবস্থিত খামেনি কম্পাউন্ডে যখন ইরানের জ্যেষ্ঠ নেতাদের দেহরক্ষীরা এসে পৌঁছান, তখন ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের ওপর তীক্ষ্ণ নজর রাখছিল।

মোসাদের কাছে ইরানি কর্মকর্তাদের রক্ষীদের গতিবিধির তথ্য ছিল। পাস্তুর স্ট্রিটে বসানো একটি ক্যামেরা পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব তথ্য চলে যায় তেল আবিবে। এর ফলে ইসরায়েলি কর্মকর্তারা হামলার জন্য উপযুক্ত সময় ঠিক করে ফেলেন।
ইরানের সময় অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৭টায় এফ-১৫ জেট ও অন্যান্য যুদ্ধবিমান প্রস্তুত করে ইসরায়েল। এর প্রায় দুই ঘণ্টা পর খামেনির কম্পাউন্ডের কেন্দ্রস্থল নিশানা করে বিমানগুলো থেকে ‘ব্লু স্প্যারোসহ’ ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
‘ব্লু স্প্যারো’ আকাশ থেকে ছোড়া এমন এক সিরিজের ক্ষেপণাস্ত্র, যা মূলত সোভিয়েত ইউনিয়নের ‘স্কাড’ ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি, যেমনটি পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক ব্যবহার করেছিল।
ইসরায়েলের ‘ব্লু স্প্যারো’ সাধারণত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। এরপর সেগুলো মহাকাশ পর্যন্ত উঠে আবার পৃথিবীর দিকে ঘুরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। মহাকাশ থেকে পৃথিবীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এসব ক্ষেপণাস্ত্র প্রচণ্ড গতি পায়। প্রচণ্ড গতির কারণে সেগুলোকে আকাশে ধ্বংস করে ফেলা কঠিন হয়ে পড়ে।
২০২৪ সালে ১২ দিনের যুদ্ধে ইরানে হামলার সময়ও ইসরায়েল এগুলো ব্যবহার করেছিল বলে ধারণা করা হয়।
06 Mar 2026, 07:25 PM
তেলের বাজারে চাপ কমাতে আরও পদক্ষেপ নেওয়া হবে: ট্রাম্প
06 Mar 2026, 07:24 PM
জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি

দেশে জ্বালানি তেলের মজুদ নিয়ে উদ্বেগের মধ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
শুক্রবার বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে’ জ্বালানি তেলের মজুদ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক খবর ছড়ানোয় ভোক্তা ও গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা দেখা যাচ্ছে।
সংস্থাটি বলছে, এর ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে তোলার চেষ্টা করছেন। কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনে অননুমোদিতভাবে মজুদ করারও চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এই পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে গাড়ির ধরন অনুযায়ী দৈনিক ট্রিপপ্রতি সরবরাহের পরিমাণ ঠিক করে দিয়েছে বিপিসি।
নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার এবং এসইউভি, জিপ ও মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার অকটেন বা পেট্রোল দেওয়া যাবে।
ডিজেলচালিত পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত ডিজেল দেওয়া যাবে।
বিপিসি জানিয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। পরে তেল নেওয়ার সময় আগের ক্রয়রশিদের মূল কপি জমা দিতে হবে।
ডিলারদেরও এই বরাদ্দ ও নির্দেশনা মেনে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ করতে বলা হয়েছে। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোকে মজুদ ও বিক্রির তথ্য সংশ্লিষ্ট ডিপোতে দিয়ে তেল উত্তোলন করতে হবে।
বিপণন কোম্পানিগুলোকে ডিলারদের তেল দেওয়ার আগে বর্তমান বরাদ্দ অনুযায়ী মজুদ ও বিক্রির তথ্য যাচাই করতে বলা হয়েছে। কোনোভাবেই নির্ধারিত বরাদ্দের বেশি সরবরাহ করা যাবে না বলেও সতর্ক করা হয়েছে।
বিপিসি বলেছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম ও সূচি নির্ধারিত আছে এবং নিয়মিতভাবে চালান দেশে আনা হচ্ছে। পাশাপাশি প্রধান স্থাপনা থেকে সারাদেশের ডিপোতে রেল ওয়াগন ট্যাংকারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে।
সংস্থাটি আশা প্রকাশ করেছে, স্বল্প সময়ের মধ্যে দেশে জ্বালানি তেলের বাফার স্টক গড়ে উঠবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনাবেচার বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত দাম আদায় আইনগত অপরাধ। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
মার্চ মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।
06 Mar 2026, 05:39 PM
লেবাননে নিহত ৫
দক্ষিণ লেবাননের সাইডন শহরে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
06 Mar 2026, 05:11 PM
কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোতে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং শিগগিরই আরও হামলা চালানো হবে।
সেনাবাহিনীর বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, “গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনীর স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলা আগামী কয়েক ঘণ্টা ধরে চলতে থাকবে।”
06 Mar 2026, 04:56 PM
স্কুলে হামলার তদন্ত দ্রুত সম্পন্নের আহ্বান ভলকার তুর্কের
ইরানে মেয়েদের একটি স্কুলে ১৭৫ জন নিহতের ঘটনার তদন্ত খুব দ্রুত সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক।
জেনিভায় তিনি সাংবাদিকদের বলেন, “আমরা যা চাইছি তা হলো স্পষ্টতই দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং আমরা বুঝতে পারছি যে এটি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে।”
জোর দিয়ে তুর্ক বলেন, “এটি খুব দ্রুত হওয়া দরকার এবং আমাদের নিশ্চিত করতে হবে যে দায়বদ্ধতা থাকবে এবং ভুক্তভোগীরা প্রতিকার পাবে।”
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মিনাবে ঘটে যাওয়া হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র তদন্ত করছে।
06 Mar 2026, 04:44 PM
ইরান থেকে কূটনীতিকদের সরাচ্ছে আজারবাইজান
নিরাপত্তাজনিত কারণে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
চারটি ইরানি ড্রোন সীমান্ত অতিক্রম করে আজারবাইজানের নাখচিভান এক্সক্লেভে চারজনকে আহত করার একদিন বাদে এই সিদ্ধান্ত নিল বাকু। তবে ইরান ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
জেইহুন বাইরামভ বলেন, আজারবাইজান তেহরানে অবস্থিত তাদের দূতাবাস এবং তাবরিজে অবস্থিত কনস্যুলেট জেনারেল থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে।
06 Mar 2026, 04:06 PM
কত ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বাহরাইন?
মার্কিন-ইসরায়েলি হামলার পাল্টায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনার ওপর হামলা চালিয়ে আসছে।
এর মধ্যে বিপুল সংখ্যক হামলা ঠেকানোর দাবি করেছে বাহরাইন ডিফেন্স ফোর্স।
ইরানের এসব হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ বর্ণনা করে এই ফোর্সের জেনারেল কমান্ড এক বিবৃতিতে বলেছে, তারা ইতোমধ্যে ৭৮টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৩টি ড্রোন ধ্বংস করে দিয়েছে।

06 Mar 2026, 03:57 PM
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ‘হয়তো নির্বাচিত’
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া বিশেষজ্ঞ পরিষদের আট সদস্য বয়কট করেছেন বলে যে খবর ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি।
তিনি ইঙ্গিত দিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা হয়তো ইতিমধ্যেই নির্বাচন করা হয়েছে, তবে এখনো তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
তেহরান থেকে তিনি আল জাজিরাকে বলেন, “পরবর্তী নেতার জীবন রক্ষা করা খুবই যুক্তিসঙ্গত… এটি একটি খুবই যুক্তিসঙ্গত নিরাপত্তা প্রোটোকল।”
পশ্চিমাঞ্চলে কীভাবে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করা যায় তা নিয়ে ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে যে খবর বেরিয়েছে তাও উড়িয়ে দিয়েছেন অধ্যাপক খারাজমি।
তিনি বলেন, বাস্তবে কুর্দিরা ইরানের পক্ষেই রয়েছে।
এরইমধ্যে ইরানের বাহিনী প্রতিবেশী ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একটি অভিযানও চালিয়েছে।
খারাজমি বলেন, “আমার মনে হয় এটি রাজনৈতিক প্রচারণা… ইরানিরা তাদের দমন করবে এবং আমি মনে করি না তারা কার্যকর কিছু করতে পারবে।”
তিনি বলেন, “আমি তেহরানে যে চিত্র দেখছি তা হলো উচ্চ সামাজিক সংহতি এবং ইসলামিক রিপাবলিকের প্রতি সমর্থন।”
06 Mar 2026, 03:36 PM
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে।
এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কোনো মন্তব্য করেনি।
06 Mar 2026, 03:17 PM
ইরানে ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণা
মার্কিন-ইসরায়েলি হামলার মুখে থাকা ইরান জানিয়েছে, তারা ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম ফের চালু করবে। ঘোষণা অনুযায়ী, তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী দপ্তরে রোববার থেকে ২০ শতাংশ কর্মী সরাসরি কর্মস্থলে থেকে কাজ করবেন।
ঘোষণায় আরও বলা হয়েছে, প্রদেশের সব নারী কর্মী ভার্চুয়ালি কাজ করবেন। কিছু ব্যাংক খোলা থাকবে।
সেবা প্রদানকারী সংস্থার অপারেশনাল ইউনিট, পৌরসভা, চিকিৎসা কেন্দ্র এবং সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
তেহরান প্রদেশের ব্যবস্থাপনা পর্যায়ের সব কর্মকর্তাদের বাসা থেকে কাজের সুযোগ থাকবে না; তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
06 Mar 2026, 02:51 PM
ইরান সম্পর্কিত সন্ত্রাসবিরোধী তদন্তে লন্ডনে গ্রেপ্তার ৪
বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার অভিযোগে এক ইরানি এবং তিনজন দ্বৈত ব্রিটিশ-ইরানিকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
বিবিসি লিখেছে, লন্ডনে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ও ব্যক্তির ওপর সম্ভাব্য নজরদারি অভিযোগের সঙ্গে তদন্তটি সম্পর্কিত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ ও ৫৫ বছর বয়সি দুজনকে বার্নেটে, ৫২ বছর বয়সি একজনকে ওয়াটফোর্ডে এবং ২২ বছর বয়সি একজনকে হাররো থেকে আটক করা হয়েছে।
এছাড়া হাররো থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স ২৯, ৩৯, ৪২, ৪৯ এবং দুজনের বয়স ২০ বছর। তাদের বিরুদ্ধে অপরাধে সহায়তা করার সন্দেহ করা হচ্ছে।
06 Mar 2026, 02:35 PM
ইরানে নিহত বেড়ে ১৩৩২
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩২ জনে।
ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, শনিবার থেকে এ পর্যন্ত এসব প্রাণহানি ঘটেছে।

