২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

তেল আবিবে লাগাতার বিস্ফোরণ

  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র যদি স্থল আক্রমণ চালায়, তাহলে ইরানি বাহিনী ‘প্রস্তুত’ রয়েছে।
  • সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের তেল আবিব শহরেও ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলা হয়েছে।
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ইরানের ওপর সামরিক শক্তির প্রয়োগ শিগগিরই নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে।
  • ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্র প্রতি ঘণ্টায় হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক প্রধান বলেছেন, দেশটি যুদ্ধের পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে।
  • ইসরায়েল তেহরান ও বৈরুতে হামলা চালিয়েছে। এর আগে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে ইসরায়েলি নির্দেশনার পর সেখানে ব্যাপক জট দেখা দেয়।
  • ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মুসলিম দেশটিতে অন্তত ১২৩০ জনের মৃত্যু হয়েছে।
  • সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। এর আগে দেশটি ইরানের ছোড়া ৬টি ক্ষেপণাস্ত্র এবং ১৩১টি ড্রোন প্রতিহত করেছে।
  • এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তিনি কাতারে চারটি যুদ্ধবিমান পাঠাবেন।
     

06 Mar 2026, 10:16 AM

৩০টির বেশি ইরানি জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর তারা এখন পর্যন্ত ৩০টির বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে।

এ জাহাজগুলোর মধ্যে একটি ড্রোনবাহী জাহাজও আছে, যেটি আগুনে পুড়ছে বলে বৃহস্পতিবার দাবি করেছে তারা।

যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ৯০% কমে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন, বলেছে বার্তা সংস্থা রয়টার্স।

শ্রীলঙ্কা জানিয়েছে, তারা তাদের উপকূলে থাকা একটি ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিয়েছে। আগেরদিনই যুক্তরাষ্ট্র একই জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছিল, যাতে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়।

আইআরআইএনএস বুশেহর নামের ওই জাহাজটি তাদের একটি ইঞ্জিনে সমস্যা ধরা পড়ার কথা জানিয়ে বুধবার শ্রীলঙ্কার যে কোনো বন্দরে ভেড়ার অনুমতি চায়। ওই জাহাজে থাকা ২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

কয়েক ঘণ্টা আলোচনার পর ওই জাহাজটিকে ত্রিনকোমালে বন্দরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

শ্রীলঙ্কা বলছে, তারা ইরান যুদ্ধে কোনো পক্ষেই নেই, তবে ‘মানবিকতার ক্ষেত্রে তারা কখনোই কার্পণ্য করবে না’।

বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে ৮১ কিলোমিটার দূরে এক মার্কিন ডুবোজাহাজের টর্পেডোর আঘাতে ইরানি জাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়।

06 Mar 2026, 09:31 AM

প্রবাসী বাংলাদেশিদের জন্য বাহরাইন দূতাবাসের সতর্কতা

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি চলায় বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে যেকোনো ধরনের সামরিক তৎপরতা, নিরাপত্তা অভিযান বা সংবেদনশীল ঘটনার ভিডিও বা ছবি ধারণ করা থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার দৃশ্য, বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা, সামরিক অভিযান, সামরিক ঘাঁটি, সামরিক যানবাহনের চলাচল কিংবা এ ধরনের সংবেদনশীল স্থাপনার ছবি বা ভিডিও ধারণ করা বাহরাইনে আইনত নিষিদ্ধ।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করে দিয়ে দূতাবাস এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা, লাইভ সম্প্রচার করা বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে বলেছে।

06 Mar 2026, 09:19 AM

তেল আবিবে বিস্ফোরণের ঢেউ

ইরান নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে শুক্রবার তেল আবিব জুড়ে একের পর এক বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানায়, তারা কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকলকর্মীরা বাণিজ্যিক কেন্দ্রের কাছে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগার পর সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে ব্যাপক হামলার পর এ বিস্ফোরণগুলো ঘটে। সোমবার সংঘাতে যোগ দেওয়া হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, তেহরান তেল আবিবের কেন্দ্রস্থলের লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

06 Mar 2026, 01:46 AM

ইরানের পরবর্তী নেতা বেছে নেওয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা বেছে নেওয়ার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুক্ত থাকতে হবে।

আর ইরাকে থাকা ইরানি কুর্দি বাহিনীগুলো যদি সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়, সেটাদারুণহবে তার ভাষ্য।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার একটি টেলিফোন সাক্ষাৎকারে তাদের কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প

ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। বলা হচ্ছে আয়তুল্লাহ আলি দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প তা মনে করেন না। তিনি বলেন, “ইরানের সঙ্গে মিলে আমাদেরই বেছে নিতে হবেকে হবেন তাদের নতুন নেতা।

ইরানে বিমান হামলা শুরু করার ছয় দিনের মাথায় ইরাকে থাকা কুর্দি বাহিনীগুলোকে ইরানে হামলার জন্য উৎসাহ দিতে শুরু করেন ট্রাম্প।

তিনি বলেন, “তারা এটা করতে চাইছে, এটা দারুণ হবে। আমি এর পক্ষে আছি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

ট্রাম্প ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ক্ষমতাসীনদের পতন ঘটাতে চান। তিনি বিষয়টিকে তুলনা করেছেন ভেনেজুয়েলার সঙ্গে। গত জানুয়ারিতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যায়। এরপর দেশটির দায়িত্বে আসেন মাদুরোর ডেপুটি দেলসি রদ্রিগেজ। ট্রাম্পের ভাষায়, তিনিচমৎকার কাজ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের নেতৃত্ব দিতে যাকে বেছে নেওয়া হবে, সেই প্রক্রিয়ায় আমরাও যুক্ত থাকতে চাই, যাতে পাঁচ বছর পরপর আমাদের কাজ করতে না হয়। আমরা চাই এমন একজন, যিনি (ইরানের) জনগণের জন্য, দেশের জন্য ভালো হবেন।

ইরানের সর্বশেষ শাহর ছেলে, যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনে থাকা রেজা পাহলভি সম্ভাব্য বিকল্প হতে পারেন কিনা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “আমি মনে করি সবাই তালিকায় আছে। এটা খুব প্রাথমিক আলোচনা।

06 Mar 2026, 01:23 AM

পদত্যাগ করছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমের পদত্যাগের ঘোষণা এল।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এ খবর দিয়ে বলেছেন, চলতি মার্চ মাসের শেষে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ক্রিস্টি নোম।  

মাত্র এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করার পর এই পদ ছেড়ে যাচ্ছেন তিনি। তার জায়গায় সেনেটর মার্কওয়েন মুলিনকে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

তিনি ট্রুথ সোশালে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ওকলাহোমার সম্মানিত সেনেটর মার্কওয়েন মুলিন ৩১ মার্চ ২০২৬ থেকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হবেন।”

আর ট্রাম্পের বিচারে আগের দায়িত্বে ‘ভালো কাজ করা’ নোমকে দেওয়া হচ্ছে নতুন দায়িত্ব। 

‘এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে নতুন এক পদ তার জন্য সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পশ্চিম গোলার্ধে নতুন নিরাপত্তা উদ্যোগের নেতৃত্ব দেওয়া হবে তার কাজ।
 

06 Mar 2026, 01:16 AM

মধ্যপ্রাচ্যে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে অন্তত ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

এর মধ্যে প্রায় ১ লাখ মানুষ তেহরান থেকে পালিয়েছে, লেবাননে বাস্তুচ্যুতের সংখ্যা ৮৪ হাজারের বেশি। আফগানিস্তান ও পাকিস্তানে প্রায় ১ লাখ ১৮ হাজার মানুষ স্থানান্তরিত হয়েছেন।

ইরানের ভেতরে স্থানান্তরিত হওয়ার সংখ্যা অনেক বেশি হলেও সীমান্ত পেরিয়ে দেশত্যাগের সংখ্যা তুলনামূলকভাবে কম।

একই সময়ে, ৩০ হাজারের বেশি মানুষ লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে।

সূত্র: আল জাজিরা

06 Mar 2026, 12:50 AM

‘তোমাদের অপেক্ষায় আছি’, সম্ভাব্য মার্কিন স্থল অভিযান নিয়ে লারিজানি

যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে তা মোকাবেলায় প্রস্তুত থাকার কথা বলেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “কিছু মার্কিন কর্মকর্তা বলেছেন যে তারা কয়েক হাজার সেনা নিয়ে ইরানের ভূখণ্ডে স্থলপথে ঢোকার পরিকল্পনা করছেন। 

“ইমাম খোমেনি এবং ইমাম খামেনির বীর সন্তানরা তোমাদের অপেক্ষায় আছে; তারা হাজার হাজার সেনাকে হত্যা ও বন্দি করার মাধ্যমে সেইসব দুর্নীতিবাজ মার্কিন কর্মকর্তাদের লজ্জিত করতে প্রস্তুত।”

সূত্র: আল জাজিরা
 

06 Mar 2026, 12:05 AM

আপনার ‘প্ল্যান এ’ ব্যর্থ: ট্রাম্পকে আরাগচি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
“দ্রুত ও নির্ভুল সামরিক বিজয়ের জন্য আপনার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে মিস্টার প্রেসিডেন্ট। আপনার দ্বিতীয় পরিকল্পনা আরও বড় ব্যর্থতায় পরিণত হবে।”
আরাগচি বলেন, সাম্প্রতিক বৈঠকের সময় একটি চুক্তি করার সুযোগ ছিল, ইরানে হামলার কারণে সেটা নষ্ট হয়ে গেছে।
সতর্ক করে তিনি লিখেছেন, ‘ইসরায়েলকে সবার আগে’ নীতি শেষ পর্যন্ত ‘আমেরিকাকে সবার শেষে’ ঠেলে দেয়।
সূত্র: আল জাজিরা
 

 

 

05 Mar 2026, 11:46 PM

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই ‘ডুমসডে’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোর একটির পরীক্ষা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন ষষ্ঠ দিনে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ‘মিনিটম্যান-৩’ (এলএমজি ৩০) আন্তঃহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণ আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

যুক্তরাষ্ট্র কী দিন ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে ইরানকে?- ঘনাচ্ছে সন্দেহ। ‘ডুমসডে’ নামেও পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনও জায়গায় আঘাত হানতে সক্ষম।


মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড বুধবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, “এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময়সূচি অনেক বছর আগে থেকেই নির্ধারিত ছিল। দীর্ঘদিন ধরে চলা নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ হিসাবে এই পরীক্ষা চালানো হয়েছে, বিশ্বের ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়ায় নয়।”

দু'টি টেস্ট-রিএন্ট্রি ভেহিকলের সাহায্য় এই পরীক্ষা হয়। নিরস্ত্র করেই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। উৎক্ষেপণের পর কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এই ক্ষেপণাস্ত্র মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালিন প্রবাল প্রাচীরের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে।

যুক্তরাষ্ট্র এর আগে গতবছর নভেম্বরে মিনিটম্যান ৩ পরীক্ষা চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো আইসিবিএমের মধ্যে একটি হল মিটিনম্যান ৩। ১৯৭০-এর দশক থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে।

05 Mar 2026, 11:38 PM

ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে কতদিন টিকতে পারবে ইসরায়েল?

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আরও কয়েক সপ্তাহ চলতে পারে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বলছে, এটা কোনও সমস্যাই নয়। কারণ, যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময় যুদ্ধ চালানোর সক্ষমতা আছে।

তবে ইসরায়েলের বিষয়টি ভিন্ন। গাজা, লেবানন ও সিরিয়ায় যুদ্ধ, ইরানের সঙ্গে আগে এক দফা সংঘাত- সব মিলিয়ে ক্লান্ত ইসরায়েলের জন্য দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

গত শনিবার ইরানে হামলা চালানোর পর থেকে ইসরায়েল টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে। এতে ইসরায়েলে বারবার সতর্কতা সাইরেন বাজছে, স্কুল বন্ধ করা হচ্ছে ও লাখ লাখ রিজার্ভ সেনা তলব করা হয়েছে।
হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো লাগাতার হামলার মুখে পড়ছে। জরুরি পরিষেবা সামলাতে হিমশিম খেতে হচ্ছে। যে মাত্রার যুদ্ধ ইসরায়েল সরকার অন্যদের ওপর চাপিয়ে দিয়েছে তার সঙ্গে সেদেশের মানুষ অভ্যস্ত নয়।

তাদের বোমা থেকে বাঁচতে বাংকার বা শেল্টারে আশ্রয় নিতে ছোটছুটির মধ্যেই গত কয়েক দিন পার করতে হয়েছে। যুদ্ধ নিয়ে আপাতত ইসরায়েলের জনগণের উৎসাহ বেশি।

বড় বড় শহরে ইসরায়েলিদের সাক্ষাৎকার নিয়ে দেখা গেছে, তারা এমন এক শত্রুর মোকাবেলা করতে চায় যাদের সম্পর্কে তাদেরকে কয়েক দশক ধরে বলা হয়েছে যে, তারা (ইরান) ইসরায়েলকে নির্মুল করতে সংকল্পবদ্ধ।


কট্টর বামপন্থিরা ছাড়া সব রাজনৈতিক দলই সরকারের পতাকাতলে একত্রিত হয়েছে। ইসরায়েলি অর্থনীতিবিদ শির হেভার বলেন, যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই ইসরায়েল সামরিকবাদের ঢেউয়ে ভেসে গেছে।

তিনি বলেন, “এবারের যুদ্ধ ২০২৫ সালের জুনের ১২ দিনের সংঘাতের মতো নয়। তখন ইসরায়েলিদের মনে আতঙ্ক ও অস্তিত্ব রক্ষার ভয় ছিল। তাদের ভয় ছিল, ইরান হয়ত ইসরায়েলকে ধ্বংস করে দেবে। আর এখনকার এই যুদ্ধ বেপরোয়া সামরিকবাদ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস।”

“যুদ্ধের গুটিকয় সমালোচকও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই যুদ্ধ ‘সংক্ষিপ্ত’ রাখার পরামর্শ দিচ্ছেন, যেন ইসরায়েল চাইলেই যুদ্ধ কবে শেষ হবে তা ঠিক করতে পারবে,” বলেন শির হেভার।

যুদ্ধে সমর্থনকে অনেকেই ইসরায়েলি সমাজের উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ার অংশ হিসেবে দেখছেন। আগে যারা প্রান্তিক উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ ছিলেন, তারা এখন সরকারের কেন্দ্রে চলে এসেছেন। রাজনৈতিক মেরুকরণ এবং অর্থনৈতিক চাপে তরুণ ও মেধাবীদের দ্রুত দেশ ছেড়ে চলে যাওযার প্রবণতা বাড়ছে।

যারা দেশে রয়ে গেছেন তারা ইতোমধ্যেই ইরানকে তাদের দেশের প্রধান শত্রু হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছেন এবং কয়েক সপ্তাহের এই যুদ্ধ সমাজকে আরও বেশি সামরিকীকরণের দিকে ঠেলে দিতে পারে।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল বার-তাল বলেন, “এটি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের ওপর নাৎসি জার্মানির বিমান হামলার (দ্য ব্লিৎজ) মতো।”

তিনি আরও বলেন, “তখন ব্রিটিশরা এই বোমাবর্ষণ মেনে নিয়েছিল, কারণ তারা নিজেদেরকে এক চরম অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হিসাবে দেখেছিল। ইসরায়েলিদের অনুভূতিও একই রকম। আমাদের প্রায় জন্ম থেকেই বিশ্বাস করতে শেখানো হয় যে, ইরান এক অশুভ শক্তি; যা কিন্ডারগার্টেন, হাই স্কুল এবং সেনাবাহিনীতে যাওয়ার পর আরও বদ্ধমূল হয়।”

বার-তালের মতে, কয়েক সপ্তাহের এই নতুন যুদ্ধ থেকে কী ধরনের ইসরায়েলি সমাজ বেরিয়ে আসবে তা অনুমান করা অসম্ভব; তবে এটুকু বলা যায় যে, ১৯৪৮ সালের ‘নাকবা’র (বিপর্যয়) গণহত্যা বা সাম্প্রতিক গাজায় সংঘটিত গণহত্যার ঘটনায় রাষ্ট্রের ন্যায়পরায়ণতা নিয়ে দেশটির যে মজ্জাগত নৈতিক দৃঢ়তা ছিল, তাতে কোনো চিড় ধরেনি।

তিনি বলেন, “এখন আমাদের হাতে এমন এক প্রজন্ম আছে যারা আগের চেয়েও বেশি যুদ্ধবাজ এবং ডানপন্থি। নেতানিয়াহু আমাদের বলছেন যে, এখন আমাদের তলোয়ারের ওপর ভর করেই বাঁচতে হবে। এটি মূলত এই কথারই প্রমাণ যে, টিকে থাকার জন্য ইসরায়েলের শত্রুর প্রয়োজন।”

বোমা ও বন্দুকের হিসাব

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সামাজিক প্রভাবের বাইরেও ইসরায়েলকে তাদের সামরিক হিসাব-নিকাশ বিবেচনায় নিতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, ইরানের মতো মাত্রার সামরিক শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েল বর্তমান মাত্রার যুদ্ধ কত দিন চালিয়ে নিতে পারবে, তা নিরূপণ করে নিতে হবে।

প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তার বলেন, ইসরায়েল কতদিন যুদ্ধ চালিয়ে নিতে পারবে তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো মিত্রদের সমর্থন এবং ইরানের শক্তি ফুরানোর আগেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয় কিনা তার ওপর।

তিনি সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, “যুদ্ধের প্রথম তিন দিনে ইরান ইসরায়েলে ২০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রেক্ষাপট বিবেচনায় নিলে দেখা যায়, ১২ দিনের যুদ্ধের সময় তারা প্রায় ৫০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার প্রতিটি ঠেকানোর জন্য ইসরায়েলকে একটি করে ইন্টারসেপ্টর রকেট ছুড়তে হয়েছে।

এটি সম্ভবত ইসরায়েলের একার সামলানোর ক্ষমতার বাইরে। তাই যুক্তরাষ্ট্রের সাহায্য না থাকলে তারা এতক্ষণে তাদের আকাশসীমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত।”

ইসরায়েলের তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে: স্বল্প পাল্লার রকেট ও কামানের গোলার জন্য ‘আয়রন ডোম’; মাঝারি পাল্লার রকেট ও ক্রুজ মিসাইল ঠেকানোর জন্য ‘ডেভিডস স্লিং’; এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি ‘অ্যারো-২’ ও ‘অ্যারো-৩’।

ইসরায়েলিরা তাদের মজুদে কতগুলো ইন্টারসেপ্টর আছে তা প্রকাশ করে না। তবে ১২ দিনের যুদ্ধের সময় তাদের ইন্টারসেপ্টর রকেটের মজুদ কমতে শুরু করেছিল। এটি ইঙ্গিত দেয় যে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাদের জন্য উচ্চমাত্রার প্রতিরক্ষা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

এর ফলে ইন্টারসেপ্টর ব্যবহারে রেশনিং বা কৃপণতা করতে হতে পারে এবং শুধুমাত্র সামরিক ও রাজনৈতিক লক্ষ্যবস্তু রক্ষার দিকে নজর দিতে হতে পারে, যা বেসামরিক হতাহতের সংখ্যা বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করবে।

প্রতিরক্ষা বিশ্লেষক আত্তার বলেন, ইসরায়েলি ও মার্কিন সূত্র অনুযায়ী গতবছর জুনের সংঘাতের পর থেকে ইরান প্রতি মাসে ১০০টি হারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা থেকে ধারণা করা যায় যে তেহরান ইতিমধ্যে বিশাল একটি মজুদ গড়ে তুলেছে।

তবে আত্তার এটিও উল্লেখ করেন যে, ইরানের হুমকি মূলত তাদের কাছে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধরনের ওপর নির্ভর করে।

তিনি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের বিবরণ দিয়ে বলেন, “আমরা জানি না তাদের কাছে ঠিক কী ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গ্রিস ও ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছাতে পারে; মাঝারি পাল্লারগুলো ইসরায়েলে পৌঁছাতে পারে এবং স্বল্প পাল্লারগুলো উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।”

আত্তার আরও বলেন, “একইভাবে আমরা জানি না ১২ দিনের যুদ্ধের আগে তাদের কাছে কতগুলো ক্ষেপণাস্ত্র ছিল, ওই যুদ্ধে কতগুলো ধ্বংস হয়েছে বা বর্তমানে তাদের কতগুলো লঞ্চার (উৎক্ষেপণ যন্ত্র) আছে। যদি আপনার কাছে লঞ্চার না থাকে, যা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লক্ষ্যবস্তু করছে, তবে আপনার কতগুলো ক্ষেপণাস্ত্র আছে তা কোনও গুরুত্ব বহন করে না। এটি অনেকটা রাইফেল ছাড়া গুলির মতো।”

অর্থনৈতিক বিবেচনা

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, দুই বছরেরও বেশি সময় ধরে চলা প্রায় নিরবচ্ছিন্ন যুদ্ধ ইসরায়েলের অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। গোলাবারুদের উচ্চমূল্য এবং পরিকল্পনার চেয়েও বেশি সময় ধরে কয়েক লাখ রিজার্ভ সেনা মোতায়েন ইসরায়েলি কোষাগারের ওপর চাপ সৃষ্টি করছে।

২০২৪ সালে লেবানন ও গাজা যুদ্ধে ইসরায়েলের ব্যয় ৩ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছিল বলে জানা গেছে, যা দেশটিকে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বাজেট ঘাটতির মুখে ফেলেছে। ২০২৫ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব যুদ্ধ ব্যয় ৫ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

অর্থনীতির ওপর এই চাপের ফলে ২০২৪ সালে বিশ্বের তিনটি প্রধান ক্রেডিট রেটিং সংস্থাই ইসরায়েলের সার্বভৌম ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। অর্থনীতিবিদ শির হেভার বলেন, “ইসরায়েল বর্তমানে ঋণ সংকট, জ্বালানি সংকট, পরিবহন সংকট এবং স্বাস্থ্যসেবা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।”

তবে এই রাজনৈতিক অর্থনীতিবিদ সতর্ক করে বলেন, এর কোনোটিই ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, “এটি অর্থনীতির প্রশ্ন নয়, এটি প্রযুক্তির প্রশ্ন।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এমন উন্নত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে যা নিজে নিজেই লোড হতে পারে, লক্ষ্য স্থির করতে পারে এবং এত দূর থেকে হত্যা করতে পারে যেখানে সেনাদের নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয় না, তবে আমি মনে করি না যে ইসরায়েলে চলা অর্থনৈতিক সংকট তাদের এই আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট হবে।”

05 Mar 2026, 11:03 PM

জরুরি সতর্কতা জারি করেছে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে।

বিবিসি লিখেছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সম্পর্কে সতর্ক করে বাসিন্দাদের অবিলম্বে নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

বাসিন্দাদের জানালা, দরজা এবং খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেওয়ার কথা বলার প্রায় এক ঘণ্টা পর এই সতর্কতা জারি করা হল।

এর আগে সংযুক্ত আরব আমিরাত বলেছিল, তারা বৃহস্পতিবার ইরান থেকে আসা ছয়টি ক্ষেপণাস্ত্র ও ১৩১টি ড্রোন প্রতিহত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন দেশটির ভূখণ্ডে আছড়ে পড়ে বলেও তারা নিশ্চিত করে।

 
 

05 Mar 2026, 10:26 PM

যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়ার তোড়জোড়

মধ্যপ্রাচ্যে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

যুক্তরাষ্ট্র

উদ্ধার পরিকল্পনায় বিলম্বের কারণে সমালোচনার মধ্যে ট্রাম্প প্রশাসনের প্রথম উদ্ধারকারী ফ্লাইট মধ্যপ্রাচ্য ছেড়েছে। যুদ্ধ শুরু অর্থাৎ, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৫০০ এর বেশি মার্কিন নাগরিক দেশে ফিরেছেন। মার্কিন কূটনীতিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে। কাতার কর্তৃপক্ষ মার্কিন দূতাবাসের কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে।

ইসরায়েলের বিমানবন্দর খুলছে

ইসরায়েল বৃহস্পতিবার থেকে তাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ধীরে ধীরে খুলছে। দুবাই ও জেদ্দাহ থেকেও উদ্ধারকারী ফ্লাইট ছেড়ে গেছে।

কানাডা
ইসরায়েলে অবস্থানরত কানাডীয় নাগরিকদের বাসে করে মিশর সীমান্তে নিয়ে যাওয়া হবে। বৈরুত থেকে সীমিত সংখ্যক মানুষকে বিমানে তোলা হচ্ছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, আকাশপথ উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সংযুক্ত আরব আমিরাত থেকে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছেন।

ইউরোপীয় দেশগুলোর চেষ্টা

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা উদ্ধার অভিযান জোরদার করতে এয়ারলাইনসগুলোর সঙ্গে কাজ করছেন। ফ্রান্স, জার্মানি, ইতালি ও চেক প্রজাতন্ত্রও ওই অঞ্চল থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে।

বাহরাইন

বাহরাইনের জাতীয় বিমান সংস্থা ‘গালফ এয়ার’ বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা ৪০০ এর বেশি যাত্রীকে সফলভাবে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

স্বজনদের পুনর্মিলন

দুবাইয়ে কয়েকদিন আটকে থাকার পর এমিরেটস ও ভার্জিন আটলান্টিকের মত এয়ারলাইনসগুলো নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস ও সিডনির উদ্দেশে সীমিত ফ্লাইট শুরু করায় কিছু যাত্রী বাড়ি ফিরতে পেরেছেন।

অন্যান্য দেশ

বেশ কিছু দেশ মধ্যেপ্রাচ্যে তাদের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে কিংবা ওই অঞ্চল ত্যাগ করার পরামর্শ দিয়েছে।

জাপান জানিয়েছে, তারা কুয়েত, বাহরাইন, কাতার ও আরব আমিরাতে থাকা তাদের নাগরিকদের সড়কপথে রিয়াদ ও মাস্কাটে নিয়ে যাবে। কারণ সেখানকার বিমানবন্দরগুলো এখনো সচল রয়েছে। ভারত ও অস্ট্রেলিয়াও তাদের কিছু নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে।

05 Mar 2026, 09:54 PM

দ্রুত ইরানের ক্ষমতা হস্তান্তরের দাবি রেজা পাহলভির

ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি ইরানের শাসনভার অবিলম্বে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

এক্সে তিনি বলেছেন, আলি খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। তার স্থলাভিষিক্ত যেই হোক না কেন, তার বৈধতা থাকবে না।

সূত্র: আল জাজিরা

05 Mar 2026, 09:31 PM

ত্রিপোলিতে হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে ওয়াসিম আত্তাল্লাহ আলি নামে হামাসের এক কমান্ডারকে হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নৌবাহিনীর সদস্যরা ওয়াসিম আত্তাল্লাহকে হত্যা করেছে। ওয়াসিম আত্তাল্লাহ হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন

তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরায়েল লেবাননে তাদের হামলার পরিধি বাড়িয়েছে। এখন পর্যন্ত সেখানে অন্তত আটজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের এলাকা ছেড়ে ত্রিপোলি শহরের দিকেই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল ইসরায়েল।

05 Mar 2026, 09:23 PM

উপসাগরীয় অঞ্চলে আটকা ২০ হাজার নাবিক ও ১৫ হাজার যাত্রী : আইএমও

যুদ্ধের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক  ও ১৫ হাজার ক্রুজ শিপ যাত্রী আটকা পড়েছেন বলে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংস্থা (আইএমও) জানিয়েছে।

সংবাদ সংস্থা এএফপিকে একথা জানিয়েছে আইএমও।

জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী এ সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেছেন, “আক্রান্ত নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে আইএমও সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

শনিবার যুদ্ধ শুরুর পর থেকে আইএমও ওই অঞ্চলে জাহাজে হামলা সংক্রান্ত সাতটি ঘটনা রেকর্ড করেছে। যার ফলে দুইজনের মৃত্যু ও সাতজন আহত হয়েছেন।

ডোমিঙ্গুয়েজ বলেন, “এই উদ্বেগজনক হামলার অর্থনৈতিক প্রভাবের বাইরেও এটি একটি মানবিক সংকট রয়েছে। নিরপরাধ নাবিকদের ওপর কোনো আক্রমণই যুক্তিযুক্ত হতে পারে না।

“আমি আবারো সব শিপিং কোম্পানিকে এই অঞ্চলে জাহাজ চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।”

05 Mar 2026, 09:02 PM

রিয়াদে উঠছে ধোঁয়া

05 Mar 2026, 08:58 PM

ইরানে হাসপাতালে ১৩ হামলা, ৪ চিকিৎসক নিহত: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মধ্যে ইরানের স্বাস্থ্য অবকাঠামো বা হাসপাতালে ১৩টি হামলার সত্যতা তারা পেয়েছে। এসব হামলায় চারজন স্বাস্থ্যকর্মী নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ডব্লিউএইচও ইরানে ১৩টি ও লেবাননে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে এই হামলার জন্য তিনি সরাসরি কারোর ওপর দায় চাপাননি।

একই ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র আরেক কর্মকর্তা হানান বালখি বলেন, ইরানে চারটি অ্যাম্বুলেন্সও হামলার শিকার হয়েছে। কাছাকাছি এলাকায় বোমা হামলায় বেশকিছু হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে হামলার ফলে তেহরানের একটি হাসপাতাল খালি করতে হয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

05 Mar 2026, 08:41 PM

যুদ্ধে জর্জরিত তেহরানের জনজীবন

যুদ্ধের ষষ্ঠ দিন বৃহস্পতিবার তেহরানে বোমাবর্ষণ আরও তীব্র হয়েছে বলে সেখানকার বাসিন্দারা জানাচ্ছেন।

বিস্ফোরণের মধ্যেই তেহরান থেকে মোবাইল ফোনে ৩৬ বছর বয়সী মোহাম্মদরেজা রয়টার্সকে বলেন, “আজকের (বৃহস্পতিবার) পরিস্থিতি গতকালের চেয়েও খারাপ। তারা (ইসরায়েল) উত্তর তেহরানে আঘাত হানছে। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।

“এটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আমাদের সাহায্য করুন।”

05 Mar 2026, 07:54 PM

ড্রোন দিয়ে কয়েক মাস হরমুজ প্রণালি অচল রাখতে পারে ইরান

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ড্রোন হামলা চালিয়ে কয়েক মাস ধরে অচল করে রাখার সক্ষমতা ইরানের রয়েছে। সামরিক বিশ্লেষক ও গোয়েন্দারা এমন কথাই বলছেন।

তবে যেভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, তা আর কতদিন তারা চালিয়ে যেতে পারবে, সেটি এখনও স্পষ্ট নয়।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরান এ পর্যন্ত উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি নিশানা করে এক হাজারের বেশি ড্রোন এবং কয়েকশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে, তবুও মার্কিন সামরিক ঘাঁটি ও বাণিজ্যিক অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইতিমধ্যে ৬টি জাহাজে হামলার পর বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহনের রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

ড্রোনের বিশাল উৎপাদন
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের তহবিলে চলা অলাভজনক গবেষণা সংগঠন ‘সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স’ (সিআইআর) জানিয়েছে, ইরানের প্রতি মাসে প্রায় ১০ হাজার ড্রোন তৈরির সক্ষমতা আছে। ড্রোন প্রস্তুতকারক দেশগুলির মধ্যে বিশ্বের প্রথম সারিতে রয়েছে ইরান।

তবে ইরানের কাছে কত ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, তা স্পষ্ট নয়। ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমান, তেহরানের কাছে ২,৫০০ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। আর অন্য বিশ্লেষকদের হিসাবে এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় ৬০০০।

সংঘাত কত দিন চলতে পারে, বা এর গতিপথ কেমন থাকবে তা অনেকাংশে নির্ভর করতে পারে ইরানের অস্ত্রভান্ডারের ওপরে।

ইরান এরই মধ্যে হরমুজ প্রণালি প্রায় অবরুদ্ধ করে রেখেছে। ইরান এবং ওমানের মাঝের এই সরু জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ দিয়ে কোনও জাহাজ যাওয়ার চেষ্টা করলেই তাতে হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান।

বেশ কিছু জাহাজে ইতিমধ্যে হামলা হয়েছেও। হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে বাণিজ্যেও। জ্বালানির দাম বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। অপরিশোধিত তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে।

কৌশলগত ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইরানের জন্য একটি দুর্বল জায়গা বলে মনে করেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স এর সাবেক পরিচালক।

তার মতে, ইউক্রেইনের সঙ্গে যুদ্ধ চালিয়ে আসা রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার মতো অবস্থায় নেই। আর চীন ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে চাইলে এ বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবে।

চীন ইরানকে কোনও ধরনের সামরিক সহায়তা দিচ্ছে সেটি যদি জানাজানি হয়ে যায়, তাহলে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর সঙ্গে তা সম্পর্কের অবনতি ঘটাবে।

পশ্চিমা আরেক গোয়েন্দা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কৌশলগত সুবিধার জন্য বন্ধু গোষ্ঠীগুলোকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে থাকতে পারে ইরান।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্রের মজুত কিছুটা কমে থাকতে পারে।

তাছাড়া, গতবছর জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের ফলেও ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কিছুটা কমেছিল।

যদিও ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার দাবি, ওই ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইতিমধ্যেই বেশ কিছুটা পূরণ করে নিয়েছে ইরান।

তবে ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে ইরানের প্রতিবন্ধকতা হতে পারে উৎক্ষেপণকেন্দ্র (লঞ্চার)-এর অভাব। গত বছর সংঘর্ষে বেশ কিছু লঞ্চার ধ্বংস হয়েছে। গত শনিবার যুদ্ধ শুরুর পর থেকে তা আরও কমেছে বলে দাবি ব্রিটিশ গবেষণা সংস্থার।

তবে এসব ধাক্কার পরও ইরান ড্রোন দিয়ে লড়াই চালিয়ে যেতে পারে। ‘ওয়াশিংটন ইনস্টিটিউট’-এর সিনিয়র ফেলো ফারজিন নাদিমি জানান, ইরানের সর্বশেষ প্রজন্মের ‘শাহেদ-১৩৬’ ড্রোনগুলো ৭০০ থেকে ১০০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

এই ড্রোনগুলো ইরানের মূল ভূখণ্ড বা জাহাজ থেকে উৎক্ষেপণ করা হলে পারস্য এবং ওমান উপসাগরীয় অঞ্চলের যে কোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

ইরানের ড্রোনগুলো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিরোধ ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে ৬৫টি ড্রোন প্রবেশ করেছে এবং দুবাই বিমানবন্দর ও আমাজনের ডাটা সেন্টারে আঘাত হেনেছে।

বাহরাইনেও ইরানের ড্রোন হামলায় অবকাঠামোর ক্ষতিসহ একটি মার্কিন নৌ ঘাঁটি, হোটেল টাওয়ার ও অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমুদ্র মাইন

ইরানের যদি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ফুরিয়েও যায়, তবে তারা সমুদ্র মাইন ব্যবহারের পথে হাঁটতে পারে। সমুদ্রপথের ঝুঁকি নিয়ে কাজ করা গোয়েন্দা সংস্থা ‘ড্রায়াড গ্লোবাল’-এর মতে, ইরানের কাছে ৫ থেকে ৬ হাজার মাইন রয়েছে।

সমুদ্রপথে মাইন পাতা হলে কোনও জাহাজ এর সংস্পর্শে এলেই বিস্ফোরণ ঘটবে। তবে ইরান এখনও সেপথে হাঁটেনি। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে মাইন পাতা হয়েছে এমন কোনও আভাস এখন পর্যন্ত মেলেনি।

কনসালটেন্ট কোম্পানি কন্ট্রোল রিসক্স এর পরিচালক করম্যাক ম্যাককারি বলেন, “যদি হরমুজ প্রণালিতে মাইন বিছানো হয়, তবে তা পরিষ্কার করে পথটি নিরাপদ করতে কয়েক মাস সময় লেগে যাবে। সেটিই হবে দীর্ঘমেয়াদী সংকটের মূল কারণ।”

চলতি সপ্তাহেই অপরিশোধিত তেলের দাম ১২ শতাংশ এবং ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

র‍্যাপিডান এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট বব ম্যাকনালি বলেন, “ইরান সহজে হার মানবে না। তারা যদি মাত্র কয়েকটি ট্যাঙ্কারে আঘাত করে বিশ্বকে দেখাতে পারে যে এই পথ অনিরাপদ, তবে আতঙ্কেই জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে।”

05 Mar 2026, 07:51 PM

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরাকের ইরবিলে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ওই হামলায় সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

05 Mar 2026, 07:47 PM

বৈরুতের দক্ষিণের বাসিন্দাদের এলাকা ছাড়ল বলল ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণের শহরতলির বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে। তাদের লেবাননের রাজধানীর উত্তর ও পূর্ব দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এক্সে লিখেছেন, “নিজের জীবন বাঁচান, অবিলম্বে ঘরবাড়ি খালি করুন।”

তিনি বৈরুত বিমানবন্দরের সংলগ্ন দক্ষিণ শহরতলির চারটি এলাকাকে চিহ্নিত করে একটি মানচিত্রও পোস্ট করেছেন।

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে সোমবার হিজবুল্লাহ সক্রিয় হলে লেবাননে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণে শহরতলি, দক্ষিণ লেবানন ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়ে যাচ্ছে। 

05 Mar 2026, 07:37 PM

লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলার চিত্র

05 Mar 2026, 07:30 PM

ইরানের বিমান বাহিনীর সদর দপ্তরের ক্ষয়ক্ষতির চিত্র

05 Mar 2026, 07:12 PM

ড্রোন হামলার জবাব দেওয়া হবে: আজারবাইজান

আজারবাইজান ড্রোন হামলায় চারজন আহত হওয়ার ঘটনায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এসব হামলার জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আজারবাইজান বলেছে, হামলায় ব্যবহৃত ড্রোনের ধরন তদন্ত করছে। ‘দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

এর আগে আজারবাইজানে ইরানের ড্রোন আঘাত করার খবর আসলেও তেহরান হামলার দায় অস্বীকার করেছে।
 

05 Mar 2026, 07:05 PM

তেহরানের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র তেহরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পারান্দ শহরের দুটি স্কুলে আঘাত হেনেছে।

ফার্স নিউজ একটি শ্রেণিকক্ষের ভেতরের ক্ষয়ক্ষতি ও ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশ করেছে। হামলার কারণে আশেপাশের বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছে সংবাদমাধ্যমটি।
 

05 Mar 2026, 06:51 PM

যুদ্ধে হতাহত কত

05 Mar 2026, 06:47 PM

চুপ থাকলে ইইউ দেশগুলোকে মূল্য দিতে হবে: ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নীরব থাকলে আগে বা পরে হোক এর মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

স্পেনের সম্প্রচার মাধ্যম টিভিইকে বৃহস্পতিবার মুখপাত্র ইসমাইল একথা বলেন।

তুরস্কের আকাশে বাধাপ্রাপ্ত হওয়া মিসাইলটি ইরান থেকে ছোড়া হয়েছে, এমন দাবিও তিনি অস্বীকার করেছেন।

এর আগে তুরস্ক দাবি করে, দেশটির আকাশসীমায় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

05 Mar 2026, 05:44 PM

ইরানে নিহত বেড়ে ১২৩০

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩০ জনে দাঁড়িয়েছে।

শনিবার থেকে ইরানজুড়ে দুই সহস্রাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ হয়েছে। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রায় দুইশজন নিহত হয়েছে।

05 Mar 2026, 05:25 PM

‘ইরানের অনেক ড্রোনই প্রতিহত করতে পারবে না মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা’

ক্যাপিটল হিলে রুদ্ধদ্বার এক ব্রিফিংয়ে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মার্কিন আইনপ্রণেতাদের বলেছেন, ইরানের শাহেদ ড্রোন মার্কিন সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা হয়তো সেসব ড্রোনের সবই প্রতিহত করতে পারবে না।

মঙ্গলবারের ব্রিফিং সম্বন্ধে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সিএনএন।

ইরানের এ ড্রোনগুলো যে ধারণার চেয়েও বেশি সমস্যা করছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন তা স্বীকারও করে নিয়েছেন, বলেছে ব্রিফিংয়ে থাকা দুটি সূত্র।

এ ড্রোনগুলো খুব নিচ দিয়ে ধীরগতিতে ওড়ে, এ কারণে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো সহজেই শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে।

তবে ব্রিফিং সম্বন্ধে অবগত আরেকটি সূত্র বলছে, মার্কিন কর্মকর্তারা উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন এবং বলেছেন, তাদের উপসাগরীয় অংশীদাররা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

ইরান যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সূচনা করতে পারে, মধ্যপ্রাচ্যকে ভয়ানক অস্থিতিশীল করতে পারে এসব হুমকি নিয়ে ক্যাপিটল হিলে মার্কিন আইনপ্রণেতাদের ব্রিফিং দেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এদিকে মঙ্গলবারই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের বেশিরভাগ সামরিক স্থাপনাই ‘গুঁড়িয়ে দেওয়া হয়েছে’ এবং ইরানের নেতাদের ওপর নতুন করে আক্রমণ চালানো হয়েছে।

05 Mar 2026, 05:20 PM

২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর ক্ষতির দাবি আইআরজিসির

ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি) বলেছে, তাদের আক্রমণে কুয়েত, বাহরাইন ও আমিরাতে ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর বড় ক্ষতি হয়েছে।

গত শনিবার মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে ইরানও পাল্টা হামলা চালিয়ে আসছে। তাদের নিশানায় ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো রয়েছে। 

05 Mar 2026, 05:09 PM

আবু ধাবিতে ধ্বংসাবশেষ পড়ে ৬ বিদেশি আহত

আরব আমিরাতের রাজধানী আবু ধাবির দুটি স্থানে ধ্বংসাবশেষ পড়ে ৬ বিদেশি আহত হয়েছেন।

স্থানীয় মিডিয়া অফিস বলছে, “এই ঘটনায় ছয়জন পাকিস্তানি ও নেপালি নাগরিক সামান্য ও মাঝারি মাত্রার আহত হয়েছেন।”


 

05 Mar 2026, 04:58 PM

লেবাননে চারদিনে নিহত ৭৭

লেবাননে গত সোমবার থেকে যে ইসরায়েলি হামলা চলছে, তাতে এ পর্যন্ত ৭৭ জন নিহত হয়েছে।

এ চারদিনে ৫২৭ জন আহত হয় বলেও খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরা লিখেছে, বৃহস্পতিবারই অন্তত আটজন নিহত হয়েছে, যার মধ্যে এক পরিবারের চারজন আছেন।


 

05 Mar 2026, 04:49 PM

ইরাকে তেলবাহী জাহাজে হামলা

ইরাকের খোর আল-জুবাইর বন্দরে বাহামা পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে একটি নৌযান হামলার শিকার হয়েছে। এতে জাহাজটির ক্ষতি হয়েছে এবং তেল ছড়িয়ে পড়েছে।

05 Mar 2026, 04:42 PM

ইরান অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি: রাশিয়া

ইরানের কাছ থেকে অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ না পাওয়ার কথা জানিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এক সাংবাদিক জানতে চান, মস্কো কি ইরানকে অস্ত্রসহ সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে? 

জবাবে পেসকভ বলেন, “এক্ষেত্রে ইরানের তরফ থেকে কোনো অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।”

ইরান গত বছর রাশিয়ার সঙ্গে ২০ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে।

ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরে দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেইন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে ইরান।

05 Mar 2026, 04:24 PM

সত্তরের বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি বাহরাইনের

বাহরাইনের রাজধানী মানামা গত ছয় দিন ধরে বারবার আক্রমণের শিকার হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, এসব হামলায় ৭৫টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং ১২৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইনস্টাগ্রাম পোস্টে বলছে, “ইরানের নিকৃষ্ট সন্ত্রাসী হামলার ধারাবাহিক ঢেউ প্রতিহত করে যাচ্ছে।”

জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

05 Mar 2026, 04:15 PM

লেবাননে আরও ২ জন নিহত

দক্ষিণ লেবাননের জাহলে শহরের কাছে মহাসড়কে একটি গাড়িতে হামলায় দুজন নিহত হয়েছে। এতে করে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
 

05 Mar 2026, 03:26 PM

হুতিরা কখন যুদ্ধে যোগ দিতে পারে?

ইয়েমেনের হুতি আন্দোলন আগে হোক বা পরে হোক তেহরানের সমর্থনে যুদ্ধে নামবে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু জড়ালে কখন আর কী মাত্রায় যুক্ত হবে নির্ভর করছে ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ কোন দিকে মোড় নেয় তার ওপর।

পর্যবেক্ষকদের মতে, যদি হুতিরা সিদ্ধান্ত নেয় তাদের প্রধান সমর্থনদাতা ইরান পিছিয়ে পড়ছে বা অস্তিত্বের হুমকির মুখে পড়েছে তাহলে সম্ভবত তারা এ সামরিক সংঘাতে জড়াবে।

এডেন আল-গাদ সংবাদপত্রের সম্পাদক ফাতেহি বিন লাজরেক মিডল ইস্ট আইকে বলেছেন, “হুতিরা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আর ইরান যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। তারা যদি স্থির হয়ে যে এটি ইরানের শাসনের জন্য অস্তিত্বগত হুমকি, তাহলে তারা এই যুদ্ধে পুরোপুরি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবে।”

শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর প্রথম বক্তব্যে হুতি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুতি অস্বাভাবিক সংযত স্বরে কথা বলেন, নিজ ভাষণের জ্বালাময়ী ধরন এড়িয়ে যান। তেহরানের প্রতি জোরালো সর্মথন জানালেও স্পষ্টভাবে সামরিক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি থেকে বিরত থাকেন।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার কথা ঘোষণার পর হুতি ফের তুলনামূলক সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান। এ সময়ও সামরিক পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকেন তিনি।

হুতিরা নিজেদের ‘প্রতিরোধের অক্ষ’ নামে পরিচিত একটি জোটের অংশ হিসেবে দেখে। এটি ইরানপন্থি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট। এই জোটে আছে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইরাকের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। বিদ্রোহীদের হাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হওয়ার আগ পর্যন্ত সিরিয়াও এই জোটের অংশ ছিল।

এর প্রতিপক্ষরা দীর্ঘ দিন ধরে হুতি আন্দোলনকে ইরানের ছায়া বাহিনী হিসেবে বিবেচনা করে আসছে। তেহরানের কাছ থেকে পাওয়া ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক উপদেষ্টা সমর্থন হুতিদের সক্ষমতা বহুলাংশে বাড়িয়ে তুলেছে।

05 Mar 2026, 03:23 PM

ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট ১২০ ঘণ্টা ছাড়িয়েছে

সাইবার নিরাপত্তা নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন এখন পঞ্চম দিনে প্রবেশ করেছে। সাধারণ সময়ের তুলনায় সেখানে ইন্টারনেট ব্যবহার এখন ১ শতাংশের কাছাকাছি রয়েছে।

 

05 Mar 2026, 01:49 PM

‘এই যুদ্ধ কতোদিন চলবে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না,’ ইরানি জেনারেল

লক্ষ্য পূরণ এবং যুক্তরাষ্ট্রের ওপর তীব্র আঘাত না হানা পর্যন্ত ইরান ‘এই যুদ্ধ ত্যাগ করবে না’ বলে জানিয়েছেন দেশটির জেনারেল কিওমারস হেইদারি।  

খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের ডেপুটি কমান্ডার হেইদারি ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিমকে বলেন, “এই যুদ্ধ কতোদিন চলবে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আট বছরের এক যুদ্ধের অভিজ্ঞতা আমাদের আছে আর এই যুদ্ধ আমরা তখনই শেষ করব, যখন আমাদের লক্ষ্যগুলো অর্জন করব এবং শত্রুকে তার লজ্জাজনক কাজের জন্য অনুশোচনা ও হতাশায় ডুবিয়ে দিতে পারব।”

05 Mar 2026, 01:45 PM

মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির

উত্তর উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে আঘাত হানার দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি)। 

তারা বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ‘পার হতে দেওয়া হবে না’।

হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, “তাদের দেখা গেলে অবশ্যই আঘাত করা হবে।”

তারা এও বলেছে, “আমরা আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক আইন ও প্রস্তাব অনুযাযী যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচল নিয়ন্ত্রণের অধিকার রাখে।”

05 Mar 2026, 01:25 PM

ইরানের ১০৫ বেসামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু হয়েছে: রেড ক্রিসেন্ট

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা শনিবার থেকে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ১৩৩২টি হামলার ঘটনা রেকর্ড করেছে। ৬৩৬টি অবস্থানে এসব হামলা চালানো হয়। এরমধ্যে অন্তত ১০৫টি স্থাপনা ছিল বেসামরিক।  

এসব বেসামরিক স্থাপনার মধ্যে ১৪টি মেডিকেল অবকাঠামো ও রেড ক্রিসেন্টের সাতটি ভবনও আছে। এ পর্যন্ত ইরানের ১৭৪টি শহরে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তারা।

05 Mar 2026, 01:14 PM

পানি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানাল ইরান

ইরানের জ্বালানিমন্ত্রী আব্বাস আলিবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশের বিভিন্ন অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে তিনি জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে মেরামত কাজ অব্যাহত আছে। 

জনগণকে তাদের বিদ্যুৎ ও পানি ব্যবহারের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

05 Mar 2026, 01:06 PM

আবার বৈরুতে হামলা ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতে তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নগরীর দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হামলাগুলো চালানো হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী এ হামলার দায় স্বীকার করে বলেছে, তারা ‘হিজবুল্লাহর অবকাঠামোতে’ হামলা শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

যে এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার কোনো আগাম ঘোষণা ছাড়াই হামলাগুলো চালানো হয়।

05 Mar 2026, 01:04 PM

ট্রাম্পের যুদ্ধের লাগাম নিতে আনা প্রস্তাব সেনেটে আটকাল রিপাবলিকানরা

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, তার লাগাম হাতে নিতে আনা একটি প্রস্তাব পদ্ধতিগত ভোটের পর্যায়েই খারিজ করে দিয়েছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বাধীন উচ্চকক্ষ সেনেট।

যুদ্ধের নিয়ন্ত্রণ কংগ্রেসের হাতে নিতে আনা এ প্রস্তাবটি বুধবার ৪৭-৫২ ভোটে খারিজ হয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, আল জাজিরা।

একজন বাদে রিপাবলিকানরা সবাই প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন, সঙ্গে পেয়েছেন এক ডেমোক্র্যাটকে।

এর ফলে ট্রাম্পের সামরিক আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে আনার চেষ্টা যেমন ব্যর্থতায় পর্যবসিত হল, তেমনি রিপাবলিকান আইনপ্রণেতারাও যে ইরান যুদ্ধে প্রেসিডেন্টকেই সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন- তা স্পষ্ট হল।

পৃথক একটি প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। তবে সেটিও সংখ্যাগরিষ্ঠতার বাধা টপকাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

05 Mar 2026, 11:44 AM

ওমান অয়েলের ট্যাংক ক্ষতিগ্রস্ত

ওমান অয়েল মার্কেটিং কোম্পানি জানিয়েছে, একটি ঘটনায় তাদের একটি জ্বালানি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক মূল্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বলে জানানো হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে কোম্পানি জানিয়েছে।

05 Mar 2026, 11:40 AM

ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারকে নিশানা করছে যুক্তরাষ্ট্র

ইরানের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে ‘নির্মূল’ করতে মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

এক্স পোস্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হুমকি তারা খুঁজে বের করছেন এবং ধ্বংস করছেন।

সেন্টকম প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যেসবকে মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র বলে দাবি করেছে, সেগুলো ধ্বংস করছে।

05 Mar 2026, 11:18 AM

উত্তর লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ২

উত্তর লেবাননের ত্রিপোলির কাছে অবস্থিত বেদ্দাউই শরণার্থী শিবিরে ইসরায়েল হামলা চালিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত দুজন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
 

05 Mar 2026, 11:07 AM

খামেনির বিদায় অনুষ্ঠান কেন স্থগিত করেছে ইরান?

আল জাজিরা লিখেছে, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে।

প্রথমত, বর্তমানে ধারাবাহিক হামলার পরিস্থিতি চলছে। অনেক ইরানি আশঙ্কা করছেন, যেকোনো বড় অনুষ্ঠান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

এছাড়া ইরান নেতৃত্ব নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় রয়েছে। এ জন্য সংবিধান অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তবে এত দ্রুত নিয়োগ হবে বলে মনে করা হচ্ছে না।

নতুন নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিশেষজ্ঞ পরিষদের একজন সদস্য বলেছেন, প্রয়োজনীয় পরামর্শ ও আলোচনার জন্য সময় দরকার।

এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সর্বোচ্চ নেতা বিপুল ক্ষমতা ও কর্তৃত্ব ধারণ করেন। যিনি এই পদে আসীন হবেন, তিনিই দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই কারণে নিয়োগ প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় নেওয়া হচ্ছে।

ইরানের সংবিধান অনুযায়ী যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত, তবে দেশের বর্তমান অনিশ্চয়তার কারণে ঠিক কত দ্রুত তা স্পষ্ট নয়। 

মার্কিন-ইসরায়েলি হামলায় গত শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

05 Mar 2026, 09:59 AM

বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে এশিয়ার শেয়ারবাজারে বড় পতনের যে ধারা দেখা গিয়েছে, তা থেকে বৃহস্পতিবার সকালে বাজার ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার কসপি সূচক প্রাথমিক লেনদেনে ১০ শতাংশ বেড়েছে। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় এই সূচক ১২ শতাংশ কমে গিয়েছিল, যা কয়েক দশকের মধ্যে অন্যতম বড় পতন।

সেদিন কসপি ৮ শতাংশের বেশি নেমে যাওয়ার পর ‘সার্কিট ব্রেকার’র কারণে লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। আতঙ্কজনিত বিক্রি ঠেকাতে এই ব্যবস্থা চালু করা হয়েছিল।

জাপানের নিক্কেই ২২৫ সূচকও সকালে ৪ শতাংশ বেড়েছে, যদিও বুধবার লেনদেন শেষে সূচক কমেছিল ৩ দশমিক ৬ শতাংশ।

দুই দেশই মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করে। ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি দেওয়ার পর সেখানে তেল পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে।

বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ এই জলপথ দিয়ে পরিবহন হয়।

05 Mar 2026, 09:40 AM

১৯তম পর্বের হামলায় ইরান

তাসনিম নিউজ লিখেছে, ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি) সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান শুরু করেছে, যা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

গত শনিবার মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান।
 

05 Mar 2026, 09:31 AM

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ টাইরের আল শাহাবিয়া জেলায় একটি বাড়িতে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। একইসঙ্গে বৈরুতের দক্ষিণ উপশহর এলাকাতেও হামলা হয়েছে।

সংস্থাটি জানায়, বৈরুতে লক্ষ্যবস্তু করা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঘোবেইরি, হারেত হ্রেইক এবং বীর আল-আবেদ।

আল জাজিরা জানিয়েছে, গত এক ঘণ্টায় নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েল দাবি করে আসছে যে নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর শক্ত উপস্থিতি রয়েছে এবং সে কারণেই তারা বারবার ওই এলাকায় বোমাবর্ষণ করছে। সোমবার থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

05 Mar 2026, 09:22 AM

দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় নিহত ৩

লেবানিজ ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, কালিলা শহরের কাছে টাইর-নাকৌরা সড়কে একটি ড্রোন হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।
 

05 Mar 2026, 01:52 AM

যুক্তরাষ্ট্রকে সহায়তায় রাজি হওয়ার কথা অস্বীকার স্পেনের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দিতে স্পেন রাজি হয়েছে— ওয়াশিংটনের এমন দাবি অস্বীকার করেছে মাদ্রিদ। 

তারা বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে স্পেন কোনো সহযোগিতা করবে না।

এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন, ট্রাম্প মাদ্রিদের সাথে বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ার পর স্পেন ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযানে সহযোগিতা করতে রাজি হয়েছে।
 

05 Mar 2026, 01:32 AM

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছে ১ লাখ মানুষ: জাতিসংঘ

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রথম দুই দিনে প্রায় এক লাখ মানুষের তেহরান ছেড়ে যাওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআরের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সর্বশেষ পরিস্থিত সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, “আফগানিস্তান সীমান্ত দিয়ে দেশ ছাড়ার হার বেড়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

05 Mar 2026, 01:19 AM

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে স্পেন: হোয়াইট হাউস

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দিতে স্পেনের রাজি হওয়ার কথা বলেছে হোয়াইট হাউজ। 

সহায়তা না পেলে দেশটির সঙ্গে ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়ার পর হোয়াইট হাউসের তরফে এমন বক্তব্য এল। 
তবে এ বিষয়ে স্পেন সরকারের তাৎক্ষণিক বক্তব্য পায়নি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “আমার মনে হয়, প্রেসিডেন্টের গতকালের বার্তাটি স্পেন স্পষ্ট শুনতে পেয়েছে।

“গত কয়েক ঘণ্টায় তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছে বলে জানতে পেরেছি।”

ট্রাম্পের হুমকির আগের দিন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বলেন, জাতিসংঘ সনদের বাইরে গিয়ে তারা কোনো হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।

05 Mar 2026, 01:02 AM

‘ইরানে ক্ষমতা নেওয়ার মতো বিরোধী শক্তি নেই’

ইরানে হামলা চালিয়ে দেশটির শাসক গোষ্ঠীকে উৎখাত করা যাবে, ট্রাম্প প্রশাসনের এমন ধারণাকে বিশ্বাসযোগ্য মনে করছেন না কোনো কোনো বিশ্লেষক। 

ম্যালকম এইচ কের কার্নেগি মিডল ইস্ট সেন্টারের পরিচালক মাহা ইয়াহইয়া বলেন, “ইরানের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব নেবে, এমন কোনো সংগঠিত বিরোধী শক্তি দেশটিতে নেই।

“বরং সেখানকার বিভিন্ন জাতিগোষ্ঠী, রাজনৈতিক কাঠামো ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতাটা ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
আল জাজিরাকে তিনি বলেন, বর্তমানে ঘোষিত একমাত্র বিরোধী নেতা হলেন সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলাভির ছেলে, যিনি দেশের বাইরে অবস্থান করছেন। 

“আর কুর্দি নেতৃত্বাধীন কোনো গণঅভ্যুত্থান ঘটতে পারে— এমন হিসাব একেবারেই ভ্রান্ত।”

ইয়াহইয়ার মতে, সামনের দিনগুলোতে অভ্যন্তরণী দ্বন্দ্ব আর বিশৃঙ্খলাই বেশি দেখা যাবে। 

“সংঘাতের পর যে তেহরান থাকবে, তা ভিন্নমতালম্বীদের ওপর আরো বেশি দমনপীড়ন চালাতে পারে।”

ইয়াহইয়া বলেন, “আগামীকালও যদি সেখানে যুদ্ধ বন্ধ হয়ে যায়, তারপরও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নাজুকই থাকবে।”
 

05 Mar 2026, 12:32 AM

ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ অভিযান শুরু করার সময় তাদের মূল লক্ষ্য ছিল তেহরানের শাসনব্যবস্থা দ্রুত পরিবর্তন করা।

এই লক্ষ্য হয়ত এখন কাগজে-কলমে আছে। তবে ওয়াশিংটন থেকে আসা সাম্প্রতিক সব বার্তায় যে ইঙ্গিত মিলছে তাতে দেখা যাচ্ছে, আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসে এখন নতুন করে হিসাব-নিকাশ করতে হচ্ছে তাদেরকে।

মাঠ পর্যায়ের পরিস্থিতিতে দেখা যাচ্ছে, এই অভিযানের ফলে ইরানের ভেতরে শাসনব্যবস্থার পতনের জন্য যে জনরোষ বা অস্থিরতা তৈরি হবে বলে ধারণা করা হয়েছিল, তেমনটি ঘটেনি।

উল্টো চার দিনে গড়ানো যুদ্ধ গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামি শাসনব্যবস্থাও স্থিতিশীল আছে, এমনকি ইরান শত্রুপক্ষের বিভিন্ন অবস্থানে পাল্টা আঘাতও হেনে যাচ্ছে।

এ পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পুরোনো হিসাব নতুন করে মেলাতে বাধ্য হচ্ছে। বিশেষ করে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন এবং তেহরানের আলোচনার প্রস্তাব মানার সম্ভাবনা নিয়ে তাদের আগের ধারণা এখন আর খাটছে না।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হামলায় নিহত হওয়ার পর ইরানও আলোচনার কোনও সম্ভাবনা দেখছে না। তাছাড়া, আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় ইরানের প্রতিক্রিয়া অনেকটা শীতল।

05 Mar 2026, 12:25 AM

সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ছোড়া ড্রোন ইরান থেকে আসেনি: যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত সোমবার সাইপ্রাসে তাদের র‌য়্যাল এয়ার ফোর্সের আক্রোতিরি ঘাঁটিতে ছোড়া ড্রোনটি ইরান থেকে আসেনি। তবে কারা এই ড্রোন ছুড়েছে, সে বিষয়ে তারা কিছু বলেনি। 
সাইপ্রাসের উপকূলীয় লিমাসোল শহরের দক্ষিণ-পশ্চিমে এ ঘাঁটির অবস্থান। ১৯৬০ সালে সাইপ্রাসের স্বাধীনতার পরও দেশটিতে যে দুটি ব্রিটিশ ঘাঁটি থেকে গেছে, এটি তার একটি। 
এই সামরিক স্থাপনায় বিমান বাহিনীর কার্যক্রমের পাশাপাশি কর্মরত সদস্যদের পরিবারও বসবাস করে।

05 Mar 2026, 12:11 AM

সিরিয়ায় গিয়ে পড়ল ইরান যুদ্ধের ক্ষেপণাস্ত্র

04 Mar 2026, 11:56 PM

মধ্যপ্রাচ্য থেকে সাড়ে ১৭ হাজার মার্কিনি দেশে ফিরেছেন

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৫০০ এরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা ডিলান জনসন বলেছেন, শুধু মঙ্গলবারেই ৮ হাজার ৫০০ এর বেশি মানুষ দেশে ফিরেছেন।
সূত্র: আল জাজিরা।

04 Mar 2026, 11:44 PM

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিল ইরান

লেবাননে অবস্থিত তেহরানের মিশনে ইসরায়েল কোনো হামলা চালালে বিশ্বজুড়ে ইসরায়েলি মিশনগুলোকেও লক্ষ্যবস্তু করবে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি বলেছেন, “ইসরায়েল যদি সেরকম অপরাধ করে, তবে আমরা সারা বিশ্বের সমস্ত ইসরায়েলি দূতাবাসকেও বৈধ লক্ষ্যবস্তু বানাতে বাধ্য হব।”

গতকাল ইসরায়েলি সামরিক বাহিনীর আরবিভাষী মুখপাত্র আভিচায় আদ্রায়ি এক সতর্কবার্তায় বলেন, “লেবাননে অবস্থানরত ইরানি ‘সন্ত্রাসী শাসনের’ প্রতিনিধিদের অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্য সতর্ক করা হচ্ছে “

তিনি তাদের সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।

04 Mar 2026, 10:50 PM

ইরানি ‘২০টির বেশি’ জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী ২০টিরও বেশি ইরানি জাহাজে আঘাত হেনেছে অথবা ডুবিয়ে দিয়েছে।

রয়টার্স লিখেছে, এর আগে তাদের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করেছে বলে খবর দেওয়া হয়েছিল। এখন সেই সংখ্যা দাঁড়ালে ২০টিতে।

04 Mar 2026, 10:40 PM

ইরানের দাবি মানছে না কাতার

ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা বললেও সেটি মানছে না কাতার।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানিকে বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে চালিয়েছে, কাতারের বিরুদ্ধে নয়।

এ দাবি প্রত্যাখ্যান করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি কাতারের প্রধানমন্ত্রীও।

আব্দুল রহমান আল-থানি ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, কাতার যেকোনো আগ্রাসন মোকাবিলা করবে এবং তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। দোহা সবসময় সদিচ্ছার সঙ্গে সংলাপ  ও কূটনীতির পথেই রয়েছে।

04 Mar 2026, 10:30 PM

লেবাননের গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী: জাতিসংঘ

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বিবিসিকে বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘ব্লু লাইন’ সংলগ্ন লেবাননের বেশ কয়েকটি গ্রামে প্রবেশ করেছে।

‘ব্লু লাইন’ হল জাতিসংঘ নির্ধারিত লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমানা।
 

04 Mar 2026, 10:23 PM

বৈরুতে হিজবুল্লাহকে নিশানা করে হামলার ভিডিও

04 Mar 2026, 10:19 PM

ইরানের সব নিরাপত্তা সংস্থার দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা পূর্ব তেহরানে রেভল্যুশনারি গার্ডস, বাসিজ মিলিশিয়া, গোয়েন্দা সংস্থা ও সাইবার ওয়ারফেয়ারের সদর দপ্তর নিশানা করে হামলা চালিয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানের এক হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। রাজধানী তেহরান ছেড়ে চলে গেছেন বেশিরভাগ বাসিন্দা।

04 Mar 2026, 10:18 PM

ইরান-তুরস্ক সীমান্তে উড়ছে কালো পতাকা

তুরস্কের প্রবেশমুখে ইরানের রাজি সীমান্ত ক্রসিংয়ে দেশটির জাতীয় পতাকার পরিবর্তে উড়ছে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক হিসেবে কালো পতাকা উঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি
 

04 Mar 2026, 10:07 PM

সিরিয়ার কৃষি জমিতে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র

তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি শহর এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র পড়েছে। স্থানীয় মানুষ  কাছে গিয়ে সেটি দেখছেন।

ক্ষেপণাস্ত্রটি ঠিক কখন সেখানে পড়েছে, সেটি নিশ্চিত নয়। তবে এর আগে তুরস্ক বলেছিল, তাদের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ইরানি ক্ষেপণাস্ত্র নেটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

04 Mar 2026, 09:56 PM

তেহরান ছেড়েছেন বেশিরভাগ বাসিন্দা

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা এক হাজার পার হয়েছে। প্রায় ৫ হাজার মানুষ আহত হয়েছেন।

আল জাজিরা লিখেছে, এই যুদ্ধে ইরানকে চড়া মূল্য দিতে হচ্ছে। দেশটিতে দফায় দফায় হামলা চালানো হয়েছে। তেহরানের প্রায় তিন-চতুর্থাংশ বাসিন্দা শহর ছেড়ে চলে গেছেন।


 

04 Mar 2026, 09:49 PM

ইস্পাহানের আশপাশে ক্ষতি হলেও বিকিরণের ঝুঁকি নেই: আইএইএ

ইরানের ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রের কাছে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও সেখানে বিকিরণের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে আইএইএ।

স্যাটেলাইট চিত্রের বরাতে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি বলেছে, সেখানে পারমাণবিক রসদ থাকা স্থাপনাগুলোয় ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন নেই এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকিও নেই।

এক্স হ্যান্ডেলে এক পোস্টে আইএইএ বলেছে, হামলার শিকার হওয়া ইরানের নাতাঞ্জ ও বুশেহরসহ অন্যান্য কেন্দ্রেও নতুন করে ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।

04 Mar 2026, 09:46 PM

ইরান বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে: আমিরাত

ইরান থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার কথা বলেছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “ইরান একগুচ্ছ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আমিরাতের প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ক্ষেপণাস্ত্রগুলো মোকাবেলার জন্য কাজ করছে।”

সূত্র: আল জাজিরা

04 Mar 2026, 09:33 PM

ইরানের যুদ্ধজাহাজে হামলার ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন

04 Mar 2026, 09:29 PM

নতুন দফায় ধেয়ে আসছে ইরানের মিসাইল: ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন দফায় ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।

ইসরায়েলের ‘হোম ফ্রন্ট কমান্ড’ নাগরিকদের মোবাইল ফোনগুলোতে সরাসরি আগাম সতর্কবার্তাও পাঠিয়েছে।

04 Mar 2026, 09:22 PM

ইরানের হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে ঢুকছেন ইসরায়েলিরা

04 Mar 2026, 09:18 PM

সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল ৬ মার্চ পর্যন্ত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আম্মান, কুয়েত, আবুধাবি, দুবাই, দোহা, বাহরাইন, মস্কো ও পেশোয়ার রুটে ফ্লাইট বাতিলের সময়সীমা ৬ মার্চ বাড়িয়েছে সৌদি এয়ারলাইন্স।

সেদিন রাত ১২টার ৫৯ পর্যন্ত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত থাকবে।

04 Mar 2026, 09:12 PM

জেরুজালেমে বিস্ফোরণের শব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করার পর জেরুজালেমের আকাশে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আল জাজিরা লিখেছে, এএফপির সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এর আগে এক দফা সাইরেন বাজায় ইসরায়েলি সামরিক বাহিনী।

04 Mar 2026, 09:02 PM

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা কি বৈধ?

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানে এক হাজারের বেশি নিশানায় হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

হামলার বৈধতা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে। কানাডা এরই মধ্যে হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে,বর্তমান সংঘাতের সূচনা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই প্রাথমিকভাবে মনে করছে তারা।

সমালোচকদের মতে, এই হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং এ হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নিচে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আইনি দিকগুলো তুলে ধরা হল:

ট্রাম্প কী বলেছেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে হামলার পক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছেন। তার দাবি, ইরান আগে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। যুক্তরাষ্ট্র, বিদেশে তাদের সামরিক ঘাঁটি এবং মিত্রদের জন্য সেই আসন্ন হুমকি ঠেকাতেই তিনি ইরানে হামলা চালিয়েছেন।

তবে এই দাবির পক্ষে তিনি বিস্তারিত কোনও তথ্য দেননি। কিছু ক্ষেত্রে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনও তার বক্তব্যের সপক্ষে যায়নি।

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান এক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। কিন্তু একথার পক্ষে তিনি কোনও প্রমাণ দেননি।

আবার এর আগে গত জুনে ট্রাম্পই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করে দিয়েছে। সুতরাং তার বর্তমান বক্তব্যের সঙ্গে আগের দাবির অসঙ্গতি লক্ষ্যণীয়।

প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা কতটুকু?

আইন বিশেষজ্ঞদের মতে, ইরানে হামলা চালিয়ে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা পেরিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তিনি পররাষ্ট্র সম্পর্ক পরিচালনা করেন।

তবে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের আছে। অতীতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট- উভয় দলের প্রেসিডেন্টই জাতীয় স্বার্থের কথা বলে কংগ্রেসের অনুমতি ছাড়াই সীমিত পরিসরে সামরিক হামলা চালিয়েছেন। সেই হামলা সময় ও পরিসরের দিক থেকে পূর্ণ যুদ্ধের মতো ছিল না।

কিন্তু ট্রাম্প যুদ্ধের ক্ষেত্রে এই সীমাকে হয়ত পরীক্ষায় ফেলবেন। ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দুজনই এই অভিযানকে ‘যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন।

হেগসেথ এ যুদ্ধকে ‘ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী, জটিল এবং নিখুঁত আকাশ অভিযান’ বলেও অভিহিত করেছেন।

ওদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই অভিযান পাঁচ সপ্তাহ বা তারও বেশি সময় চলতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রের আরও সেনা হতাহতের সম্ভাবনা আছে।

এর আগে বড় সামরিক অভিযানগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদন দিয়েছিল।

যেমন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় ২০০১ সালে আফগানিস্তানে এবং ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময়।

‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ কী?

১৯৭৩ সালে পাস হওয়া ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ (ডব্লিউপিআর) প্রেসিডেন্টের সামরিক ক্ষমতার রাশ টেনে ধরতে কাজ করে।

এই আইনের অধীনে প্রেসিডেন্ট কেবল তখনই সেনাবাহিনীকে সশস্ত্র সংঘাতে জড়াতে পারেন যদি কংগ্রেস যুদ্ধ ঘোষণা করে কিংবা এর জন্য নির্দিষ্ট কোনও এখতিয়ার দেয়।

তাছাড়া, যুক্তরাষ্ট্রের ভূখণ্ড কিংবা সেনাবাহিনীর ওপর হামলা হলে এর জবাবে এমন পদক্ষেপ নেওয়া যায়।

আইন অনুযায়ী, প্রেসিডেন্টকে নিয়মিত কংগ্রেসকে সামরিক অভিযানের বিষয়ে প্রতিবেদন দিতে হয়। ট্রাম্প প্রশাসন সোমবার থেকে ইরানে হামলা বিষয়ে কংগ্রেসকে অবহিত করতে শুরু করেছে।

তাছাড়া, ওয়ার পাওয়ারস আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমতি ছাড়া শুরু হওয়া কোনও সামরিক অভিযান ৬০ দিনের মধ্যে শেষ করতে হয়, যদি না কংগ্রেস সেই সময়সীমা বাড়ায়।

এই আইনে কংগ্রেস চাইলে প্রস্তাব এনে সামরিক বাহিনী প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়াও শুরু করতে পারে। উভয় দলের আইনপ্রণেতারা এমন একটি প্রস্তাব এ সপ্তাহে ভোটে তোলার পরিকল্পনার কথা বলেছেন।

তবে ট্রাম্পের ভেটো ক্ষমতার কারণে এমন প্রস্তাব পাসের জন্য কংগ্রেসে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হতে পারে।

অনেক আইন বিশেষজ্ঞের মতে, শেষ পর্যন্ত জনমতই ট্রাম্পের এই অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতার রাশ টেনে ধরতে প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক আইন কী বলে?

বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘ সনদের আওতায় অনেক দেশই ইরানে হামলাকে অন্যায় হিসাবেই গণ্য করবে। কারণ, জাতিসংঘ সনদ অনুযায়ী, এক সদস্য দেশ অন্য দেশগুলোর ওপর শক্তি প্রয়োগ করতে পারে না কিংবা শক্তি প্রয়োগের হুমকি দিতে পারে না।

এর কেবল দুটি ব্যতিক্রম আছে- যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমতি দেয় অথবা যদি দেশটি আত্মরক্ষার জন্য হামলা করে। ইরানে হামলার ক্ষেত্রে কোনোটিই খাটছে না।

তবে আন্তর্জাতিক আইনে সম্ভাব্য হামলার আগেই আত্মরক্ষামূলক হামলার (প্রি-এম্পটিভ সেলফ ডিফেন্স) একটি ধারণা রয়েছে।

সেটি হল: যদি কোনও দেশ প্রমাণ করতে পারে যে, তার ওপর আসন্ন ও ভয়াবহ হামলা হতে চলেছে, তাহলে সেই হামলা ঠেকাতে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার যুক্তি দাঁড় করানো যেতে পারে।

এদিক থেকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বৈধ হত, যদি তারা প্রমাণ দিতে পারত যে তাদের ওপর ভয়াবহ হামলা আসন্ন।

অন্যদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা থাকায় তারা অনেকটাই সুরক্ষিত। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে এখনও এর মূল্য দিতে হতে পারে।

এই সংঘাতের যথেষ্ট ন্যায্যতা নেই উল্লেখ করে যুক্তরাজ্য ও স্পেন তাদের সামরিক ঘাঁটি সীমিত পরিসরে ব্যবহার করতে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে।

যুক্তরাষ্ট্রের যুদ্ধ আইনে খামেনিকে হত্যা করা কি বৈধ?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যা বৈধ কিনা সেটি স্পষ্ট নয় বলেই মত আইনি বিশেষজ্ঞদের।

কারণ, কয়েকটি খবরে যে তথ্য উঠে এসেছে তাতে বলা হচ্ছে যে, খামেনির ওপর আসলে হামলা চালিয়েছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্র খামেনি সম্পর্কিত গোয়েন্দা তথ্য এবং আভিযানিক সহায়তা দিয়েছে ইসরায়েলকে।

১৯৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা বা তাদের হয়ে কাজ করা কাউকে হত্যাকাণ্ডে জড়িত হওয়া থেকে নিষিদ্ধ করেছিলেন। এই আদেশ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।

তবে আইন বিশেষজ্ঞদের মতে, কোনও রাষ্ট্র নেতাকে হত্যা করা শান্তিপূর্ণ সময়ে ‘অ্যাসাসিনেশন’ বা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হতে পারে, আবার সেই হত্যাকাণ্ডই সশস্ত্র সংঘাতের সময় যুদ্ধের বৈধ সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

খামেনির ক্ষেত্রে হত্যাকাণ্ডের বৈধতার বিষয়টি নির্ভর করবে দুটি বিষয়ের ওপর- এক. খামেনি নিহত হওয়ার সময় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল কিনা। দুই. খামেনিকে সামরিক নেতা হিসেবে বৈধ নিশানা বলে ধরা যায় কিনা সেটি।

04 Mar 2026, 08:55 PM

ইউক্রেইনের আকাশে ভয় ধরানো শাহেদ ড্রোন এবার মধ্যপ্রাচ্যেও রাজত্ব করবে?

কর্কশ শব্দের, ত্রিভুজাকৃতির ডানাবিশিষ্ট ৫০ হাজার ডলারের ইরানি শাহেদ ১৩৬ ড্রোন অনেকদিন ধরেই ইউক্রেইনের আকাশে রাজত্ব করে আসা এক অনাকাঙ্ক্ষিত মারণাস্ত্র।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের ভয় দেখাতে, যুদ্ধের কষ্টের বোঝার ভাগ নিতে তেহরানের চেষ্টার মধ্যে গত চার দিনে এই বিশেষ অস্ত্রই আছড়ে পড়েছে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ পুরো উপসাগরীয় অঞ্চলে।

বাইরাইনের এক ভিডিওতে দেখা যাচ্ছে, ত্রিভুজাকৃতির ডানাবিশিষ্ট একটি ড্রোন রাতে একটি বহুতল ভবনের দিকে উড়ে যাচ্ছে, ভবনে ভয়ঙ্কর আঘাত হানার আগে এর ইঞ্জিন থেকে ঘাস কাটার মেশিনের মতো কর্কশ শব্দও শোনা যায়; পরে বারান্দার জানালার ওপর জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়। সরাসরি আঘাত হানলে ওই অ্যাপার্টমেন্টটির টিকে থাকার সুযোগ ছিল না।

শনিবার তেহরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা শুরুর পর গত কয়েকদিনে ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে এ ধরনের হাজারো ড্রোন পাঠিয়েছে, যার সিংহভাগই এমন কমদামি শাহেদ ১৩৬ বলে মনে করছে গার্ডিয়ান।

সোমবার বিকালে সংযুক্ত আরব আমিরাত জানায়, ইরান তাদের দিকে ৬৮৯টি ড্রোন ছুড়েছিল, যার মধ্যে ৬৪৫টিকে তারা ভূপাতিত করতে পেরেছে। অর্থ্যাৎ, ৪৪টি বা নিক্ষিপ্ত ড্রোনের ৬ শতাংশের সামান্য বেশি লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।

সাড়ে তিন মিটার দৈর্ঘ্যের শাহেদ ১৩৬ ড্রোনের পাখার বিস্তার আড়াই মিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করলে এটি দামে অনেক সস্তা, বানাতেও কষ্ট কম হয়। ইরান সাধারণত বছরে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাতে পারে, অন্যদিকে এ ধরনের ‘কামিকাজি’ বা আত্মঘাতী ড্রোন বানাতে পারে দিনেই কয়েকশ। অর্থ্যাৎ, সামনের দিনগুলোতেও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতে এটাই ইরানের প্রধান হাতিয়ার হতে পারে।
বেশিরভাগ শাহেদ ১৩৬-ই তুলনামূলক ধীরগতিতে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। অবশ্য দ্রুতগতির ইঞ্জিনবিশিষ্ট শাহেদ ড্রোনের অন্য সংস্করণও ইউক্রেইনে দেখা গেছে। এগুলো ৫০ কেজির মতো বিস্ফোরক বহন করতে পারে। এ দিয়ে সুউচ্চ ভবনকে ধসিয়ে দেওয়া না গেলেও ব্যাপক ক্ষতি করা সম্ভব।

কিন্তু তাদের কর্কশ শব্দ, বিশাল বপু এবং শেষ মুহূর্তে খাড়া নেমে আসা সহজেই আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম।

বাহরাইনের আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, ত্রিভুজাকৃতি ডানার একটি ড্রোন মার্কিন পঞ্চম নৌবহর যে ঘাঁটিতে অবস্থিত তার ওপর দিয়ে অবাধে উড়ছে; এরপর সব বাধা সফলভাবে টপকে তীব্র গতিতে নিচে নেমে এসে সেটি একটি রেডারের গম্বুজ চূর্ণবিচূর্ণ করে দেয়।

কুয়েতে, সংযুক্ত আরব আমিরাতেও শাহেদ আঘাত হেনেছে। সাইপ্রাসে ব্রিটিশ বাহিনীর ঘাঁটিতে যে ড্রোনটি আঘাত হেনেছে সেটিকেও শাহেদ ১৩৬ বলা হচ্ছে।

এগুলোর পাল্লা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার, জটিল উড়ালপথ অতিক্রমে সক্ষম প্রোগ্রাম করে দেওয়া হয়, শত্রুপক্ষের রেডার এড়াতে এরা যতটা সম্ভব নিচ দিয়ে উড়ে যায়।

এগুলো সম্ভবত দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় বলে ইউক্রেইন যুদ্ধ থেকে আন্দাজ মিলছে; সেরকম হলে দূরে বসে থাকা চালক একেবারে শেষ মুহূর্তেও এর লক্ষ্য বদলে দিতে পারেন।

গত দশকের শেষদিকে ইরান এই শাহেদ ১৩৬ ড্রোনগুলো বানাতে সক্ষম হয়। প্রথম এর উপস্থিতি ধরা পড়ে ২০২১ সালের জুলাইতে, ইসরায়েলি মালিকানাধীন তেলের ট্যাংকার মের্সের স্ট্রিটে হামলায়। ওই হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ার নাগরিক নিহত হন।

সৌাদ আরবের আবকাইক ও খুরাইসে হামলায়ও এগুলো ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করেন।

তবে শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ রিসার্চ সেন্টারের বানানো এ ড্রোনগুলো বিশ্বব্যাপী পরিচিতি পায় ২০২২ সালে রাশিয়া ইউক্রেইন যুদ্ধে সেগুলো ব্যাপকভাবে ব্যবহার শুরু করার পর। শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ রিসার্চ সেন্টারটি ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) একটি শাখা প্রতিষ্ঠান।

রাশিয়া চাওয়ার পর ইরানে প্রথমে তাদেরকে বিপুল পরিমাণ এ ড্রোন রপ্তানি করেছিল; পরে তারা তাদের ড্রোনের নকশাই রাশিয়াকে দিয়ে দেয়, যা রাশিয়াকে ভোলগা নদীর তীরে ইয়েলাবুগাতে একটি কারখানায় বিপুল সংখ্যক সস্তা ড্রোন বানানোর সুযোগ করে দেয়।

ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ব্যস্ত রাখতে রাশিয়া সাধারণত ঝাঁক বেধে একসঙ্গে ৮০০টি পর্যন্ত শাহেদ ড্রোন এবং সামান্য পরিমাণ ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্রগুলো সহজে লক্ষ্যে পৌঁছাতে পারে।

কিন্তু এ সপ্তাহে উপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া একাধিক শাহেদ ড্রোনকে ঝাঁক বেধে যাওয়ার বদলে একলা একলা উড়তে ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা অতিক্রম করে লক্ষ্যে আঘাত হানতে দেখা গেছে।

ইউক্রেইনে শাহেদ ড্রোনকে স্থির নিশানায় আঘাত হানার ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হতে দেখা গেছে। যে কারণে রাশিয়া এগুলো দিয়ে ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোতে লাগাতার আঘাত হানতে পেরেছে। যার প্রভাবে শীতকালে অনেক এলাকায় লাখ লাখ মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থায় ঠাণ্ডায় দিন কাটাতে হয়েছে।

ইরানও সম্ভবত ওই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে সোমবার সকালে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় আঘাত হেনেছে। ড্রোনের আঘাতে আগুন ধরে যাওয়ার পর ওই শোধনাগার বন্ধ করে দিতে হয়। ধ্বংসক্ষমতা একই ধরনের হওয়ার পরও সেখানে আঘাত হানা ড্রোনটি শাহেদ কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরানই সেখানে হামলা চালিয়েছে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তেহরান সম্প্রতি বলেছে, উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে জড়াতে ইসরায়েলই বিভিন্ন তেল স্থাপনায় হামলা চালিয়ে ইরানকে দায় দেওয়ার চেষ্টা চালাচ্ছে।


 

04 Mar 2026, 08:52 PM

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় ৯০% কমে গেছে: বিবিসি

হরমুজ প্রণালী হয়ে জাহাজ চলাচল ক্রমাগত হ্রাস পাচ্ছে। গুরুত্বপূর্ণ এ জলপথটি অতিক্রম করার সময় অনেক গ্যাস ও তেলবাহী ট্যাঙ্কার ইরানি হামলার শিকার হওয়ার ঝুঁকি নিতেহ চাইছে না।

04 Mar 2026, 08:37 PM

ভারত মহাসাগরে ‘ইরানি জাহাজ’ ডুবে ৮০ জন নিহত: শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরে হামলায় ‘ইরানের নৌবাহিনীর জাহাজ’ ডুবে যাওয়ার যে খবর আসছে, তাতে ৮০ জনের প্রাণহানির কথা বলছেন শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় টেলিভিশনকে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন বলে রয়টার্স বার্তা সংস্থার বরাতে বিবিসি লিখেছে।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছিলেন, জাহাজের নথিপত্র অনুযায়ী সেটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী এর আগে নিশ্চিত করে, তারা ইরানি নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা’ থেকে একটি বিপদ সংকেত পাওয়ার পর তারা ৩২ জনকে উদ্ধার করে।

এখন যদি শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া পরিসংখ্যান সঠিক হয়, তবে আরও প্রায় ৬৮ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজ তারা ডুবিয়ে দিয়েছেন। একটি টর্পেডোর আঘাতে সেটি ডুবে গেছে।

ইরানি জাহাজটির নাম বলেননি হেগসেথ।

04 Mar 2026, 08:23 PM

ইরানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আইডিএফের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর এফ-৩৫ জেট ইরানের ওয়াইএকে-১৩০ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে।

 
 

04 Mar 2026, 08:17 PM

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন,  ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজ তারা ডুবিয়ে দিয়েছে। একটি টর্পেডোর আঘাতে সেটি ডুবে গেছে।

ইরানি জাহাজটির নাম বলেননি হেগসেথ। তবে এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী বলেছিল, ভারত মহাসাগরে আইআরআইএস ডেনা নামে একটি জাহাজ ডুবে গেছে। সেখানে থাকা প্রায় ১৪০ জন আরোহী নিখোঁজ রয়েছেন।
 

04 Mar 2026, 08:10 PM

যুদ্ধ তেলের সরবরাহে প্রভাব ফেলছে না: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বুধবার বলেছেন, ইরানের চলমান যুদ্ধে ইউরোপের তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটছে না। যদিও তেলের ক্রমবর্ধমান মূল্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, তেল বাজারের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সদস্য রাষ্ট্রগুলো আপাতত তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও করছে না।

সূত্র: রয়টার্স
 

04 Mar 2026, 08:04 PM

যুক্তরাজ্যকে ‘মাথা ঠান্ডা’ রাখতে হবে: স্টারমার

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তাদের এখন ‘মাথা ঠান্ডা রেখে’ কাজ করতে হবে।

পার্লামেন্টে তিনি বলেছেন, “আমাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে।”

স্টারমার এও বলেন, ওই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা এবং এফ-৩৫ জেটের মত সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়ে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে।

04 Mar 2026, 07:58 PM

লেবাননের দক্ষিণে হামলা ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে আরো এক দফা হামলা শুরু করেছে।

সারা দিন বিমান হামলার পাশাপাশি তারা স্থলবাহিনীকেও আরও ভেতরের দিকে এগিয়ে নিয়ে গেছে।

ইসরায়েলের হামলার ঘোষণার পর লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি দক্ষিণাঞ্চলীয় শহর খিয়ামে নতুন করে বিমান হামলার খবর জানিয়েছে।

04 Mar 2026, 07:53 PM

ট্রাম্পের হুমকির মধ্যে স্পেনের প্রতি পূর্ণ সংহতি জানালেন ইইউ প্রধান

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বন্ধের হুমকির মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কথা বলেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

এক্সে এক পোস্টে কস্তা লিখেছেন, “আমি এইমাত্র (সানচেজের সঙ্গে) ফোনে কথা বলেছি এবং স্পেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সংহতি প্রকাশ করেছি।

“ইইউ সবসময় তার সদস্য দেশগুলোর স্বার্থ পুরোপুরি রক্ষা নিশ্চিত করবে। এ জোট বিশ্বের সর্বত্র আন্তর্জাতিক আইনের নীতি ও নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।”

 ইরানে হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের  ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পা। স্পেনের সহযোগিতা না পেয়ে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন তিনি।

তবে জবাবে স্পেন সরকারও বলেছে, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবিলার সক্ষমতা তাদের আছে।
 

04 Mar 2026, 07:44 PM

ইরানে হামলার নিন্দা জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটির

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিটি।

‘ইউএন ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অন ইরান’ এক বিবৃতিতে বলেছে, “এই হামলাগুলো জাতিসংঘের সনদের পরিপন্থী, যে সনদ যেকোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করে।”

04 Mar 2026, 07:44 PM

যুদ্ধে ইসরায়েলের ক্ষতি হতে পারে সপ্তাহে ২৯৯ কোটি ডলার

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের অর্থনীতির ক্ষতি প্রতি সপ্তাহে ২৯৯ কোটি ডলারে পৌঁছাতে পারে।

ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। সূত্র: আল জাজিরা।

04 Mar 2026, 07:29 PM

প্রতিবেশী দেশগুলোতে কত হামলা চালিয়েছে ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর থেকে ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর শত শত হামলা চালিয়েছে।

চারটি উপসাগরীয় দেশ তাদের ওপর চালানো হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। দেশভিত্তিক হামলার সেই পরিসংখ্যান প্রকাশ করেছে রয়টার্স।

সংযুক্ত আরব আমিরাত
 
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১৮৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ১৭৫টি প্রতিহত করা হয়েছে। ১৩টি সমুদ্রে পড়েছে। একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

ড্রোন: ৯৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে। ৮৭৬টি প্রতিহত করা হয়েছে। ৬৫টি আমিরাতের ভূখণ্ডে পড়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্র: আটটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

কাতার
 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১০১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ৯৮টি প্রতিহত করা হয়েছে।

ড্রোন: ৩৯টি ড্রোন শনাক্ত করা হয়েছে। ২৪টি প্রতিহত করা হয়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্র: তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা হয়েছে।

বিমান: দুটি সুখোই এসইউ-২৪ বিমান শনাক্ত ও প্রতিহত করা হয়েছে।

বাহরাইন

ক্ষেপণাস্ত্র: ৭৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

ড্রোন: ৯১টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

কুয়েত

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১৭৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ ও প্রতিহত করা হয়েছে। 

ড্রোন: ৩৮৪টি ড্রোন পর্যবেক্ষণ ও প্রতিহত করা হয়েছে।

সৌদি আরব ও ওমানে হামলার তথ্য পাওয়া যায়নি।

04 Mar 2026, 07:12 PM

হরমুজ প্রণালীতে কন্টেইনারবাহী জাহাজে হামলা

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের উত্তরে হরমুজ প্রণালীতে একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

জাহাজটিতে আঘাতের পর জাহাজটির ইঞ্জিনরুমে আগুন ধরে যায়। 

হামলার ফলে হরমুজ প্রণালীতে পরিবেশগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

04 Mar 2026, 06:51 PM

তুরস্কেও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের লাগাতার হামলার মধ্যে এবার তাদের ক্ষেপণাস্ত্রের নিশানা হল তুরস্কও।

তবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক জোট নেটোর প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে বলে তুরস্ক জানিয়েছে।]

04 Mar 2026, 06:48 PM

ইরানে নিহত বেড়ে ১০৪৫

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পঞ্চম দিনে ইরানে নিহত বেড়ে ১ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইরানের গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে।

04 Mar 2026, 05:59 PM

ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’

ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হবে কি না, হলে কীভাবে করা হবে, সম্প্রতি এসব বিষয় নিয়ে ইরানি কুর্দি মিলিশিয়াদের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

বিষয়টি সম্পর্কে জানেন কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কর্মকর্তা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানি লক্ষ্যস্থলগুলোতে বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করার আশায় তাদের ওপর হামলা চালাতে প্রশিক্ষণ জোরদার করেছে দেশটির কুর্দি বিদ্রোহীদের জোট। ইরাকের আধাস্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরাক-ইরান সীমান্তে শিবির গেড়েছে তারা।

ওই কর্মকর্তাদের মধ্যে দুইজন জানিয়েছেন, শনিবার মার্কিন-ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি ও অন্য শীর্ষ নেতারা নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটির ইসলামিক শাসনের বিরুদ্ধে বিরোধীদের রুখে দাঁড়ানোর মতো জায়গা তৈরি করাই বিদ্রোহী কুর্দিদের হামলার লক্ষ্য হবে।

তবে এ অভিযান ও এর সম্ভাব্য সময় নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তারা।

তারা জানান, কুর্দিদের ওই জোট যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তার অনুরোধ করেছে আর ইরবিল ও বাগদাদের ইরাকি নেতারা সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সংস্পর্শে আছেন।

তাদের মধ্যে দুই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সিআইএ সহায়তায় অস্ত্র যোগান দেওয়ার বিষয়ে কথা হয়েছে।

কুর্দিদের এই জোটের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সংযুক্ততা ও সম্ভাব্য স্থল অভিযান নিয়ে প্রথম প্রতিবেদন করে সিএনএন। অ্যাক্সিওস চলতি সপ্তাহে জানিয়েছে, কুর্দিদের দুই শীর্ষ নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাদের একজন ডেমোক্র্যাটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (কেডিপিআিই) এর প্রেসিডেন্ট মুস্তাফা হিজরি।

এসব পরিকল্পনার বিষয়ে জ্ঞাত লোকজন সিএনএনকে জানিয়েছেন, ইরানে একটি জনপ্রিয় অভ্যুত্থান উস্কে দেওয়ার লক্ষ্য নিয়ে সিআইএ কুর্দি বাহিনীগুলোর সঙ্গে কাজ করছে।
 

04 Mar 2026, 05:40 PM

খামেনির স্মরণ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের।  

এর আগে জানানো হয়েছিল, বুধবার রাত ১০টায় তেহরানের গ্রান্ড মোসাল্লায় (প্রার্থনা ময়দান) তিন দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হবে। 

কিন্তু সেই অনুষ্ঠান স্থগিত করার কথা জানিয়ে বার্তা সংস্থা মেহের বলছে, জনসাধারণের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের বিভিন্ন প্রদেশ থেকে মানুষ শেষকৃত্যে যোগ দিতে তেহরানে আসতে চায়, কিন্তু ক্রমাগত হামলার মধ্যে তা কঠিন হয়ে উঠেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডও জানিয়েছে, স্মরণ অনুষ্ঠানটির আগেই মাশহাদ শহরে প্রয়াত নেতার শেষকৃত্যের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

04 Mar 2026, 05:24 PM

স্যাটেলাইট ছবিতে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা

04 Mar 2026, 05:24 PM

সৌদি আরামকোর রাস তানুরা শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরামকোর সবচেয়ে বড় রিফাইনারি রাস তানুরায় বুধবার আবারও একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে খবর এসেছে।

রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। গত সোমবার ড্রোন হামলার কারণে এই রিফাইনারি সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

সোমবারের জন্য ইরানকে দায়ী করা হলেও তেহরান তা অস্বীকার করে বলেছিল, তারা কেবল মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকেই নিশানা করছে। আরামকোতে ইরান হামলা করেনি, ইসরায়েল সেখানে ‘ছদ্মবেশী হামলা’ চালিয়েছে।

04 Mar 2026, 05:18 PM

ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কূটনীতি এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করা আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেছেন, ট্রাম্প এমন সময়ে হামলা করেছেন, যখন পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছিল।

এক এক্স পোস্টে আরাগচি লিখেছেন, “পরমাণু প্রকল্পের মত হটিল বিষয়ে আলোচনাকে যখন জমি কেনাবেচার মত করে দেখা হয়, বিরাট মিথ্যা দিয়ে যখন বাস্তবতাকে ঢেকে দেওয়া হয়, তখন অসম্ভব প্রত্যাশা কখনো পূরণ হতে পারে না। ফলাফল? ঘৃণা ছড়িয়ে আলোচনা টেবিলে বোমাবর্ষণ।”

04 Mar 2026, 05:10 PM

নতুন নেতা নির্বাচনের দ্বারপ্রান্তে ইরান: গার্ডিয়ান কাউন্সিল

ইরানের গার্ডিয়ান কাউন্সিল ও বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ আহমদ খাতামি বলেছেন তারা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরাধিকারী নির্বাচনের দিকে এগোচ্ছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে খাতামি বলেন, “যত দ্রুত সম্ভব সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে। আমরা সিদ্ধান্তের খুব কাছে পৌঁছেছি, তবে আমাদের দেশ এখন যুদ্ধের মধ্যে রয়েছে।”
এর আগে ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যমে খবর আসে, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তবে ইরান সরকারিভাবে এখনো সেরকম কোনো ঘোষণা দেয়নি। 

04 Mar 2026, 05:05 PM

ইরানে শিশু মৃত্যুর ঘটনায় জাতিসংঘের ‘গভীর উদ্বেগ’

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যে ইরানে একটি মেয়েদের স্কুলে বোমা ফেলে শিশু হত্যার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ কমিটি।

মার্কিন ও ইসরায়েলি হামলার প্রথম দিন শনিবার দক্ষিণ ইরানের মিনাবে শাজারেহ তাইয়্যেবে স্কুলে বোমা ফেলা হয়। 

জাতিসংঘের বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ১৬০ শিশুর মৃত্যু হয়েছে।
 

04 Mar 2026, 04:56 PM

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানি জাহাজে সাবমেরিন হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ

শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার পর অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলের কাছাকাছি শ্রীলঙ্কার নৌজাহাজ ও বিমান দিয়ে উদ্ধার অভিযান শুরু চলছে।
 

04 Mar 2026, 04:54 PM

ট্রাম্প ইরান যুদ্ধ প্রথম দিন থেকেই হেরে গিয়েছেন: সাবেক মার্কিন নৌ-গোয়েন্দা

04 Mar 2026, 04:53 PM

ইরানের ইস্পাহান প্রদেশে ইসরায়েলি হামলায় ৫ নিহত

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে বুধবার সকালে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নজফাবাদ, ফেরেইদান, মোবারাকে, আরান ও বিডগল, কাশান এবং শাহরেজা এলাকায় এই হামলায় অন্তত ১৫টি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

04 Mar 2026, 04:50 PM

স্পেন সরকার যুদ্ধের পক্ষে নয়: প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকার যুদ্ধের পক্ষে নয়।

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলাকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, স্পেনীয়রা এই সংঘাতের পক্ষে নয়।

সানচেজ বলেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন বিশ্বের নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করেছে। ইরানের সঙ্গে এবারের সংঘাত কোনো ‘ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা, সুস্থ পরিবেশ বা সাধারণ মানুষের জন্য উন্নত জীবন’ নিশ্চিত করবে না।

চলমান পরিস্থিতির দিকে ইংগিত করে স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, মানবজাতির বড় বিপর্যয় এভাবেই শুরু হয়।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোটি মানুষের ভবিষ্যত নিয়ে ‘রাশিয়ান রুলেট খেলা’ কোনো সরকারেরই উচিত নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানের ওপর হামলার জন্য মাদ্রিদের মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি না দিলে স্পেনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। 

তার ওই হুমকির জবাবে স্পেন সরকারের অবস্থান স্পষ্ট করলেন পেদ্রো সানচেজ।

04 Mar 2026, 04:49 PM

তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী

04 Mar 2026, 04:40 PM

ইরানকে ‘সমর্থন’ দেওয়ায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

চলমান যুদ্ধে ইরানকে সমর্থন করার অভিযোগে অধীকৃত পশ্চিম তীরের হেবরন থেকে চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। ইরানের প্রশংসা করে বক্তব্য দেওয়া, সহানুভূতি প্রকাশ, ‘সহিংস কর্মকাণ্ড উৎসাহিত করা’ এবং শত্রু সংস্থাকে সমর্থন বা যোগাযোগ স্থাপনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

ইসরায়েলি পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ্যে একজন ফিলিস্তিনি কর্তৃপক্ষের আইন উপদেষ্টা, যিনি ইরানের প্রয়াত নেতা খামেনির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়েছিলেন।

04 Mar 2026, 04:36 PM

ইরান থেকে সরানো হয়েছে ৪৭০ জনের বেশি চীনা নাগরিককে

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরান থেকে ৪৭০ জনের বেশি চীনা নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

মাও নিং আরও জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমার ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ বজায় রাখা প্রয়োজনএবং এর গুরুত্ব বিশ্ব বাণিজ্যের জন্য অপরিসীম।
 

04 Mar 2026, 04:33 PM

ইরানে হামলার বৈধতা নিয়ে প্রশ্ন কানাডার প্রধানমন্ত্রীর

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে হামলা থেকে বর্তমান সংঘাতের সূচনা, তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে।

সিডনির লোয়ি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কার্নি বলেন, এই হামলাগুলো “প্রাথমিকভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মনে হয় না, বরং তা অসামঞ্জস্যপূর্ণ বলেই প্রতীয়মান হচ্ছে।”
 

04 Mar 2026, 04:05 PM

ট্রাম্প ‘ন্যায়বিচার প্রক্রিয়া ও মার্কিন জনগণকে অবজ্ঞা’ করছেন, অভিযোগ ডেমোক্র্যাট সেনেটরের

04 Mar 2026, 03:36 PM

জ্বালানি সাশ্রয়ে জোর মন্ত্রীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহ লাইনে ধীরগতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেছেন, এই সংকট কেবল বাংলাদেশের নয়, ‘বৈশ্বিক’। সে কারণে সরকার জ্বালানি সাশ্রয়ে জোর দিচ্ছে। 

ইকবাল হাসান মাহমুদ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যমান মজুদ দিয়েই পরিস্থিতি সামলানোর পথে হাঁটছে সরকার।

“আমার হাতে যা আছে সেটাকে সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হয়।”

পরিস্থিতি পর্যালোচনা করে সরকার এখন মূলত ‘সংকট ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে’ জানিয়ে তিনি বলেন, “যুদ্ধ যতদিন থাকবে ততদিন ক্রাইসিস থাকবে। আমরা বলতে পারেন এখন ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি।”

তিনি বলেন, “চারটা কার্গো (এলএনজি) অলরেডি আমাদের উদ্দেশে রওনা হয়ে গেছে। এগুলো ৯ মার্চের মধ্যে পৌঁছে যাবে।”

বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টার কথাও বলেন মন্ত্রী। তিনি বলেন,  “আমরা বিভিন্ন সেক্টরে রেশনিং করার কথা ভাবছি।”
 

04 Mar 2026, 03:32 PM

কে এই মোজতোবা খামেনি

চারদিন আগে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি-ই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন বলে একাধিক পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমে আভাস দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে ইরানের শাসকগোষ্ঠী বিরোধীদের সংবাদমাধ্যম লন্ডনভিত্তিক ইরান ইন্টারন্যাশনালও বলছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নেওয়ার দায়িত্বে থাকা ৮৮ সদস্যের ‘বিশেষজ্ঞ পরিষদ’ প্রয়াত নেতা খামেনির স্থলাভিষিক্ত হিসেবে ৫৬ বছর বয়সী তার মেঝ ছেলেকেই বেছে নিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এখনও এ বিষয়ে কিছু বলেনি। আল-জাজিরা বা মধ্যপ্রাচ্যের খবরাখবর বেশি রাখা কোনো গণমাধ্যমও মোজতোবা-ই ইরানের পরবর্তী নেতা—এ তথ্য নিশ্চিত করেনি।

বাবার ছায়ায় থাকা মোজতোবা-কে অনেকেই দীর্ঘদিন ধরে ইরানের পরবর্তী নেতা ধরে নিয়েছিলেন। তাকে সেভাবেই গড়ে তোলা হয়েছে বলে ভাষ্য খামেনি অনুসারীদের।

এদিকে সমালোচকরা বলছেন, বড় মাপের আলেম না হয়েও সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে মোজতোবার আরোহনের পেছনে মূল ভূমিকা রাখতে পারে বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)। ইরানে খুবই প্রভাবশালী এ বাহিনীতে মোজতোবার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

মোজতোবা বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালেই থেকেছেন, সরকারি কোনো দায়িত্বেও ছিলেন না; তার বক্তৃতার সংখ্যাও বিরল, গণমাধ্যমে তাকে দেখা গেছে হাতেগোনা কয়েকবার। কিন্তু ইরানের জটিল ধর্মতান্ত্রিক কাঠামোতে তার প্রভাব ব্যাপক ও বিস্তৃত।

১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মোজতোবা ৬ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার ছোটবেলাতেই তার বাবা ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে উৎখাতের লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর তাদের পরিবারের ভাগ্য বদলে যায়, রাজনীতির কেন্দ্রে উঠে আসে খামেনি পরিবার।

তেহরানে চলে আসা মোজতোবা পড়তে যান আলাভি হাই স্কুলে; এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা সংশ্লিষ্ট অনেকে উঠে এসেছেন। আলাভি থেকে মোজতোবা পরে যান কোমে, রক্ষণশীলদের আলেমদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিতে। দশকেরও বেশি সময় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় কাটালেও তিনি আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন করতে পারেননি।

সাংবিধানিকভাবে সর্বোচ্চ নেতার ধর্মীয় পদমর্যাদাও উঁচুতে থাকার কথা, যে কারণে মোজতোবার ক্ষমতাগ্রহণ নিয়ে জ্যেষ্ঠ আলেমদের মধ্যে আপত্তি থাকা অস্বাভাবিক নয়।

ইরান-ইরাক যুদ্ধের সময় মোজতোবা হাবিব ব্যাটেলিয়নে যুদ্ধ করেছিলেন; পরবর্তীতে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন পদে আরোহন করা অনেকের সঙ্গে তার সেসময়ই খাতির হয়।

নির্বাচনে জয় বা আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি দায়িত্বে না থাকলেও দীর্ঘদিন ধরেই তাকে বাবার কার্যালয়ের ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে দেখতেন ইরানি শাসনব্যবস্থার ভেতরের লোকজন। একই কথা বলা হতো আহমাদ খোমেনির ক্ষেত্রেও, যিনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির ছেলে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র মোজতোবা খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আয়াতুল্লাহ খামেনি তার দায়িত্বের কিছুটা ছেলের কাছে হস্তান্তর করেছেন অভিযোগ করে ওয়াশিংটন সেসময় বলেছিল, জবাবদিহিতার বাইরে থেকে মোজতবা সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ইরানের অনেক সংস্কারপন্থি রাজনীতিক এবং বিদেশি সরকারগুলোও মোজতোবার বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব খাটানো এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে সমর্থন দেওয়ার অভিযোগ এনেছে। ইরানি কর্তৃপক্ষ বারবারই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গ বলছে, পশ্চিমা একাধিক দেশে বেনামে মোজতোবার বিশাল বিনিয়োগ রয়েছে। যদিও তার সম্পদের পরিমাণ ঠিক কত, তা নিশ্চিত করে বলতে পারেনি তারা।

একাধিক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন কয়েকদিন আগে বলেছিল, মৃত্যুর আগে আয়াতুল্লাহ খামেনি তার উত্তরসূরি হিসেবে তিন জ্যেষ্ঠ আলেমের নাম বলে গিয়েছিলেন, তার মধ্যে মোজতোবা ছিল না।

তা সত্ত্বেও বাবার পরে মোজতোবা শীর্ষ নেতার পদে বসলে রাজতন্ত্রের বিরোধিতা করে ইসলামিক প্রজাতন্ত্রের গোড়াপত্তন করা শাসনব্যবস্থা বড় প্রশ্নের মুখোমুখি হতে পারে বলে অনেকে মনে করছেন। সেক্ষেত্রে শাসনকাঠামোতে নিজের অবস্থান পোক্ত করাই মোজতোবার প্রাথমিক চ্যালেঞ্জগুলোর একটি হবে।

ইরান ইন্টারন্যাশনাল বলছে, মোজতোবার ‘ক্ষমতায় আরোহনের পেছনে মূল প্রভাব’ রেখেছে বিপ্লবী রক্ষীবাহিনী।

“আইআরজিসি নেতা নির্বাচনের দায়িত্বে থাকা আলেমদের ওপর মোজতোবাকে বেছে নিতে ব্যাপক চাপ সৃষ্টি করেছিল,” বলছে ইরানের ইসলামিক শাসনব্যবস্থাবিরোধী এ সংবাদমাধ্যম।

দায়িত্ব পেলে মোজতোবাকে একদিকে ‘প্রতিশোধের নেশায় পাগল হয়ে থাকা’ আইআরজিসিরি স্বল্প ও দীর্ঘমেয়াদী কৌশল যেমন ঠিক করতে হবে, তেমনি ইসরায়েল ‍ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেও নানান ব্যবস্থা নিতে হবে। ইরাক সীমান্তে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট কুর্দিদেরসহ সব সশস্ত্র বিদ্রোহীদের মোকাবেলায় যেমন তার চোখ থাকতে হবে, তেমনি মোল্লাতন্ত্রবিরোধী নতুন বিক্ষোভ গজিয়ে ওঠার প্রচেষ্টাও থামাতে হবে।

সবচেয়ে বেশি নজর দিতে হবে দেশের অর্থনৈতিক উন্নয়নে, যা দশকের পর দশক ধরে থাকা পশ্চিমা নিষেধাজ্ঞায় অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে।

ইরানের ক্ষমতাকাঠামোতে সর্বোচ্চ ধর্মীয় নেতার কথাই চূড়ান্ত। তিনি পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যাপার দেখভাল করেন। সর্বোচ্চ এ নেতা আইআরজিসিসিহ দেশটির সশস্ত্র বাহিনীগুলোর কমান্ডার-ইন-চিফ’ও। আইআরজিসি তাদের কাজের জন্য সরাসরি সর্বোচ্চ নেতার কাছেই জবাবদিহি করে। যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল।

04 Mar 2026, 02:27 PM

২০০১ এর পর যেখানে যেখানে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

04 Mar 2026, 02:26 PM

ইরান বিশ্বকাপে খেললো কি না, আমার কিছু যায় আসে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে এবারের বিশ্বকাপ আসরের আয়োজন করছে।

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার সত্যিই কিছু যায় আসে না। আমার মনে হয়, ইরান খুব খারাপভাবে পরাজিত একটি দেশ। তারা প্রায় নিঃশেষ হয়ে গেছে।”

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা বিশ্বকাপের জন্য শুভ বার্তা নয়।

তিনি জানান, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যেষ্ঠ ক্রীড়া কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করবেন।

04 Mar 2026, 02:20 PM

কোথায় কত প্রাণহানি

04 Mar 2026, 02:18 PM

ইরানের যে কোনো নতুন নেতা নিশানায় থাকবে: ইসরায়েল

প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি বাছাইয়ে ইরানের আলেমদের বৈঠকের মধ্যে ইসরায়েল সতর্ক করে বলেছে, যাকেই নতুন নেতা হিসেবে নির্বাচন করা হোক না কেন, নির্মূল করার জন্য তাকে নিশানা করবে ইসরায়েল। 
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার বলেন, “ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা যাকেই নেতা বানাক না কেন, তিনি নিঃসন্দেহে আমাদের টার্গেট হবেন। ‘অপারেশন লায়নস রোর’-এর লক্ষ্য পূরণের অংশ হিসেবে প্রয়োজনীয় সব উপায়ে প্রস্তুতি নিতে ও পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী ও আমি আইডিএফকে নির্দেশ দিয়েছি।”
তিনি বলেন, ইরানের নতুন নেতার নাম কী বা তিনি কোথায় লুকিয়ে আছেন–তা গুরুত্বপূর্ণ নয়।
“ইরানি শাসনব্যবস্থার কোমর ভেঙে দিতে এবং ইরানের জনগণ যাতে সেটাকে উৎখাত করে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, সেই পরিবেশ তৈরি করতে আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাব।”

04 Mar 2026, 01:42 PM

খামেনির স্মরণে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে তেহরানে

যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে তেহরানে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে বুধবার রাত। 
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টায় তেহরানের গ্রান্ড মোসাল্লায় (প্রার্থনা ময়দান) প্রয়াত নেতাকে শেষ বিদায় জানানোর এ অনুষ্ঠান শুরু হবে।  
খামেনির জানাজার বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে, শিগগিরই তা ঘোষণা করা হবে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

04 Mar 2026, 01:40 PM

ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধারের খবর দিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের জলসীমার কাছে ডুবন্ত একটি ইরানি ফ্রিগেট থেকে ৩০ নাবিককে উদ্ধার করার কথা জানিয়েছে। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, জাহাজটিতে ১৮০ জন ক্রু ছিল। তাদের মধ্যে আহত নাবিকদের শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। 

কী কারণে ইরানি যুদ্ধজাহাজটি ডুবে যাচ্ছিল, তিনি তা বলেননি। তবে যুদ্ধজাহাজটি থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হচ্ছিল।  

আল জাজিরা জানিয়েছে, শ্রীলঙ্কার বিরোধী দলীয় এক আইনপ্রণেতা পার্লামেন্টে জিজ্ঞাসা করেছিলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে ফ্রিগেটটিতে আঘাত হানা হয়েছিল কি না। কিন্তু সরকার পক্ষ তাৎক্ষণিকভাবে এর কোনো জবাব দেয়নি।

04 Mar 2026, 01:13 PM

যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে কেন গেল? ট্রাম্প-রুবিওর ভাষ্যে অমিল

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানই প্রথমে হামলা চালাতে পারে এ ধারণা থেকে তিনিই মার্কিন বাহিনীকে ইরানে ইসরায়েলি হামলায় যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

অথচ আগেরদিনই তার পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কীভাবে শুরু হয়েছিল, তা নিয়ে ভিন্ন ভাষ্য দিয়েছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার মার্কো রুবিও সাংবাদিকদের বলেছিলেন, তেহরানে ইসরায়েলের পরিকল্পিত আক্রমণের প্রতিক্রিয়ায় ইরান মার্কিন বাহিনীর ওপরও পাল্টা হামলা চালাতে পারে এই ভয় থেকেই যুক্তরাষ্ট্র হামলায় যোগ দেয়।

“আমরা জানতাম ইসরায়েল পদক্ষেপ নিতে যাচ্ছে, এর ফলে মার্কিন বাহিনীর ওপরও পাল্টা আঘাত আসতে পারে, এবং আমরা জানতাম যদি তাদের (ইরান) ওই হামলা শুরুর আগে আমরা আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে না যাই তাহলে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হব,” বলেছিলেন তিনি।

ইসরায়েলই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নিয়ে গেছে—ট্রাম্প মঙ্গলবার এ ধারণাকে উড়িয়ে দিয়েছেন। ইরানে যুদ্ধে জড়ানো নিয়ে তার প্রশাসনের এমন আলাদা আলাদা মত রিপাবলিকান সমর্থকগোষ্ঠীর ভেতর যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্তিকেই স্পষ্ট করছে। প্রেসিডেন্ট যে ‘অকারণে নিজের পছন্দে এ যুদ্ধ শুরু করেছেন’, ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের অনেক সমর্থকও এখন এ কথা বলা শুরু করেছেন।

“আমিই হয়তো তাদের (ইসরায়েল) বাধ্য করেছি। আমরা এই পাগলাটে লোকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, এবং আমারই মত ছিল যে তারা আমাদের ওপর প্রথম আক্রমণ করতে যাচ্ছে। আমরা যদি (হামলা শুরু) না করতাম, তারাই আমাদের ওপর হামলা করতে যাচ্ছিল। আমি এটা দৃঢ়ভাবে অনুভব করছিলাম,” ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদের এমনটাই বলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেওয়ার জন্য নানান যুক্তি খুঁজলেও ইরান শুরু থেকেই তাদের ওপর আক্রমণকে ‘বিনা উসকানিতে হামলা’ বলে আসছে।
যুদ্ধ শুরুর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের নয়, ইসরায়েলের—রুবিওর এ ভাষ্যকে সামনে এনে রক্ষণশীল অনেক রাজনৈতিক ভাষ্যকারই ইরানে হামলার কড়া সমালোচনা করেছেন।

“তার কথার সোজাসাপ্টা মানে দাঁড়াচ্ছে, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে আছি, কারণ ইসরায়েল আমাদের বাধ্য করেছে। তিনি কার্যত সবচেয়ে খারাপ কথাটাই বলেছেন,” রুবিওর ভাষ্য প্রসঙ্গে এক্সে ৪০ লাখ অনুসারীকে এমনটাই বলেছেন রক্ষণশীল পডকাস্টার ম্যাট ওয়ালশ।

আরেক রক্ষণশীল পডকাস্টার মেগান কেলি বলছেন, ইরানে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে তার সন্দেহ রয়েছে।

“ইরান বা ইসরায়েলের খোঁজখবর করা আমাদের সরকারের কাজ নয়। তাদের কাজ হচ্ছে আমাদের খোঁজখবর নেওয়া। এটাকে স্পষ্টতই ইসরায়েলের যুদ্ধ মনে হচ্ছে আমার,” রুবিরও মন্তব্যের আগেই এ কথা বলেছিলেন কেলি।

এমন এক সময়ে রিপাবলিকানদের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে এ বিরোধ দেখা যাচ্ছে যখন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখা যাবে কিনা, তা নিয়ে দলটির ভেতরেই সন্দেহ ক্রমশ বাড়ছে।

04 Mar 2026, 01:04 PM

পাঁচ দিনে শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পাঁচ দিনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি এবং মঙ্গলবার ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে।
আর বুধবার নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ২৫টি ফ্লাইট বাতিল করার তথ্য জানিয়েছে শাহজালাল কর্তৃপক্ষ।
এর মধ্যে কাতার এয়ারলাইন্সের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারলাইন্সের (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

04 Mar 2026, 01:04 PM

জরুরি নয় এমন কর্মীদের করাচি, লাহোর ছাড়তে বলল ওয়াশিংটন

করাচি ও লাহোরের মার্কিন কন্স্যুলেটে নিয়োজিত ‘জরুরি নয়’– এমন কর্মীদের তাদের পরিবারসহ পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। 
যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পাকিস্তানজুড়ে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ হয়। এ সময় সহিসংতায় দেশজুড়ে অন্তত ২৬ জন নিহত হন। 
রোববার বিক্ষোভকারীরা করাচির মার্কিন কন্স্যুলেটে হামলা করতে গেলে গুলিতে ১০ জন নিহত ও ৬০ জন আহত হন। 
এসব ঘটনার পর পাকিস্তানের কর্তৃপক্ষ দেশজুড়ে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও দেশটির শিয়া সম্প্রদায় করাচি, লাহোরসহ বিভিন্ন শহরে আরও প্রতিবাদের ডাক দিয়েছে। 

এ পরিস্থিতিতে পাকিস্তানের কূটনৈতিক মিশনগুলো থেকে নিজেদের লোকবল কমানোর পদক্ষেপ নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।  
যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তাদের দূতাবাসের মর্যাদায় কোনো পরিবর্তন আনা হয়নি।

04 Mar 2026, 01:00 PM

হামলায় আহতদের দেখতে হাসপাতালে বাহরাইনের যুবরাজ

যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে ইরানের হামলায় আহতদের খোঁজ খবর নিতে রাজধানী মানামার সালমানিয়া হাসপাতাল পরিদর্শন করেছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা।

মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনের সময় সেখানে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামসহ আহত অন্যদের সঙ্গে কথা বলেন যুবরাজ। তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। 

এ সময় তিনি বলেন, দেশের নাগরিক ও প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

অর্থনীতি বিষয়ক মন্ত্রী সালমান বিন খালিফা আল খলিফা এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. জলিলা বিনতে আল সাঈদ জাওয়াদ হাসান এ সময় যুবরাজের সঙ্গে ছিলেন। 

যুবরাজ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারত্বের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

04 Mar 2026, 12:00 PM

ইরান বলছে, হরমুজ প্রণালি তাদের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’

 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। 

তারা আবারও সতর্ক করেছে যে, গুরুত্বপূর্ণ ওই নৌপথ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে থাকবে।

ইরানি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে ফার্স নিউজ এজেন্সিকে বলেছেন, “বর্তমানে হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার কয়েক ঘণ্টা আগে বলেছিলেন, মার্কিন বাহিনী ওই অঞ্চলে ইরানের নৌ শক্তি ধ্বংস করছে।

তিনি বলেন, “দশকের পর দশক ধরে ইরানি শাসন ব্যবস্থা আন্তর্জাতিক জলপথে হয়রানি চালিয়ে এসেছে। আজ আরব উপসাগর, হরমুজ প্রণালী বা ওমান প্রণালীতে কোনো ইরানি জাহাজ চলাচল করছে না।”

04 Mar 2026, 11:49 AM

ইরান যুদ্ধের সর্বশেষ

  • শনিবার থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানজুড়ে প্রায় ,০০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করেছে, যার মধ্যে একটি সাবমেরিনও রয়েছে।
  • মঙ্গলবার রাতভর ইরানের শহরগুলো, বিশেষ করে তেহরান বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর পাল্টা হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
  • যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা সতর্ক করে বলেছেন, ইরানে হামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুক্তি যথেষ্ট নয়। প্রেসিডেন্টের লক্ষ্য পূরণ করতে যুক্তরাষ্ট্র ইরানে স্থল সেনা পাঠাতে পারে–এমন সম্ভাবনার বিষয়েও তারা সতর্ক করেছেন।  
  • ইসরায়েল লেবাননের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে। বালবেক, আরামুন সাদিয়াথে আবাসিক ভবনে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। হামলা করা হয়েছে হ্যাজমিয়াহয়ের একটি হোটেলেও।
  • ইরান পাল্টা হামলা চালাচ্ছে। কুয়েত জানিয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। সৌদি আরবও জানিয়েছে, তারা দুটি ক্ষেপণাস্ত্র নয়টি ড্রোন ধ্বংস করেছে।
  • ইরাকে ইরানপন্থি পপুলার মোবিলাইজেশন ফোর্সের পশ্চিম আল-কাইম সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। বাগদাদ বিমানবন্দরের কাছে একটি মার্কিন প্রতিষ্ঠানে ড্রোন হামলা হয়েছে।

04 Mar 2026, 11:38 AM

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতে জনজীবন

04 Mar 2026, 11:34 AM

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদ রাশিয়া ও চীনের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অবিলম্বে হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।  

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে–এমন কোনো প্রমাণ দেখছে না মস্কো।
 

04 Mar 2026, 11:33 AM

জরুরি নয়-এমন মার্কিন কর্মীদের সাইপ্রাস ছাড়ার অনুমতি

‘নিরাপত্তা ঝুঁকির কারণে’ জরুরি নয়–এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সাইপ্রাস ছাড়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। 
মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হতে থাকা সংঘাতের মধ্যে এ পদক্ষেপ নিল ওয়াশিংটন। 

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাইপ্রাসে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও অনুরোধ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।  

আল জাজিরা জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জর্ডান, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলা হয়েছে।
 

04 Mar 2026, 11:12 AM

ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

নিহতদের মধ্যে ১৮১ জন শিশুও রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

আহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে একশজনই শিশু।

মানবাধিকার সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টাতেই অন্তত ১০৪টি হামলা হয়েছে ইরানে।

04 Mar 2026, 10:53 AM

অপারেশন এপিক ফিউরি: কমান্ডারের ব্রিফিং

04 Mar 2026, 10:51 AM

অপারেশন রোয়ারিং লায়নের পরিসংখ্যান প্রকাশ করল ইসরায়েল

04 Mar 2026, 10:49 AM

বালবেকে ইসরায়েলি হামলায় চারজন নিহত

ইসরায়েলি বিমান হামলায় বালবেকে একটি চারতলা আবাসিক ভবনে অন্তত চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্য দিয়ে তল্লাশি চালাচ্ছে বলে স্থানীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে।

রয়টার্স লিখেছে, এই হামলা হল এমন এক সময়ে, যখন সোমবার থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়ছে। হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েল একাধিক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের বিভিন্ন শহর, বিশেষ করে বৈরুতের দক্ষিণ শহরতলীতে আক্রমণের প্রতিক্রিয়ায় মেটুলার কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

ইসরায়েল ১৬টি গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলেছে এবং হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি থাকতে সবাইকে নিষেধ করেছে।

এনএনএ জানিয়েছে, পূর্ব লেবাননের একটি হোটেল ও একটি অ্যাপার্টমেন্টেও হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংঘাতের শুরু থেকে অন্তত ৫০ জন নিহত এবং ৩৩৫ জন আহত হয়েছেন।
 

04 Mar 2026, 10:45 AM

সংযুক্ত আরব আমিরাত উপকূলে জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছে একটি জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি জানায়, জাহাজটির ইস্পাত আবরণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন লাগেনি। ভেতরে পানিও ঢোকেনি।

ক্রুরা নিরাপদে আছেন এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ইউকেএমটিও জানিয়েছে।
 

04 Mar 2026, 10:44 AM

যুক্তরাষ্ট্র সেনেটে ‘ওয়ার পাওয়ার্স’ রেজলিউশনের ওপর ভোটের দিন নির্ধারণ

যুক্তরাষ্ট্রের সেনেট সদস্যরা এমন একটি ‘ওয়ার পাওয়ার্স রেজুলিউশন-এর ওপর ভোট দিতে চলেছেন, যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালাতে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করবে, কারণ তার সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস সদস্যদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে যে তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই ব্যবস্থা নিয়েছেন। 

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় সেনেটে এই বিল নিয়ে বিতর্ক শুরু হবে এবং বিকেল ৪টার দিকে ভোট হওয়ার কথা রয়েছে। 

রেজুলিউশনটির প্রস্তাবকদের দাবি, ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা এবং প্রশাসনকে আরও দায়িত্বশীল ও সাংবিধানিক কর্তৃপক্ষের অধীনে রাখা এই প্রস্তাবের লক্ষ্য।

অন্যদিকে ট্রাম্প সমর্থকদের ভাষ্য, এই প্রস্তাবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে প্রেসিডেন্টের একচ্ছত্র সামরিক ক্ষমতাকে সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
 

04 Mar 2026, 10:17 AM

আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আটকা পড়া সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বুধবার এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানবিক দিক বিবেচনা করে’ ওই দুটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এয়ারলাইনটি জানিয়েছে, বুধবার প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড়বে। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

ইউএস-বাংলা জানিয়েছে, ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটগুলো পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর: বিএস-৩৪২।

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়া-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউএস-বাংলা বলছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

টিকেট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্সটি।

এছাড়া, বিস্তারিত তথ্যের জানা যাবে হটলাইন: ১৩৬০৫, মোবাইল: ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে।
 

04 Mar 2026, 10:13 AM

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজকে পাহারা দিয়ে নিয়ে যেতে ট্রাম্পের নির্দেশ


মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঠিক রাখতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক বাণিজ্যের জন্য রাজনৈতিক ঝুঁকি বীমা চালু করতে একটি ফেডারেল সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প বলেন, এসব ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী সব শিপিং লাইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

“আমি যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনকে (ডিএফসি) খুবই যুক্তিসঙ্গত মূল্যে উপসাগর দিয়ে চলাচলকারী সব সামুদ্রিক বাণিজ্যের, বিশেষ করে জ্বালানি পরিবহনের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক ঝুঁকি বীমা ও গ্যারান্টি দেওয়ার নির্দেশ দিয়েছি। এটি সব শিপিং লাইনের জন্য প্রযোজ্য হবে।

“প্রয়োজনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকারগুলোকে এসকর্ট দেওয়া শুরু করবে।”

তিনি বলেন, “যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র বিশ্বে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক শক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আরও পদক্ষেপ আসছে।”

তবে পেন্টাগন এখনো জানায়নি কবে থেকে হরমুজ প্রণালিতে পাহারা দিয়ে তেলের ট্যাংকার পারাপার শুরু হবে। 

 

04 Mar 2026, 09:47 AM

আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনীগুলো ইরানের সামরিক ও কৌশলগত অবকাঠামোগুলো গুঁড়িয়ে দিতে প্রায় ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হেনেছে।

এসব লক্ষ্যস্থলের মধ্যে আছে ক্ষেপণাস্ত্র ব্যাটারি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, নৌ সম্পদ (ইরানের ১১টি যুদ্ধজাহাজ ধ্বংস করার খবর আছে) ও অন্যান্য স্থাপনা যেগুলোকে যুক্তরাষ্ট্র ‘আসন্ন হুমকি’ বলে বিবেচনা করে।

04 Mar 2026, 08:59 AM

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

মোজতবা হোসেইনি খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার খবর দিয়েছে ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম।

সেসব খবরে বলা হচ্ছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে।

এ খবর প্রথম প্রকাশ করে লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি আসে।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কট্টরপন্থিদের বিজয় হিসেবেই দেখা হচ্ছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখনো এ বিষয়ে কোনো খবর আসেনি।  

৩৬ বছর দেশ শাসন করা খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তার সঙ্গে তার মেয়ে, জামাতা ও নাতনিরও প্রাণ যায়। হামলায় আহত হওয়ার পর তার স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহও মারা যান।

ইরানের রেভল্যুশনারি গার্ডস টেলিগ্রামে জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে এবং তেহরানে একটি বড় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল।

04 Mar 2026, 02:01 AM

আকাশে অদৃশ্য শক্তি: যেভাবে বদলে গেছে যুদ্ধের চেহারা

04 Mar 2026, 01:53 AM

স্কুলে হতাহতের জন্য ইরানে শোক

04 Mar 2026, 01:44 AM

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ

04 Mar 2026, 01:32 AM

মধ্যপ্রাচ্য থেকে মার্কিনিদের সরাতে সামরিক ও চার্টার ফ্লাইট

যুদ্ধের চতুর্থ দিনে এসে মধ্যপ্রাচ্যে ইরানের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে সেখানকার দেশগুলো থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক ও ভাড়া করা (চার্টার) ফ্লাইটের ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে আল জাজিরা বলেছে, মার্কিন সরকার বর্তমানে বিদেশে থাকা প্রায় ৩ হাজার নাগরিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে অবস্থানরত প্রায় ৫০০ মার্কিন নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করছেন। মার্কিন কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

ইতিমধ্যে ১৩০ জনেরও বেশি নাগরিক দেশ ত্যাগ করেছেন এবং মঙ্গলবার আরও ১০০ জন নাগরিক চলে যাবেন বলে আশা করা হচ্ছে।

04 Mar 2026, 01:24 AM

‘বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবিলার সক্ষমতা আমাদের আছে’: যুক্তরাষ্ট্রকে জবাব স্পেনের

ইরানে হামলার জন্য স্পেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেওয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে সব বাণিজ্য বন্ধের যে ঘোষণা দিয়েছেন, তার পাল্টা জবাব এসেছে স্পেনের পক্ষ থেকেও।

স্পেনের সরকার বলেছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলো মেনে চলতে হবে।

স্পেন আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সব সম্পদ ও সক্ষমতাও স্পেনের রয়েছে।

04 Mar 2026, 01:08 AM

ইরানে হামলা চালিয়ে যেতে কত খরচ হতে পারে যুক্তরাষ্ট্রের?

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহু পুরোনো বিরোধ গত শনিবার নতুন মাত্রা পেয়েছে। সেদিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দু’পক্ষের এ পুরোনো শত্রুতা নতুন করে প্রকাশ্য সামরিক সংঘাতে রূপ নিয়েছে।

ইরান পাল্টা জবাবে উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে সামরিক অভিযান চার/পাঁচ সপ্তাহ চলতে পারে।

তার এমন ইঙ্গিতে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা যুক্তরাষ্ট্র। আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে?