06 Mar 2026, 02:23 PM
ইরান থেকে ইন্দোনেশীয়দের উদ্ধার শুক্রবার থেকে
ইরান থেকে শুক্রবার নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করবে ইন্দোনেশিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ বিভাগের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
হেনি হামিদা সাংবাদিকদের বলেন, “সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আজ ধীরে ধীরে শুরু হবে এবং প্রথম ধাপটি আজারবাইজান হয়ে সম্পন্ন করা হবে।
তিনি জানান, প্রথম দলে থাকা ৩২ জন ইন্দোনেশীয় নাগরিক সোম বা মঙ্গলবার জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে।
মোট ৩২৯ জন ইন্দোনেশীয় নাগরিক বর্তমানে ইরানে রয়েছেন, যাদের বেশিরভাগই কম শহরের শিক্ষার্থী।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ ইন্দোনেশীয় বসবাস করেন। তবে আপাতত ওই অঞ্চলের অন্য দেশগুলোতে উদ্ধার অভিযান পরিচালনার পরিকল্পনা করছে না ইন্দোনেশিয়া সরকার।
06 Mar 2026, 01:26 PM
হামলা প্রতিহতের তথ্য রিয়াদের
রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক্স পোস্টে মন্ত্রণালয় বলেছে, রিয়াদের দক্ষিণ-পূর্বে আল-খার্জ শহরে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘প্রতিহত ও ধ্বংস’ করা হয়েছে।
এছাড়া রাজধানরীর কাছে বেশ কয়েকটি ড্রোনকে ভূপাতিত করার তথ্য দিয়েছে সৌদি আরব।
06 Mar 2026, 01:20 PM
দুবাই থেকে যুক্তরাজ্যে যেতে ২০ হাজারের বেশি ডলারে ফ্লাইট বুক
মধ্যপ্রাচ্য থেকে সরতে বিপুল পরিমাণ অর্থ গুনছেন অনেক যাত্রীই। বৃহস্পতিবার ওমান থেকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরা কিছু যাত্রী জানান, দুবাই থেকে বাড়ি ফেরার পথ খুঁজে পাওয়া ছিল ‘পুরোপুরিই বিশৃঙ্খল’।
ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর এড শর্ট নামের একজন রয়টার্সকে বলেন, “আমরা বিমানে উঠতে মাস্কাটে (ওমান) যাওয়ার জন্য ১,৫০০ পাউন্ড (২,০০৫ ডলার) খরচ করেছি।”
তিনি বলেন, “এর আগে এমিরেটসের ফ্লাইট বুক করতে প্রায় ২০ হাজার পাউন্ড গুনতে হয়েছে আমাদের।”
06 Mar 2026, 01:02 PM
ইরান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের খরচ ৩.৭ বিলিয়ন ডলার
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় প্রায় ৩.৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় ৮৯১.৪ মিলিয়ন ডলার।
যুদ্ধব্যয়ের এ তথ্য তুলে ধরেছে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

ওয়াশিংটন ডিসিভিত্তিক এ গবেষণা প্রতিষ্ঠান বলেছে, যুদ্ধ চালিয়ে যেতে বর্তমান বাজেটের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে প্রতিরক্ষা বিভাগের।
বিমান হামলার শুরুতে উন্নত ও জটিল অস্ত্রশস্ত্র ব্যবহারের কারণে খরচ বেশি হয় ব্যাখ্যা করে সিআসআইএস বলেছে, “যখন যুক্তরাষ্ট্র কম খরচের গোলাবারুদ ব্যবহার করা শুরু করবে, তখন অস্ত্রের খরচ কিছুটা কমে আসবে।”
প্রতিষ্ঠানটি এও বলেছে, “তবুও বাজেটের বাইরে যে খরচ হবে তা যথেষ্ট বড় হবে। এর মানে হলো কোনো এক সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হবে, কারণ এই সংঘাতের খরচ অভ্যন্তরীণ বাজেট কাটছাঁট করে মেটানো রাজনৈতিক ও কার্যগতভাবে কঠিন হতে পারে।”
06 Mar 2026, 12:43 PM
ইরানে ৩ সহস্রাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত : রেড ক্রিসেন্ট
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেইন কলিভান্দ।
তিনি বলেছেন, এর মধ্যে ৩০৯০টি বাড়ি, ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা বা ওষুধ সংক্রান্ত স্থাপনা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ৯টি স্থাপনা রয়েছে।
বেশিরভাগ লক্ষ্যবস্তুই ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার’ ছিল বলে জানিয়েছেন কলিভান্দ।

06 Mar 2026, 12:27 PM
জর্ডানে ড্রোন হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
জর্ডানে একটি ‘গুরুত্বপূর্ণ’ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে তারা বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে।
সশস্ত্র গোষ্ঠীটি এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি।
শুক্রবার সকালে আল জাজিরা অ্যারাবিক জানায়, জর্ডানের আকাবা শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।
06 Mar 2026, 12:09 PM
মধ্যপ্রাচ্যে প্রায় দুইশ শিশু নিহত: ইউনিসেফ
মধ্যপ্রাচ্যে শনিবার থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শ’ দুয়েক শিশুর প্রাণ ঝরেছে বলে জানিয়েছে ইউনিসেফ।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি বলেছে, তাদের মধ্যে ইরানে মারা গেছে অন্তত ১৮১ জন, লেবাননে ৭ জন, ইসরায়েলে ৩ জন এবং কুয়েতে এক শিশুর মৃত্যু হয়েছে।
“শিশুরা যুদ্ধ শুরু করে না, কিন্তু অগ্রহণযোগ্যভাবে তাদের বড় মূল্য চুকাতে হয়। মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে ইতোমধ্যেই শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে,” বলছে ইউনিসেফ।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে হামলা হয়। ইরানের ইসলামী বিপ্লব রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এতে অন্তত ১৭৫ জন স্কুলশিশু নিহত হয়।

06 Mar 2026, 11:54 AM
চুক্তির জন্য ইরান ডাকছে: ট্রাম্প
মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যেই তেহারান চুক্তি করতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে হওয়া এ যুদ্ধে তেলের ওপর যে চাপ ফেলেছে তা কমাতে শিগগিরই আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বৃহস্পতিবার তিনি জানিয়েছেন।
হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “তারা ডাকছে, বলছে, ‘একটি চুক্তি করলে কেমন হয়?’, আমি বলেছি, তোমরা খানিকটা দেরি করে ফেলেছো।”
ইরানে মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে গর্ব করে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করে দিচ্ছেন।
“তাদের নৌবাহিনী শেষ, তিন দিনে ২৪টি জাহাজ।”

ইরানি কূটনীতিকদের পক্ষত্যাগ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, “আমরা বিশ্বজুড়ে থাকা ইরানি কূটনীতিকদের আশ্রয় প্রার্থনার আবেদন করতে এবং নতুন ও ভালো ইরান গড়ায় আমাদের সহায়তা করতে আহ্বান জানাচ্ছি।”
নিউ ইয়র্কে জাতিসংঘের ইরান মিশন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্প ইরানে অভিযান শুরুর পরদিনও বলেছিলেন, তেহরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে চায়। কিন্তু পরে এই দাবি প্রত্যাখ্যান করে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা হবে না।
06 Mar 2026, 11:41 AM
ইরানে স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী হতে পারে
ইরানে স্কুলে হামলায় ১৬৫ শিশুর প্রাণহানির ঘটনায় সম্ভবত যুক্তরাষ্ট্রের বাহিনী দায়ী ছিল বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স লিখেছে, স্কুলে বোমা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি এবং তদন্ত এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শনিবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা হয়। জেনিভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি শুরুতে জানিয়েছিলেন, ওই হামলায় ১৫০ শিক্ষার্থী নিহত হয়েছে। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়ায়।
স্কুলছাত্রী ও স্কুলের কর্মীদের জন্য ইতোমধ্যে গণজানাজা ও শোক অনুষ্ঠান আয়োজন করেছে ইরান।
আল জাজিরা লিখেছে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইচ্ছে করে কোনো স্কুল, হাসপাতাল বা অন্য বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

06 Mar 2026, 11:28 AM
কিছু জাহাজের নিরাপদ যাতায়াত নিয়ে চীন ও ইরানের মধ্যে আলোচনা
অপরিশোধিত তেল ও কাতারের গ্যাস বহনকারী জাহাজগুলো যাতে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারে, সেজন্য ইরানের সঙ্গে আলোচনা করেছে চীন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এখন সপ্তম দিনে পৌঁছেছে। এর ফলে হরমুজ প্রণালির আশপাশে শত শত জাহাজ আটকে পড়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন হওয়ায় এই প্রণালিকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ওই পথ বন্ধ থাকায় ইতোমধ্যে জ্বালানির দাম বেড়ে গেছে।

জাহাজের গতিপথ সংক্রান্ত তথ্যের বরাতে রয়টার্স এবং ব্লুমবার্গ লিখেছে, চীনা বলে দাবি করা একটি তেলবাহী জাহাজ বৃহস্পতিবার প্রণালিটি অতিক্রম করেছে।
ইরানি তেলের বড় ক্রেতা চীন মিত্রের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছে।
06 Mar 2026, 11:11 AM
ইসরায়েলি স্থলবাহিনীর ওপর হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার ভোরে ইসরায়েলি স্থলবাহিনীর ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে লেবাননের ভূখণ্ডে প্রবেশ করা বাহিনীও রয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইরান-সমর্থিত এই গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা মারুন আল-রাস ও কফর কিলাসহ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যে এলাকাগুলো লেবাননের ভেতরে অবস্থিত।
হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের ইয়োয়াভ সামরিক ঘাঁটি এবং হাইফা বন্দরের একটি নৌঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে হিজবুল্লাহ লেবাননের সঙ্গে বিতর্কিত সীমান্ত বরাবর বসবাসকারী ইসরায়েলি বসতিস্থাপনকারীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল।
06 Mar 2026, 11:10 AM
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আইআরজিসি
ইরান ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত জানিয়ে দেশটির বিপ্লবী রক্ষা বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র বলেছেন, তারা এমন উন্নত অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে, যা এখনো এই সংঘাতে ব্যবহার করা হয়নি।
ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি এক বিবৃতিতে বলেন, ইরানের নতুন হামলার ঢেউয়ে বেদনাদায়ক আঘাতের জন্য শত্রুদের প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, “ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে।”
নাঈনি বলেন, “এই প্রযুক্তিগুলো এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি।”
তিনি বলেন, গত বছরের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত।
চলমান সামরিক সংঘাতকে ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ বলে বর্ণনা করেন তিনি।

06 Mar 2026, 11:10 AM
বাহরাইনে ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্য করে হামলা

বাহরাইনের রাজধানী মানামার ফিন্যান্সিয়াল হারবর টাওয়ার্সকে নিশানা করার কথা জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।
তারা লিখেছে, ওই কমপ্লেক্সে ইসরায়েলি দূতাবাস থাকায় সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
রয়টার্স লিখেছে, একটি ইরানি ড্রোনকে ওই কমপ্লেক্সের কাছাকাছি জায়গায় প্রতিহত করা হয়েছে।
06 Mar 2026, 11:08 AM
লাইভ ব্লগে স্বাগতম
আপনাদের সঙ্গে আছি জাহিদুল কবির, মীর মোশাররফ হোসেন ও রোকন রাকিব।
পুরনো পৃষ্ঠা দেখতে ক্লিক করুন
তেল আবিবে লাগাতার বিস্ফোরণ
নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরান