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে সেটি ঠিকমত অনুমান করা কঠিন। বিশ্লেষকদের মতে, এই অনুমান করার সময় এখনও আসেনি।

গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ঊর্ধ্বতন ফেলো ক্রিস্টোফার প্রেবেল আল-জাজিরাকে বলেন, “পেন্টাগন যুদ্ধের খরচের কোনেও তথ্য প্রকাশ করেনি। ফলে আমরা কেবল অনুমান করতে পারি...তবে এখানে পরিবর্তন হয়ে যাওয়ার মতো অনেক বিষয় আছে।

“তাই আমরা কেবল আলাদাভাবে অস্ত্রের দাম, সামরিক অভিযান এবং নৌ অভিযানের খরচ সম্পর্কে ধারণাই করতে পারি।”

তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, অপারেশন এপিক ফিউরি-র প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের প্রায় ৭৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছে।

অভিযানের আগে যুদ্ধবিমানের অবস্থান পরিবর্তন, ডজনের বেশি নৌযান মোতায়েন এবং আঞ্চলিক সম্পদ সংগঠিত করতে যুক্তরাষ্ট্র আরও প্রায় ৬৩ কোটি ডলার খরচ করেছে বলে অনুমান করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি’র হিসাবমতে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো বিমানবাহী রণতরী পরিচালনায় প্রতিদিন আনুমানিক প্রায় ৬৫ লাখ ডলার খরচ হয়। তাছাড়া সরঞ্জামের ক্ষতির খরচও আছে।

কুয়েতে অন্তত তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের যুদ্ধবিমান মনে করে ভুল করে কুয়েত যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমানগুলো ভূপাতিত করেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক ক্ষতির বিষয়টি বড় উদ্বেগ নয়; বরং অস্ত্র ও সরঞ্জামের মজুত কতটা আছে সেটি বড় বিষয়।

গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ক্রিস্টোফার প্রেবেল বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট এক ট্রিলিয়ন ডলারের। সেটি বাড়িয়ে দেড় ট্রিলিয়ন ডলার করার করার প্রস্তাব আছে। এটি আমার কাছে উদ্বেগজনক। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”

তার মতে, আর্থিক ব্যয়ের চেয়ে বড় প্রশ্ন হল যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের অস্ত্রের মজুত কত দিন থাকবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের অঙ্ক বড় হলেও প্যাট্রিয়ট বা এসএম-৬-এর মত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা আছে।

ইরানে গত বছর জুনে ১২ দিনের ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলার সময়ও একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়েরই ইন্টারসেপ্টরের মজুত শেষ হয়ে আসতে পারে বলে জল্পনা সৃষ্টি হয়েছিল।

প্রেবেল সতর্ক করে বলেন, বর্তমানে যে গতিতে অভিযান চলছে সে হারে ইন্টারসেপ্টর ব্যবহার করে অভিযান দীর্ঘদিন চালানো সম্ভব নাও হতে পারে।

কারণ, এসব অস্ত্র তাৎক্ষণিকভাবে উৎপাদন করে কাজে লাগানো সম্ভব না এবং এগুলোর কিছু অস্ত্র ইউক্রেইন, এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ রয়েছে। ইন্টারসেপ্টরগুলো অন্যান্য হুমকি ঠেকাতেও ব্যবহার হয়।

04 Mar 2026, 12:54 AM

ইরানের ‘প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ’ ভবনেও হামলা: বিবিসি

বিবিসি লিখেছে, ইরানের কোম শহরে ধারণ করা দুটি ভিডিওতে দেশটির প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এর সচিবালয় ভবনে হামলার পরের চিত্র দেখা গেছে।

বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে ভিডিওগুলো কোমের ‘বাসিজ স্কয়ারের’ কাছে ধারণ করা। পাশের একটি ভবনও হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সংবিধান অনুযায়ী, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা নিয়ে গঠিত। শনিবার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা নির্ধারণের দায়িত্ব এখন এই পরিষদের ওপর।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের’ জানিয়েছে, ভবনটি বেশ পুরনো। পরিষদের বর্তমান অধিবেশনগুলোর জন্য সেটি ব্যবহার করা হচ্ছিল না।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, হামলার আগেই ভবনগুলো খালি করা হয়েছিল। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

04 Mar 2026, 12:32 AM

ইরানের কুদস ফোর্সের ‘লেবানিজ ইউনিট’ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

তেহরানে এক বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের ‘লেবানিজ ইউনিটের’ ভারপ্রাপ্ত কমান্ডার দাউদ আলী জাদাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, দাউদ আলী জাদা লেবাননে ইরানের সমস্ত কার্যক্রমের দায়িত্বপালনকারী সবচেয়ে জ্যেষ্ঠ বা উচ্চপদস্থ ইরানি কমান্ডার। ‘লেবানিজ কোর্পস’ মূলত হিজবুল্লাহর নেতৃত্ব ও ইরানের মধ্যে সংযোগের মাধ্যম হিসেবে কাজ করে।

আল জাজিরা লিখেছে, ইরানের কুদস ফোর্স মূলত দেশটির সীমানার বাইরে বিশেষ সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে।
 

04 Mar 2026, 12:14 AM

ইরান যুদ্ধ: স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি আমদানির বিল দ্রুত পরিশোধে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা জোগানেও বাংলাদেশ ব্যাংককে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিষয়গুলো সম্পর্কে জানেন জ্বালানি বিভাগের এমন কর্মকর্তারা মঙ্গলবার বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ার প্রেক্ষাপটে কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নির্ধারিত এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্চ মাসে দেশের চাহিদা মেটাতে কমপক্ষে আট কার্গো এলএনজি প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় স্পট মার্কেট থেকে অতিরিক্ত কার্গো আনার বিষয়টি আলোচনায় এসেছে। পরে এ বিষয়ে নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রীর তরফে।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এদিন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কাও নেই। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য সরবরাহ বিঘ্নের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

“প্রয়োজন অনুযায়ী স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার জন্য সব ধরনের প্রক্রিয়াগত, আর্থিক ও সরবরাহ সংক্রান্ত প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।”

পেট্রোবাংলার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে। এখন প্রক্রিয়াগত বিষয়গুলো ঠিক করতে হবে। কোথা থেকে আনা হবে, কীভাবে আনা হবে, এসব নির্ধারণের পরই প্রস্তাব যাবে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নির্ধারিত কয়েকটি কার্গো ইতোমধ্যে দেশে এসেছে এবং কয়েকটি পথে রয়েছে। বাকি সরবরাহ নিশ্চিত হওয়া কিংবা আটকে যাওয়া যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করছে। পরিস্থিতি দুই একদিন গেলে আরও পরিষ্কার হবে।

04 Mar 2026, 12:12 AM

ইরানে ১৭০০ নিশানায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, ইরানে হামলা শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনী এ পর্যন্ত ১ হাজার ৭০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এক তথ্য বিবরণীতে সেন্টকম জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই হামলায় ইরানের নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।

04 Mar 2026, 12:05 AM

ইরানে ‘আমরা খুব ভালো করছি’: ট্রাম্প

ইরানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ‘আমরা খুব ভালো করছি’।

মঙ্গলবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প বলেন, “তাদের (ইরানের) কোনো নৌবাহিনী নেই, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের কোনো বিমান বাহিনী নেই, ওটাও শেষ। তাদের আকাশপথে কোনো শনাক্তকরণ ব্যবস্থা নেই, সেটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

ট্রাম্প এও বলছেন, ইরান এখনো উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে ক্রমাগত আঘাত হানছে।

03 Mar 2026, 11:55 PM

স্পেনের সঙ্গে কোনো বাণিজ্য নয়: ট্রাম্প

ইরানের ওপর আক্রমণের জন্য স্পেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেওয়ায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট  ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

একইরম সিদ্ধান্তের জন্য তিনি যুক্তরাজ্যেরও তীব্র সমালোচনা করেছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে এক বৈঠকের সাংবাদিকদের ট্রাম্প বলেন, “স্পেন খুবই জঘন্য আচরণ করেছে।”

এজন্য মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ধরনের লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
 
ট্রাম্পের ভাষ্য, “আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।”

সূত্র: আল জাজিরা

03 Mar 2026, 11:46 PM

তেহরানে হামলার ভিডিও

03 Mar 2026, 10:52 PM

‘শক্তিশালী হামলা’ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইরান ও হিজবুল্লাহর ওপর শক্তিশালী আঘাত হানার কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মধ্য ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে দাঁড়িয়ে তিনি বলেন, “আমরা ইরানের ওপর শক্তিশালী আঘাত চালিয়ে যাচ্ছি। আমাদের পাইলটরা এখন ইরান ও তেহরানের আকাশে এবং লেবাননের আকাশেও উড়ছে।”

হিজবুল্লাহকে সতর্ক করে তিনি বলেন, “আমাদের ওপর হামলা চালিয়ে হিজবুল্লাহ অনেক বড় ভুল করেছে। আমরা ইতোমধ্যে শক্তিশালী জবাব দিয়েছি। সামনে আরো কঠিন শক্তি নিয়ে মোকাবিলা করব।”

সূত্র: আল জাজিরা।

03 Mar 2026, 10:43 PM

লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাস বন্ধ

বৈরুতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে দূতাবাস বলেছে, অন্যান্য সকল নিয়মিত ও জরুরি ‘কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট’ বাতিল করা হয়েছে। দূতাবাস পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরলে জানিয়ে দেওয়া হবে।


 

03 Mar 2026, 10:38 PM

সাইপ্রাসে ‘এইচএমএস ড্রাগন’ পাঠাচ্ছে যুক্তরাজ্য

সাইপ্রাসে নিজেদের ঘাঁটির কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে যুক্তরাজ্য।

দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে তারা সেখানে ড্রোন বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছেন।

তিনি বলেন, ওই অঞ্চলে যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’ও পাঠানো হবে। যুক্তরাজ্য সাইপ্রাসের নিরাপত্তা ও সেখানে অবস্থানরত ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

03 Mar 2026, 10:24 PM

কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয় শত শত কোটি ডলারের সামরিক অস্ত্রও ধ্বংস হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে।

বলা হয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেডার ‘এএন/এফপিএস-১৩২’ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় ১১০ কোটি ডলার মূল্যের এই বিশাল রেডার ব্যবস্থা ধ্বংস হয়েছে।

03 Mar 2026, 10:19 PM

ইরানে হামলার ‘ঘোর বিরোধী’ চীন

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের ওপর এই সামরিক হামলার ‘ঘোর বিরোধী’ বেইজিং।

আল জাজিরা লিখেছে, তেহরানের ‘ঘনিষ্ঠ মিত্র’ বেইজিং ইতোমধ্যেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে একটি ‘গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গিডিওন সারের সঙ্গে আলাপে ওয়াং ই সরাসরি কঠোর নিন্দা জানানো থেকে বিরত থাকলেও তিনি বলেছেন, চীন ‘আলোচনা ও পরামর্শের’ মাধ্যমে সমস্যা সমাধান চায়।

তিনি বলেন, “সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দৃশ্যমান অগ্রগতি হচ্ছিল, দুঃখজনকভাবে গোলাগুলির কারণে সেই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, “শক্তিপ্রয়োগ কখনো সমস্যার প্রকৃত সমাধান করতে পারে না। বরং এটি নতুন সমস্যা ও ভয়াবহ পরিণতি তৈরি করে। সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে ও নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে।”

03 Mar 2026, 10:19 PM

সাইরেন বাঁজছে, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলছে বাহরাইন

বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, পুরো দেশে বিপদ সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

03 Mar 2026, 09:54 PM

ইরানের ‘ব্যালিস্টিক মিসাইল তৈরির সাইটে’ হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী ইরানজুড়ে এমন কিছু শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে ব্যালিস্টিক মিসাইলসহ বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়।

এক বিবৃতিতে তারা বলেছে, “ইরানজুড়ে চালানো এই হামলার সময় সামরিক বাহিনী এমন সব শিল্প এলাকাকে লক্ষ্যবস্তু করেছে, যা ইরানি শাসকগোষ্ঠী অস্ত্র তৈরির জন্য ব্যবহার করত। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানাগুলো।”

সূত্র: আল জাজিরা

03 Mar 2026, 09:41 PM

আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিঘাত চলবে: ইরানের রাষ্ট্রদূত

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরাইনি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা অভিযান ততক্ষণ পর্যন্ত চলবে, ‘যতক্ষণ না তাদের আগ্রাসন বন্ধ হবে’।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যদি কোনো প্রতিবেশী দেশের কোনো ঘাঁটি অন্য কোনো দেশে হামলা বা আক্রমণ চালানোর জন্য ব্যবহার করা হয়, তবে সেই ঘাঁটি ইরানের জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।”

03 Mar 2026, 09:33 PM

তেল আবিবে ইরানের আক্রমণের চিত্র

03 Mar 2026, 09:32 PM

সাইপ্রাসে ঘাঁটিতে হামলা, যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য

সাইপ্রাসে ব্রিটিশ সেনা ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা হওয়ার পর এখন ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য।

যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস ডানকান প্রস্তুত রাখা হচ্ছে। তবে মোতায়েনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এই টাইপ-৪৫ ডেস্ট্রয়ার প্রাথমিকভাবে আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হয়ে আসছিল। এখন সাইপ্রাসের সেনাঘাঁটি আরো সুরক্ষিত করতে এই যুদ্ধজাহাজকে কাজে লাগানো হতে পারে।

যুদ্ধজাহাজ এইচএমএস ডানকান বিশেষভাবে ড্রোন-বিধ্বংসী যুদ্ধজাহাজ। গতমাসে এই যুদ্ধজাহাজের পরীক্ষায় মহড়াও হয়েছে ওয়েলস উপকূলে।

যুদ্ধজাহাজটি পাঠানো হলে এটি সাইপ্রাসে পৌঁছতে পাঁচ থেকে সাতদিন সময় লাগবে।

03 Mar 2026, 09:29 PM

ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কোনো প্রমাণ নেই: আইএইএ প্রধান

যে অজুহাতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, সেটি অভিযোগকে নাকচ করে দিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

সংস্থাটির প্রধান, মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ তারা পাননি। ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো সুশৃঙ্খল ও পরিকল্পিত কর্মসূচির আলামত শনাক্ত হয়নি।

তবে তিনি বলেছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি। এই পরিমাণ সংগ্রহ কেবল পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই রয়েছে।


গ্রোসি জোর দিয়ে বলেন, “পরিদর্শক বা তদন্তকারীরা এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান বোমা তৈরির পরিকল্পনা করছে। যদিও ইউরেনিয়ামের বিশাল মজুদ গুরুতর প্রশ্ন তুলছে। এই পরিমাণ ইউরেনিয়ামই আমাদের উদ্বেগের মূল কারণ। এসব ইউরেনিয়াম জমা করার ‘কোনো উদ্দেশ্য স্পষ্ট নয়’।

“তাত্ত্বিকভাবে এটি (ইউরেনিয়াম) ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট, কিন্তু তাদের কাছে কি সেগুলো আছে? না, নেই।”

03 Mar 2026, 09:07 PM

লেবাননে ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ৪০, আহত ২৪৬

লেবাননে সোমবার ও মঙ্গলবার ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ৪০ জন নিহত ও ২৪৬ জন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন, লিখেছে রয়টার্স।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, চলতি সপ্তাহে লেবাননের অন্তত ৩০ হাজার বাস্তুচ্যুত মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গেছেন।

03 Mar 2026, 08:58 PM

বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ করল রোসাটম

ইরানের বুশেহর শহরে অবস্থিত দেশটির একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম স্থগিত রেখেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’।

ইন্টারফ্যাক্স নিউজ জানিয়েছে, রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, চলমান সংঘাতের কারণে মস্কো নির্মিত এই পরমাণু কেন্দ্রটি হুমকির মুখে রয়েছে। সেখানে কর্মরত ৬০০ জনেরও বেশি রুশ কর্মী এখন পর্যায়ক্রমে ইরান ছাড়ছেন।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরপরই বুশেহর কেন্দ্র থেকে প্রায় ১০০ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে ক্রমবর্ধমান উত্তজনা ও সম্ভাব্য বড় হামলার আশঙ্কায় কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।

03 Mar 2026, 08:55 PM

হামলায় ধ্বংসস্তূপ ইরানের সরকারি ভবনগুলো

03 Mar 2026, 08:50 PM

মধ্যপ্রাচ্য থেকে যেভাবে সরিয়ে নেওয়া হচ্ছে নাগরিকদের

ইসরায়েল ও জর্ডান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে স্লোভাকিয়ার বিমান বাহিনী। ছবি: রয়টার্স/স্লোভাক প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দুবাই থেকে সরিয়ে আনা এক যাত্রী জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছেছেন। নিচের ছবি দুটি ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে তোলা। ছবি: রয়টার্স/কাই ফাফেনবাখ

 

03 Mar 2026, 08:37 PM

ইরানে নতুন দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা তেহরানে নবম দফায় হামলা শুরু করেছে। এই আক্রমণে ইরানি শাসকদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইরানি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রাজধানী তেহরান ও এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মঙ্গলবার এক টেলিগ্রাম বার্তায় আইডিএফ বলেছে, তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তারা বড় ধরনের বিমান হামলা চালাচ্ছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হচ্ছে। এর মধ্যে দেশটির প্রেসিডেন্সিয়াল অফিস, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবন ও রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের মত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

সেইসঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানি বেসামরিক নাগরিকদের তেহরানের একটি শিল্প এলাকা ও তেহরানের কাছে অবস্থিত পায়াম আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তারা সতর্ক করে বলেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকাগুলোতে সামরিক অভিযান চালানো হবে।

সূত্র: রয়টার্স

03 Mar 2026, 08:22 PM

সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে মেয়াদ শেষ বা শেষ হতে চলা সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কাতার।

মঙ্গলবার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। যুদ্ধ শুরুর দিন ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন এ সিদ্ধান্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ বাড়ানোর বিষয়টি ইলেকট্রনিক ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এক্ষেত্রে কোনো ফি জমা দেওয়া কিংবা কোনো অফিসে যাওয়া ও আবেদন করার প্রয়োজন পড়বে না।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যারা ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় থাকার কারণে জরিমানার মুখে পড়েছেন, তাদেরকে আগে জরিমানা পরিশোধ করতে হবে। এরপরই শুধু তারা ভিসা মেয়াদ এক মাস বাড়িয়ে নিতে পারবেন।

মধ্যপ্রাচ্যজুড়ে হামলা, পাল্টা হামলার মধ্যে যাত্রীবাহী বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে আটকা পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ভিসার বিষয়ে কাতারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারে বসবাসকারী ও ভ্রমণকারীদের বৈধভাবে থাকার বিষয় নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

03 Mar 2026, 08:20 PM

ইরানের জাস্ক বন্দরে ক্ষয়ক্ষতির চিত্র

একটি স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের একটি জেটি ইসরায়েলের বিমান হামলায় প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।


 

03 Mar 2026, 08:11 PM

আরব আমিরাতে ৩ জন নিহত, আহত ৬৮

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইরানি হামলায় তিনজন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।


আরব আমিরাত বলছে, তাদের দিকে ১৮৬টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে। ১৩টি ধ্বংস করা হয়েছে সমুদ্রের ওপর। একটি ক্ষেপণাস্ত্র ভূখণ্ডে আঘাত হেনেছে।

মোট ৮১২টি ইরানি ড্রোন শনাক্ত করার কথা তুলে ধরে আরব আমিরাত বলছে, তার মধ্যে ৭৫৫টি প্রতিহত করা হয়েছে।

03 Mar 2026, 08:07 PM

৭৩ ক্ষেপণাস্ত্র ও ৯১ ড্রোন ধ্বংসের দাবি বাহরাইনের

বাহরাইন জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৯১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

03 Mar 2026, 08:04 PM

আকাশসীমা খুলেছে জর্ডান

জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কমিশন তাদের আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

এর ফলে সোমবার রাত থেকে কার্যকর হওয়া আংশিক নিষেধাজ্ঞা উঠল।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ঝুঁকির বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

03 Mar 2026, 08:02 PM

ইসরায়েলের আপার গ্যালিলিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের আপার গ্যালিলিতে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলের ‘মায়ান বারুখ’ সামরিক চৌকি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি।

সূত্র: আল জাজিরা

03 Mar 2026, 07:59 PM

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলার বিষয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে।

এক্সে এক পোস্টে দূতাবাস বলেছে, “সৌদি আরবের ধারান এলাকায় ড্রোন বা ইউএভি হামলার একটি আসন্ন হুমকি রয়েছে। কেউ এখন মার্কিন কনস্যুলেটে আসবেন না।”

 

03 Mar 2026, 07:54 PM

ইসরায়েলের কেন্দ্রে মিসাইল ছুড়েছে ইরান

মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

আল জাজিরা লিখেছে, অনুসন্ধান ও উদ্ধারকারী বাহিনী এবং অসংখ্য জরুরি সেবা কর্মীরা মধ্য ইসরায়েলের আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে কাজ করছে। হামলার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হচ্ছে।

03 Mar 2026, 07:51 PM

যুদ্ধের মত খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে খাদ্য ও কৃষি পণ্য রপ্তানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইরান সরকার।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সরকারি ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে।

ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, এই মুহূর্তে জনগণের জন্য অত্যাবশ্যকীয় পণ্য বা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

03 Mar 2026, 07:37 PM

মোসাদের গুপ্তচর ও ট্রাফিক ক্যামেরা যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি করে

তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরাই বহু বছর ধরে হ্যাক করে রেখেছিল ইসরায়েল। জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা যখন তেহরানের পাস্তুর স্ট্রিট সংলগ্ন কার্যালয়ে কাজে যেতেন, ইসরায়েলিরা তাদের ওপর নজরে রাখত বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ফিনানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে।

গত শনিবার তেহরানের ওই কম্পাউন্ডেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, একটি ক্যামেরার অ্যাঙ্গেল ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বেশ সুবিধা করে দিয়েছিল, যা কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই কমপ্লেক্সের ভেতরের কার্যক্রম সম্পর্কে ইসরায়েলকে জানার সুযোগ করে দিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, জটিল অ্যালগরিদম ব্যবহার করে ওই কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে ছিল তাদের ঠিকানা, দায়িত্ব পালনের সময় এবং কর্মস্থলে যাওয়ার পথ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তারা সাধারণত কাকে নিরাপত্তা ও পরিবহন সেবা দিতেন, তাও বের করে ফেলে ইসরায়েলিরা।

গোয়েন্দা কর্মকর্তারা একে বলেন ‘প্যাটার্ন অব লাইফ’। এই চেষ্টা ছিল বহু বছর ধরে চালানো এক গোয়েন্দা অভিযানের অংশ, যা শেষ পর্যন্ত ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ করে দেয়।

শনিবার সকালে খামেনি ঠিক কখন কার্যালয়ে থাকবেন এবং কারা তার সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে নিশ্চিত হতে ইসরায়েল ও সিআইএ যেসব কৌশল ব্যবহার করেছিল, তার মধ্যে রিয়েল-টাইম ট্রাফিক ডেটায় নজরদারি হল একটি।

এর আগে রয়টার্স জানিয়েছিল, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের ওই কমপ্লেক্সে একটি বৈঠকের তথ্য পান ইসরায়েলি গোয়েন্দারা এবং সে অনুযায়ী হামলার সময় এগিয়ে আনা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, খামেনিও যে সেখানে উপস্থিত থাকবেন, সে বিষয়ে নিশ্চিত হতে পেরেছিল সিআইএ।

ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, পাস্তুর স্ট্রিটের আশপাশের প্রায় এক ডজন মোবাইল ফোন টাওয়ারের কিছু অংশ ইসরায়েল অচল করে দিতে সক্ষম হয়, যাতে ফোন করলে ব্যস্ত দেখায় এবং খামেনির নিরাপত্তা টিম সম্ভাব্য সতর্কবার্তা না পায়।

ইসরায়েল তাদের শত্রু দেশের রাজধানীতে এমন গোয়েন্দা জাল বিছাতে সক্ষম হয়েছে মূলত দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহের মাধ্যমে। তাতে বড় ভূমিকা রেখেছে ইসরায়েলের অত্যাধুনিক সিগন্যালস ইন্টেলিজেন্স ইউনিট ৮২০০, মোসাদের বসানো বিপুল সংখ্যক গুপ্তচর এবং সামরিক গোয়েন্দাদের প্রতিদিনের ব্রিফের মাধ্যমে পাওয়া বিপুল তথ্যভাণ্ডার।

সোশাল নেটওয়ার্ক অ্যানালাইসিস নামে পরিচিত একটি গাণিতিক পদ্ধতি ব্যবহার করে ইসরায়েল শতকোটি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করেছে।

03 Mar 2026, 07:24 PM

ইরানে স্কুলে হামলার তদন্তের তাগিদ জাতিসংঘের

ইরানের মেয়েদের একটি স্কুলে হামলা চালিয়ে দেড় শতাধিক শিশুকে হত্যার ঘটনা তদন্তের কথা বলছে জাতিসংঘ। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে স্কুলটি গুড়িয়ে দেওয়া হলেও হামলায় জড়িত কোনো দেশের নামোল্লেখ করেনি সংস্থাটি। স্কুলটিতে ভয়াবহ হামলার তথ্য শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রভিনা শামদাসানি বলেন, “হাই কমিশনার (ভলকার তুর্ক) এই হামলার পরিস্থিতির ওপর একটি দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন শনিবার ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সেদিনই ইরানের স্কুলটিতে হামলা চালানো হয়।

03 Mar 2026, 07:08 PM

বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হুমকির মুখে: রাশিয়া

চলমান সংঘাতে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হুমকির মুখে রয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’র প্রতিবেদন অনুযায়ী, রোসাটমের প্রধান নির্বাহী আলেকসি লিখাচেভ বলেছেন, “নিশ্চিতভাবেই কেন্দ্রটির ওপর হুমকি রয়েছে। কেন্দ্রটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।”

তবে তিনি এটি স্পষ্ট করেছেন যে, বিদ্যুৎ কেন্দ্রটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে না।

রোসাটম শনিবার বলেছে, তারা ইরান থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নিয়েছে। মস্কোর তৈরি এই বুশেহর বন্দরে অবস্থিত কেন্দ্রটিতে এখনো তাদের কর্মীরা অবস্থান করছেন।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলছে, লিখাচেভ বলেছেন, “পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তী ধাপে কেন্দ্রটি থেকে আরও ১৫০ থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হবে।”

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, ওই স্থাপনাটিতে শত শত রুশ নাগরিক কর্মরত রয়েছেন।
 

03 Mar 2026, 06:55 PM

হামলার আগে আগাম সতর্কবার্তা দেয়নি ইরান: কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরান তাদের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কাতারকে আগে থেকে কোনো তথ্য বা নোটিশ দেয়নি।

কাতার বলছে, ইরানের সঙ্গে কাতারের বর্তমানে কোনো যোগাযোগ চালু নেই। কাতারের অভ্যন্তরে ইরানের নিশানায় শুধু সামরিক স্থাপনা ছিল না। চলমান বিপদ মোকাবিলায় কাতারের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রতিরোধী ক্ষেপণাস্ত্র রয়েছে।

কাতার আরও বলছে, কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ট্রানজিটে থাকা ৮ হাজারের বেশি যাত্রী বর্তমানে বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। প্রমোদতরী বা ক্রুজ শিপগুলোতেও অনেক দর্শনার্থী আটকা পড়েছেন। 

03 Mar 2026, 06:45 PM

ইসরায়েলের নিশানায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর এবার প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে নিশানা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র বাহিনী।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তাদের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্টের দপ্তরে হামলা চালিয়েছে।

মঙ্গলবার টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে দফায় দফায় বোমা ফেলা হয়েছে।

বোমা আঘাত হেনেছে একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ইরানের শাসকগোষ্ঠীর আরেকটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ডে।

ইসরায়েলি সেনারা বলছে, তেহরানের যে সুরক্ষিত কম্পাউন্ডে পেজেকশিয়ানের দপ্তর, খামেনির কার্যালয়ও সেখানেই ছিল।

গত সপ্তাহান্তে খামেনি তার নিজ কম্পাউন্ডেই নিহত হন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায়।

03 Mar 2026, 06:34 PM

দুটি ড্রোন ভূপাতিত করেছে ওমান

ওমানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ধোফার প্রদেশে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, একটি তৃতীয় ড্রোন সালালাহ বন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। এটি ওমানের বৃহত্তম বন্দর এবং দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

03 Mar 2026, 05:15 PM

কাতারএনার্জি কিছু উপজাত পণ্য উৎপাদন বন্ধ করবে

“এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধের সিদ্ধান্তের পর কাতারএনার্জি কাতারে কিছু উপজাত পণ্যের উৎপাদনও বন্ধ করছে, যার মধ্যে রয়েছে ইউরিয়া, পলিমার, মিথানল, অ্যালুমিনিয়াম ও অন্যান্য পণ্য,” এক্স পোস্টে বলেছে কোম্পানিটি।

এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কাতারের দুটি স্থাপনা হামলার শিকার হওয়ার পর এ ঘোষণা এল।
 

03 Mar 2026, 05:02 PM

সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান

সৌদি তেল কোম্পানি সৌদি আরামকোতে ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তেহরান একে ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান আখ্যা দিয়েছে।

এক সামরিক সূত্রের বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি লিখেছে, “আরামকোর ওপর হামলাটি ছিল ইসরায়েলের একটি ছদ্মবেশী অভিযান। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে যে অপরাধ তারা করছে, তা থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্নখাতে নেওয়াই ইসরায়েলের উদ্দেশ্য।”

ওই সূত্র তাসনিম নিউজকে বলেন, “ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন ও ইসরায়েলি স্বার্থ, স্থাপনাকে নিশানা করবে এবং এ পর্যন্ত অনেকগুলোতে হামলাও চালিয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো ইরানি হামলার নিশানার মধ্যে ছিল না।”

সূত্রটির দাবি, “গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী ফলস ফ্ল্যাগ অভিযানের লক্ষ্যবস্তুগুলোর একটি হতে পারে।”

সোমবার সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর একটি তেল স্থাপনায় ড্রোন হামলা হয়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ড্রোন হামলার পর রাস তানুরায় আরামকোর ওই শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

03 Mar 2026, 04:54 PM

‘তেহরানের প্রতিটি অংশ আক্রান্ত’

“এটি কেবল সামরিক লক্ষ্য নয়, সাধারণ মানুষকেও লক্ষ্য করে একটি পরিকল্পিত হামলা।” 

ইরান থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলছিলেন সাংবাদিক মুহাম্মদ খাতিবি।

তার ভাষ্য, শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে রাজধানী তেহরানের ‘প্রতিটি অংশ’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে।

এতে মোবাইল টাওয়ার, সম্প্রচার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শহরের গ্র্যান্ড বাজার ‘ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেন খাতিবি।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে কী প্রতিক্রিয়া হয়েছে, এমন প্রশ্নে খাতিবি বলেন, “ছোট ছোট কয়েকটি দল তা উদযাপন করেছে, তবে বড় ধরনের কোনো অশান্তি নেই।”

তিনি বলেন, সাধারণত এমন পরিস্থিতিতে যারা প্রতিক্রিয়া দেখায়, সেই সামরিক ও পুলিশের স্থাপনায় হামলা হয়েছে।

খাতিবি মনে করেন, “ইরানের বাইরে বিচ্ছিন্নতাবাদী ও বিরোধী দলগুলো শিগগির এমন প্রতিবাদ ডাকার আহ্বান জানাবে, যা জানুয়ারিতে ইরানে দেখা গিয়েছিল; তখন হাজারো মানুষ নিহত হয়েছিল।

“এই (শাসনব্যবস্থা পরিবর্তনের) পরিকল্পনাই শুরু থেকেই ছিল। পারমাণবিক ইস্যু কেবল একটি অজুহাত ছিল, আমার মনে হয়।”

03 Mar 2026, 04:28 PM

লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সোমবার থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে পৌঁছেছেন বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

সংস্থার মুখপাত্র বাবর বালুচ বলেছেন, “আরও অনেক মানুষ রাস্তায় গাড়িতে ঘুমিয়েছে বা এখনও যানজটে আটকে আছে।”

03 Mar 2026, 04:24 PM

‘পাকিস্তানের জন্য শান্তি বোর্ড ছাড়ার সময় এসেছে’

ট্রাম্পের কথিত শান্তি বোর্ড থেকে পাকিস্তানের বেরিয়ে আসার জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাবেক এ রাষ্ট্রদূত এক্স পোস্টে বলেছেন, “পাকিস্তানের জন্য এখনই শান্তি বোর্ড ছাড়ার সময়, যাতে আসলে যোগদানই ঠিক হয়নি। বোর্ডটি গঠন ও নেতৃত্বে রয়েছেন এমন একজন মানুষ, যিনি ৭টি দেশে হামলা চালিয়েছেন এবং যার প্রশাসন গাজায় ইসরায়েলের গণহত্যায় জড়িত।”

03 Mar 2026, 03:54 PM

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: আইএইএ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, সবশেষ পাওয়া স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে তারা ইরানের ভূগর্ভস্থ নাতাঞ্জ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের (এফইপি) প্রবেশ ভবনগুলোতে সাম্প্রতিক ক্ষতি নিশ্চিত হতে পেরেছে।

সংস্থাটি বলেছে, কোনো তেজস্ক্রিয় বিপদের আশঙ্কা নেই। স্থাপনাটিতে কোনো ধরনের ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।

ইসরায়েল গত বছর ইরানের বিরুদ্ধে যে ১২ দিনের যুদ্ধ করেছিল, তাতে নাতাঞ্জসহ আরও দুটি স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল।

 
 

 

03 Mar 2026, 03:31 PM

ইরানে নিহত বেড়ে ৭৮৭

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক হামলায় অন্তত ১৫৩টি শহর আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৫০৪টি স্থান লক্ষ্যবস্তু হয়েছে। আর নথিভুক্ত হামলার সংখ্যা ১০৩৯-এ পৌঁছেছে।

03 Mar 2026, 03:25 PM

শিল্পে গ্যাস সরবরাহ কমিয়েছে ভারতীয় কোম্পানিগুলো

ড্রোন হামলার পর কাতার এলএনজি উৎপাদন স্থগিত করায় সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় ভারতের কোম্পানিগুলো শিল্পখাতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমিয়েছে।

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল চারটি শিল্প সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স।

বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি ক্রেতা ভারত আমদানির জন্য মধ্যপ্রাচ্যের উৎপাদকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির শীর্ষ এলএনজি গ্রাহক এবং কাতারি এলএনজির দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।

শীর্ষ এলএনজি আমদানিকারক পেট্রোনেট এলএনজি লিমিটেড শীর্ষ গ্যাস বিপণন কোম্পানি গেইল (ইন্ডিয়া) এবং অন্যান্য কম্পানিকে কম সরবরাহের বিষয়টি অবহিত করেছে।

গেইল এবং ইন্ডিয়ান অয়েল গ্যাস সরবরাহ কমানোর বিষয়টি সোমবার গভীর রাতে গ্রাহকদের জানিয়েছে বলে একটি সূত্র বলছে।

রয়টার্সকে দুই সূত্র জানিয়েছে, সরবরাহ কমানো হয়েছে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।

চুক্তির শর্ত অনুযায়ী গ্রাহকদের কাছে যাতে জরিমানা গুনতে না হয়, এমন পরিমাণ গ্যাস কাটছাঁট করেছে কোম্পানিগুলো।

এলএনজি ঘাটতি পূরণ করতে আইওসি, গেইল, পেট্রোনেট এলএনজিসহ বিভিন্ন কোম্পানি স্পট টেন্ডার আহ্বানের পরিকল্পনা করছে বলে দুটি সূত্র জানিয়েছে। যদিও স্পট মূল্য, পরিবহন ভাড়া এবং বীমা খরচ বেড়েছে।

03 Mar 2026, 03:07 PM

পাকিস্তানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের

পাকিস্তান জুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় আগামী ৬ মার্চ পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং লাহোর ও করাচির কনস্যুলেট জেনারেল দপ্তর।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রকাশিত এএফপি’র হিসাব অনুযায়ী, বিক্ষোভে মৃতের সংখ্যা ২৫ জনে পৌঁছেছে।

খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর করাচির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের বাইরের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দুই মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালান—যা কোনো কূটনৈতিক স্থাপনায় শক্তি প্রয়োগের একটি বিরল ঘটনা।

তবে কর্মকর্তারা বলেছেন, মেরিনদের ছোড়া গুলি কাউকে আঘাত করেছে বা নিহত করেছে কি না, তা স্পষ্ট নয়। এছাড়া মিশন রক্ষায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষী ও স্থানীয় পুলিশসহ অন্য কেউ গুলি চালিয়েছিল কি না, তাও তারা নিশ্চিত নন।

03 Mar 2026, 03:07 PM

রাতে ইরানে নেমেছে ইসরায়েলি স্পেশাল ফোর্স, দাবি আল-আরাবিয়ার

সৌদি আরবের সংবাদপত্র আল-আরাবিয়া দাবি করেছে, মোসাদের গোয়েন্দারাসহ ইসরায়েলের স্পেশাল ফোর্সেস রাতে ইরানে স্থল অভিযানে নেমেছে।

তবে আল-আরাবিয়া এই দাবির কোনো সূত্র উল্লেখ করেনি এবং কথিত অভিযানের বিস্তারিত কিছু জানায়নি, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

03 Mar 2026, 02:52 PM

ইসরায়েল সীমান্তে ‘অগ্রবর্তী অবস্থান’ থেকে সরছে লেবাননের সেনাবাহিনী

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তে লেবাননের সেনাবাহিনী তাদের ‘অগ্রবর্তী অবস্থান’ থেকে সরে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সীমান্তের অন্তত সাতটি অগ্রবর্তী পরিচালন অবস্থান থেকে লেবাননের সেনাবাহিনী সরে গেছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, ইসরায়েলি সীমান্তবর্তী বসতিগুলোর ওপর গুলি বর্ষণ ঠেকাতে ইসরায়েলের সেনাবাহিনীকে লেবাননে ‘অগ্রসর হয়ে আরও এলাকা দখল’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

03 Mar 2026, 02:38 PM

ইরান যুদ্ধ বছরের পর বছর চলবে না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হতে ‘কিছুটা সময় লাগলেও তা বছরের পর বছর চলবে না’।

শনিবার তেহরানে মার্কিন, ইসরায়েলি হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। তাদের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশে মার্কিন ঘাঁটি আছে সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুরুতে এই যুদ্ধ ‘চার থেকে পাঁচ সপ্তাহ’ স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন।

তবে পরে তিনি বলেন যে এটি আরও দীর্ঘ হতে পারে; আর তখন থেকেই তিনি ইরানের বিরুদ্ধে একটি বিস্তৃত ও সময়সীমাহীন যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে আসছেন।

নেতানিয়াহু অবশ্য এই সংঘাতকে আগের দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধগুলোর মতো দেখতে নারাজ, জানিয়েছে রয়টার্স।

ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে সোমবার তিনি বলেন, “আমি বলেছিলাম এটি দ্রুত ও চূড়ান্ত হতে পারে। এতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এটি বছরের পর বছর ধরে চলবে না। এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়।”

ইরানের ওপর এই আক্রমণ ট্রাম্পের পররাষ্ট্রনীতির এক বড় ধরনের বদলকে নির্দেশ করে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় তিনি বিদেশের মাটিতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে যে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ঘোষণা করেছিলেন, এই যুদ্ধ তার সম্পূর্ণ বিপরীত।

নেতানিয়াহু এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন।

মধ্যপ্রাচ্যে শান্তির স্থায়ী পথ তৈরি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি।”

03 Mar 2026, 02:35 PM

স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী (স্টারমার) উপকারী নন। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। আমি কখনও ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা দেখব।”

ট্রাম্প বলেন, “এটা খুবই দুঃখজনক যে সম্পর্ক আর আগের মতো নেই।”

স্টারমার সোমবার নিম্নকক্ষে বলেন, তার সরকার ‘আকাশ থেকে শাসন ব্যবস্থা পরিবর্তনে বিশ্বাস রাখে না’।

ইরানে হামলার জন্য শুরুতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়নি যুক্তরাজ্য। তবে পরে ইরানি স্থাপনাগুলোর ওপর ‘আত্মরক্ষামূলক’ হামলার জন্য যুক্তরাজ্যের ঘাঁটি খুলে দেওয়া হয়।

ট্রাম্প সানকে বলেন, “ফ্রান্স দুর্দান্ত ছিল। তারা সবাই দুর্দান্ত ছিল। যুক্তরাজ্য অন্যদের তুলনায় বেশ ভিন্ন ছিল।”

03 Mar 2026, 02:20 PM

ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

হালকা মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

03 Mar 2026, 02:04 PM

শাহজালালে ৩৮টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার ৩৮টি ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছে ঢাকার শাহজালাল বিমানবন্দর। এর মধ্যে কাতার এয়ারলাইন্স, এমিরেটস, গালফ এয়ার, জাজিরা ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি করে ফ্লাইট রয়েছে। এর বাইরে এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং কুয়েত এয়ারওজের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সবমিলিয়ে গত শনিবার থেকে ১৪৭টি ফ্লাইট বাতিল হওয়ার তথ্য দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শনিবার ২৩টি, পরদিন ৪০টি এবং সোমবার ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে।


 

03 Mar 2026, 01:53 PM

শাহ আমানতে ৭টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতির কারণে মঙ্গলবার সকালে ওই পথের ৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসার একটি ফ্লাইট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাওয়ার ও আসার একটি করে ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে এয়ার আরাবিয়ার যাওয়া ও আসার দুটি করে ফ্লাইট।

এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ সকাল ৮টা ৫ মিনিটে অবতরণ করে। এরপর যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইট হিসেবে মাস্কাটের উদ্দেশে সকাল সোয়া ৯টায় শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে আসা বিজি-১৩৮ ফ্লাইট সকাল পৌনে ৯টায় অবতরণ করার পর সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

গত শনিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সবমিলিয়ে ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে শাহ আমানতে।


 

03 Mar 2026, 01:39 PM

ইসরায়েলি ৩ সামরিক স্থাপনায় আক্রমণের দাবি হিজবুল্লাহর

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় হামলার কথা দাবি করেছে।

তারা বলেছে, লেবাননের ডজনখানেক শহর ও গ্রামকে লক্ষ্য করে বেআইনি ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ টেলিগ্রামে তিনটি পোস্টে বলেছে, তারা গোলান মালভূমির নাফাহ ঘাঁটিতে ‘বড় সালভো ক্ষেপণাস্ত্র’ হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের মেরন ও রামাত দেভিদ বিমান ঘাঁটিতে ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছে।

এসব হামলার দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
 

03 Mar 2026, 01:29 PM

নতুন ধর্মীয় নেতা ‘নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না’

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করবে যে বিশেষজ্ঞ পরিষদ, তার এক সদস্য বলেছেন, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া ‘দীর্ঘায়িত’ হবে না।

আলি মোআলেমি বলেছেন, নতুন নেতা নির্বাচনের সময় ‘ব্যক্তিগত পছন্দ’ বা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীর প্রাধান্য যে বিবেচ্য হবে না, সেই বিষয়ে শপথ নিয়েছেন বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা। তারা তাদের বিচারবুদ্ধি এবং ধর্মীয় নীতিমালা অনুযায়ী ভোট দেবেন।

তিনি বলেন, “বিপ্লবের শহীদ নেতার মতোই একজনকে নির্বাচিত করবে বিশেষজ্ঞ পরিষদ।

শনিবার সকালে মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছে।
 

03 Mar 2026, 01:21 PM

বুশেহর প্রদেশে ৫ আইআরজিসি সেনা নিহত

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইরানের বুশেহর প্রদেশে দেশটির ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনীর পাঁচ বিমান ও নৌ সেনার মৃত্যু হয়েছে।
 

03 Mar 2026, 01:10 PM

রিয়াদে কানাডার দূতাবাস বন্ধ ঘোষণা

সৌদি আরবের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে’ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রিয়াদে কানাডার দূতাবাস। আগামী ৬ মার্চ পর্যন্ত সব ধরনের অ্যাপয়েনমেন্ট বাতিলও ঘোষণা করা হয়েছে।

এর আগে সোমবার রাতে রিয়াদে মার্কিন দূতাবাস দুটি ড্রোন হামলার শিকার হয়। এরপর তাদের বিভিন্ন মিশন দেশটিতে সব ধরনের সেবা বাতিলের ঘোষণা দিয়েছে।

03 Mar 2026, 01:03 PM

‘চিরকাল যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের যথেষ্ট অস্ত্র আছে’

যুক্তরাষ্ট্রের ‘মধ্যম ও উচ্চ মধ্যম মানের’ গোলাবারুদ মজুদের তথ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “যুদ্ধ ‘চিরকাল’ চালানো যেতে পারে… কেবল এই সরবরাহ ব্যবহার করে।”

ট্রাম্প লিখেছেন, “আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট মজুত রয়েছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!” 

তিনি তার সবশেষ মন্তব্যে পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ‘অত্যন্ত উচ্চ মানের’ মার্কিন অস্ত্র ইউক্রেইনে সরবরাহের অভিযোগ তুলেছেন।

বাইডেন তার চার বছরের মেয়াদের শেষভাগে ইউক্রেইনকে শক্তিশালী দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

03 Mar 2026, 12:46 PM

কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

দূতাবাস এক্স পোস্টে বলেছে, “আমরা সব ধরনের নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি।”

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির’ কারণ দেখিয়ে কুয়েতসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক মাধ্যমে দেশত্যাগ করার আহ্বান জানিয়েছিল।

সোমবার ‘ভুল করে’ তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করে কুয়েত।

রাতে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানার পরে পরে কুয়েতের দূতাবাস বন্ধ করা হলো।
 

03 Mar 2026, 12:36 PM

তেহরান ও বৈরুতে হামলা ইসরায়েলি সেনাবাহিনীর

ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে বলা হয়েছে, “আইডিএফ বর্তমানে যুগপৎভাবে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।”

আইডিএফের আরবি ভাষার মুখপাত্র অ্যাভিচাই আদরায়ি বলেছেন, “বিস্তৃত বিমান হামলার একটি পর্ব চলছে।”

বিবিসি লিখেছে, বৈরুতের দক্ষিণ শহরতলী এবং ডজনখানেক গ্রামের মানুষকে অবিলম্বে সরে যাওয়ার সতর্কবার্তা আইডিএফ দেওয়ার ঘণ্টা খানেক পর এ হামলা হলো। আইডিএফ জানিয়েছিল, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করছে।

03 Mar 2026, 12:24 PM

সৌদি আরবে কনস্যুলার সেবা বাতিল যুক্তরাষ্ট্রের

রিয়াদে মার্কিন দূতাবাস সৌদি আরবের বিভিন্ন মিশনে তাদের সব ধরনের সেবা বাতিলের ঘোষণা দিয়েছে।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সব ধরনের নিয়মিত এবং জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। জেদ্দা, রিয়াদ, ধাহরানসহ তার বিভিন্ন মিশনে ‘অবস্থানস্থলেই আশ্রয়’ নীতি কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “দূতাবাসে হামলার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থাপনাটি এড়িয়ে চলুন।”

মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপাত্র জানিয়েছেন, দূতাবাসটিতে দুটি ড্রোন যোগে হামলা চালানো হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায় ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন দ্রুতই নিভিয়ে ফেলা সম্ভব হয়।

দূতাবাস বলেছে, “সব মার্কিন নাগরিককে ব্যক্তিগত সুরক্ষা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দিচ্ছি আমরা।”
 

03 Mar 2026, 12:12 PM

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটির কমান্ড সেন্টার ধ্বংসের খবর

বাহরাইনে একটি মার্কিন বিমানঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ইরানের হামলায় ধ্বংস হওয়ার খবর এসেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ ফারস সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে একের পর এক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

ফারস এর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে।

বিবিসি লিখেছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

03 Mar 2026, 11:55 AM

তৃতীয় দিনের মতো তেলের দাম বৃদ্ধি

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের বিস্তার এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর হুমকির কারণে সরবরাহ বিঘ্নের আশঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে তেলের দাম তৃতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৭০ ডলার বেড়ে হয়েছে ৭৯ দশমিক ৪৪ ডলার। তার মানে আগের চাইতে দর বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

আল জাজিরা লিখেছে, সোমবার এই দর ৮২ দশ ৩৭ ডলারে উঠেছিল যা গত বছরের জানুয়ারি থেকে সর্বোচ্চ দর; যদিও পরে তা কিছুটা কমে ৬ দশমিক ৭ শতাংশে স্থির হয়।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডও ১ দশমিক ১৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৭২ দশমিক ৪০ ডলারে ওঠে। 

লেনদেনের আগের পর্বে এই দর গত বছরের জুনের পর থেকে সর্বোচ্চে পৌঁছেছিল, পরে কিছুটা কমে ৬ দশমিক ৩ শতাংশে স্থির হয়।

আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, “দ্রুত উত্তেজনা হ্রাসের কোনো লক্ষণ না থাকা, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হওয়া এবং ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে ইরানের নিশানা করার কারণে ঊর্ধ্বমুখী ঝুঁকি রয়েছে এবং সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, তা তত বৃদ্ধি পাবে।”

03 Mar 2026, 11:38 AM

ইরানের হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মার্কিন সেনাদের প্রথম মৃত্যু হয়েছে রোববার স্থানীয় সময় সকালে, কুয়েতের এক বেসামরিক বন্দরে। সেখানে অস্থায়ী একটি সামরিক অভিযান কেন্দ্রে সরাসরি আঘাত হানে ইরান।

সেখানকার পরিস্থিতির বিষয়ে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সিএনএনকে এমনটি জানিয়েছেন।

সোমবার বিকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক ঘোষণায় জানায়, কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

সিএনএন জানায়, আরও দুই মার্কিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর সেন্ট্রাল কমান্ড এ ঘোষণা দেয়।

সোমবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ‘একটি সুরক্ষিত কৌশলগত অভিযান কেন্দ্রে’ হামলার ঘটনায় ওই সেনারা নিহত হন। কেন্দ্রটি ‘সুরক্ষিত’ হওয়ার পরও ‘একটি’ প্রক্ষিপ্ত বস্তু এয়ার ডিফেন্স ভেদ করে সেখানে আঘাত হানে।


 

03 Mar 2026, 10:59 AM

ইসরায়েল আঘাত করবে জেনেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র শনিবার ইরানে ‘প্রি-এম্পটিভ’ (শত্রুপক্ষের হামলার আগেই হামলা চালানো) হামলা চালিয়েছে, কারণ তারা জানত ইসরায়েল হামলা করবে; আর তা হলে যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিত ইরান।

তিনি সাংবাদিকদের বলেছেন, “আমরা জানতাম, ইসরায়েলের কোনো পদক্ষেপ হতে চলেছে। আমরা জানতাম, সেটি আমেরিকান বাহিনীর বিরুদ্ধে হামলার সূত্রপাত করবে।

“আর আমরা জানতাম, আমরা যদি শত্রুপক্ষের হামলার আগেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিতাম, আমরা আরও বেশি ক্ষয়ক্ষতি এবং সম্ভবত আরও বেশি প্রাণহানির মুখোমুখি হতাম।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আমাদের কৌশলগত চেষ্টার বিশদ বিবরণ প্রকাশ করব না, তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তরফে এখনো সবচেয়ে শক্তিশালী আঘাত আসেনি।”

03 Mar 2026, 10:49 AM

হরমুজ প্রণালির পথ ধরলে জাহাজ আগুনে পুড়বে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল না করতে সতর্ক করেছেন ইরানের বিপ্লবী রক্ষা বাহিনীর প্রধান কমান্ডারের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি।

তিনি বলেছেন, ওই পথ দিয়ে যেকোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে ‘আগুনে পুড়িয়ে দেওয়া হবে’।  

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া বক্তৃতায় জাব্বারি বলেন, প্রণালিটি বন্ধ রয়েছে।

এ পথে চালাচলকারী জাহাজগুলোকে সতর্ক করে তিনি বলেন, “তাদের এই অঞ্চলে আসা উচিত নয়। তারা অবশ্যই আমাদের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।”

জাব্বারি বলেন, আমেরিকানরা এই অঞ্চলের তেলের জন্য উন্মুখ হয়ে আছে। 

“ইরান এ অঞ্চলে তাদের পাইপলাইনে আঘাত হানবে এবং এই এলাকা থেকে তেল রপ্তানি করতে দেবে না।”

বিবিসি লিখেছে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপরিবহন পথ এবং তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন হয়।
 

03 Mar 2026, 09:40 AM

তেল পরিবহন ভাড়া সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাঙ্কার ভাড়া করার খরচ সর্বকালের সর্বোচ্চ চার লাখ ডলারেরও বেশিতে পৌঁছেছে।

এই রেকর্ড ভাড়া গুনতে হচ্ছে সবচেয়ে বড় তেলবাহী জাহাজের ক্ষেত্রে, যা সর্বোচ্চ ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এই খরচা প্রায় দ্বিগুণ।

ইরান তার দক্ষিণের হরমুজ প্রণালি দিয়ে অতিক্রমকারী জাহাজগুলোকে নিশানা করছে, যে পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
 

03 Mar 2026, 09:35 AM

অ্যামাজনের ২ ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় তাদের দুটি ডেটা সেন্টার অঞ্চলে ‘সরাসরি আঘাতপ্রাপ্ত’ হয়েছে।

সোমবার কোম্পানিটি জানিয়েছে, বাহরাইনে আরেকটি স্থাপনাও ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে।

বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল পরিষেবা পরিচালনাকারী এ কোম্পানি ভাষ্য, হামলাগুলো তাদের অবকাঠামোতে ‘কাঠামোগত ক্ষতি’ এবং ‘বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন’ সৃষ্টি করেছে।

ডেটা সেন্টারগুলো কোনো অঞ্চলের বিস্তৃত ব্যবসা এবং ওয়েবসাইট ও অনলাইন অ্যাপ্লিকেশনের মতো ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করে। এ ধরনের স্থাপনার যেকোনো ক্ষতি গুরুতর বিঘ্ন সৃষ্টি করতে পারে।

মধ্যপ্রাচ্যের ‘অনিশ্চিত’ পরিস্থিতির কারণে অ্যামাজন ওয়েব সার্ভিসেস তাদের গ্রাহকদের অবিলম্বে ডেটা ব্যাকআপ নিতে এবং গ্রাহকদের সিস্টেম যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য কোথাও অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসেস প্ল্যাটফর্মে স্থানান্তর করার আহ্বান জানিয়েছে।

03 Mar 2026, 09:15 AM

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। দূতাবাসটি মার্কিন নাগরিকদের তারা যেখানেই থাকুক, সেখানেই নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে।

মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপাত্র জানিয়েছেন, দূতাবাসটিতে দুটি ড্রোন যোগে হামলা চালানো হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায় ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন দ্রুতই নিভিয়ে ফেলা সম্ভব হয়।

03 Mar 2026, 03:58 AM

ইরান যুদ্ধে কমপক্ষে ৬ মার্কিন সেনা নিহত

যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয় দিনে ইরানে সাড়ে পাঁচশোর অধিক সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার তথ্য দিচ্ছে রেডক্রস। অপরদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত ছয় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড- সেন্টকম।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার যৌথ  হামলা শুরু করে ইরানে। এর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা এসব সদস্যের মৃত্যুর খবর সোমবার রাতে দিল সেন্টকম। আগের দিন রোববার তিনজনের মৃত্যুর খবর দিয়েছিল সামরিক বাহিনীটি।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “মার্কিন বাহিনী সম্প্রতি একটি স্থাপনা থেকে পূর্বে নিখোঁজ থাকা দুইজন সেবা সদস্যের দেহাবশেষ উদ্ধার করেছে, যে স্থাপনাটি ইরানের প্রাথমিক হামলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।”
বিবৃতিতে বলা হয়, “প্রধান যুদ্ধ অভিযানগুলো এখনও চলছে। নিহতদের নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা না হওয়া পর্যন্ত তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে।”

সূত্র: আল জাজিরা 

03 Mar 2026, 01:56 AM

‘নিরাপদ স্থানে যেতে রাজি হননি খামেনি’

03 Mar 2026, 01:56 AM

হামলার পর সৌদির কয়েকটি তেল শোধানাগার বন্ধ

03 Mar 2026, 01:51 AM

দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ

কাতারের রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান আশপাশের যেসব শহরকে পাল্টা হামলার নিশানা বানিয়েছে, দোহা সে তালিকার একটি। 

এর আগে সোমবার কাতারের বিমান বাহিনী তাদের আকাশসীমায় দুটি ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে।

সূত্র: আল জাজিরা

03 Mar 2026, 01:43 AM

কুয়েতের নৌ কর্মকর্তা নিহত

নিজেদের এক নৌ-কর্মকর্তা নিহত হওয়ার তথ্য দিয়েছে কুয়েত। 

দেশটির সশস্ত্র বাহিনী বলেছে, একটি সামরিক অভিযানের সময় ওই কর্মকর্তা নিহত হন। 
তবে কোন অভিযানে কিংবা কোন পরিস্থিতিতে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে তারা কিছু জানায়নি।
সূত্র: আল জাজিরা

03 Mar 2026, 01:39 AM

প্রতিপক্ষের আরো ৭ ড্রোন ভূপাতিত: ইরান

প্রতিপক্ষের আরো সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর চার দিনে তারা ২৯টি ড্রোন ধ্বংস করেছে।
সূত্র: আল জাজিরা 

03 Mar 2026, 01:27 AM

ইরানে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিলেন না ট্রাম্প



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘প্রয়োজন’ পড়লে ইরানে স্থলসেনা পাঠানোর বিষয়টি তিনি নাকচ করছেন না।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা তৃতীয় দিনে গড়ানোর পর সোমবার নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, “ইরানে মার্কিন স্থলসেনা পাঠানো নিয়ে আমার কোনও জড়তা নেই। অন্য প্রেসিডেন্টরা যেমন বলেন, স্থলভাগে কোনও সেনা মোতায়েন করা হবে না। আমি তা বলি না। আমি বলি, সম্ভবত তাদের (স্থলসেনা) প্রয়োজন নেই অথবা যদি প্রয়োজন হয় (তবে পাঠানো হবে)।”

03 Mar 2026, 01:19 AM

খলিলুরকে ফোন মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রীর



মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের।

সোমবার তাদের সঙ্গে পৃথক ফোনালাপের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি।

টেলিফোনে চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে তাদের আলোচনা হওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

03 Mar 2026, 01:15 AM

ইরানের ৭ শীর্ষ সামরিক কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল তেহরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর সাতজন শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম। এই প্রথম নিহত উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও পদের তালিকা প্রকাশ করল তেহরান।
নিহতদের মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয়ের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিরাজি এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা বিষয়ক ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল সালেহ আসাদি।
তালিকায় আরও রয়েছেন বিমানবাহিনীর লজিস্টিক ও সাপোর্ট ডেপুটি মেজর জেনারেল মোহসেন দারেবাগি, সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয়ের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আকবর ইব্রাহিমজাদে, ফারাজার গোয়েন্দা প্রধান গোলামরেজা রেজাইয়ান, সশস্ত্র বাহিনীর পরিকল্পনা ও অপারেশন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাহরাম হোসেইনি মোতলাক এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের লজিস্টিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাসান-আলি তাজিক।
সূত্র: বিবিসি

03 Mar 2026, 01:11 AM

মাটির নিচে থাকা ড্রোনের মজুত দেখাল ইরান

03 Mar 2026, 01:07 AM

ইরানে সরকার পরিবর্তন কঠিন: সাবেক সিআইএ পরিচালক



ইরানের সামরিক বাহিনী এখনো সক্রিয় থাকায় দেশটির শাসক গোষ্ঠীকে উৎখাত করাটা ‘কঠিন’ মনে করছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ডেভিড পেট্রাউস।
 
কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা— সিআইএর সাবেক এ পরিচালক বলেন, “সমস্যা হলো, কোনো দেশের নিয়ন্ত্রণ নেওয়া বেশ কঠিন, যদি সেখানে লাখ লাখ সদস্যের সশস্ত্র ও সংগঠিত বাহিনী মাঠে উপস্থিত থাকে।”

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে তিনি স্থলবাহিনী মোতায়েন করবেন না।

ট্রাম্পের এ সিদ্ধান্ত তুলে ধরে পেট্রাউস বলেন, “ইরানে সরকার পরিবর্তন না হলেও এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র হয় বেশ কিছু লক্ষ্য অর্জন করতে পারবে।”

03 Mar 2026, 12:39 AM

আবুধাবিতে জ্বালানি ট্যাংকের টার্মিনালে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মুসাফাহ এলাকায় একটি জ্বালানি ট্যাংক টার্মিনালে ড্রোন হামলা চালানো হয়েছে। 

তবে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি আবুধাবির। 

আবুধাবি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ড্রোন হামলার ফলে সৃষ্ট আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় জ্বালানি কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম বা তেল উত্তোলনে কোনো প্রভাব পড়েনি।

03 Mar 2026, 12:35 AM

সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে তেল-গ্যাস উৎপাদন ব্যাহত, কাতারে এলএনজি বন্ধ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আঘাতের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

এমনকি জ্বালানি বাজারের জন্য বড় ধাক্কা হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে কাতার এনার্জি।

03 Mar 2026, 12:31 AM

‘আঘাত হানার এটাই ছিল শেষ ও সেরা সুযোগ’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশকে ইরানে হামলা চালাতে হেয়েছে। কারণ, ইরানের পারমাণবিক শক্তির সক্ষমতা ধ্বংস করার জন্য এটিই সবচেয়ে ভাল সুযোগ ছিল।

সোমবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানে হামলা চালানোর এটিই ছিল ‘শেষ সেরা সুযোগ’। এ পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত বলে তিনি দাবি করেন।

গত শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করলেন ট্রাম্প।

 

03 Mar 2026, 12:27 AM

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: চার দিনে শাহজালালের ১৩১ ফ্লাইট বাতিল



ইরানে যুদ্ধ শুরুর পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১৩১টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার থেকে চার দিনে এসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। সেগুলো বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক বার্তায় বলা হয়, শনিবার মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে মঙ্গলবার পর্যন্ত ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়।

03 Mar 2026, 12:20 AM

সীমান্ত পেরিয়ে তুরস্কে ঢুকছে শত শত ইরানি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বাড়তে থাকায় সীমান্ত পেরিয়ে তুরস্কে ঢুকছে শত শত ইরানি। সোমবার বিকালে ইরানিরা সীমান্ত অতিক্রম করেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।
তারা তেহরানে আতঙ্কের কথা বলছে এবং পেট্রোল স্টেশনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তবে তুরস্ক এদিন সকালে জানিয়েছে, তিনটি ইরান-তুরস্ক সীমান্ত ফটকে দিনের বেলার ভ্রমণে যাত্রী পারাপার স্থগিত করা হয়েছে।
তুরস্ক কেবল নিজেদের নাগরিক এবং তৃতীয় কোনও দেশের নাগরিকদেরকে দেশে ঢুকতে দিচ্ছে। রোববার ভ্রমণকারীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিছু ইরানিকে তুরস্কে ঢুকতে দেওয়া হচ্ছে না।
 

03 Mar 2026, 12:02 AM

ইরানে হামলার ৪ কারণ জানালেন ট্রাম্প

ইরানে হামলার ব্যাপারে চারটি উদ্দেশ্যের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, প্রথম কারণ হল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। দ্বিতীয়ত ইরানের নৌবাহিনীকে ‘নিশ্চিহ্ন’ করা। এরই মধ্যে ইরানের অন্তত ১০টি জাহাজ বিধ্বস্ত হয়েছে।
তৃতীয়ত ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষম হতে না দেওয়া। চতুর্থ হল সীমান্তে যাতে ‘সন্ত্রাসী বাহিনীকে’ অস্ত্র, অর্থ ও নির্দেশনা দিতে না পারে ইরান সরকার।


 

02 Mar 2026, 11:53 PM

‘পরমাণু অস্ত্রধারী ইরান’ মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: ট্রাম্প

পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত ইরান মধ্যপ্রাচ্যের পাশাপাশি আমেরিকার জনগণের জন্য এক ‘অসহনীয় হুমকি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তার দাবি, তেহরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পরমাণু অস্ত্র তৈরির ঢাল হিসেবে ব্যবহার করছে।

সূত্র: বিবিসি
 

02 Mar 2026, 11:51 PM

ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা করে নেটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, তাদের অভিযানের ফলে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের তেহরানের ক্ষমতা হ্রাস পাচ্ছে।

তবে এই সংঘাতে নেটো সরসারি জড়াবে না বলে স্পষ্ট করেছেন তিনি।

ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা করছে তা সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ এটি পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ইরানের ক্ষমতাকে হ্রাস করছে।

“নেটোর এই যুদ্ধে জড়িয়ে পড়া বা এর অংশ হওয়ার কোনো পরিকল্পনাই নেই। তবে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টাকে সফল করতে যা সম্ভব তা করতে পারে।”

সূত্র: রয়টার্স
 

02 Mar 2026, 11:26 PM

ইরানের পরবর্তী নেতার ব্যাপারে কিছু্ই জানি না: ট্রাম্প

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরী কে হচ্ছেন, সে সম্পর্কে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, “আমরা জানি না নেতৃত্ব কার হাতে আছে। জানি না তারা কাকে নির্বাচিত করবে।”

 

02 Mar 2026, 11:20 PM

সংঘাতে ‘সরাসরি যোগ দেবে না’ যুক্তরাজ্য: স্টারমার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্তরাজ্যের যোগ না দেওয়ার সিদ্ধান্ত ‘সচেতনভাবে’ নেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এমপিদের উদ্দেশে স্টারমার বলেছেন, “এই সরকার আকাশ থেকে শাসন ব্যবস্থা পরিবর্তনের বিশ্বাস রাখে না।”

তবে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইরানি ক্ষেপণাস্ত্রের উৎস ধ্বংস করতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

 

 

02 Mar 2026, 11:12 PM

ইরানের ২ যুদ্ধবিমান ও ৭ মিসাইল ভূপাতিত করার দাবি কাতারের

ইরান থেকে ধেয়ে আসা দুটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে কাতারের বিমানবাহিনী।

সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, বিমানবাহিনীর পাশাপাশি কাতারের নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া সাতটি ব্যালিস্টিক মিসাইল এবং পাঁচটি ড্রোনও প্রতিহত করেছে।

02 Mar 2026, 10:33 PM

যুদ্ধ এক মাস চলতে পারে: ট্রাম্প

সিএনএনকে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সবথেকে বড় হামলা এখনো চালানো হয়নি।

সিএনএন সঞ্চালক জেক ট্যাপারকে তিনি বলেন, “আমরা তাদের ওপর চরম আঘাত হানছি। মনে হয় খুব ভালোভাবেই এগোচ্ছে। অত্যন্ত শক্তিশালী একটি অভিযান। বিশ্বের শ্রেষ্ঠ সামরিক বাহিনী আছে আমাদের। আমরা সেটি ব্যবহার করছি।”

ট্রাম্প আরও বলেন, “আমরা এখনো তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত শুরুই করিনি। বড় ঢেউটি এখনো আসেনি। সেটি আসছে খুব শিগগিরই।”

এই যুদ্ধ কতদিন চলতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, “প্রায় এক মাস। আমি চাই না এটি খুব দীর্ঘ হোক। আমি সবসময় ভেবেছি এটা চার সপ্তাহ চলবে।”

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে ইরানের আক্রমণকে ‘বড় বিস্ময়’ বলে বর্ণনা করেন ট্রাম্প।

তিনি বলেন, “আমরা অবাক হয়েছি। আমরা তাদের (আরব দেশগুলোকে) বলেছিলাম, ‘আমরা এটি সামলে নেব’। কিন্তু এখন তারা লড়াই করতে চাইছে। তারা বেশ আগ্রাসীভাবেই লড়াই করছে। তাদের ভূমিকা খুব সামান্যই হওয়ার কথা ছিল। কিন্তু এখন তারা এতে যুক্ত হওয়ার জন্য জোরাজুরি করছে।”

সূত্র: বিবিসি

02 Mar 2026, 10:16 PM

ইসরায়েলের বিরশেবা শহরে ইরানের হামলার ভিডিও

02 Mar 2026, 10:12 PM

কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার আগে-পরের চিত্র

কুয়েতে মার্কিন ঘাঁটি ‘আলি আল সালেম এয়ার বেস’ ইরাক সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। এ ঘাঁটির বিচ্ছিন্নতা ও কঠিন পরিবেশের কারণে একে বলা হয় ‘দ্য রক’।

সেখানে ইরানের হামলার আগে ও পরের অবস্থা ফুটে উঠেছে স্যাটেলাইট চিত্রে।

প্রথম ছবিটি চলতি বছরের ২২ ফেব্রুয়ারি তোলা। দ্বিতীয় ছবি তোলা হয়েছে ১ মার্চ।

 

02 Mar 2026, 10:05 PM

ইসরায়েলের বিরশেবা শহরে ‘হামলা চালিয়েছে’ ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি) বলছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ১১তম ঢেউ ছুড়েছে ইসরায়েলের বিরশেবা শহরকে নিশানা করে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, ওই শহরে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

তাসনিম নিউজ পরে একটি ভবনের ছবি শেয়ার করে দাবি করেছে, এই ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ভবনটিতে রয়েছে মাইক্রোসফটসহ বড় বড় আন্তর্জাতিক কোম্পানিগুলোর কার্যালয়।

 

02 Mar 2026, 09:39 PM

সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলা হবে: ইরানি কমান্ডার

সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান।

দেশটির রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারির উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।

ইব্রাহিম জাবারি বলছেন, “আমেরিকানরা তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। আমরা সেখানেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব, যাতে সেখান থেকেও তাদের চলে যেতে বাধ্য করা যায়।”

02 Mar 2026, 09:28 PM

লেবানিজ ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা

ইসরায়েলের একের পর এক হামলার মধ্যে লেবাননের সকল বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বৈরুতে ‘লেবানিজ ইউনিভার্সিটি’ এক দিন বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

লেবাননের শিক্ষামন্ত্রী রিমা কারামি মঙ্গলবার ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

কারামিকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, লেবাননের বেশ কয়েকটি অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের ফলে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

02 Mar 2026, 09:21 PM

ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার কাছে ‘বিকট বিস্ফোরণ’

ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার কাছে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে আল জাজিরা জানিয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে রয়টার্সও এ খবর দিয়েছে।

02 Mar 2026, 09:10 PM

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বের জন্য হুমকি হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তা পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

চলমান অভিযানে ইসরায়েলের সঙ্গে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

সূত্র: বিবিসি

02 Mar 2026, 08:56 PM

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি : ট্রাম্প

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে দুইবার মারার চেষ্টা করেছিলেন খামেনি। কিন্তু তার আগে তিনিই খামেনিকে মেরেছেন।

রোববার সন্ধ্যায় এবিসি নিউজের এক সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প উচ্ছ্বাস নিয়ে একথা বলেন। শনিবার সকালে তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন খামেনি।

এ প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে কথোপকথনের কথা এক্সে লিখেছেন এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল।

নি লেখেন, “আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে একথা বলেছেন যে, তিনি (খামেনি) আমাকে পাওয়ার আগে আমিই তাকে পেয়ে গেছি। তারা দুই বার চেষ্টা করেছিল। আমিই তাকে প্রথমে পেয়ে গেলাম।”

02 Mar 2026, 08:53 PM

যুদ্ধে যাবে উপসাগরের দেশগুলো?

দুইদিন আগে দোহা, দুবাই ও মানামাতে আছড়ে পড়া ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কেবল কিছু ভবনের কংক্রিট আর কাচই ভাঙেনি, একইসঙ্গে তা—মধ্যপ্রাচ্যের বাকি অংশের সংঘাত-সঙ্কট থেকে মরুদ্যানের এই অংশটুকু নিরাপদ, স্থিতিশীল—উপসাগরের দেশগুলোর সযত্নে লালিত এমন ভাবমূর্তিও খসিয়ে দিয়েছে।

এখন ওই দেশগুলো অসম্ভব দুটি পছন্দের একটি বেছে নেওয়ার এক বিষণ্ণ বাস্তবতার মুখোমুখি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর একটি হল- যুদ্ধে জড়ানো, সেক্ষেত্রে তাদের ইসরায়েলের মিত্র হিসেবে চিত্রিত হওয়ার ঝুঁকি তৈরি হবে; আর না হলে নিজেদের শহর পুড়তে দেখেও চুপচাপ বসে থাকতে হবে।

“শার্লট, সিয়াটল বা মিয়ামিতে বোমা পড়লে আমেরিকানদের যেমনটা হত, মানামা, দোহা আর দুবাইয়ে বোমা পড়াটাও এখানকার জনগণ আর রাজনৈতিক নেতাদের কাছে ঠিক ততটাই আশ্চর্য ও অকল্পনীয় লাগছে,” নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবু ধাবির মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনীতির অধ্যাপক মনিকা মার্কস আল জাজিরাকে এ কথাই বলেছেন।

শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে বিস্তৃত হামলা শুরু করার পর তেহরান ইসরায়েল ও অঞ্চলজুড়ে থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা ও সম্পদে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করলে তার ধাক্কা উপসাগরের দেশগুলোতে লাগা শুরু হয়।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযান এরই মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানি অনেক শীর্ষ নেতাদের প্রাণ কেড়ে নিয়েছে। দেশটির সামরিক ও সরকারি স্থাপনাগুলোতে লাগাতার হামলা চলছে। তাদের হামলায় বেসামরিক প্রাণহানিও প্রচুর হচ্ছে। ইরানে মেয়েদের এক প্রাইমারি স্কুলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় দুইশ মানুষের মৃত্যুর খবরও এসেছে।

তেহরানের পাল্টা হামলায় রোববার সন্ধ্যা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত ও ৫৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

02 Mar 2026, 08:49 PM

বিশেষ ফ্লাইট পরিচালনা করবে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, তাদের বিমানবন্দরগুলোতে আটকে পড়া যাত্রীদের পাঠাতে ‘বিশেষ ফ্লাইট’ পরিচালনা করবে।

আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য দিয়েছে, লিখেছে আল জাজিরা।

02 Mar 2026, 08:35 PM

‘ওমানে যা হয়েছে সেটি আমাদের সিদ্ধান্ত ছিল না’, কেন বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী?

ইরান উপসাগরীয় প্রায় সব দেশেই আক্রমণ চালালেও ওমান হামলার লক্ষ্য ছিল না বলে আল জজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

ওমানের একটি বন্দরে চালানো হামলা ইরান সরকারের পরিকল্পিত বা কাঙ্ক্ষিত ছিল না বলে দাবি করেছেন তিনি।

ওমানে হামলার প্রসঙ্গে করা প্রশ্নের উত্তর দিতে গিয়েই আরকাচি বলেছেন, “ওমানে যা হয়েছে সেটি আমাদের সিদ্ধান্ত ছিল না। আমরা আমাদের সেনাবাহিনীকে বলেছি নিশানা বাছাই করার ক্ষেত্রে সাবধান হতে।”

একইসঙ্গে তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের প্রভাবশালী এলিট ফোর্স ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি) এখন সরকারি নির্দেশে কাজ করছে না, বরং কার্যত ‘স্বতন্ত্র ও স্বাধীনভাবে’ তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, “প্রকৃতপক্ষে আমাদের সামরিক ইউনিটগুলো এখন স্বাধীন এবং অনেকটা বিচ্ছিন্ন। তারা আগে থেকে দেওয়া সাধারণ নির্দেশনার ওপর ভিত্তি করেই বর্তমানে কাজ করছে।”

02 Mar 2026, 08:33 PM

লেবানেন হামলা চালাচ্ছে ইসরায়েল

লেবাননের ১৮ শহর খালি করার হুঁশিয়ারির পরপরই হামলা শুরু করেছে ইসরায়েল।

আল জাজিরা লিখেছে, লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আকাশে বিশালাকার ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা ‘পুরো লেবানন জুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে’ আঘাত হানতে শুরু করেছে।

02 Mar 2026, 08:23 PM

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতে হতাহত কত?

02 Mar 2026, 08:12 PM

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০%

ইরানি হামলার মুখে বিশ্বের অন্যতম প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক কোম্পানি ‘কাতার এনার্জি’র উৎপাদন বন্ধের ঘোষণায় ইউরোপে গ্যাসের দাম ৫০ শতাংশ বেড়ে গেছে।

সোমবার গ্যাস উত্তোলন উৎপাদন বন্ধ রাখার কথা জানিয়েছে কাতার এনার্জি।

উড ম্যাকেঞ্জির গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসিমো দি ওদোয়ার্দো বলেন, “এলএনজি প্রবাহে বিঘ্ন ঘটলে এশিয়া ও ইউরোপের মধ্যে অবশিষ্ট কার্গোগুলো গ্যাস পাওয়ার জন্য নতুন করে প্রতিযোগিতা শুরু করবে।”

আইসিই’র তথ্য অনুযায়ী, ডাচ টিটিএফ হাবের সামনের মাসের চুক্তিমূল্য ১৪ দশমিক ৫৬ ইউরো বেড়ে ৪৬ দশমিক ৫২ ইউরো (প্রতি মেগাওয়াট ঘণ্টা) দাঁড়িয়েছে।

আল জাজিরা জানিয়েছে, দিনের শুরুতেই দাম ২৫ শতাংশ বেশি ছিল। কাতার এনার্জির উৎপাদন বন্ধের খবরের পর সেই ঊর্ধ্বগতি আরও কয়েক গুণ বেড়ে গেছে।

02 Mar 2026, 07:49 PM

লেবাননের ১৮ শহর খালি করার হুঁশিয়ারি ইসরায়েলের

লেবাননের ১৮টি শহর ও গ্রাম উচ্ছেদের হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে তারা বলছে, ওই এলাকাগুলো হিজবুল্লাহ ব্যবহার করছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লাহ রাতভর ইসরায়েলে হামলা চালায়। এরপর লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ইসরায়েল বোমাবর্ষণ করেছে।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নতুন করে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলেল হামলায় লেবাননে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

02 Mar 2026, 07:40 PM

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ৫ সেনা নিহত

পশ্চিম-মধ্য ইরানের খোররামাবাদ শহরে মার্কিন হামলায় পাঁচজন ইরানি সৈন্য নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।


 

02 Mar 2026, 07:29 PM

আমরা যুদ্ধ শুরু করিনি, তবে শেষ করছি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ব্রিফিংয়ে বলেছেন, ডনাল্ড ট্রাম্পের সরাসরি আদেশে ইরানের ওপর চালানো বিমান অভিযানটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী, জটিল ও সবচেয়ে নিখুঁত।

তিনি বলেছেন, “আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমরা এটি শেষ করছি।”

02 Mar 2026, 07:21 PM

আহত খামেনি পত্নীও মারা গেছেন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে রয়টার্স লিখেছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেও একটি হামলার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

02 Mar 2026, 07:13 PM

কাতার এনার্জির এলএনজি উৎপাদন বন্ধ

রাস লাফান ও মেসাইদে ইরানি ড্রোন হামলার পর কাতার এনার্জির এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছিল, শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনাগুলোতে দুটি ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এখন কাতার এনার্জি বলছে, তারা এলএনজি ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

02 Mar 2026, 07:05 PM

ইরানের হামলায় মার্কিন সেনা নিহত বেড়ে ৪

ইরানের আক্রমণে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে রোববার সেন্টকম তিনজন সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হওয়ার কথা বলেছিল।

সোমবার মার্কিন সামরিক বাহিনী বলছে, হামলা গুরুতর আহত আরেক সেনা মারা গেছেন।

ইরানের বিরুদ্ধে পুরোদমে সামরিক অভিযান চালানোর কথাও বলছে তারা।
 

02 Mar 2026, 06:55 PM

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশির প্রাণ গেছে, আহত হয়েছেন দুজন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানান, নিহত মোহাম্মদ তারেকের (৪৮) বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।

আহতদের মধ্যে মো. আজিমের বাড়িও সন্দ্বীপে, আর মো. কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়।

তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে চাকরি করতেন। সোমবার সকালে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর এসে পড়লে তারা হতাহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শিপইয়ার্ডে আগুন ধরে যায়। পরে তা নেভানো হয়।

02 Mar 2026, 06:54 PM

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের

তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফার বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি।

এই প্যারামিলিটারি বাহিনীটে আগে সরাসরি আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে ছিল। শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার শুরুতেই ইরানের এ সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হন।

“জায়নবাদী শাসকগোষ্ঠীর বদমাশ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসকগোষ্ঠীর বিমান বাহিনী কমান্ডারদের সদরদপ্তর লক্ষ্য করে হামরা চালানো হয়েছে,” সোমবার ইরানি বার্তা সংস্থা ফারসে তাদের এই বিবৃতিটি প্রকাশ করে বলে জানিয়েছে এনডিটিভি।

ইসরায়েলে এদিনের হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা।

তাদের হামলার দাবির প্রসঙ্গে এখনও ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বলেছে রুশ সংবাদমাধ্যম প্রাভদা।
 

02 Mar 2026, 06:44 PM

হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা রোববার রাতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধানের দায়িত্ব পালন করা হোসেন মাকলেদকে হত্যা করেছে।

লেবাননের রাজধানী বৈরুতে সুনির্দিষ্ট নিখুঁত হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে দাবি করছে তারা।
 
তবে এ ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা
 

02 Mar 2026, 06:17 PM

ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাতের আলামত নেই: আইএইএ

জাতিসংঘের পারমাণবিক সংস্থায় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আঘাত হানার কথা বললেও বাস্তবে ‘সেরকম কিছু ঘটেনি’ বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।ৎ

সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলছেন, পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে ‘েএমন কোনো আলামত নেই’।

তিনি বলেন, কোনো কিছু ঘটা অসম্ভব নয়। তবে গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা কেন্দ্রগুলোতে যে ধরনের সামরিক হামলা চালানো হয়েছিল, সেই তুলনায় কোনো কিছু আইএইএ এখন পর্যন্ত দেখেনি।

02 Mar 2026, 05:47 PM

তেহরানে আরো বিস্তৃত হামলার ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলের সামরিক বাহিনী ইরানি সরকারকে লক্ষ্য করে তেহরানে আরো বিস্তৃত পরিসরে বিমান হামলা শুরু করেছে।

আল জাজিরা লিখেছে, তেহরানের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

02 Mar 2026, 05:47 PM

হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন

লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডকে ‘অবৈধ’ বর্ণনা করে সশস্ত্র এ গোষ্ঠীটিকে তাদের অস্ত্র হস্তান্তরের দাবি জানিয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, “আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করছি এবং তাদের কার্যক্রমকে কেবল রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ করছি। আমাদের দাবি, সামরিক প্রতিষ্ঠানগুলো যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।”

প্রধানমন্ত্রী সালাম ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি পুনরায় আলোচনা শুরু করার ওপর জোর দেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।

রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে।

02 Mar 2026, 05:47 PM

‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে মার্কিন বিমান বাহিনীর তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

আলজাজিরা লিখেছে, রোববার রাতে যুক্তরাষ্ট্রের তিনটি ‘এফ-১৫ স্ট্রাইক ঈগল’ ফাইটার জেট ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় আকাশে উড়ছিল। তখন কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করে।

 

02 Mar 2026, 05:47 PM

খামেনি হত্যার খবর শুনে ‘মর্মাহত’ বাংলাদেশ

সমালোচনার মুখে এবার নতুন বিবৃতি দিল পররাষ্ট্র মন্ত্রণালয়, তাতে জানানো হল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনা জেনে বাংলাদেশ ‘মর্মাহত’।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত হওয়ার খবরের একদিন পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি এল।

সেখানে বলা হয়, “আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্যবস্তু বানিয়ে তাকে হত্যার ঘটনা জেনে সরকার মর্মাহত। ইরানের ভ্রাতৃপ্রতীম জনগণের প্রতি আন্তরিক শোক জানাচ্ছে সরকার।”

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হতে পারে।”

এর আগে রোববার মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানিয়ে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় সাতটি দেশের নাম উল্লেখ করা হলেও ইরানে হামলা চালিয়ে খামেনিকে হত্যার বিষয়ে কিছু বলা ছিল না, যা নিয়ে সমালোচনা হয়।

শনিবার ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, তার কন্যা, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, সেখানে নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে, যাদের মধ্যে কয়েক ডজন নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন।

ওই হামলার জেরে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেণণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান।

বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকসহ বিভিন্ন দেশে বিমান ঘাঁটি ও অন্যান্য সামরিক রসদ আছে এমন স্থানগুলোতে হামলা চালানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোববারের বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলের কয়েকটি দেশের ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানাচ্ছে বাংলাদেশ; যার মধ্যে রয়েছে, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি সভা করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব। এরপর রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী খলিল এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের।

02 Mar 2026, 05:47 PM

লাইভ ব্লগে স্বাগতম

আপনাদের সঙ্গে আছি ফারুক হোসেন, আসাদুর রহমান, লাবণ্য কাবিলী ও তনুশ্রী বিশ্বাস। 

পুরনো পৃষ্ঠা দেখতে ক্লিক করুন: নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরান