২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরান

  • এ পর্যন্ত ইরানের ১৩১টি শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।
  • সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে প্রতিহত করা দুটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড; বন্ধ করা হয়েছে শোধনাগারটি।
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির রানওয়েতে ড্রোন আঘাত করেছে।
  • কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তবে সব ক্রু সদস্য বেঁচে গেছেন।
  • লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
  • ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
  • ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
  • ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রভাবে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে, আর পতন ঘটছে পুঁজিবাজারে।
  • ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বেইত শেমেষ শহরে ৯ জন নিহত হয়েছে।
  • ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত নিহত হয়েছে তিনজন।
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৪০ দিনের রাষ্ট্রীয় শোক চলছে।

02 Mar 2026, 05:04 PM

কাতারের জ্বালানি স্থাপনা আক্রান্ত

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইরানি দুটি ড্রোন রাস লাফান শিল্প শহরের জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে। 

“একটি ড্রোন মেসাইদের বিদ্যুৎকেন্দ্রের পানি ট্যাঙ্ককে লক্ষ্য করেছে এবং অন্যটি রাস লাফান শিল্প শহরে কাতার এনার্জির একটি জ্বালানি প্রতিষ্ঠানকে লক্ষ্য করেছে, কোনো মানুষের ক্ষতির খবর পাওয়া যায়নি।”

মন্ত্রণালয় বলছে, “হামলায় হওয়া ক্ষতি এবং লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং পরে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।”

02 Mar 2026, 04:55 PM

ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় নিহত ১

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাসকাত গভর্নরেট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে এমকেডি ভিওয়াইওএম তেল ট্যাংকার আক্রান্ত হয়। এতে আক্রমণ চালায় বিস্ফোরক ঠাসা একটি নৌকা।

হামলার ফলে ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে এবং অন্তত একজন ক্রু নিহত হয়েছে। এছাড়া ২১ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ওমানের রয়াল নেভির একটি জাহাজ ট্যাংকারটি দেখভাল করছে এবং ওই জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য প্রয়োজনীয় নৌপথ সতর্কতা জারি করা হয়েছে।
 

02 Mar 2026, 04:45 PM

ইরানের উচ্চপদস্থ ২ গোয়েন্দা কর্মকর্তা নিহত: ইসরায়েল

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামলার শুরুতে ইরানের দুজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার প্রকাশিত সামরিক বিবৃতিতে নিহতদের পরিচয় হিসেবে সৈয়দ ইয়াহিয়া হামিদি এবং জালাল পুর হোসেইনের নাম বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামিদি ছিলেন ইসরায়েল সংক্রান্ত গোয়েন্দা বিষয়ক উপমন্ত্রী।

“তিনি ইরান ও বিদেশে ইহুদি, পশ্চিমা প্রতিনিধি এবং শাসনবিরোধীদের লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন।”

বিবৃতিতে দাবি করা হয়েছে, হোসেইন ছিলেন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচর বিভাগের প্রধান।

“তাদের সঙ্গে আরও কয়েকজন উচ্চপদস্থ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে,” বলা হয়েছে বিবৃতিতে।
 

02 Mar 2026, 04:38 PM

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরান

জাতিসংঘের পারমাণবিক সংস্থায় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী রোববার তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে। 

সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৩৫ জাতির গভর্নরদের বোর্ড মিটিংয়ের সময় তিনি সাংবাদিকদের বলেন, “তারা আবার গতকাল ইরানের শান্তিপূর্ণ, সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটিতে হামলা চালিয়েছে।” 

কোনো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, রয়টার্সের এমন প্রশ্নে তিনি বলেন, “নাতাঞ্জ।”

02 Mar 2026, 04:24 PM

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ২

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশির প্রাণ গেছে, আহত হয়েছেন দুজন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানান, নিহত মোহাম্মদ তারেকের (৪৮) বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।

আহতদের মধ্যে মো. আজিমের বাড়িও সন্দ্বীপে, আর মো. কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়।

তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে চাকরি করতেন। সোমবার সকালে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর এসে পড়লে তারা হতাহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শিপইয়ার্ডে আগুন ধরে যায়। পরে তা নেভানো হয়।

নিহত তারেকের মামাতো ভাই মোশারফ হোসেন চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের উপ পরিচালক। তিনি বলেন, তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে ছিলেন। তিনিই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র মেয়ে কলেজে পড়ে।

“সর্বশেষ গতকাল সন্ধ্যায় তারেক পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেছিল। ২৫ রোজায় তার দেশে ফেরার কথা ছিল।”
 

02 Mar 2026, 04:11 PM

৫ ইরানি সেনা নিহত

মধ্য-পশ্চিম ইরানের খোররামাবাদ শহরে মার্কিন হামলায় পাঁচ ইরানি সেনা নিহত হয়েছে বলে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে।

02 Mar 2026, 04:04 PM

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে জার্মানি

জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো ইসরায়েলের আর্মি রেডিওকে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জার্মানি। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর হামলা বন্ধ না করলে এ সিদ্ধান্ত নিতে পারে তারা। 

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা রেডিও স্টেশনটিকে বলেছেন, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপে অংশ নেওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে। বোমা হামলায় অংশ নেওয়া থেকে শুরু করে সামরিক ও আকাপথে সহায়তা করতে পারে তারা। 

তবে ইসরায়েলি আর্মি রেডিওর এ প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের জার্মান দূতাবাস মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। 

রোববার রাতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানি হামলার নিন্দা করেছে।

02 Mar 2026, 03:51 PM

খামেনির মৃত্যুতে কোথাও ক্ষোভের আগুন, কোথাও উদ্‌যাপন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমাবাজির প্রতিবাদে পাকিস্তান ও ইরাকে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়, অন্যদিকে বিশ্বের অন্যপ্রান্তে নির্বাসিত অনেক ইরানি রাস্তায় নেমে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে।

পাকিস্তানে রোববারের সহিংসতায় অন্তত ২৩ জনের নিহত হওয়ার খবর মিলেছে। বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে বহির্ভাগের দেয়াল টপকানো বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা রক্ষীদের গুলিতে ১০ জন মারা গেছে, জাতিসংঘের একটি কার্যালয় জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তরের শহর স্কার্দুদে মারা পড়েছে ১১ জন, দুইজন ইসলামাবাদে।

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন কূটনৈতিক এলাকার বাইরে জড়ো হওয়া হাজারো ইরানপন্থি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদুনে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়তে হয়েছে; এই গ্রিন জোনেই মার্কিন দূতাবাসের অবস্থান।

প্যারিসে আবার উল্টো চিত্র; সেখানে উৎফুল্ল হাজারো মানুষ ইরানের বিপ্লব-পূর্ববর্তী রাজতন্ত্রের পতাকা হাতে উৎসব করেছে, কেউ কেউ সেখানে লাল গোলাপ ও বোতল বোতল শ্যাম্পেইনও নিয়ে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের পর তাদের পূর্ব ও পশ্চিমের দুই প্রতিবেশী পাকিস্তান ও ইরাকেই সবচেয়ে বেশি শিয়া মুসলিম জনগোষ্ঠীর বাস। এবং এ দুটি দেশেই ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর সবচেয়ে বেশি ক্ষোভ-বিক্ষোভ, অস্থিরতা দেখা গেছে।

করাচিতে মার্কিন কনস্যুলেটের ভেতরেই বিক্ষোভকারীরা ‘আমেরিকা মুর্দাবাদ’, ‘ইসরায়েল মুর্দাবাদ’ স্লোগান দিয়েছে। রয়টার্সের প্রতিবেদকরা পরে সেখানে গুলির শব্দ শুনেছেন এবং আশপাশের সড়কগুলোতে কাঁদুনে গ্যাস ছোড়া দেখতে পেয়েছেন।

বিক্ষোভকারীদের একাংশ বহির্ভাগের নিরাপত্তা স্তর অতিক্রম করার পর কনস্যুলেটের নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়লে তারা পিছিয়ে যায়, বলেছেন স্থানীয় সরকারের এক মুখপাত্র সুখদেব আসসারদাস হেমনানি।

বিক্ষোভকারীর কনস্যুলেটের প্রধান ফটকের বাইরে একটি গাড়িতে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়, বলেছেন তিনি।

“কনস্যুলের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমরা। তারা সবাই নিরাপদে আছেন,” বলেন হেমনানি।

ইসলামাবাদের মার্কিন দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে, তারা বিক্ষোভের খবরের ওপর নজর রাখছে। পাকিস্তানে থাকা মার্কিন নাগরিকদেরকে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার পরামর্শও দিয়েছে তারা।

02 Mar 2026, 03:39 PM

হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম এখন ‘নির্মূলের লক্ষ্য’: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এখন তাদের ‘নির্মূলের লক্ষ্য’। 

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল লেবাননে জঙ্গিবিমান থেকে বোমাবর্ষণ করে ৩১ জনকে হত্যা করার পর কাটজ এ মন্তব্য করেন। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার কাছে এক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।  

এর প্রতিক্রিয়ায় বৈরুতের দক্ষিণের শহরতলীতে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলাকালে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় নিহত হন হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহ। এরপর তার স্থলাভিষিক্ত হন কাসেম।

02 Mar 2026, 03:14 PM

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় ৩৪ সহস্রাধিক ফ্লাইট বাতিল

ইরান যুদ্ধের জেরে বর্তমানে উপসাগরীয় অঞ্চলে আনুমানিক ৩ লাখ মানুষ আটকে পড়েছেন বলে খর দিয়েছে আল জাজিরা।

তাদেরকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তার জন্য যুক্তরাজ্য দল পাঠানোর উদ্যোগ নিয়েছে।

ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সংঘাতের প্রথম কয়েক দিনে ৩,৪০০–এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, শারজাহ, আবু ধাবি এবং দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ প্রধান আঞ্চলিক বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করেছে। ওই অঞ্চলের ছয়-সাতটি বড় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আল জাজিরা লিখেছে, ওই অঞ্চলের বিস্তীর্ণ অংশের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এর ফলে বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে, কারণ মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবু ধাবিতে আটকে পড়া যাত্রীদের অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। ভ্রমণকারীরা জানিয়েছেন, ফ্লাইট পুনঃবুকিং, হোটেল ভাউচার নিশ্চিত করা বা সহায়তা পাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, অনেকেই টার্মিনালের ভেতরে রাত কাটাচ্ছেন।

আকাশসীমা বন্ধ থাকা এবং সংঘাত চলতে থাকলে হাজার হাজার যাত্রীকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে।

02 Mar 2026, 02:43 PM

ইরানে মৃত্যু সাড়ে পাঁচশ ছাড়িয়েছে

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের কেবল একটি স্কুলেই মারা গেছে প্রায় দুইশজন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানের অন্তত ১৩১টি শহর আক্রান্ত হয়েছে।

রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে এবং সারাদেশে এক লাখেরও বেশি সাড়াদানকারী সদস্য পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

বর্তমানে প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক মানবিক সেবা, সহায়তা এবং মানসিক-সামাজিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।


 

02 Mar 2026, 02:30 PM

বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে: কুয়েত

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে ক্রুরা নিরাপদ আছেন।

মন্ত্রণালয়টির দাপ্তরিক মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয় আর ক্রুদের সরিয়ে নিয়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ক্রুদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি; খবর গাল্ফ নিউজের।

আতওয়ান আরও জানান, কুয়েতের কর্তৃপক্ষ ঘটনাগুলোর পরিস্থিতি নির্ধারণে সরাসরি মার্কিন বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করছে এবং যৌথ প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করছে। তদন্ত চলমান আছে আর জনসাধারণকে তথ্যের জন্য সরকারি সূত্রগুলোর ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

02 Mar 2026, 02:28 PM

ড্রোন হামলার পর রাস তানুরা শোধনাগার বন্ধ করেছে সৌদি আরামকো

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ড্রোন হামলার পর তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করেছে বলে খবর দিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটিকে সোমবার এক শিল্প সূত্র বলেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে তেহরান ওই অঞ্চজুড়ে হামলা চালানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়।

উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার রয়েছে, যার দৈনিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। সৌদি অপরিশোধিত তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ টার্মিনালও এটি।

সূত্রটি রয়টার্সকে বলেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটি বন্ধ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইমেইলে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক জবাব দেয়নি আরামকো।

আল জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস তানুরা শহরের একটি তেল স্থাপনা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে রাস তানুরা শোধনাগারে ‘হামলার চেষ্টা করা’ দুটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। 

এ সময়ে ধ্বংসাবশেষের কারণে একটি ‘ছোট’ আগুন লাগে বলে জানানো হয়েছে। তবে এতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

রয়টার্স লিখেছে, এ ড্রোন হামলা উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিক হামলার অংশ, যার মধ্যে আবু ধাবি, দুবাই, দোহা, মানামা এবং ওমানের বাণিজ্যিক এলাকা দুকমও রয়েছে। এসব হামলায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানের গুরুত্বপূর্ণ নৌপরিবহন কেন্দ্রগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে এবং সোমবার ব্রেন্ট ক্রুডের দর প্রায় ১০ শতাংশ বেড়েছে।

সৌদি আরবের শক্তভাবে সুরক্ষিত জ্বালানি স্থাপনাগুলো এর আগেও লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে ২০১৯ সালের সেপ্টেম্বরে আবকাইক ও কুরাইস স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অপরিশোধিত তেল উৎপাদন অর্ধেকের বেশি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

02 Mar 2026, 01:52 PM

ইরানে চীনা নাগরিক নিহত

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, তেহরানে অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছে।

তিনি বলেন, “সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানো।”

সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
 

02 Mar 2026, 01:50 PM

বাগদাদের দক্ষিণে কাতাইব হিজবুল্লাহর অবস্থানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। 

সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে এমনটি জানিয়েছেন। 

হামলার পর কাতাইব হিজবুল্লাহর স্থাপনা, যানবাহন ও গুদামগুলোতে আগুন ধরে যায়। বিস্ফোরণ ও আগুন সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

02 Mar 2026, 01:43 PM

দক্ষিণ লেবাননে ব্যাপক বাস্তুচ্যুতি

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এবং আল জাজিরার যাচাই করা ভিডিওগুলোতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের আব্বাসিয়েহ এলাকায় ব্যাপক বাস্তুচ্যুতি ঘটছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধির কারণে ভোরে ঘরবাড়ি ছেড়ে পরিবারগুলোকে সড়কে হেঁটে যেতে দেখা গেছে।

ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে, পরিবারগুলো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তুলনামূলক নিরাপদ স্থানের দিকে যাচ্ছেন।

02 Mar 2026, 01:35 PM

কুয়েতে যুদ্ধবিমান বিধ্বস্তের পর ঘন ধোঁয়া উঠছে

কুয়েতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হতে দেখা যাওয়ার পর দেশটির আল জহরা শহরে ঘন ধোঁয়া ওঠার একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে আল জাজিরা। আল জহরা শহরটি কুয়েতের রাজধানী কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে। 

নিশ্চিত করা হয়নি এমন প্রতিবেদনগুলোতে বিধ্বস্ত বিমান মার্কিন এফ-১৫ বলে ধারণা প্রকাশ করা হয়েছে।

02 Mar 2026, 01:23 PM

আমিরাতে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’

ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

উত্তেজনার মধ্যে জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম মাহমুদুল মালেক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজটি বর্তমানে জেবেলে আলী বন্দরের জেটিতে অবস্থান করছে। আমরা তাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছি।

“জাহাজে থাকা সকল নাবিকেই ভালো আছেন। তারা তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।’’

এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

বিএসসির বহরে বর্তমানে মোট সাতটি জাহাজ রয়েছে। এর মধ্যে জয়যাত্রা ছাড়া অন্য কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপারেশনাল র্কাযক্রমে নেই।
 

02 Mar 2026, 01:12 PM

খামেনিকে হত্যার পরও ইরানের শাসনব্যবস্থা বদলাবে কি না, সন্দিহান মার্কিন কর্মকর্তারা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরও ইসলামিক প্রজাতন্ত্রটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান নিকট ভবিষ্যতে সেখানে শাসনব্যবস্থা বদলাতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান অনেক মার্কিন কর্মকর্তা।

হামলার আগে-পরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ দেশটির অনেক কর্মকর্তাই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পঙ্গু করে দেওয়ার পাশাপাশি দেশটির নিপীড়নপ্রবণ শাসনব্যবস্থা উৎখাতও তাদের অভিযানের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছিলেন।

“সব ইরানি দেশপ্রেমিক, যারা স্বাধীনতার আকাঙ্ক্ষায় ছিলেন তাদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি, আপনার দেশ পুনর্দখল করুন,” ট্রুথ সোশালে দেওয়া ভিডিওতে রোববারও ট্রাম্প এ কথা বলেছেন।

কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে ইরানের বহুধাবিভক্ত বিরোধীরা ১৯৭৯ সাল থেকে চলে আসা ধর্মকেন্দ্রিক, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা উৎখাতে আদৌ সক্ষম কি না তা নিয়ে গুরুতর সন্দেহ থেকেই যাচ্ছে, মার্কিন গোয়েন্দা তথ্য সম্বন্ধে অবগত তিন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন।

তবে কর্মকর্তাদের কেউই ইরানে শাসনব্যবস্থার পতনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বিমান হামলায় খামেনিসহ শীর্ষ নেতৃত্বের একাংশকে হারানো ইরানি শাসকরা এখন ব্যাপক চাপের মুখে রয়েছে, জানুয়ারিতে সহিংস উপায়ে বিক্ষোভ দমনের কারণে ইরানের ভেতরেও একাংশের কাছে তারা তুমুল অজনপ্রিয়।

কিন্তু তা সত্ত্বেও এখনই কিংবা নিকট ভবিষ্যতে দেশটিতে শাসনব্যবস্থার বদল দেখার সম্ভাবনা খুব কম, বলছেন তারা।

খামেনিকে হত্যা করা হলে তার স্থলে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কোনো কট্টরপন্থি নেতা কিংবা কট্টরপন্থি কোনো আলেমই বসতে পারেন—ইরানে হামলার আগেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের মূল্যায়নে এ আভাস দিয়েছিল বলে দুই সূত্রের বরাত দিয়ে আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল রয়টার্স।

হোয়াইট হাউসের ভেতরকার আলোচনা সম্বন্ধে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেছেন, আইআরজিসির কর্মকর্তাদের স্বেচ্ছায় আত্মসমর্পণ বা পক্ষ বদলের সম্ভাবনা কম। এর অন্যতম কারণ হচ্ছে, তারা শাসনব্যবস্থার প্রতি আনুগত্য টিকিয়ে রাখতে বানানো বিস্তৃত এক নেটওয়ার্কের সরাসরি সুবিধাভোগী।

সিআইয়ের ওই মূল্যায়নের আগে আরেক মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে আসা অন্তত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, জানুয়ারিতে ইরানজুড়ে হওয়া বিশাল সরকারবিরোধী বিক্ষোভ এবং তা থামাতে ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়নের মধ্যেও আইআরজিসির কেউ পক্ষত্যাগ করেনি।

কোনো সফল বিপ্লব বা অভ্যুত্থানের জন্য এ ধরনের পক্ষত্যাগ খুবই জরুরি শর্ত, বলেছে আরও তিনটি সূত্র। পৃথক ওই গোয়েন্দা সংস্থাটির নাম প্রকাশ না করতে সূত্রগুলো রয়টার্সকে অনুরোধ করেছে।

গোয়েন্দা মূল্যায়ন নিয়ে আলোচনা হওয়ায় রয়টার্সের সঙ্গে কথা বলা সব সূত্রই নিজেদের নাম-পরিচয় গোপন রাখতে বলেছে।

এদিকে ট্রাম্প নিজেই রোববার বলেছেন, তিনি ফের ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করতে চান। ওয়াশিংটন যে ইরানে সহসা সরকার পতন দেখছে না, মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যে তার খানিকটা আভাস আছে।

এসব প্রসঙ্গে মন্তব্য চেয়ে রয়টার্স অনুরোধ করলেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি। সিআইএ কিছু বলতে রাজি হয়নি।

02 Mar 2026, 12:52 PM

এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি ইরানের

মার্কিন অথবা ইসরায়েলি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার দাবি করেছে ইরান। অনলাইনে তাদের শেয়ার করা ভিডিওতে কুয়েতে একটি যুদ্ধবিমানকে ঘুরে ঘুরে নিচে পড়ে যেতে দেখা গেছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সোমবার তৃতীয় দিনে গড়ানোর পর এ দাবি করল তেহরান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, অনলাইনে শেয়ার করা ভিডিও থেকে এটি স্পষ্ট হওয়া যায়নি যে, এফ-১৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের না ইসরায়েলের। ইসরায়েলও দুই ইঞ্জিনের সব আবহাওয়ার উপযোগী যুক্তরাষ্ট্রের নির্মিত এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করে।  

ভিডিওতে দেখা গেছে, বিমানটির পেছন দিকে আগুন জ্বলছে, আর এটি নিয়ন্ত্রণ হারা অবস্থায় ধীরে ধীরে ঘুরে ঘুরে নিচে পড়ে যাচ্ছে। 

বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বিমানটির পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।

 

02 Mar 2026, 12:24 PM

হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক অভিযান শুরু’

হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির।

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর তিনি এক সভায় বলেছেন, “আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে একটি আক্রমণাত্মক অভিযান শুরু করেছি।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।

রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে।

02 Mar 2026, 12:21 PM

ইরান হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে ইঙ্গিত ছিল না: কংগ্রেসকে পেন্টাগন

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের আগে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর আঘাত হানার পরিকল্পনা করেছিল বলে কোনো ইঙ্গিত ছিল না। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) কর্মকর্তারা কংগ্রেসের সদস্যদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছায়া (প্রক্সি) বাহিনীগুলো মার্কিন স্বার্থের জন্য এক আসন্ন হুমকি ছিল, কিন্তু তেহরান মার্কিন বাহিনীর ওপর আগে হামলা চালানোর পরিকল্পনা করেছে বলে কোনো গোয়েন্দা ইঙ্গিত ছিল না। 

বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এসব কথা জানিয়েছে। 

এর আগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন, তেহরান মার্কিন বাহিনীর ওপর ‘আগাম’ হামলা চালাতে পারে এমন ইঙ্গিত ছিল। 

এখন নতুন প্রতিবেদন তাদের ওই দাবিকে সন্দেহের মুখে ঠেলে দিয়েছে।

02 Mar 2026, 12:08 PM

লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতের দক্ষিণে শহরতলীতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান আঘাত হেনেছে। এর মধ্যে শহরতলীতে ২০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে ১১ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।

রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।

এরপরই আক্রান্ত স্থানগুলোর ও আশপাশের বাসিন্দারা গাড়িতে করে ও হেঁটে বৈরুত থেকে পালাতে শুরু করে। এতে রাস্তায় রাস্তায় জট লেগে যায়।

ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতের কাছে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের ওপরও হামলা চালিয়েছে।

02 Mar 2026, 11:58 AM

কুয়েতে দুই শ্রমিক আহত

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কুয়েত নিউজ এজেন্সি বলছে, ধ্বংসাবশেষ পড়ে কুয়েতের রাজধানীতে দুই শ্রমিক আহত হয়েছেন। মিনা আল আহমাদি রিফাইনারির কাছে এ ঘটনা ঘটে।

আল জাজিরা লিখেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের নতুন করে আক্রমণের খবরের মধ্যে এ ঘটনা ঘটল। ইতোমধ্যে কুয়েত ও বাহরাইনে সাইরেন বেজেছে; কাতারের রাজধানী দোহা এবং আমিরাতের রাজধানী আবু ধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

02 Mar 2026, 11:45 AM

আবুধাবিতে নতুন বিস্ফোরণের খবর

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে আল জাজিরা।

এর আগে প্রতিবেশী কাতারের রাজধানী দোহাতে ছয়টির মতো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

02 Mar 2026, 11:35 AM

‘ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র আসছে’

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া আরও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে যাচ্ছে এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে প্রতিহত কাজ করছে। 

তারা বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যারা সাইরেন বা সতর্কবার্তা পাচ্ছেন, তারা নিরাপদ আশ্রয়ে চলে যান এবং যতক্ষণ না বলা হচ্ছে ততক্ষণ সুরক্ষিত জায়গায় থাকুন।

02 Mar 2026, 11:30 AM

সেনা নিহতের বদলা নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের ঘটনায় বদলা নেওয়ার হুমকি দিয়ে ট্রুথ সোশালে একটি ভিডিও বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র এবং ইরানি শাসনব্যবস্থার ওপর ‘সর্বোচ্চ কঠোর আঘাত’ হানবে।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র বৃহৎ পরিসরে অভিযান শুরু করছে; কেবল আমাদের সময়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়, বরং আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও।”

তিনি বলেন, “এই পদক্ষেপগুলো সঠিক এবং প্রয়োজনীয়; যাতে আমেরিকানরা কখনো উগ্র, রক্তপিপাসু সন্ত্রাসী শাসনের মুখোমুখি না হয়, যার হাতে পারমাণবিক অস্ত্র আছে।”

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

02 Mar 2026, 11:08 AM

হিজবুল্লাহর হামলার পর বৈরুতে আঘাত হেনেছে ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।

রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।

এরপরই আক্রান্ত স্থানগুলোর ও আশপাশের বাসিন্দারা গাড়িতে করে ও হেঁটে বৈরুত থেকে পালাতে শুরু করে। এতে রাস্তায় রাস্তায় জট লেগে যায়।

ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতের কাছে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের ওপরও হামলা চালিয়েছে।

02 Mar 2026, 11:02 AM

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না: লারিজানি

ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় যোগ দেওয়ার খবর উড়িয়ে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।

তিনি এক্স পোস্টে বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না।”

খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি নতুন করে আলোচনার চেষ্টা করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরের পর এ প্রতিক্রিয়া এল।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ আলোচনা হয় গত বৃহস্পতিবার, জেনিভায়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই শনিবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন।


 

02 Mar 2026, 10:44 AM

কংগ্রেসে রুবিওর ব্রিফ মঙ্গলবার

ইরানের ওপর হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টায় কংগ্রেসে ব্রিফ করবেন। তিনি ক্যাপিটল হিলে হাউস ও সেনেট নেতাদের সঙ্গে কথা বলবেন।

মার্কো রুবিও

02 Mar 2026, 10:34 AM

লেবাননে লাখো মানুষ ঘরছাড়া

ইসরায়েলি সেনাবাহিনী এলাকা ছাড়তে বলার পর সোমবার সকালে লেবাননে বাড়ি ছাড়তে শুরু করেছেন লাখ লাখ মানুষ।

আল জাজিরা লিখেছে, কেবল দক্ষিণ লেবানন নয়, রাজধানী বৈরুতেও এই পরিস্থিতি দেখা যাচ্ছে।

এলাকা ত্যাগ করতে বলা শহরতলী দাহিয়ের লাখো মানুষ যে যা নিতে পারছে তাই নিয়ে ‘নিরাপদ মনে হওয়া’ এলাকার দিকে ছুটছেন।

দাহিয়েতে হিজবুল্লাহর শক্ত অবস্থান আছে বলে মনে করা হয়। সবশেষ ২০২৪ সালের যুদ্ধের সময় এবং তারপর সেখানে অনেকবার হামলা হয়েছে। ওই বছরের নভেম্বর মাসে একপক্ষীয় যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু ইসরায়েল সেই চুক্তি মানেনি এবং হামলা চালিয়ে যাচ্ছে। 

তারা হিজবুল্লাহকে পুনরায় সশস্ত্র করার অভিযোগ করছে এবং তাদের নিরস্ত্র করতে লেবানন যথেষ্ট কাজ করছে না বলে দোষারোপ করছে।

রোজা চলায় যে সময় লোকজনের সেহেরি নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই সময় তারা আশ্রয়ের খোঁজে ব্যস্ত বলে জানিয়েছে আল জাজিরা। 

02 Mar 2026, 09:54 AM

ইরান যুদ্ধ: তেলের দামে উত্থান, পুঁজিবাজারে পতন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের মূল্যায়নের মধ্যে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে, আর পতন ঘটছে পুঁজিবাজারে।

এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দর সোমবার সর্বোচ্চ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, দিনের পরের ভাগে তা স্থিতিশীল হয়। আর আন্তর্জাতিক মানদণ্ডে ব্রেন্ট ক্রুডের দর প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে এশিয়ার পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যচ্ছে। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ১.৫ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রে সাধারণ বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারের বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের এস অ্যান্ড পি ৫০০ সূচক এবং নাসডাক কম্পোজিট সূচকের প্রায় ০.৭ শতাংশ কমেছে।

02 Mar 2026, 09:38 AM

ইরানে হামলায় সমর্থন নেই ৪৩% আমেরিকানের

ইরানের বিরুদ্ধে হামলায় মাত্র এক-চতুর্থাংশ আমেরিকানের সমর্থন রয়েছে বলে এক জরিপে উঠে এসেছে।

রয়টার্স-ইপসস জরিপে দেখা গেছে, প্রতি চারজনের মধ্যে একজন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে।

জরিপে এও দেখা গেছে, ৪৩ শতাংশ মানুষ যুদ্ধের বিরোধিতা করেছেন এবং ২৯ শতাংশ মানুষ এ প্রশ্নে সিদ্ধান্তহীনতায় আছে।

রিপাবলিকানদের মধ্যে হামলার পক্ষে সমর্থন কিছুটা বেশি। ৫৫ শতাংশ হামলার পক্ষে, ১৩ শতাংশ বিপক্ষে এবং ৩২ শতাংশ নিশ্চিত নন।

প্রায় ৪২ শতাংশ রিপাবলিকান বলেছেন, যদি এই অভিযানের ফলে ‘মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনারা হতাহত হয়’, তবে তারা এই অভিযানের প্রতি সমর্থন কমিয়ে দেবেন।

02 Mar 2026, 09:33 AM

সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা

সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রোতিরি ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন আঘাত হেনেছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

সোমবার মন্ত্রণালয়টিকে উদ্ধৃত করে স্কাই নিউজ জানায়, সাইপ্রাসের প্রধান সমুদ্র বন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলের নিকটবর্তী ঘাঁটিটিতে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

সাইপ্রাসের এক সরকারি কর্মকর্তা বলেছেন, “বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে ঘটনার সঙ্গে মানুষবিহীন একটি ড্রোন জড়িত, সেটির কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।” 

পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই দ্বীপে নিজেদের দুই সামরিক ঘাঁটির এলাকাগুলে ওপর যুক্তরাজ্য সার্বভৌমত্ব ধরে রেখেছে।

02 Mar 2026, 09:22 AM

জাতিসংঘের কাছে এখনই কার্যকর পদক্ষেপ দাবি আরাগচির

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চিঠি পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় খামেনি হত্যাকাণ্ডকে ‘ভীরুতাপূর্ণ সন্ত্রাসী কাজ’ এবং ‘রাষ্ট্র ও আন্তর্জাতিক নিয়মের জন্য বিপজ্জনক ও নজিরবিহীন ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

আরাগচি বলেন, এ ধরনের আচরণ কেবল আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতিমালা লঙ্ঘন করে না; এটি একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে, যা সার্বভৌম দেশগুলোর সমান অধিকার ও শান্তি নষ্ট করছে।

আরাগচি বলেন, ইরান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ সনদে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাচ্ছে এবং নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে তাৎক্ষণিক, সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।

02 Mar 2026, 09:11 AM

ইরানের হামলার নিন্দা জানিয়ে ৭ দেশের বিবৃতি

ইরানের ‘এলোমেলো ও বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

যৌথ বিবৃতিতে ৭ দেশ বলেছে, “এসব ‘অযৌক্তিক হামলা’ সার্বভৌম ভূখণ্ডকে নিশানা করেছে, বেসামরিক জনগোষ্ঠীকে বিপদের মুখে ফেলেছে এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি করেছে।”

তাদের ভাষ্য, তেহরানের এই পদক্ষেপ বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। 

নিজেদের নাগরিকদের সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আত্মরক্ষার অধিকারের বিষয়টিও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে ৭ দেশ।

02 Mar 2026, 09:03 AM

ইসরায়েলের নিশানায় দক্ষিণ লেবাননের ৩ শহর

আল জাজিরা লিখেছে, হারিস, নাবাতিয়েহ আল-ফাওকা এবং মেফদৌন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল।

উত্তর ইসরায়েলে রকেট হামলার পর হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান পরিচালনার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি সামরিক বাহিনী, যার মধ্যে বিনত জবেইল শহরও রয়েছে।

02 Mar 2026, 08:55 AM

তেহরানে ‘ধারাবাহিক বিস্ফোরণের’ খবর

নুর নিউজ জানিয়েছে, ইরানের রাজধানীর পূর্ব ও পশ্চিমের বিভিন্ন এলাকায় ‘ধারাবাহিক বিস্ফোরণ’ ঘটছে।

সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

02 Mar 2026, 08:44 AM

তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় ২০ জন নিহত

আল জাজিরা লিখেছে, পূর্ব ও পশ্চিম ইরানেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, কেবল সামরিক সদরদপ্তর নয়, বেসামরিক আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে, ইরানের ওপর হামলার পরিধি কতটা বিস্তৃত—যেখানে কেবল রাজনৈতিক কেন্দ্র ও সামরিক সদরদপ্তরই নয়, অন্যান্য এলাকাও লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ সবকিছুর সূচনা হয় পাস্তুর এলাকায়, যেখানে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত।

এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ ইরানের মিনাবে একটি মেয়েদের স্কুলে ১৮০ শিশু নিহত হয়েছে।

02 Mar 2026, 01:46 AM

তেহরানে ‘অবাধে উড়ছে’ যুদ্ধ বিমান, দাবি ইসরায়েলের

যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনে রোববার ইরানে হামলার বেলায় প্রায় কোনো বাধা ছাড়াই তাদের যুদ্ধবিমান উড়ে বেড়াচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলা চালানো দেশটির এক সামরিক কর্মকর্তা সাংবাদকিদের বলেন, বিমান হামলা অব্যাহত থাকায় তাদের যুদ্ধবিমানগুলো তেহরানের আকাশে ‘প্রায় অবাধে উড়ছে’।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার বিকালে দাবি করেছে, তাদের বিমানবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারসহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড সেন্টারগুলোতে আঘাত হেনেছে।
“গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি বিমানগুলো তেহরানের আকাশসীমার আধিপত্য বজায় রেখে অসংখ্য লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলো ধসিয়ে দিয়েছে।”
আইডিএফের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ৫০টিরও বেশি ড্রোন তারা প্রতিহত করেছে। 
সূত্র: সিএনএন
 

02 Mar 2026, 01:39 AM

ইরানের হামলায় ১১ ইসরায়েলি নিখোঁজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের ১১ নাগরিকের নিখোঁজ থাকার কথা জানিয়েছে ইসরায়েলের পুলিশ। 
রোববার ইসরায়েলের শেমেশ শহরে এই হামলা চালায় ইরান। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হওয়ার খবর এসেছে। এরমধ্যে আরও ১১ জনের নিখোঁজ থাকার তথ্য এল। 
ইসরায়েলের পুলিশ বলেছে, তাদের উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে। কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। 

02 Mar 2026, 01:30 AM

ইরানের ৪৮ নেতা নিহত: ট্রাম্প

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে ৪৮ নেতার প্রাণ গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে তিনি বলেন, “এক আঘাতেই ৪৮ জন (ইরানি) খতম হয়ে গেছেন এবং ইরানে এই অপারেশন দ্রুতগতিতে এগিয়ে চলছে।”
সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আমাদের কাজ করছি শুধু আমাদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য।”
এমএস নাওয়ের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইরানি প্রবাসীদের উল্লাস করতে দেখেছেন তিনি। আমি মনে করি এটি চমৎকার ব্যাপার।”

02 Mar 2026, 01:23 AM

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্রে নতুন করে হামলা

নতুন করে হামলার শিকার হওয়ার কথা বলেছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্র— আইআরআইবি।

সংবাদমাধ্যমটি বলেছে, তাদের সদর দপ্তরের কিছু অংশে এ হামলা চালানো হয়। তবে হামলার পরেও কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তেহরান এই হামলার জন্য ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’ বাহিনীকে দায়ী করেছে।

02 Mar 2026, 01:15 AM

ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের



ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় আঘাত হানার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। 

মার্কিন ‘বি-টু স্টিলথ’ বোমারু বিমান দিয়ে এই হামলায় ২ হাজার পাউন্ড বোমা ফেলার কথা বলেছে তারা। 

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় এই যুদ্ধবিমান দিয়েই হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

02 Mar 2026, 01:06 AM

ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার আরব আমিরাতের

ইরান থেকে রাষ্ট্রদূতসহ কূটনৈতিক মিশনের সব সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি নিজেদের দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধ এবং রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের সব সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে। সেই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাচ্ছে।”

02 Mar 2026, 12:57 AM

যুক্তরাষ্ট্র ৯ ইরানি জাহাজ ধ্বংস করেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানের নয়টি জাহাজ ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এমন দাবি করেন তিনি।

02 Mar 2026, 12:32 AM

ইরানের সামরিক সক্ষমতার কোনো পরিবর্তনই হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বেশ কয়েকজন কমান্ডারের প্রাণহানি হলেও সামরিক সক্ষমতার ‘কোনো পরিবর্তন হয়নি’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

গত বছরের জুনে ইসরায়েল ও আমেরিকার হামলায় যে ‘কিছুই হয়নি’, সেই কথা তুলে ধরে এবিসি নিউজকে তিনি বলেন, “শেষবার যেমনটি আসলে হয়েছিল, এবারও তাই।”

“তারা আমাদের ঊর্ধ্বতন কয়েকজন কমান্ডারদের হত্যা করেছিল, কিন্তু সেই জায়গা পূরণ করা হয়েছিল খুব শিগগিরই এবং ১২ ঘণ্টার মধ্যেই আমরা পাল্টা জবাব দিয়েছি। ফলে এইবার এটি আরও দ্রুত হয়েছে।”

02 Mar 2026, 12:18 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

রোববার রাত পৌনে ১১টার দিকে ভিসি চত্বরে গায়েবানা জানাজা হয়েছে। ডাকসুর সহ-সভাপতি আবু সাদিক কায়েম জানাযা পড়ান।

জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

02 Mar 2026, 12:09 AM

আলি খামেনিকে হত্যায় ‘তীব্র নিন্দা’ চীনের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন।

রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়।

বিবৃতিতে চীন সব পক্ষকে সংযত থাকার এবং অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক অভিযান ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।

সূত্র: বিবিসি বাংলা
 

01 Mar 2026, 11:56 PM

মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি রেভল্যুশনারি গার্ডের

আল জাজিরা লিখেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তিনটি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিবৃতিতে বলা হয়, হামলার পর ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায়।

01 Mar 2026, 11:44 PM

ইরানে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লেবাননের হিজবুল্লাহ।

এক বিবৃতিতে ইরান সমর্থিত এ সংগঠনটির মহাসচিব নাইম কাসেম বলেন, তারা  সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না।” 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘অপরাধের সর্বোচ্চ পর্যায়’ বলছেন কাসেম।

তিনি বলেন, “আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করবে।”

সূত্র: বিবিসি বাংলা

01 Mar 2026, 11:39 PM

খামেনির বিদায়ের পর কী ঘটবে জানি না: সাবেক সিআইএ প্রধান

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অভিযানকে ‘অসাধারণ গোয়েন্দা সাফল্য’ বলে মনে করেন সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রায়াস।
তবে এরপর ইরানে কী ঘটবে সেটা নিয়ে সন্দিহান তিনি।

বিবিসি নিউজকে তিনি বলেন, “এর পরে কী ঘটবে তা আমরা জানি না। তেহরান একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্বের কথা বললেও এখনো কিছু শোনা যায়নি। আমি মনে করি ওই নেতারা বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করছেন না। কারণ সেটি তাদের অবস্থান ফাঁস করে দিতে পারে।”

খামেনির উত্তরসূরি নিয়ে তিনি বলেন, হয়ত তারা এমন কাউকে বেছে নেবে, যিনিও কট্টরপন্থী ধর্মীয় ভাবাদর্শের। তবে ইরানের বর্তমান শাসনব্যবস্থার ভেতরে এমন কিছু মানুষও আছেন, যারা ‘অনেক বেশি বাস্তববাদী’।

01 Mar 2026, 10:52 PM

ইরানের নতুন নেতাদের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ইরানের নতুন নেতারা মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

‘দ্য আটলান্টিক’ ট্রাম্পকে উদ্ধৃত করে লিখেছে, “তারা কথা বলতে চায়। আমিও কথা বলতে রাজি হয়েছি। তাদের সঙ্গে কথা বলব আমি।”

এই আলোচনা তাদের আগেই করা উচিত ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, “যা অত্যন্ত বাস্তবসম্মত ও সহজ, সেটি তাদের আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।”

তবে ইরানি নেতাদের সঙ্গে সেই আলোচনা কখন, কোথায়, কীভাবে হবে, সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি, লিখেছে আল জাজিরা।

01 Mar 2026, 10:17 PM

তেহরানে হামলা বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামনের দিনগুলোতে তেহরানে বিমান হামলা আরো জোরদারের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী এখনো ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করেনি।

আল জাজিরা লিখেছে, এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, “আমি অভিযান অব্যাহত রাখার নির্দেশ জারি করেছি। আমাদের বাহিনী এখন প্রচণ্ড শক্তি নিয়ে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত করছে। সামনের দিনগুলোতে হামলা কেবল বৃদ্ধিই পাবে।”

01 Mar 2026, 10:08 PM

কে এই রেজা পাহলভি?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর দেশটির শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভির নাম নতুন করে আলোচনায় আসছে। 

বিবিসি বাংলা লিখেছে, ইরানের ঐতিহাসিক রাজতান্ত্রিক শাসনব্যবস্থায় সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে জন্মের পর থেকেই প্রস্তুত করা হচ্ছিলো রেজা পাহলভিকে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব যখন তার বাবার রাজতন্ত্রকে উৎখাত করে, তখন তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন।

দূর থেকেই তিনি দেখেছেন, তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যিনি একসময় পশ্চিমা মিত্রদের সমর্থন পেয়েছিলেন, তিনি কীভাবে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় খুঁজে ফিরেছেন এবং শেষ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত হয়ে মিশরে মারা যান।

হঠাৎ ক্ষমতা হারানোর পর তরুণ যুবরাজ ও তার পরিবার রাষ্ট্রহীন হয়ে পড়ে এবং নির্বাসনে জীবন কাটাতে বাধ্য হন। তখন তাদের ভরসা ছিল দিন দিন কমতে থাকা হাতে গোনা কিছু রাজতন্ত্রপন্থি ও শুভাকাঙ্ক্ষী।

পরের কয়েক দশকে পাহলভি পরিবার একাধিকবার ট্র্যাজেডির মুখে পড়ে। রেজা পাহলভির ছোট বোন ও ছোট ভাই দুজনেই আত্মহত্যা করেন।
ফলে, অনেকেই যাকে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া রাজবংশ বলে মনে করতেন, সেই বংশের প্রতীকী প্রধান হিসেবে শেষ পর্যন্ত রেজা পাহলভিই থেকে যান।

এখন ৬৫ বছর বয়সে তিনি আবারও দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার চেষ্টা করছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে এক শান্ত উপশহরে বসবাস করেন রেজা পাহলভি। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর সরকারেরও যদি পতন ঘটে, তাহলে পাহলভিপুত্রের ফেরার পথ তৈরি হবে বলে তার সমর্থকরা আশা করছেন।
 

01 Mar 2026, 09:59 PM

ইরানের সঙ্গে যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫

ইরানের সঙ্গে চলমান সংঘাতে এই প্রথম মার্কিন সেনার প্রাণহানির খবর দিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তারা বলছে,  তাদের তিন সেনা নিহত ও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহত সেনাদের নাম জানায়নি সেন্টকম।

ইরানের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আমেরিকান বীরদের প্রাণহানি হতে পারে। আমাদের পক্ষে হতাহতের ঘটনা ঘটতে পারে। যুদ্ধে প্রায়ই এমন হয়।”

01 Mar 2026, 09:57 PM

নৌঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, বলছে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আবুধাবির আল-সালাম নৌঘাঁটির একটি ওয়্যারহাউজ লক্ষ্য করে দুটি ড্রোন ছুড়েছে ইরান।

মন্ত্রণালয় বলছে, তারা ওই আক্রমণ ঠেকালেও দুটি কনটেইনারে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে ‘নির্লজ্জ আগ্রাসন ও জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ মন্তব্য করে নিন্দা জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, আবুধাবির একটি সামরিক ঘাঁটিতে অন্তত দুটি হামলা চালানো হয়েছে। তবে কেন এই ঘাঁটিটিকে নিশানা করা হয়েছে সেটি কিছু জানানো হয়নি বলে লিখেছে আলজাজিরা।

এর আগে সংযুক্ত আরব আমিরাত তথ্য দিয়েছিল, শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ১৬৭টি ক্ষেপণাস্ত্র ও ৫৪১টি ইরানি ড্রোন মোকাবিলা করেছে।

01 Mar 2026, 09:50 PM

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “খামেনির শাহাদাতে শোক ও দুঃখের এ মুহূর্তে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং গভীর সমবেদনা জানাচ্ছে।”

তিনি বলেন, “আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘনের ঘটনায় পাকিস্তান উদ্বেগ প্রকাশ করছে।”

 

01 Mar 2026, 09:46 PM

ওমান উপসাগরে ইরানের জাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর প্রাথমিক পর্যায়ে তাদের বাহিনী একটি ইরানি জাহাজে আঘাত হেনেছে।

 

‘জামারান-ক্লাসের কর্ভেট’ (যুদ্ধজাহাজ) রণতরীটি বর্তমানে দক্ষিণ ইরানের চাবাহার বন্দরের একটি জেটির কাছে ওমান উপসাগরে তলিয়ে যাচ্ছে।

01 Mar 2026, 09:43 PM

ইরানে নতুন করে ইসরায়েলের হামলা

ইসরায়েলি বাহিনী বলছে, তারা তেহরানে নতুন করে হামলা শুরু করেছে।

আল জাজিরা লিখেছে, এক্সে সংক্ষিপ্ত বিবৃতিতে তারা বলেছে, বিমান বাহিনী এখন তেহরানের প্রাণকেন্দ্রে নতুন দফায় হামলা শুরু করেছে।

01 Mar 2026, 09:38 PM

ইরান-ইসরায়েল সংঘাতে বিমানবন্দরে আটকা যাত্রীরা

01 Mar 2026, 09:35 PM

মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কনে’ ইরানের হামলা

মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিঙ্কনে' ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

যদিও মার্কিন এক কর্মকর্তা আলজাজিরা বলেছেন, ওই হামলায় রণতরীটির কোনো ক্ষতি করতে পারেনি। সেটি এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে 'ইউএসএস আব্রাহাম লিঙ্কনে’ চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা বলে ইরান।

01 Mar 2026, 09:23 PM

ইরানের স্কুলে নিহত বেড়ে ১৫৩

ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব প্রদেশে মেয়েদের যে স্কুলটি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলে, সেখানে প্রাণহানি বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে।

ইরানি এক কর্মকর্তার বরাতে দেশটির বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ‘মিজান’ এ তথ্য দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।


আরেক ইরানি কর্মকর্তা বলেন, বিদ্যালয়টি ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ঘাঁটি থেকে প্রায় ৬০০ মিটার দূরে অবস্থিত। স্কুলটিতে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
 

01 Mar 2026, 09:18 PM

যুদ্ধে হতাহত কত?

01 Mar 2026, 09:18 PM

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের মৃত্যুর খবর

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে টার্কি টুডের প্রতিবেদনে বলা হয়, আহমাদিনেজাদ তার নিজের বাড়িতে হামলার শিকার হন। ইরানের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়।

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। কট্টরপন্থি অবস্থান এবং কড়া বক্তব্যের জন্য পরিচিত এই নেতা পশ্চিমাদের বিরোধিতায় কঠোর অবস্থান নিয়েছিলেন। তার সময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নজরদারি ও সমালোচনার মুখে পড়ে ইরান।
 

01 Mar 2026, 09:07 PM

মধ্যপ্রাচ্যে সংঘাত: প্রবাসীদের নিরাপত্তাই ‘অগ্রাধিকার’, বলছেন উপদেষ্টা

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সরকার সমন্বিতভাবে কাজ করছে তুলে ধরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকেই সর্বোচ্চ ‘অগ্রাধিকার’ দেওয়া হচ্ছে।

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সরকার ‘নিবিড়ভাবে’ নজর রাখছে।

01 Mar 2026, 09:01 PM

নতুন ‘সুপ্রিম লিডারের’ নাম ঘোষণা দুয়েক দিনের মধ্যেই

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর নতুন নেতা বেছে নিচ্ছে ইরান।
আল জাজিরাকে এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আগামী এক বা দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হতে পারে।
আলি খামেনির মৃত্যুতে ইতোমধ্যে একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এরপরই নতুন নেতা নির্বাচন নিয়ে এমন তথ্য সামনে এলো। 
আরাগচি বলেন, অন্তর্বর্তী কমিটি ‘নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত’ নেতৃত্বের দায়িত্ব পালন করবে।
“ইরানের বর্তমান আক্রমণ আত্মরক্ষা ও ইরানের ওপর মার্কিন আগ্রাসনের একটি প্রতিশোধমূলক পদক্ষেপ”, যোগ করেন তিনি।
 

01 Mar 2026, 08:50 PM

শত্রু ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের  প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

সেখানে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ইরানে একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল তাদের কাজ শুরু করেছে।

খামেনির পরবর্তী নেতা নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে শূন্যতা তৈরি না হয়, সেজন্য তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্যতম সদস্য হলেন পেজেশকিয়ান নিজেই। তার সঙ্গে কমিটিতে রয়েছেন বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই ও আয়াতুল্লাহ আলৈ রেজা আরাফি।

বিবিসি লিখেছে, রাষ্ট্রীয় টিভিতে পেজেশকিয়ান বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের ‘বিপর্যস্ত’ করবে। বর্তমানে তারা শত্রু ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে।

01 Mar 2026, 08:40 PM

মধ্যপ্রাচ্যের প্রধান সব বিমানবন্দর বন্ধ, বিশ্বজুড়ে ফ্লাইট বিঘ্নিত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
শনিবার ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা কার্যত বন্ধ হয়ে গেছে।
ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইসরায়েলের আকাশসীমাও। পরে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইরাক, কুয়েত এবং কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

01 Mar 2026, 08:37 PM

ইসরায়েলের বেইত শেমেশে নিহত বেড়ে ৯

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। তাতে সেখানে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

 

01 Mar 2026, 08:22 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে তার গায়েবানা জানাযা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

রোববার তারাবির নামাজের পর রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জানাযা হবে বলে ডাকসুর ভিপি সাদিক কায়েম জানিয়েছেন। 

 

 

 

01 Mar 2026, 08:16 PM

নতুন করে হামলা ইরানের

01 Mar 2026, 08:14 PM

ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত

ইরানের পাল্টা হামলায় তিনজন নিহতের যে তথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, সেখানে একজন বাংলাদেশি রয়েছেন।

রোববার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের হামলার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়।

সেখানে বলা হয়, ইরান থেকে আসা ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টিকে বাধাগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে। আর ৩৫টি দেশের মধ্যে পড়ে ক্ষতি করেছে।

“এসব ঘটনায় পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি তিন নাগরিকের মৃত্যু হয়েছে। আর যে ৫৮ জন আহত হয়েছেন, তারা আমিরাত, মিশর, ইথিয়োপিয়া, ফিলিপিন্স, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, এবং আফগানিস্তানের নাগরিক।”

01 Mar 2026, 07:57 PM

ইরানের মিসাইলে ইসরায়েলের বেইত শেমেশে ক্ষয়ক্ষতির চিত্র

01 Mar 2026, 07:52 PM

ইরানের আক্রমণ: কুয়েতে নিহত ১, আমিরাতে ৩

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যের কুয়েতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩২ জন।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স একথা জানিয়েছে।

অপরদিকে ইরানের আক্রমণে সংযুক্ত আরব আমিরাতে তিন জনের প্রাণ গেছে, আহত হয়েছেন ৫৮ জন। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
 

01 Mar 2026, 07:45 PM

তেলের দাম বেড়েছে এক লাফে ১০%

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধ পরিস্থিতিতে পড়ায় তেলের দামে হু হু করে বাড়তে শুরু করেছে।

রয়টার্স জানিয়েছে, রোববার ওভার-দ্য-কাউন্টার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে পৌঁছেছে।

বর্তমান অনিশ্চিত পরিস্থিতি দীর্ঘায়িত হলে সোমবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারেও পৌঁছাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আইসিআইএসের জ্বালানি ও রিফাইনিং বিভাগের পরিচালক অজয় পারমার রয়টার্সকে বলেন, “যে কোনো সামরিক হামলা তেলের দাম বৃদ্ধির সুযোগ করে দেয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া।”

বিশ্বের মোট তেল, কনডেনসেট ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় ১৫ থেকে ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৩০ শতাংশের বেশি এই পথ দিয়ে পরিবহন করা হয়।

এ প্রণালি দিয়ে পরিবহন করা তেলের প্রায় ৮২ শতাংশ যায় এশিয়ায়, বাকি অংশ ইউরোপে। চীনের মোট এলএনজি আমদানির প্রায় ২৪ শতাংশ এই পথ দিয়ে যায়।

পারমার বলেন, “সোমবার বাজার খুললে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি উঠতে পারে। হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অচলাবস্থা দেখা দিলে সেই মাত্রা ছাড়িয়েও যেতে পারে।”

01 Mar 2026, 07:43 PM

দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের শব্দ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে।

01 Mar 2026, 07:41 PM

দুবাই সুপারমার্কেটে ক্রেতাদের ভিড়

01 Mar 2026, 07:34 PM

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে নিহত ৮

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। তাতে সেখানে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

 

আলজাজিরা লিখেছে, ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা এই আক্রমণে অন্তত ২৭ জন আহত হওয়ার তথ্য দিয়েছে।

র মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

01 Mar 2026, 07:22 PM

‘ইরান যুক্তরাষ্ট্রকে নিশানা করছে, প্রতিবেশীদের নয়’

ইরান মধ্যপ্রাচ্যে তার প্রতিবেশীদের নিশানা করছে না বলে মন্তব্য করে নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তারা আমেরিকান ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করছেন।

এক্সে তিনি বলেছেন, “যখন আপনাদের দেশে থাকা ঘাঁটিগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় এবং যুক্তরাষ্ট্র সেই বাহিনীকে ব্যবহার করে এ অঞ্চলে অভিযান চালায়, তখন আমরা সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করব।”
তিনি বলেন, “ঘাঁটিগুলো (মার্কিন) এই অঞ্চলের দেশগুলোর অংশ নয়; বরং সেগুলো আমেরিকান ভূখণ্ড।”

01 Mar 2026, 07:09 PM

ইরানে হামলায় নিহত হয়েছেন প্রায় ৪০ কর্মকর্তা

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ঊর্ধ্বতন প্রায় ৪০ কর্মকর্তা  প্রাণ হারিয়েছেন।


এর মধ্যে রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর, নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি ও প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেও রয়েছেন।
বিবিসি লিখেছে, সিবিএস নিউজকে একটি গোয়েন্দা ও সামরিক সূত্র ৪০ কর্মকর্তার প্রাণহানির তথ্য দিয়েছে।

 

01 Mar 2026, 06:53 PM

মধ্যপ্রাচ্যে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা’, ইরানের নাম নেয়নি ঢাকা

ইরানে হামলা, পাল্টা হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। ওই বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে সাতটি দেশের নামোল্লেখ করা হলেও সে তালিকায় ইরানকে রাখা হয়নি।

শনিবার ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার কন্যা, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, সেখানে দুইশর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েক ডজন নেতাও রয়েছেন।

01 Mar 2026, 06:50 PM

ইরানে হামলার তদবির করেন সৌদি যুবরাজ?

ইরানে হামলার পেছনে সৌদি আরবের হাত রয়েছে বলে খবর দিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

মার্কিন সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে বলেছে, সৌদি যুবরাজের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোনে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন, যদিও প্রকাশ্যে তিনি কূটনীতির পক্ষে ছিলেন।

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক চার কর্মকর্তার বরাতে এ কথা লিখেছে ওয়াশিংটন পোস্ট। অথচ গত জানুয়ারিতেই যুবরাজ বলেছিলেন, তিনি তার দেশের আকাশসীমা বা ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবেন না।

তিনি বলেছিলেন, সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে সম্মান করবে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ওয়াশিংটন এবং তেহরানকে আহ্বান জানাচ্ছে।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, প্রকাশ্যে এমন কথা বলার পরও সৌদি যুবরাজ সম্প্রতি কয়েক সপ্তাহে ট্রাম্পকে ফোন করে ইরানে হামলার জন্য তদবির করেছিলেন। পাশাপাশি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করেছিল ইসরায়েলও।

01 Mar 2026, 06:00 PM

হরমুজ প্রণালীতে আটকা শত শত জাহাজ

শিপিং ডেটার বরাতে আল-জাজিরা লিখেছে, হরমুজ প্রণালীর উভয় পাশে শত শত জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে অন্তত ১৫০টি ট্যাংকার, যার মধ্যে অপরিশোধিত তেল ও এলএনজি বহনকারী জাহাজ রয়েছে। এসব যান হরমুজ প্রণালী পেরিয়ে ওপেন গালফে নোঙর করেছে।

চোক পয়েন্টের অন্য পাশে ডজনের বেশি জাহাজ স্থির অবস্থায় রয়েছে। 

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর এ পরিস্থিতি তৈরি হয়েছে।
 

01 Mar 2026, 05:48 PM

প্রতিশোধ নেওয়া ইরানের ‘বৈধ অধিকার’: প্রেসিডেন্ট

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এক ডজন নেতা হত্যার প্রতিশোধ নেওয়াকে ইরান নিজেদের বৈধ অধিকার ও কর্তব্য হিসেবেই দেখছে। 

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “খামেনি হত্যা বিশ্বের প্রতিটি কোণায় মুসলিম এবং বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ। 

“ঐতিহাসিক এই অপরাধের যারা প্ররোচক এবং যারা এ অপরাধ সংঘটিত করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং রক্তক্ষয় ঘটানোকে ইরান নিজেদের বৈধ কর্তব্য ও অধিকার বলেই মনে করছে। আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে এই মহান কর্তব্য পালন করব।”

খামেনির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাগ্য কী ঘটবে এমন প্রশ্ন ওঠার মধ্যে তার কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট সুস্থ আছেন এবং নিরাপদে আছেন।

01 Mar 2026, 05:29 PM

নির্দয় ও নৈতিকভাবে অগ্রণযোগ্য হত্যা: পুতিন

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, এটি এমন এক নির্দয় ও নৈতিকভাবে অগ্রণযোগ্য হত্যা, যাতে মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের সব মানদণ্ডকে উপেক্ষা করা হয়েছে।


 

01 Mar 2026, 05:09 PM

মার্কিন-ইসরায়েলের ‘অবৈধ আগ্রাসন’র নিন্দা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে বলেছেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হেজেমনিক ও গ্যাংস্টার মতো’ স্বভাবের কারণে এ হামলায় তাদের অংশগ্রহণ ‘প্রত্যাশার মধ্যেই’ ছিল বলে মনে করে উত্তর কোরিয়া।

বিবৃতিতে বলা হয়, কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য নয়।
 

01 Mar 2026, 04:57 PM

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের বিষয়ে যা জানাল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দোহা, দুবাই ও আবু ধাবি ছাড়া মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট রোববার থেকে নির্ধারিত সময়ে যাত্রা করবে। এর আগে শনিবার রাতে রিয়াদগামী যে ফ্লাইট স্থগিত হয়েছিল, সেই বিজি ৩৩৯ ফ্লাইট সোমবার দুপুর ১টায় ঢাকা ত্যাগ করবে।

যাত্রীদের নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


 

01 Mar 2026, 04:46 PM

খামেনির অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য সিআইএ’র

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সিআইএ কয়েক মাস ধরে খামেনির গতিবিধি পর্যবেক্ষণ করছিল এবং তার অবস্থান ও চলাচলের ধরন সম্পর্কে ক্রমশ নিশ্চিত হচ্ছিল।

এর ধারাবাহিকতায় সিআইএ জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে শীর্ষ ইরানি কর্মকর্তাদের বৈঠক হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেখানে উপস্থিত থাকবেন খামেনি।

সিআইএ খামেনির অবস্থান সম্পর্কে এই ‘উচ্চমাত্রার নির্ভুল তথ্য’ ইসরায়েলের কাছে হস্তান্তর করে।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গোয়েন্দারা একটি নয়, একযোগে তিনটি বৈঠকের তথ্য শনাক্ত করেছিলেন। বৈঠকগুলো হচ্ছিল ইরানের প্রেসিডেন্সি কার্যালয়, সর্বোচ্চ নেতার দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয়ে।

ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে হামলা চালানো। কিন্তু দিনের বেলায় বৈঠকের তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময় পরিবর্তন করে।

ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, “সবাই অপেক্ষা করছিল, হামলা হবে মধ্যরাতে, অন্ধকারের আড়ালে। গত জুনে ইরানের ওপর আকস্মিক হামলার শুরুতেও ইসরায়েল রাতে আঘাত হেনেছিল। তবে এবার দিনের আলোয় হামলা কৌশলগতভাবে প্রতিপক্ষকে বিস্মিত করতে পেরেছে।”

01 Mar 2026, 04:43 PM

খামেনির অবস্থান শনাক্ত করে সিআইএ, বোমা ফেলে ইসরায়েল

ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ যে শনিবার সকালে তেহরানের একটি সরকারি কমপাউন্ডে বৈঠকে বসতে যাচ্ছে, সে তথ্য আগেই জেনে গিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

যুক্তরাষ্ট্র ওই তথ্য দেয় ইসরায়েলকে। এর ভিত্তিতে ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে দিনের আলোতেই আঘাত হানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা সেই হামলায় নিহত হন।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে, ইসরায়েলি জঙ্গিবিমান খামেনির কমপাউন্ডে ৩০টি বোমা নিক্ষেপ করে। তাতে ওই কমপাউন্ড পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

অভিযান শুরু হয় ইসরায়েল সময় শনিবার সকাল ৬টার দিকে। তেহরান সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে, অর্থাৎ জঙ্গিবিমান ওড়ার দুই ঘণ্টা পাঁচ মিনিট পর কমপাউন্ডে আঘাত হানে বোমা।

01 Mar 2026, 04:40 PM

ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি

ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ধর্মীয় সদস্য আলিরেজা আরাফিকে ইরানের নেতৃত্ব পরিষদের বিচারিক সদস্যের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই সংস্থা সর্বোচ্চ নেতার ভূমিকা পালন করবে।

সাময়িক নেতৃত্ব পরিষদে আরাফি সঙ্গী হবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই’র।

01 Mar 2026, 04:13 PM

ইরানের ৩০ জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সংবাদমাধ্যম

ইসরায়েলের বিমান বাহিনী তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে প্রথম আঘাতে ৩০ জন জ্যেষ্ঠ কর্মকর্তার প্রাণহানি ঘটায় বলে জানিয়েছে চ্যানেল টুয়েলভ।

ইহুদি দেশটির এ সংবাদমাধ্যম বলছে, শনিবার প্রথম আঘাতের মাত্র অর্ধ মিনিটে এসব মৃত্যু ঘটে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রয়েছেন।

এন টুয়েলভ ওয়েবসাইটে সাংবাদিকরা লিখেছেন যে, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, “আমরা এখনো কেবল শুরুর প্রক্রিয়ায় আছি এবং আমাদের অন্তত কয়েক দিনের অভিযান বাকি আছে।”

ইসরায়েলি অন্য সংবাদমাধ্যমগুলো যুদ্ধের এতদূর পর্যন্ত বিস্তৃত পরিকল্পনা এবং ইসরায়েল ও মার্কিন সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতা এবং গোয়েন্দা তথ্যের সঠিকতার বিষয়টি তুলে ধরেছে।

তবে প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ লিমর সতর্ক করেছেন যে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব দেখা দিতে পারে।

তিনি বলেন, “ইসরায়েলের কাছে এই যুদ্ধ কয়েক দিন বা কয়েক সপ্তাহ, সম্ভবত আরও দীর্ঘ সময় চালানোর জন্য সব ধরনের ধৈর্য ও প্রস্তুতি রয়েছে; ট্রাম্পেরও একই ধরনের ধৈর্য ও মাথা ঠাণ্ডা রয়েছে কি না তা স্পষ্ট নয়।”

01 Mar 2026, 03:40 PM

সৌদি আরবের রিয়াদের পূর্বদিকে কয়েকটি বিস্ফোরণের শব্দ

আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে খবর পেয়েছে তারা। 

আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে দোহাভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, রিয়াদের পূর্বাংশের বাসিন্দারা জানিয়েছেন, তারা বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণে শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন। 

ওই বার্তা সংস্থাটি জানিয়েছে, তাদের সংবাদাতারাও বিস্ফোরণের শব্দগুলো শুনেছেন।

01 Mar 2026, 03:38 PM

আবু ধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষে নারী-শিশু আহত

আবু ধাবির ইতিহাদ টাওয়ার্স কমপ্লেক্সের আবাসিক ভবনের সামনের অংশে একটি ড্রোন প্রতিহত হওয়ার সময় পড়ে যাওয়া ধ্বংসাবশেষে একজন নারী ও তার শিশু আহত হয়েছে বলে জানিয়েছে শহরের মিডিয়া অফিস।

আলজাজিরা লিখেছে, দুজনেই সামান্য আঘাত পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনটি প্রতিহত করার পর তখন ওই ধ্বংসাবশেষ পড়ে।

01 Mar 2026, 03:26 PM

ইরানের প্রধান প্রশাসনিক কেন্দ্রে হামলার ভিডিও প্রকাশ ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলার ভিডিও প্রকাশ করেছে। 

‘ইরানি সন্ত্রাসী শাসকদের সদরদপ্তরে’ এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। 

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভিডিওতে ইরানের রাজধানীতে আঘাত হেনে দুটি ভবন ধ্বংস করে দিতে দেখা গেছে। 

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তারা তেহরানে ইরানি শাসকদের কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।  

তেহরানের গুরুত্বপূর্ণ এলাকা সৈয়দ খন্দানে, কাসর চৌরাস্তা, ভানাক স্কয়ার ও মোতাহারি স্ট্রিটে চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।  

 

 

01 Mar 2026, 03:18 PM

ওমান উপকূলের কাছে তেল ট্যাংকারে হামলা

ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ওমানের মুসান্দম থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়েছে পালাউ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্কাইলাইট’। হামলায় চারজন আহত হয়েছেন এবং ২০ সদস্যের ক্রু দলের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আল-জাজিরা লিখেছে, তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য পাওয়া যায়নি।

ওমানের দুকম বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলায় এক বিদেশি কর্মী আহত হওয়ার পর ট্যাংকারে হামলা ঘটল।

01 Mar 2026, 03:18 PM

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানে প্রতিবাদকারীদের হামলায় ভবন ক্ষতিগ্রস্ত

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলের অন্যতম প্রধান শহর স্কারদুতে ইরানের সঙ্গে সংহতি জানানো প্রতিবাদকারীরা বেশ কয়েকটি ভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসব ভবনের মধ্যে জাতিসংঘের অধিভুক্ত একটি আঞ্চলিক দপ্তর আছে বলে আল জাজিরা জানিয়েছে। 

প্রাথমিক খবরগুলোতে শুধু সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেছে। 

এর আগে দেশটির বৃহত্তম শহর করাচিতে মার্কিন কন্স্যুলেটের কাছে ইরানের সঙ্গে সংহতি জানানো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন।

01 Mar 2026, 03:00 PM

ইরানের ইন্টারনেট বন্ধ ২৪ ঘণ্টা অতিক্রম করেছে: নেটব্লকস

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, ইরানজুড়ে ইন্টারনেট বন্ধের ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে এবং স্বাভাবিক মাত্রার তুলনায় ন্যাশনাল কানেক্টিভিটি মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

সংস্থাটির ভাষ্য, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে এই পদক্ষেপ নাগরিক অংশগ্রহণ সীমিত করছে।”

01 Mar 2026, 02:53 PM

তেহরানে ‘ভয়াবহ বিস্ফোরণের’ কথা জানাল ইরানের সংবাদমাধ্যম

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের গুরুত্বপূর্ণ এলাকা সৈয়দ খন্দানে, কাসর চৌরাস্তা, ভানাক স্কয়ার ও মোতাহারি স্ট্রিটে চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটেছে।  

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রোববার সকালে ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
 

01 Mar 2026, 02:46 PM

ইরানি হামলায় ইসরায়েলের তেল আবিবে ৪০ ভবন ক্ষতিগ্রস্ত

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, শনিবার ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব শহরের অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে তারা জানিয়েছে, এসব ভবনের ২০০ জনেরও বেশি বাসিন্দাকে তাদের বাসা থেকে সরিয়ে তেল আবিবের তিনটি হোটেলে নিয়ে রাখা হয়েছে।

01 Mar 2026, 02:43 PM

ইরানে মার্কিন হামলার প্রতিবাদ নিউ ইয়র্কে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে প্রাণক্ষয়ী হামলা পরিচালনার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা বাদে টাইমস স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন নিউ ইয়র্কবাসী। মেয়র জোহারান মামদানি এই হামলাকে ‘একটি অবৈধ যুদ্ধের ভয়াবহ উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছেন।

01 Mar 2026, 01:57 PM

করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, নিহত ৯

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে বিক্ষোভ হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নয়জন নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন।

আলজাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা জানালা ভাঙছে ও কিছু অংশে আগুন ধরিয়ে দিচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। এসময় সেখানে নয়জনের মৃত্যু হয় বলে এধি রেসকিউ সার্ভিস জানিয়েছে।

01 Mar 2026, 01:46 PM

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান 

রোববার এক এক্স পোস্টে তিনি খামেনির মৃত্যুকে ‘শাহাদৎ বরণ’ হিসেবে বর্ণনা করে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শফিকুর রহমান লিখেছেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি আমার অন্তরের সমবেদনা রইল। আল্লাহ তাদের দুঃখ সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।”

 

জামায়াত আমির সতর্ক করে বলেছেন, উত্তেজনা বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিপন্ন হতে পারে। 

“মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতিমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকিতে ফেলেছে। কোনো অতিরিক্ত সামরিক উত্তেজনা শুধু একটি দেশকেই বিপন্ন করবে না, পুরো অঞ্চলকে ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।”

মুসলমানদের কাছে রমজানের পবিত্রতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের হামলা “মুসলিম বিশ্বের সাধারণ মানুষকে গভীরভাবে আহত করবে এবং ক্ষিপ্ত করবে” এবং বৈশ্বিক শান্তির জন্য আরও হুমকি সৃষ্টি করবে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। 

তিনি লিখেছেন, “আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সাধারণ জনগণের সুরক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”
বিশ্ব শান্তি রক্ষায় আরো কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।
 

01 Mar 2026, 01:37 PM

ইরানে একদিনে ১২০০-র বেশি বোমা নিক্ষেপের দাবি ইসরায়েলের

ইসরায়েলের বিমানবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার অংশ হিসেবে একদিনে তারা ইরানের ওপর ১,২০০-এর বেশি বোমা নিক্ষেপ করেছে।

হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় ছিল, যেখানে ১৪৮ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাগচি বলেছেন, এই হামলায় ‘অনেক নিরপরাধ শিশু’ নিহত হয়েছে এবং এটি ‘জবাবহীন থাকবে না’।

 

01 Mar 2026, 01:24 PM

বাতিল দুটি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করল বিমান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবার বাতিল হওয়া দুটি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি-৩৩৭) বাতিল হয়েছিল, তা রোববার বিকাল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।

একই দিনে বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী বিজি-৩৩৫ ফ্লাইটটি রোববার সন্ধ্যা ৭টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

এজন্য যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

01 Mar 2026, 01:09 PM

খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের শোক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে প্রতিবেশী ইরাক।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি আইএনএ’কে বলেন, “যাকে আমরা নবীর পরিবারে প্রথমদের মধ্যে বিবেচনা করি, সেই বিশিষ্ট পণ্ডিত ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা, গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসেইনি আল-খামেনির শহীদ হওয়ায় আমরা সম্মানিত ইরানি জনগণ এবং ইসলামী দেশটির প্রতি অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে সমবেদনা প্রকাশ করছি।”

মার্কিন-ইসরায়েলি হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ এবং ‘নিন্দনীয় কাজ’ বর্ণনা করে তিনি বলেন, “তাদের পদক্ষেপ সমস্ত মানবিক ও নৈতিকতা লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন।”

01 Mar 2026, 12:56 PM

মুসাভি ও নাসিরজাদেহ মারা গেছেন: আইআরএনএ

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইআরএনএ জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ শনিবার মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইরান ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং বিপ্লবী রক্ষা বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর প্রাণ হারিয়েছেন।

আইআরএনএ বলেছে, আরও কিছু সশস্ত্র বাহিনী কমান্ডার নিহত হয়েছেন, তাদের নাম পরে ঘোষণা করা হবে।

01 Mar 2026, 12:49 PM

জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সূচিতে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

ইরানে চলমান সংঘাতের মধ্যেই রোববার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, জেদ্দা ও ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উড়োজাহাজ সেবার এ কোম্পানি যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে।

বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ।

ইউএস-বাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

“আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।”

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

01 Mar 2026, 12:35 PM

ইরানজুড়ে শোকের ছায়া

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার ইরানি রাজধানীর কেন্দ্রস্থলে সমবেত হয়েছেন।

খামেনির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর রোববার ইরানিরা ইনকিলাব স্কয়ারে এসেছেন শোকার্তরা। তাদের বেশিরভাগই কালো পোশাক পরিহিত এবং অনেকেই কান্না করছিলেন। ‘যুক্তরাষ্ট্রে মৃত্যু হোক’, ‘ইসরায়েলে মৃত্যু হোক’ স্লোগান দেওয়ার পাশাপাশি তারা  অনেকেই ইরানের পতাকা ঘুরিয়ে ধরছিলেন এবং খামেনির ছবি প্রদর্শন করছিলেন।

এদিকে ঐতিহাসিক ইস্পাহান শহরেও হাজারো ইরানির সমবেত হওয়ার খবর মিলেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-তে প্রকাশিত একটি ভিডিওতে নাকশে-জাহান স্কয়ারে একটি বড় সমাবেশ দেখা গেছে।

এর বাইরে ইরানের বিভিন্ন শহরে ও সড়কে ইরানিদের শোক প্রকাশের খবর মিলেছে। 

শনিবার তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর খামেনি মারা গেছেন বলে রোববার দেশটির তরফে জানানো হয়েছে।

01 Mar 2026, 12:29 PM

ইরানের রাষ্ট্রীয় টিভিতে কাঁদতে কাঁদতে খামেনির মৃত্যুর খবর প্রচার

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনগুলো দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বিবৃতি পাঠ করে একযোগে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এ সময় একটি টেলিভিশনের সংবাদ পাঠককে কাঁদতে দেখা যায়।

01 Mar 2026, 12:22 PM

আবুধাবির সব ফ্লাইট স্থগিত করেছে ইতিহাদ এয়ারওয়েজ

ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে যেসব ফ্লাইট যাচ্ছে এবং আসছে, সেগুলো ২ মার্চ স্থানীয় সময় ভোর ২টা পর্যন্ত স্থগিত থাকবে।

01 Mar 2026, 12:20 PM

সীমা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এর মূল্য দিতে হবে: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের ‘অশুভ অপরাধী’ আখ্যায়িত করেছেন এবং চলমান হামলার জন্য তাদের ‘ভয়াবহ প্রতিশোধের’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন।

গালিবাফ এই মন্তব্য করেছেন টেলিভিশনে সরাসরি ভাষণে। তিনিই দেশটির সর্বোচ্চ পর্যায়ের নেতা, যাকে শনিবার হামলা শুরুর পর ক্যামেরার সামনে দেখা গেছে। 

তিনি বলেন, “আপনারা আমাদের রেড লাইন অতিক্রম করেছেন এবং এর মূল্য দিতে হবে। আমরা এমন ভয়াবহ প্রতিশোধ নেব যে, আপনিও অনুরোধ করতে বাধ্য হবেন।”

01 Mar 2026, 12:13 PM

এ পর্যন্ত যা যা জানা গেছে

  • যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান।   
  • ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইরানির রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুরও হামলায় নিহত হয়েছেন।
  • রেভলিউশনারি গার্ড প্রতিশোধের অঙ্গীকার করেছে এবং ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে থাকা ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে।
  • দুবাই, দোহার ও তেল আবিবে আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
  • ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে ‘একটি মহা অপরাধ’ হিসেবে বর্ণনা করে সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। 
  • ইরান সরকার জানিয়েছে, অন্তর্বর্তীকালীন তিন সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়েছে, যা খামেনির উত্তরসূরি নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করবে।
  • খামেনির অনুসারীরা তেহরানসহ ইরানের অন্যান্য শহরে রাস্তায় নেমে মৃত নেতার জন্য শোক করছেন।
  • খামেনি নিহত হওয়ার খবরে দুঃখ ও শোক প্রকাশ করেছেন ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সাদর। বাগদাদের গ্রিন জোনে বিক্ষোভেরও খবর পাওয়া গেছে।
  • খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা পরিচালনার ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি)।
  • এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে ‘আগে কখনো দেখা যায়নি, এমন শক্তি ব্যবহার’ করা হবে।
     

01 Mar 2026, 12:05 PM

খামেনির গড়ে তোলা কাঠামো এখনো ‘অটুট’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সাফল্য হলেও দেশটির গতিপথ বদলে দেওয়া এখনো অনেক কঠিন বলেই মনে করছেন একজন বিশেষজ্ঞ।

তেহরানভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক কৌশলগত গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক আবাস আসলানি আল জাজিরাকে বলেছেন, ৩৭ বছরের বেশি সময় ধরে খামেনি দেশটির নেতৃত্বে ছিলেন। ফলে তার হত্যাকাণ্ড ইরানের জন্য ‘একটি বড় শূন্যতা’ তৈরি করতে পারে।

তবে তিনি এও বলেছেন, “ভুলে গেলে চলবে না যে, তিনি (খামেনি) যে অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছেন, তা এখনো বহাল রয়েছে। এ কারণেই আমরা দেখেছি, তার হত্যার পরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিক থেকে আসা হামলার জবাব দিয়ে যাচ্ছে ইরান। 

“এটা ইঙ্গিত দেয় যে, তার দায়িত্বকালে গড়ে তোলা কাঠামো এমন, যা তার মত বড় ব্যক্তিত্বের অনুপস্থিতিতেও কার্যকরভাবে কাজ করতে পারে।”

ইরানের সংবিধানও অন্তর্বর্তী সময়ের জন্য একটি পথ নির্ধারণ করে দিয়েছে। সরকার ইতোমধ্যে জানিয়েছে, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী কাউন্সিল দেশ পরিচালনা করবে।

এই প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে আসলানির ধারণা, ইরান যে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, তা সামাল দিতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

01 Mar 2026, 12:04 PM

ইস্পাহানে শোকার্ত ইরানিদের সমাবেশ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার ইরানি ঐতিহাসিক ইস্পাহান শহরে সমবেত হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-তে প্রকাশিত একটি ভিডিওতে নাকশে-জাহান স্কয়ারে একটি বড় সমাবেশ দেখা গেছে।

শনিবার তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর খামেনি মারা গেছেন বলে রোববার দেশটির তরফে জানানো হয়েছে।

 

 

01 Mar 2026, 11:56 AM

ইরানে খামেনিকে হত্যার পর বাগদাদে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

বিক্ষোভকারীরা শহরের ‘গ্রিন জোন’ এলাকায় নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয়েছে। কঠোরভাবে সুরক্ষিত এই এলাকাতেই ইরাক সরকারের কার্যালয়, পার্লামেন্ট ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

সেখানকার ভিডিও বিশ্লেষণ করে আলজাজিরা লিখেছে, বিক্ষোভকারীরা পতাকা নাড়িয়ে স্লোগান দিচ্ছেন। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিক্ষোভকারীরা সেখানে মার্কিন দূতাবাসে হামলা চালাতে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন।

ভিডিওতে দেখা যায়, গ্রিন জোনে প্রবেশপথের কাছে একটি গোলচত্বরে কয়েকজন বিক্ষোভকারী যানবাহন চলাচল বন্ধ করারও চেষ্টা করছেন।
 

01 Mar 2026, 11:50 AM

আগে কখনো দেখা যায়নি, এমন শক্তি ব্যবহারের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন, তারা যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর হামলা চালায়, তার জবাব কঠোর হবে।

তিনি তার ট্রুথ সোশালে লিখেছেন, “ইরান কিছুক্ষণ আগে জানিয়েছে যে, তারা আজ খুব শক্তভাবে আঘাত হানবে, আগের চেয়ে কঠোরভাবে। তাদের সেটা করা ঠিক হবে না; কারণ তারা যদি সেটি করে, আমরা তাদের বিরুদ্ধে আগে কখনো দেখা যায়নি—এমন শক্তি ব্যবহার করব!”

খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনীর (আইআরজিসি) হামলার ঘোষণার পর ট্রাম্প এ ঘোষণা দিলেন।

কয়েক ঘণ্টা আগে আইআরজিসি বলেছে, “ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান কয়েক মুহূর্তের মধ্যে শুরু হবে, যা দখলকৃত ভূখণ্ড এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলোকে নিশানা করবে।”
 

01 Mar 2026, 11:33 AM

ইরানে স্কুলে নিহত বেড়ে ১৪৮

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। সেখানে আহত হয়েছে ৯৫ জন।

স্কুলটিতে শনিবারের ওই হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।


 

01 Mar 2026, 11:25 AM

খামেনির পর নেতৃত্ব নিয়ে সম্ভাব্য দুই পরিস্থিতি

ইরানের বিশেষজ্ঞদের পরিষদের ৮৮ জন সদস্য একত্রিত হয়ে পরবর্তী নেতা সম্পর্কে মূল আলোচনা করবেন।

এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত আলি খামেনি মৃত্যুর আগে চারজনের নাম বলে গেছেন। এটি হতে পারে সম্ভাব্য পরিস্থিতি।

সম্ভাব্য অন্য পরিস্থিতি হতে পারে, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য চারজনের একটি কাউন্সিল দেশের নেতৃত্বে থাকবে।
 

01 Mar 2026, 11:04 AM

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ২৭টি মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি)।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আইআরজিসি বলেছে- তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ষষ্ঠতম ধাপের হামলা চালাচ্ছে।

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘বৃহৎ পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ পরিচালনার কথা জানিয়ে বাহিনী বলেছে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ২৭টি মার্কিন ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।

আইআরজিসি আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছে।


 

01 Mar 2026, 10:56 AM

খামেনির উত্তরসূরি কীভাবে নির্বাচিত হবেন?

ইরানের সংবিধান অনুযায়ী, পরবর্তী সর্বোচ্চ নেতাকে নির্বাচন করবে ধর্মীয় নেতাদের বিশেষজ্ঞ পরিষদ। এই পরিষদই ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনিকে সর্বোচ্চ নেতার দায়িত্ব দিয়েছিল।

এই বিশেষজ্ঞ পরিষদ ৮৮ জন আলেমকে নিয়ে গঠিত, যারা প্রতি আট বছর পরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। 

বিবিসি লিখেছে, পরিষদের নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাই করে প্রভাবশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’। ফলে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি অনুগত বলে বিবেচিত ব্যক্তিরাই কেবল প্রার্থী হওয়ার সুযোগ পান। বর্তমান পরিষদে খামেনির দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে–এমন কট্টরপন্থি আলেমদের প্রাধান্য রয়েছে।

সংবিধানে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ দিতে হবে। কিন্তু ইরান যদি টানা সামরিক হামলার মুখে থাকে, তাহলে পরিষদের সব সদস্যকে একত্রিত করা জটিল হয়ে উঠতে পারে।

অন্তর্বর্তী সময়ে সাধারণত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম যৌথভাবে নেতৃত্বের দায়িত্ব পালন করেন, যতক্ষণ না উত্তরসূরি নির্বাচিত হন।

01 Mar 2026, 10:45 AM

খামেনি হত্যা ইরানের গতিপথ বদলাতে পারে: রেজা পাহলভি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত নিবন্ধে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি। ‘স্বাধীনতার সুযোগ’ করে দেওয়ার জন্য  প্রথমেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রেজা।

তিনি লিখেছেন, প্রায় অর্ধশতাব্দী ধরে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিবেশীদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, বিশ্বের নানা স্থানে সংঘাত উসকে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে আসছে।

রেজা পাহলভি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের সবচেয়ে ‘ভয়ানক অপরাধ’ দেশের ভেতর সংঘটিত হয়েছে, যার মধ্যে জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় হাজার হাজার প্রতিবাদী প্রাণ হারিয়েছেন।

তিনি মনে করেন, দেশের ভবিষ্যতের পথ নতুন সংবিধানের মাধ্যমে হওয়া উচিত, যা গণভোটের মাধ্যমে অনুমোদন পাবে বং এরপর ‘আন্তর্জাতিক তদারকিতে’ স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি লিখেছেন, “ইতিহাস প্রায়ই তার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আগাম ঘোষণা করে না। কিন্তু এমন মুহূর্ত আসে যখন সাহস, নেতৃত্ব এবং ঐক্য দেশের গতিপথ পরিবর্তন করতে পারে।”

01 Mar 2026, 10:33 AM

ইরানের কোথায় কোথায় হামলা হল?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় ২৪ ঘণ্টা ধরে ইরানে আক্রমণ চালিয়ে আসছে। বেশিরভাগ আক্রমণ তেহরানে হলেও সামরিক স্থাপনা, গোয়েন্দা সদরদপ্তরের মতো স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। ইরান এর পাল্টায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

 

01 Mar 2026, 10:31 AM

খামেনি হত্যার জবাব দেওয়ার অঙ্গীকার ইরানের প্রেসিডেন্টের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘একটি মহা অপরাধ’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, খামেনি হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট।

বিবৃতিতে বলা হয়, “এই মহা অপরাধের জবাব দেওয়া হবে। এটা ইসলামী বিশ্ব ও শিয়া মতবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমাদের শীর্ষ নেতার পবিত্র রক্ত এক গর্জনময় ঝরনার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান-জায়নবাদী নিপীড়ন ও অপরাধকে নির্মূল করবে।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, “এবারও আমরা সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে, মুসলিম উম্মাহ ও বিশ্বের স্বাধীনচেতা মানুষের সমর্থনে, এই মহা অপরাধের হোতা ও নির্দেশদাতাদের অনুতপ্ত হতে বাধ্য করব।”

খামেনির মৃত্যুতে ৪০ দিনের শোক পালনের পাশাপাশি অতিরিক্ত সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছেন পেজেশকিয়ান।  

01 Mar 2026, 10:20 AM

ইসরায়েলে নিহত ১, আহত ১২১

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছে এবং ১২১ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছে। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে কয়েকটি তেল আবিব ও বিট শেমেশ শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

01 Mar 2026, 10:17 AM

ইরানের ভবিষ্যৎ চীনের কাছে কেন গুরুত্বপূর্ণ

বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে যাদের সঙ্গে ইরানের কার্যকর বাণিজ্য সম্পর্ক ছিল, এমন একটি দেশ হল চীন। কেউ কেউ এমনও বলেন, ইরানি তেল কেনার মাধ্যমে বেইজিং কার্যত দেশটির সরকারকে টিকিয়ে রাখছিল।

এই প্রেক্ষাপটে চীন একটি স্পষ্ট ও দ্ব্যর্থহীন বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। 

উত্তেজনা কমাতে চলমান হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বেইজিং। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথাও বলেছে তারা।

আল জাজিরা লিখেছে, চীনের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিলে জ্বালানি বাজার অস্থির হয়ে উঠবে। আর ওই জ্বালানি বাজারের ওপর অনেকাংশে নির্ভরশীল বেইজিং।
চীনের উদ্বেগের পেছনে আরও একটি কারণ রয়েছে।

গত কয়েক বছর ধরে বেইজিং এমন একটি বহুমেরুকেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে কাজ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলনামূলক কম থাকবে। এই প্রেক্ষাপটে তারা তেহরানের শাসনব্যবস্থাকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাবের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য হিসেবে দেখে। 

এখন তাদের আশঙ্কা, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন হলে বৈশ্বিক জোটের সমীকরণ ওয়াশিংটনের পক্ষে আরো বেশি হেলে যাবে, যা বেইজিংয়ের স্বার্থের অনুকূলে নাও থাকতে পারে।

01 Mar 2026, 10:13 AM

ইরানি হামলায় কাতারে আহত ১৬

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানি হামলার পরে আরও আটজন আহত হয়েছে। ফলে হামলার শুরু থেকে মোট আহতের সংখ্যা বেড়ে ১৬-তে দাঁড়িয়েছে।

বিভিন্ন এলাকায় সীমিত পরিমাণে উপকরণগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।

01 Mar 2026, 10:04 AM

কুয়েতে আহতদের পাশে প্রধানমন্ত্রী

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আঞ্চলিক উত্তেজনার আঁচ লেগেছে কুয়েতেও। 

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়ে অন্তত ১২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহতদের মধ্যে আমিনুল ইসলাম নামে ২৬ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। বর্তমানে তিনি ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। 

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ ফারওয়ানিয়া হাসপাতাল পরিদর্শন করে আহত নাগরিক ও প্রবাসীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। 

হাসপাতালে কর্মরত বাংলাদেশি প্রজেক্ট ম্যানেজার মো. হুসেন জানিয়েছেন, আমিনুলের শারীরিক অবস্থা স্থিতিশীল। 

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর বিভিন্ন এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তাড়াহুড়ো করে ছুটতে গিয়ে এবং ভিড়ের চাপে পিষ্ট হয়ে অনেকে আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে জাবের হাসপাতাল, মুবারক আল-কাবীর এবং আদানি হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। 

চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশের চোট গুরুতর না হলেও পরিস্থিতি বিবেচনায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ট্রমা সেন্টারগুলোতে বাড়তি চিকিৎসক ও নার্স নিয়োজিত করা হয়েছে।

01 Mar 2026, 09:43 AM

খামেনির মেয়ে, জামাতা, নাতি নিহত

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির সঙ্গে তার কন্যা, জামাতা ও নাতি নিহত হয়েছেন।

01 Mar 2026, 09:40 AM

খামেনির মৃত্যু: উদ্ভূত পরিস্থিতি দেখভালে প্রেসিডেন্টসহ ৩ জন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির শাসন ব্যবস্থা দেখভাল করবেন প্রেসিডেন্ট, বিচার ব্যবস্থার প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন বিচারক।

ধর্মীয় বিশেষজ্ঞদের পরিষদ এখন খামেনির উত্তরসূরি ঠিক করবেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায় পরিষদের সবাইকে একত্র করা কঠিন হতে পারে।

এর আগে ১৯৮৯ সালের যেদিন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যান, সেই ৩ জুনেই স্থলাভিষিক্ত হয়েছিলেন খামেনি।

01 Mar 2026, 09:25 AM

খামেনির উপদেষ্টা শামখানি, আইআরজিসি’র পাকপুর নিহত

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলছে, খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি তেহরানে মার্কিন–ইসরায়েলি আক্রমণে নিহত হয়েছে।

ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনীর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

গত বছরের জুনে ১২‑দিনের ইরান–ইসরায়েল যুদ্ধের সময় পূর্বসূরি নিহত হওয়ার পর পাকপুরকে আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি বাহিনীটির গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ছিলেন।

আর শামখানি ওই যুদ্ধে আহত হয়েছিলেন।

01 Mar 2026, 09:16 AM

৩৭ বছর ধরে ধর্মীয় নেতা ছিলেন খামেনি

১৯৩৯ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি। ধর্মীয় পণ্ডিতের সন্তান খামেনি ১৯৬২ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আলি খামেনি উপ-প্রতিরক্ষামন্ত্রী হন এবং ইসলামিক রেভল্যুশন গার্ড কোর (আইআরজিসি) গঠনে সহায়তা করেন।

১৯৮৯ সালের জুন মাসে খোমেনির মৃত্যু হলে ধর্মীয় নেতাদের বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। শিয়া ধর্মীয় নেতাদের মধ্যে প্রয়োজনীয় মর্যাদা অর্জন না করলেও তাকে দায়িত্ব গ্রহণের অনুমতি দিতে সংবিধান পরিবর্তন করা হয়।

এরপর থেকে আয়াতুল্লাহ খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছেন এবং শাসনব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জগুলো কখনও কখনও সহিংসভাবে দমন করেছেন।

তিনি পররাষ্ট্র বিষয়েও ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মুখোমুখি অবস্থান রয়েছে। তিনি বরারবরই ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির আহ্বান জানিয়েছেন এবং হলোকাস্ট ঘটেছিল কি না তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন।

ছয়জন সন্তানের জনক খামেনির শাসনামলে ইরানে সাতজন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন।


 

01 Mar 2026, 09:04 AM

ইরানে নতুন করে ৩০টির বেশি স্থানে হামলা ইসরায়েলের

পশ্চিম ও মধ্য ইরানে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, “সামরিক গোয়েন্দা বিভাগের নির্দেশনায় বিমান বাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানে ইরানি সন্ত্রাসী শাসনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে অল্প কিছুক্ষণ আগে আরেক দফা হামলা সম্পন্ন করেছে।”

ইসরায়েল জানিয়েছে, ইরানে বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক সদর দপ্তর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে।

01 Mar 2026, 09:01 AM

‘বিধ্বংসী অভিযান’ শিগগিরই: আইআরজিসি

ইরানের সংবাদ সংস্থা পার্স নিউজ দেশটির বিপ্লবী রক্ষা বাহিনীর (আইআরজিসি) একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে ‘ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এই আক্রমণ ‘কিছুক্ষণের মধ্যেই’ শুরু হবে এবং এ অঞ্চলের ‘দখলকৃত ভূখণ্ড ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ নিশানা করে এটি পরিচালিত হবে।

01 Mar 2026, 08:32 AM

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, খামেনি তার নির্ধারিত দায়িত্বপালন করছিলেন এবং তার কর্মক্ষেত্রে (দপ্তরে) উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে ইরানের রেভুল্যুশনারি গার্ড বলেছে, “আমরা একজন মহান নেতাকে হারিয়েছি আর আমরা তার জন্য শোক করছি। তিনি এমন একজন নেতা যিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা, সৃজনশীল মানসিকতা, অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহস ও আল্লাহর পথে জিহাদের ক্ষেত্রে অনন্য ছিলেন।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, শনিবার তেহরানে খামেনির কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে।  

ট্রাম্প জানান, খামেনি ও অন্য শীর্ষ ইরানি কর্মকর্তারা ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেননি’।

01 Mar 2026, 05:37 AM

হোয়াইট হাউজের সামনে প্রতিবাদ, আরেকটি যুদ্ধ চায় না মার্কিনীরা

01 Mar 2026, 05:29 AM

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব ঘাঁটিই হবে লক্ষ্যবস্তু: জাতিসংঘে ইরানের দূত

জাতিসংঘে ইরানের দূত আমির-সাইদ ইরাভানি বলেছেন, আত্মরক্ষায় তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ঘাঁটি, স্থাপনা এবং সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে।
তিনি বলেন, ইরান এ অঞ্চলে শত্রু বাহিনীর সমস্ত ঘাঁটি, স্থাপনা এবং সম্পদকে আত্মরক্ষার আইনগত কাঠামোর মধ্যেই বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
“আগ্রাসন সম্পূর্ণ এবং দ্ব্যর্থহীনভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইরান সর্বোতভাবে এবং কোনো দ্বিধা ছাড়াই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে।"
তার দেশ প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতিও সম্মান দেখাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, যোগ করেন তিনি।
ইরাভানি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধের ময়দানে টেনে আনতে সফল হয়েছে।
সূত্র: আল জাজিরা

01 Mar 2026, 05:15 AM

দুবাইয়ের বুর্জ আল আরবে ড্রোন হামলার ক্ষত


ইরানের ড্রোন হামলা ঠেকাতে পারলেও সেটির ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের আইকনিক ভবন বুর্জ আল আরব। হামলার পর সেখানে আগুন জ্বলতেও দেখা গেছে।
ভবনটির কর্তৃপক্ষের বরাতে মিডল ইস্ট আই বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে প্রতিহত করলেও এর ধ্বংসাবশেষ হোটেলের বাইরের অংশে আছড়ে পড়ে। এতে সেখানে ছোট আকারের আগুন ধরে যায় ও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

01 Mar 2026, 04:47 AM

তেল আবিবে আঘাত হানল ক্ষেপণাস্ত্র, আহত ৭

01 Mar 2026, 04:41 AM

‘খামেনি মৃত’: এবার ট্রুথে পোস্ট ট্রাম্পের

ঘণ্টা খানেকের মধ্যে এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।
তার এ খবর দেওয়ার মধ্যেই ইরানের কারাজের সড়কে এবং আরও কয়েকটি স্থানে কিছু ব্যক্তিকে খামেনির কথিত মৃত্যুতে উল্লাস করার খবর দিয়েছে বিবিসি।
বিবিসি পার্সিয়ান এর যাচাই করা এবং এক্সে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, কারাজের কিছু ইরানি নাগরিক খামেনির কথিত মৃত্যুতে উল্লাস করছেন।


ট্রুথে খামেনির নিহত হওয়ার নিশ্চিত করার দাবির আগে মার্কিন সংবাদমাধ্যমকে প্রথমে এ খবর দিয়েছিলেন ট্রাম্প।
ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যমের আগের প্রতিবেদনগুলোর পর ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট তার বার্তার পুনরাবৃত্তি করে লিখেছেন, “ইরানি জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সেরা সুযোগ।”
 

01 Mar 2026, 04:21 AM

দুবাই বিমানবন্দরে হামলা

01 Mar 2026, 04:11 AM

ট্রাম্প দিনের বাকি সময় প্রকাশ্যে আর আসছেন না?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেডিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শনিবার আর প্রকাশ্যে না আসার আভাস মিলেছে।
হোয়াইট হাউজরে বরাতে বিবিসি লিখেছে, ট্রাম্পের দৈনন্দিন সূচির বিষয়ে ‘ট্রাভেল/ফটো লিড’ এর নতুন বার্তা পাওয়া গেছে।

মার-এ-লাগোতে শনিবার ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
অন্য কথায়, এর অর্থ হলো দিনের বাকি সময়ে ডোনাল্ড ট্রাম্পকে পাম বিচে ক্যামেরার সামনে বা সশরীরে দেখতে পাওয়া যাবে না।
বিবিসির প্রতিবেদক বার্নড ডেবসম্যান জুনিয়র ওয়েস্ট পাম বিচ থেকে লিখেছেন, “এর কারণগুলো অস্পষ্ট। আমি যাদের সঙ্গে কথা বলেছি, তাদের কেউ কেউ অনুমান করছেন, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি হয়তো পুরো অভিযান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়ার অপেক্ষা করছেন।
“অথবা মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন পর্যন্ত কী অর্জন করতে পেরেছে তা আরও ভালোভাবে মূল্যায়ন না করা পর্যন্ত তিনি অপেক্ষা করতে পারেন।”
ট্রাম্প এক্ষেত্রে আগের মত যুদ্ধের বিষয়ে আপডেট দিতে তার ট্রুথ সোশ্যাল বা হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারেন।
প্রাথমিকভাবে রোববার সন্ধ্যায় ওয়াশিংটনে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল ট্রাম্পের। এখন পর্যন্ত সেই সূচি বদলের কোনো তথ্য সংবাদমাধ্যমকে দেওয়া হয়নি।
 

01 Mar 2026, 04:02 AM

‘ইরান মুক্ত কর’ দাবিতে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ

01 Mar 2026, 03:54 AM

ইসরায়েল তাক করে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়া নিয়ে পাল্টাপাল্টি দাবির মধ্যে ইসরায়েলের দিকে আরও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরান থেকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। 

01 Mar 2026, 03:01 AM

আমার ধারণা, খামেনি আর নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কিন মিডিয়াকে বলেছেন, খামেনি নিহত হয়েছেন বলেই তার ধারণা। 
এনবিসি নিউজকে তিনি বলেছেন, “আমরা মনে করি এটাই সঠিক খবর।”
খামেনির স্থলাভিষিক্ত কে হবেন—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি জানি না। তবে যে কোনো সময় তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই… মজা করলাম আরকি।”
ট্রাম্প এবিসি নিউজকে বলেন, “নিজে চোখে না দেখা পর্যন্ত আমি নিশ্চিত করে কিছু বলতে চাই না। তবে আমার ধারণা, সে (খামেনি) আর তার অন্য নেতারা আর নেই।”
 

01 Mar 2026, 02:56 AM

খামেনিই নেতৃত্ব দিচ্ছেন: ইরানি বার্তা সংস্থা

ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহর দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা খামেনি এখনো যুদ্ধক্ষেত্রের নেতৃত্ব দিচ্ছেন। 
এ খবর এসেছে এমন এক সময়ে, যখন ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন যে খামেনি নিহত হয়েছেন এবং তার মৃতদেহ পাওয়া গেছে।
 

01 Mar 2026, 02:53 AM

খামেনি ‘নিহত’ হয়েছেন, ধারণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ধারণা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘নিহত’ হয়েছেন এবং ইসরায়েলের প্রথম আঘাতেই তিনি এবং ৫ থেকে ১০ জন শীর্ষ নেতা মারা গেছেন।
উচ্চপদস্থ একজন মার্কিন কর্মকর্তার বরাতে ফক্স নিউজ এ খবর দিয়েছে। 
তবে ইরান বা মার্কিন সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেয়নি। 
রয়টার্স লিখেছে, খামেনির মৃত্যুর বিষয়টি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
 

01 Mar 2026, 02:47 AM

এক নজরে আয়াতুল্লাহ আলী খামেনি

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরান শাসন করছেন। 
সর্বোচ্চ নেতা হিসেবে তার হাতেই এ শিয়া ইসলামি প্রজাতন্ত্রের সরকারের সব শাখা, সামরিক বাহিনী এবং বিচার ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে।
প্রায় চার দশক ধরে খামেনি উপসাগরীয় অঞ্চলের সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মত আঞ্চলিক শক্তি গড়ে তুলেছেন।
গত জুনে ইসরায়েল ও মার্কিন হামলায় কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ও বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার নিহত হওয়ার পর খামেনি আত্মগোপনে যেতে বাধ্য হন। 
 

01 Mar 2026, 02:42 AM

শত্রুরা ‘মানসিক যুদ্ধ’ চালাচ্ছে: ইরান

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের জনসংযোগ প্রধান বলেছেন, শত্রুরা “মানসিক যুদ্ধ” চালাচ্ছে এবং সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 
 

01 Mar 2026, 02:40 AM

খামেনি নিহত, লাশ পাওয়া গেছে, দাবি ইসরায়েলি কর্মকর্তার

একজন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মৃতদেহ পাওয়া গেছে।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইরান সরকারের কোনো ভাষ্য পাওয়া যায়নি। 
 

01 Mar 2026, 02:36 AM

খামেনি আর জীবিত নাও থাকতে পারেন: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আর জীবিত নাও থাকতে পারেন—এমন ইঙ্গিত মিলছে।
খামেনিকে নিয়ে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ফলে তিনি নিহত হয়ে থাকতে পারেন–‘এমন বহু লক্ষণ’ রয়েছে।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আজ সকালে আমরা স্বৈরাচারী খামেনির কমপাউন্ড ধ্বংস করেছি।”
তিনি বলেন, “এমন অনেক লক্ষণ রয়েছে যে এই স্বৈরাচার আর নেই। আজ সকালে আমরা আয়াতুল্লাহদের শাসনের শীর্ষ কর্মকর্তাদের, বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারদের, পারমাণবিক কর্মসূচির জ্যেষ্ঠ ব্যক্তিদের নির্মূল করেছি—এবং আমরা তা অব্যাহত রাখব। আগামী কয়েক দিনের মধ্যে সন্ত্রাসী শাসনের আরও হাজারো লক্ষ্যবস্তুতে আমরা আঘাত হানব।”
 

01 Mar 2026, 02:33 AM

‘এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে’

তেহরানভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আবাস আসলানি মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ হামলার মধ্য দিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার অবিশ্বাস আরও গভীর হয়েছে। ফলে পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আল জাজিরাকে তিনি বলেন, এবার ইরানের প্রতিক্রিয়া আগের চেয়ে তীব্র হবে। 

“এই যুদ্ধ শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কার্যক্রমের বিষয় নয়; এটি শক্তির ভারসাম্য ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের নির্ধারকও।”
 

01 Mar 2026, 01:55 AM

ইরানে হামলায় ২০০ যুদ্ধবিমান যুক্ত ছিল: ইসরায়েল

ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার ইরানে তারা প্রায় ২০০ বিমান নিয়ে তাদের সর্ববৃহৎ হামলা চালিয়েছে। 
দেশটির সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ব্যাপক এই হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ভোরে তাদের যুদ্ধবিমানগুলো ইরানের পশ্চিমাঞ্চলে ও মধ্যাঞ্চলে অন্তত ৫০০ সামরিক লক্ষ্যস্থলে প্রায় একই সঙ্গে শত শত বোমাবর্ষণ করেছে।
 

01 Mar 2026, 01:54 AM

হরমুজ প্রণালি কেন গুরুত্বপূর্ণ

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি, যার এক পাশে ইরান, অন্য পাশে ওমান।
ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে অপরিশোধিত তেলবাহী ট্যাংকারগুলো এই সরু পথ দিয়েই চলাচল করে। 
বিশ্বের জ্বালানি বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি বৈশ্বিক তেল সরবরাহের প্রাণরেখা হিসেবে বিবেচিত। 
বিশ্বের মোট তেল, কনডেনসেট ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় ১৫ থেকে ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৩০ শতাংশের বেশি এই পথ দিয়ে পরিবহন করা হয়।
এ প্রণালি দিয়ে পরিবহন করা তেলের প্রায় ৮২ শতাংশ যায় এশিয়ায়, বাকি অংশ ইউরোপে। চীনের মোট এলএনজি আমদানির প্রায় ২৪ শতাংশ এই পথ দিয়ে যায়। 
প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০টি জাহাজ এই পথে চলাচল করে; ব্যস্ত সময়ে কখনও কখনও প্রতি ছয় মিনিট পরপর জাহাজ চলতে দেখা যায়।

তেহরান দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিল, ইরান আক্রান্ত হলে এই নৌপথ বন্ধ করে দেওয়া হবে। 
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, ফলে দাম হু হু করে বাড়বে। 
তেল যেহেতু বৈশ্বিক অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই দামের যে কোনো উল্লম্ফন বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলবে।
ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে ১৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৫ ডলারে পৌঁছেছে। 
ক্যাসপিয়ান পোস্ট লিখেছে, হরমুজ বন্ধের প্রভাবে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ২৫০ ডলারে পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
 

01 Mar 2026, 01:51 AM

মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা

01 Mar 2026, 01:48 AM

হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রাখতে বলছে ইরান।
কাস্পিয়ান পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার এক ঘোষণায় ইরানি নৌবাহিনী বলেছে, ওই নৌপথ দিয়ে সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
আর ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তার বরাতে রয়টার্স লিখেছে, ইরান সরকারের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও জাহাজগুলো ভিএইচএফ চ্যানেলে ইরানের রেভল্যুশনারি গার্ডসের কাছ থেকে এই বার্তা পাচ্ছে যে, “হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।”

01 Mar 2026, 01:45 AM

শিগগিরই নতুন অস্ত্র দেখানোর হুঁশিয়ারি ইরানি কমান্ডারের

ইরানের কমান্ডার সর্দার জাব্বারি বলেছেন, “ট্রাম্পের জানা উচিত, আজ আমরা পুরোনো মজুদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। খুব শিগগিরই এমন অস্ত্র উন্মোচন করব, যা আপনারা আগে কখনও দেখেননি।”

 

 

01 Mar 2026, 01:34 AM

আটকে পড়া বিমানযাত্রীদের পাশে আছে সরকার: ধর্মমন্ত্রী

ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এসময় তিনি বলেন, সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রী বিমানবন্দর পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবগত হন। আটকে পড়া যাত্রীদের উদ্বেগের কথা শোনেন এবং এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে বলে তাদেরকে আশ্বস্ত করেন।

যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের যাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রয়েছে।”

তিনি সকলকে ধৈর্যধারণেরও আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দাম্মাম, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ওমরাহ যাত্রী আটকে পড়েছেন।

01 Mar 2026, 01:15 AM

প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় বাহরাইনে ইরানের হামলা

01 Mar 2026, 01:11 AM

‘এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে’

তেহরানভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আবাস আসলানি মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ হামলার মধ্য দিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার অবিশ্বাস আরও গভীর হয়েছে। ফলে পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আল জাজিরাকে তিনি বলেন, এবার ইরানের প্রতিক্রিয়া আগের চেয়ে তীব্র হবে। 

“এই যুদ্ধ শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কার্যক্রমের বিষয় নয়; এটি শক্তির ভারসাম্য ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের নির্ধারকও।”

01 Mar 2026, 01:03 AM

শাহজালালে অনিশ্চয়তা-ভোগান্তিতে শত শত যাত্রী

ফরিদপুর থেকে আসা মো. রুবেল যাবেন সৌদি আরবে। রাত ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তার যাওয়ার কথা। একই গন্তব্যের সৌদিয়া এয়ারলাইন্সে যাত্রী ওঠানো শুরু হলেও বিমান থেকে তাদের কিছু জানানো হয়নি। 
বিমানের যে হটলাইন নম্বরে (১৩৬৩৬) যাত্রীদের যোগাযোগ করতে বলা হয়েছে, সেটাও রাত ৮টা থেকে বন্ধ। অনিশ্চয়তা আর উদ্বেগ নিয়ে রুবেল অন্যদের সঙ্গে বসেছিলেন ২ নম্বর টার্মিনালের উল্টোপাশের ফুটপাথে। 
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে অনেকগুলো ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে শত শত যাত্রী।
দাম্মাম, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ওমরাহ যাত্রীও আটকে পড়েছেন।
শনিবার রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষ টার্মিনালের সামনে আর উল্টোপাশের ওয়াকওয়েতে দাঁড়িয়ে বা বসে রয়েছেন। 
যদিও সরকারের পক্ষ থেকে আটকে পড়া যাত্রীদের রাতযাপনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কিন্তু রাত ১১টা পর্যন্ত বিমান বন্দরে এমন কোনো উদ্যোগ দেখা যায়নি।



সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বার্তায় বলা হয়, “মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে, সম্মানিত যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ পূর্বক যাত্রা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।”
এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কয়েকটি রুটের ফ্লাইট স্থগিত করার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। 
সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, “মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। উক্ত গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক সকল যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”
ওই বার্তায় যাত্রীদের ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
তবে যাত্রীরা বলছেন, বিমানের ওই হটলাইন নম্বর কার্যকর না। তাদের ভাষ্য একই গন্তব্যের অন্য রুটের ফ্লাইট যাচ্ছে। কিন্তু বিমানের ফ্লাইটের কোনো তথ্য ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে মনিটরে নেই। 
বিমানের যাত্রীরাই মূলত ওই মনিটরের সামনে ভিড় করেছেন বেশি। মনিটরের নিচে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি সাঁটানো রয়েছে। 
ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে সৌদি আরবের জেদ্দা, রিয়াদের উদ্দেশ্যে সৌদিয়া, এয়ার এরাবিয়ার ফ্লাইট যথাসময়ে ছেড়ে যাওয়ার প্রক্রিয়ায় আছে। কোনোটার চেক-ইন চলছে তো কোনটাতে যাত্রী ওঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বিমানের কাছ থেকে তথ্য না পাওয়ার অভিযোগ তুলে রুবেল নামের এক যাত্রী বলেন, “আমিও পয়সা দিয়ে টিকিট কাটছি আর সৌদিয়ার যাত্রীরাও টিকিট কাটছে। সৌদিয়ার যাত্রীদের এয়ারলাইন্সের লোকেরা আইসা ভেতরে নিয়ে গেছে। ওদের খাওয়ার ব্যবস্থা করতেছে। 
“আর আমরা ভাইসা বেড়াইতেছি। হটলাইন একটা নম্বর ধরায় দিছে (১৩৬৩৬)। ওইটা রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এখন বাজে রাইত ১০টা। এখন ফোন করলে থ্যাঙ্কিউ কইয়া কাইটা দেয়।”
তিনি বলেন, “কিছুক্ষণ আগে ভিতরে গেলাম। প্রচুর মানুষ সেখানে, ভীষণ গরম। কিন্তু ফ্লাইট কখন ছাড়বে সেই তথ্য দিচ্ছে না তারা। এই মনিটরেও বিমানের টাইমে ফাঁকা দেখাচ্ছে। ক্যান্সেল হইছে এমন কথাও তারা বলতেছে না। এখন আমরা কী করব বলেন।”
সৌদি আরবের জেদ্দায় যাওয়ার জন্য ইমিগ্রেশন শেষ করে বেলা ৩টায় বিমান বাংলাদেশের ফ্লাইটে চেপে বসেছিলেন আব্দুল জলিল। ৩টা ৫০ মিনিটের ফ্লাইট সন্ধ্যা পর্যন্ত ওড়েনি। উড়োজাহাজের ভেতরেই তাদের ইফতার দেওয়া হয়। এরপর মাগরিবের নামাজের পরে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। 
আব্দুল জলিলের সঙ্গে যখন দেখা হল, তখন তিনি বিমান বন্দরের বাইরে লাগানো মনিটরে ফ্লাইটের সময়সূচি দেখছিলেন। তিনি বললেন, “এইখানে (মনিটরে) দেখাইতেছে সৌদিয়ার জেদ্দার ফ্লাইট যাইতেছে। এয়ার এরাবিয়ার জেদ্দার ফ্লাইটে চেক-ইন শুরু হইছে। শুধু বিমানের কুনো খবর নাই। ভিতরে গেলেও খবর দিতেছে না।”



২৩ বছর ধরে সৌদি প্রবাসী আব্দুল জলিল বলেন, তার ভিসার মেয়াদ আছে একদিন। আর তিনি টিকিট কেটেছিলেন সৌদি আরব থেকে। তার টিকিটে সৌদি আরবের নম্বর দেওয়া। এখন তার হাতে যে ফোনটি রয়েছে সেটিতে কোনো সিমও নেই। যে কারণে এয়ারলাইন্স থেকে কোনো বার্তা দিলেও তিনি পাবেন না। কাজেই তথ্য পেতে এই মনিটরের সামনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে।

01 Mar 2026, 12:49 AM

ইরানে হামলার প্রতিবাদে তেহরানে বিক্ষোভ

01 Mar 2026, 12:46 AM

ইরান-ইসরায়েল সংঘাতে কোন দেশ কী বলছে

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

ফ্রান্স
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে এই যুদ্ধ ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব’ ফেলবে।

তিনি সতর্ক করে বলেন, “বর্তমান এই পরিস্থিতির অবনতি সবার জন্যই বিপজ্জনক। এটি অবশ্যই থামাতে হবে।”

ম্যাক্রোঁ আরও বলেন, মধ্যপ্রাচ্যে ফ্রান্সের নাগরিক ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া কোনো ঘনিষ্ঠ অংশীদার অনুরোধ করলে তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে ফ্রান্স প্রস্তুত রয়েছে।

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ সহজতর করতে প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো প্রস্তুত রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মন্ত্রণালয় বলছে, দুই পক্ষ সম্মত হলে প্রেসিডেন্ট প্রাবোবো নিজে তেহরান ভ্রমণেও আগ্রহী। ইন্দোনেশিয়া গভীর খেদ প্রকাশ করে বলেছে, আলোচনার ব্যর্থতার কারণেই এই সামরিক উত্তেজনা তৈরি হয়েছে যা বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

অস্ট্রেলিয়া

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মার্কিন পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বশান্তির জন্য দীর্ঘদিন ধরে হুমকি হয়ে আছে।

তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সমর্থনযোগ্য।

নরওয়ে

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এই হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, আত্মরক্ষামূলক বা ‘প্রিভেন্টিভ স্ট্রাইক’ পরিচালনার জন্য তাৎক্ষণিক ও অকাট্য হুমকির প্রমাণ প্রয়োজন, যা এখানে স্পষ্ট নয়।

পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের ওপর এই ‘অন্যায়’ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে উত্তেজনা প্রশমন করে ফের কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

বেলজিয়াম

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাক্সিম প্রিভোট আক্ষেপ করে বলেছেন, সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের মাসুল যেন সাধারণ ইরানি জনগণকে দিতে না হয়।

জার্মানি

বার্লিন বলছে, হামলার বিষয়ে তাদের আগে থেকেই অবহিত করা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনায় জার্মানির ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম বৈঠকে বসছে। একইসঙ্গে ইরানে থাকা তাদের নাগরিকদের সরকারি পোর্টালে নাম নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।

ফিলিপিন্স
ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র মধ্যপ্রাচ্যে কর্মরত তার দেশের প্রায় ২১ লাখ শ্রমিকের নিরাপত্তাকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা নাগরিকদের অবস্থান শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

01 Mar 2026, 12:39 AM

প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
শনিবার মধ্যপ্রাচ্যে হামলা ও পাল্টা হামলার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সভা শেষে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ মধ্যপ্রাচ্যে আলোচনা-প্রক্রিয়ার ব্যর্থতায় এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধ তীব্রতর হওয়া নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে। বাংলাদেশ আবারো বলছে যে, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য।”
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “আমাদের দৃঢ় বিশ্বাস, সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব।
“বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানাচ্ছে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে তার সুসংহত ও নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাচ্ছে।

01 Mar 2026, 12:30 AM

ইরানে ক্ষয়ক্ষতির চিত্র

01 Mar 2026, 12:25 AM

প্রবাসগামী কর্মীদের বিষয়ে মধ্যপ্রাচ্যে যোগাযোগ শুরু

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকার কথা বলেছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতির উন্নতি ঘটলে মধ্যপ্রাচ্যে যেতে আগ্রহী এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

কয়েকটি দেশ এক্ষেত্রে ইতিবাচক আশ্বাস দিয়েছে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, “বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে এবং মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে, যাতে উদ্বেগ নিরসন করা যায়।”

তেহরানে বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

01 Mar 2026, 12:18 AM

৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা, পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ছয় দেশের বাংলাদেশ দূতাবাস।

শনিবার প্রকাশ করা পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

যুদ্ধ শুরুর পর এরমধ্যেই কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর এসেছে।  

যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়ার পর ইরান একে একে মার্কিন ঘাঁটি রয়েছে এমন মধ্যপ্রাচ্যের দেশে হামলা শুরু করেছে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালাতে শুরু করে ইরান।
এমন প্রেক্ষাপটে দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে।”
আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে থাকা প্রবাসীদের সর্তক করে এসব বিজ্ঞপ্তি দেওয়া হয়।

01 Mar 2026, 12:07 AM

‘আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত’ আঘাত হেনে যাব: জাতিসংঘকে ইরান

 

জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে ইরান বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ঘাঁটি, স্থাপনা ও সম্পদ ‘বৈধ সামরিক লক্ষ্যস্থল’।

চিঠিতে ইরান আরও বলেছে, ‘আগ্রাসন পুরোপুরি ও দ্ব্যর্থহীনভাবে বন্ধ না হওয়া পর্যন্ত’ তারা তাদের আত্মরক্ষার অধিকার চর্চা অব্যাহত রাখবে।

28 Feb 2026, 11:43 PM

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশি আহত

ইরান যুদ্ধের মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার আহত ওই প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। দূতাবাসের তরফেও সেখানে কাজ করা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যানি।

মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এই হামলায় আহত হয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

কুয়েত টাইমস অনলাইন ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিমানবন্দরের বরাতে বলছে, ড্রোন হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

28 Feb 2026, 11:15 PM

নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প: হোয়াইট হাউজ

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ট্রাম্প শনিবার সারাদিন পর্যবেক্ষণ করবেন বলেও জানিয়েছেন লেভিট।

তিনি বলেন, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মার-আ-লাগোতে তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে রাতভর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
“হামলার আগে, পররাষ্ট্রমন্ত্রী (মার্কো) রুবিও কংগ্রেসকে বিজ্ঞপ্তি দিতে ‘গ্যাং অব এইট’ এর সব সদস্যকে কল করেছিলেন আর তিনি ওই আট সদস্যের মধ্যে সাতজনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং তাদের বিষয়টি সম্পর্কে অবহিত করেন। প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা দল সারাদিন ধরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।”
রয়টার্স জানিয়েছে, ‘গ্যাং অব এইট’ মার্কিন কংগ্রেসের সেনেট ও প্রতিনিধি পরিষদের উভয় দলীয় নেতাদের একটি গোয়েন্দা কমিটি। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা পদক্ষেপগুলোর বিষয়ে তাদের অবহিত করতে হয়।

28 Feb 2026, 11:05 PM

ইরানে হামলার নিন্দা হেজবুল্লাহর

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে লেবাননের হেজবুল্লাহ।

এই হামলাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্ধত ও আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা বলছে সশস্ত্র এ গোষ্ঠী।

আল-জাজিরা লিখেছে, হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি প্রকাশ করলেও তারা কোনো পদক্ষেপ নেবে কিনা, সেটি বিষয়ে কিছু জানা যায়নি।

28 Feb 2026, 11:01 PM

ইরানের স্কুলে নিহত বেড়ে ৮৫

ইরানের দক্ষিণাঞ্চলের হোরমোজগান প্রদেশে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজের প্রতিবেদনে প্রাণহানির এই চিত্র তুলে ধরা হয়েছে।

28 Feb 2026, 10:55 PM

ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট

ইরানি রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজতবা খালেদি বলছেন, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাগরিকদের হামলাস্থলগুলো থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।

আজ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। ইরানের শুধু হরমোজগান প্রদেশেই পৃথক দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

28 Feb 2026, 10:50 PM

মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি যোগাযোগ নম্বর

আরব আমিরাত
জরুরী প্রয়োজনে আবুধাবী ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের ও কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল: [email protected]
দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর- +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল: [email protected]

ইরাক
ইরাকে জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন (+9647827883680 Whatsapp) এবং ইমেইলে  ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।

কুয়েত
জরুরী প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +965 69920013, +965 66516404 এবং +965 50895161
আর ইমেইল হচ্ছে: [email protected]

বাহরাইন
জরুরী প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল: [email protected] -এ যোগাযোগ করতে বলেছে মানামায় বাংলাদেশ দূতাবাস।

28 Feb 2026, 10:48 PM

দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণ, ধোঁয়া

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ পাম জুমেইরাহতে একটি বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের জবাবে ইরানের পাল্টা হামলার মধ্যে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে দুবাই গণমাধ্যম দপ্তর বলেছে, “দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করছে, পাম জুমেইরাহ এলাকার এক ভবনে একটি ঘটনা ঘটেছে। জরুরি রেসপন্স টিমগুলো তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে আর স্থানটি সুরক্ষিত করা হয়েছে।”  


তারা আরও জানিয়েছে, দুবাই দমকল পরিষেবা নিশ্চিত করেছে যে বিস্ফোরণের ফলে ধরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক এক গণমাধ্যমকে জানিয়েছেন, পামের একটি হোটেল থেকে ঘন কালো ধোঁয়া উঠছিল আর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্সগুলো ছুটে যাচ্ছিল।

28 Feb 2026, 10:37 PM

ইরানে নির্লজ্জ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থনীতিবিদ

ইসরায়েলের নির্দেশে যুক্তরাষ্ট্র উসকানি ছাড়াই ইরানে নির্লজ্জ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ জেফরি স্যাকস।

তিনি বলেছেন, “হয়ত এপস্টেইন ফাইল অথবা দুর্নীতি ‘ঢাকতে’ এ আক্রমণ চালানো হয়েছে। কিন্তু তাতে আমেরিকার কোনো স্বার্থ নেই।” 

 

28 Feb 2026, 10:26 PM

তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই তেহরানের রাস্তায় নেমে এসেছেন ইরানিরা। তারা যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

ইরানের জাতীয় পতাকা হাতে রাস্তায় এসেছেন বিক্ষোভকারীরা। যোগ দিয়েছেন নারী ও শিশুরাও।

28 Feb 2026, 10:22 PM

ইরানে হামলার চিত্র

28 Feb 2026, 10:18 PM

কুয়েতে ইতালীয় ঘাঁটিতে হামলা

কুয়েতে ইতালির একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে রোম।
ওই ঘাঁটিতে ৩০০ জন ইতালির সেনা সদস্য রয়েছেন।
এ ঘটনার পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।
এদিকে দক্ষিণ সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর এসেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে। এ হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক ভবনে আঘাত হানে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

28 Feb 2026, 10:12 PM

ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ভিডিও

28 Feb 2026, 10:05 PM

চীনের উদ্বেগ, যুদ্ধবিরতির আহ্বান

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।


আল জাজিরা লিখেছে, দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে। উত্তেজনা আর যেন না বাড়ে এবং আবার সংলাপ শুরুর করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
 

28 Feb 2026, 10:01 PM

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী পরিস্থিতি

28 Feb 2026, 10:00 PM

নেতানিয়াহু ও ট্রাম্পের ‘ফোনালাপ’

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি ছবি প্রকাশ করেছে, যেখানে বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে।

ছবির বিবরণে বলা হয়, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলেন।

 

28 Feb 2026, 09:56 PM

ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা থামাতে বলল জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানি হামলার নিন্দা করেছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। দেশগুলো বলেছে, ইরানকে অবশ্যই নির্বিচার সামরিক হামলা থেকে বিরত থাকতে হবে এবং ফের আলোচনা শুরু করতে হবে।

শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক যৌথ বিবৃতিতে বলেছেন, “ওই অঞ্চলের দেশগুলোতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাই আমরা।

“আমরা ইরানি নেতৃবৃন্দকে আলোচনা ফের শুরু করার এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করার আহ্বান জানাই। ইরানি জনগণকে অবশ্যই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ দিতে হবে।”

28 Feb 2026, 09:45 PM

যুক্তরাজ্যে ইরানবিরোধী বিক্ষোভ

28 Feb 2026, 09:41 PM

‘আমি কেবল জনগণের স্বাধীনতা চাই’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেছেন, “আমি একটি নিরাপদ জাতি চাই এবং আমরা সেটাই পেতে যাচ্ছি। আমি শুধু জনগণের স্বাধীনতা চাই।”


এর আগে ‘ট্রুথ সোশ্যালে’ এক ভিডিওতে তিনি ইরানের জনগণকে তাদের সরকার পতনের জন্য উৎসাহ দেন।
ট্রাম্প তখন বলেন, “এটি (সরকার পতন) সম্ভবত আপনাদের আগামী কয়েক প্রজন্মের মধ্যে একমাত্র সুযোগ হতে যাচ্ছে।”
 

28 Feb 2026, 09:35 PM

কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ

28 Feb 2026, 09:33 PM

‘বক্তব্য দেবেন’ খামেনি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন বলে আল-আলম টিভির বরাতে রয়টার্স লিখেছে।

দেশটির শীর্ষ কর্মকর্তাদের নিশানা করে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পর এমন খবর এলো।

28 Feb 2026, 09:23 PM

ইরানে ট্রাম্পের হামলা অবৈধ ও অসাংবিধানিক: মার্কিন সেনেটর

মার্কিন সেনেটর এডওয়ার্ড জে. মারকি ইরানের ওপর ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন।
হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন না নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে।
তিনি বলেন, ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এটি ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি।
সেনেটর মারকি বলেন, ইরানের পারমাণবিক হুমকিকে বাড়িয়ে প্রচার করছেন ট্রাম্প। এর আগে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়ার দাবি করার পরেও তিনি একই কাজ করে যাচ্ছেন।
“এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে না। বর্তমান হামলার আগে কূটনীতির যথেষ্ট সুযোগ ছিল এবং এখনো আছে।”
সংকট নিরসনে তিনি কূটনৈতিক সমাধানের পথ খোঁজার জোরালো আহ্বান জানিয়েছেন।

28 Feb 2026, 09:16 PM

ইরান রিয়াদে, পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে, জানাল সৌদি আরব

ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা।  
বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “কোনো অজুহাত বা কোনোভাবে এই আক্রমণগুলোকে নায্যতা দেওয়া যায় না। আর ইরানি কর্তৃপক্ষ জানে যে সৌদি আরব নিশ্চিত করেছিল, ইরানে হামলা চালাতে তাদের আকাশপথ ও ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না, তা সত্ত্বেও এসব হামলা চালানো হলো।”
 

28 Feb 2026, 09:14 PM

আশ্রয়কেন্দ্রে ইসরায়েলিরা

28 Feb 2026, 09:12 PM

ইরানের দক্ষিণাঞ্চলে নিহত অন্তত ৭০

ইরানের দক্ষিণের হরমোজগান প্রদেশের মিনাব ও জাস্ক শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৭০ জনের প্রাণ গেছে। 

হরমোজগান হোর্মোজগান মেডিকেল সায়েন্সের প্রধানের বক্তব্যে একথা জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।

হামলায় ৯০ জনের বেশি আহত হয়েছেন।

28 Feb 2026, 09:04 PM

বেঁচে আছেন খামেনি: পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভলুশন গার্ডের প্রধানসহ কারো কারো মৃত্যুর খবর ছড়ালেও দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি।

আলজাজিরা লিখেছে, আরগাচি এনবিসি নিউজকে বলেছেন, “আলী খামেনি বেঁচে আছেন, যতদূর আমি জানি।”

আরগাচি আরও বলেন, একজন বা দুজন কমান্ডার নিহত হলেও বেশিরভাগ কর্মকর্তা জীবিতই আছেন।

ট্রাম্প ইরানের শাসন পরিবর্তনের যে বার্তা দিয়েছেন তা ‘অসম্ভব’ মন্তব্য করে তিনি বলেন, কোনো আলোচনার আগে হামলা থামাতে হবে।

28 Feb 2026, 08:50 PM

যেভাবে ইরানের মিসাইল ঠেকিয়েছে ইসরায়েল

28 Feb 2026, 08:35 PM

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভলুশনারি গার্ডস প্রধানের নিহতের খবর: রয়টার্স

ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও রেভলুশনারি গার্ডস প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রেভলুশনারি গার্ডস প্রধান মোহাম্মদ পাকপুর

ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে অবগত দুটি সূত্র ও একটি আঞ্চলিক সূত্রের বরাতে একথা লিখেছে বার্তা সংস্থাটি।

28 Feb 2026, 08:24 PM

স্কুলে হামলার কঠোর জবাব দেবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

মেয়েদের একটি স্কুলে মিসাইল হামলা চালিয়ে অর্ধশতাধিক হত্যার ঘটনায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে লিখেছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের মেয়েদের যে প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে, সেটি ‘বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না’।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলছে, ওই হামলায় ৫৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

আরাগচি বলেন, এই হামলার শিকার সবাই ‘নিষ্পাপ শিশু।’

28 Feb 2026, 08:05 PM

হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্থগিত করেছে কিছু কোম্পানি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উপসাগরীয় আরব দেশগুলোতে তেহরানের পাল্টা হামলার পর হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্থগিত করেছে কিছু শীর্ষ জ্বালানি কোম্পানি। 

গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কোম্পানির এক শীর্ষ নির্বাহী রয়টার্সকে বলেছেন, “আমাদের জাহাজগুলো কয়েকদিন অপেক্ষা করবে।”   
আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী এই প্রধান জলপথটি দিয়ে প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবাহিত হয়। এই জলপথটি দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বড় ধরনের বিঘ্নের হুমকির মুখে পড়বে।

28 Feb 2026, 07:52 PM

ইরানের স্কুলে হামলা নিহত বেড়ে ৫৩

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলী ফরহাদি বলেন, স্কুলটিতে শনিবার তিনটি মিসাইল হামলা চালানো হয়। এ ঘটনায় আরও ৬৩ জন আহত হয়েছে।
 

28 Feb 2026, 07:41 PM

উস্কানি ছাড়াই অবৈধ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে বর্ণনা করেছেন। কোনো কোনো উস্কানি ছাড়াই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, ডনাল্ড ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে ‘ইসরায়েল ফার্স্ট’ নীতিতে পরিণত করেছেন, যার মানে দাঁড়ায় ‘আমেরিকা লাস্ট’।
আরাগচি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই দিনের জন্য প্রস্তুত ছিল। আক্রমণকারীদের তারা যথাযথ শিক্ষা দেবে।

28 Feb 2026, 07:34 PM

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া।
চলমান সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনার কথা বলছে দেশটি।
এই হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বর্ণনা করে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত একটি নিরপেক্ষ মূল্যায়ন দেওয়া। এ হামলা অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।
আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে সহায়তা দেওয়ার কথা বলছে রাশিয়া।

28 Feb 2026, 07:25 PM

দুবাইয়ে বড় ধরনের তিনটি বিস্ফোরণের শব্দ

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাইয়ে অন্তত তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। 
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরব আমিরাত ইরান থেকে ছোড়া নতুন এক ঝাঁক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে। 
দুবাইতে থাকা রয়টার্সের সহকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কায় তাদের ঘরের জানালাগুলো কেঁপে উঠেছিল।

28 Feb 2026, 07:10 PM

যুক্তরাষ্ট্রের ‘ব্যাপক’ বিমান ও নৌ হামলা অব্যাহত রাখার ঘোষণা

মার্কিন একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, ইরানে আকাশ ও সমুদ্রপথ থেকে ‘ব্যাপক’ হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যৌথ হামলার লক্ষ্য ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। এখন ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুগুলোতেই হামলা চালাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনী সরাসরি এই হামলায় অংশ নিচ্ছে। সমন্বয় করছে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে।”
 

28 Feb 2026, 06:58 PM

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে মেয়ে শিশুদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে 
দেশটির বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ হামলা আরও ৬০ জন আহত হয়েছে। 
মিনাব শহরের কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, শনিবার সকালে ইসরায়েলি বাহিনী স্কুলটিতে ‘সরাসরি হামলা’ চালিয়েছে। 
তিনি জানান, হামলাটি যখন চালানো হয় তখন স্কুলটিতে ১৭০ জন শিক্ষার্থী ছিল, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

28 Feb 2026, 06:55 PM

কাতারে বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কতা

ইরান-ইসরাইল সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস কতৃক এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার, এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সকলকে যত্নশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

রিপোর্ট: আকবর হোসেন বাচ্চু , কাতার।

28 Feb 2026, 06:51 PM

ইরান-ইসরায়েল সংঘাতের সবশেষ খবর পেতে চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে

তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে কয়েক দফা আলোচনার পর ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
চলমান এ সংঘাতের সবশেষ খবর জানতে চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোরের লাইভ ব্লগে। 
সঙ্গে আছি ফারুক হোসেন, তনুশ্রী বিশ্বাস ও আফসার বিপুল।
 

28 Feb 2026, 06:48 PM

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার চিত্র

28 Feb 2026, 06:39 PM

ইরানের শীর্ষ কর্মকর্তারা ‘পুরোপুরি সুস্থ’ আছেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানিসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা ‘পুরোপুরি সুস্থ’ আছেন  বলে জানিয়েছে ফার্স নিউজ।
ইরানি সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সূত্রগুলো ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের ওপর হামলা চালানো ও সফল হওয়ার দাবি করলেও ইরানের সরকারি সরকারি সূত্রগুলো বলছে, সশস্ত্র বাহিনীর প্রধানসহ প্রশাসনের উচ্চপদের কর্মকর্তারা ‘সম্পূর্ণ সুস্থ’ রয়েছেন।
 

28 Feb 2026, 06:21 PM

ইরানের নেতৃবৃন্দকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানে হামলা চালিয়েছে। তারা ইরানের নেতৃবৃন্দকে লক্ষ্যবস্তু করেছে এবং মধ্যপ্রাচ্যকে একটি নতুন সংঘাতের মধ্যে নিমজ্জিত করেছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা হুমকির অবসান হবে এবং ইরানিদের তাদের শাসকদের ক্ষমতাচ্যুত করার একটা সুযোগ দেবে।

এই হামলার কারণে তেল উৎপাদনকারী প্রায় সবগুলো উপসাগরীয় আরব দেশ ঝুঁকিতে পড়েছে আর পুরো অঞ্চলজুড়ে উত্তেজনার তীব্রতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, কারণ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলসহ বিভিন্ন আবার দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান, লিখেছে রয়টার্স।

28 Feb 2026, 06:19 PM

ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ৪০

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ শনিবার একথা লিখেছে।

এর আগে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই হামলায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন।

28 Feb 2026, 05:50 PM

ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ২৪

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলের হামলায় প্রাণহানি বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

আল জাজিরা লিখেছে, হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ওই হামলা চালানো হয়েছে।

শুরুতে সেখানে পাঁচ শিক্ষার্থীর প্রাণহানির খবর এসেছিল। সেই সংখ্যা বেড়ে এখন ২৪ জন হয়েছে বলে ইরানের ফার্স নিউজ জানিয়েছে।

28 Feb 2026, 05:42 PM

ইরানের হামলা ঠেকাতে সতর্কাবস্থায় ইসরায়েল

ইরানের পাল্টা হামলা ঠেকাতে সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল। হাইফা বন্দর এলাকার চিত্র

28 Feb 2026, 05:29 PM

বাসিন্দাদের তেহরান ছাড়ার পরামর্শ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, এরপর মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের পাল্টা হামলার মধ্যে রাজধানী ছেড়ে যেতে তেহরানের বাসিন্দাদের পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। 

“বিদ্যমান পরিস্থিতিতে যতটা সম্ভব শান্ত থেকে আপনাদের অন্য স্থান বা শহরগুলোতে চলে যাওয়া উচিত,” বলেছে তারা।

28 Feb 2026, 05:09 PM

সকাল থেকে ইসরায়েলের দিকে ৩৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের হামলা শুরু করার পর শনিবার সকাল থেকে ইসরায়েলের উদ্দেশ্যে প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 

ইসরায়েলি সামরিক বাহিনী তাদের প্রাথমিক মূল্যায়নে এমনটি জানিয়েছে বলে খবর টাইমস অব ইসরায়েলের।  

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই বাধা দিয়ে ধ্বংস করেছে আর অন্যগুলো খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে পড়ছে আর পাশাপাশি প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পড়ছে আর তাতে ক্ষয়ক্ষতি হচ্ছে। 

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি নয়তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন সামান্য আহত হয়েছে বলে ইসরায়েলি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন।
 

28 Feb 2026, 05:08 PM

ইরানজুড়ে আরও হামলা, তেল আবিবে বিস্ফোরণ

নতুন করে তেহরানের একাধিক জায়গায় হামলার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে উত্তরপশ্চিম ইরানের জানজান থেকেও।

তার মধ্যেই ইরান ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তাদের সাইরেনের শব্দের মধ্যেই তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


 

28 Feb 2026, 05:00 PM

শত্রুরা পুরোপুরি পরাস্ত না হওয়া পর্যন্ত লাগাতার সামরিক অভিযান: ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী

ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী বলেছে, ‘শত্রুরা পুরোপুরি পরাস্ত না হওয়া পর্যন্ত’ ইরানের সামরিক অভিযান চলবে।

মধ্যপ্রাচ্যে সব মার্কিনি ও ইসরায়েলি সামরিক নিশানায় ‘ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত হেনেছে’ বলেও তারা দাবি করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

“শত্রুরা পুরোপুরি পরাস্ত না হওয়া পর্যন্ত লাগাতার এই অভিযান অব্যাহত থাকবে,” বলেছে তারা।   

যুক্তরাষ্ট্রের সব সম্পদ ও স্থাপনা এখন ইরানের সেনাবাহিনীর বৈধ নিশানা, বলেছে তারা।

28 Feb 2026, 04:57 PM

‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান ইইউ’র

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফর দার লিয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, ইরানে যা ঘটছে তা ‘খুবই উদ্বেগজনক’।  

“আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলার আহ্বান জানাচ্ছি,” যৌথ বিবৃতিতে বলেছেন তারা। 

“ওই অঞ্চলে থাকা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা যেন আমাদের পূর্ণাঙ্গ সহায়তা পেতে পারে তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় করে চলেছি আমরা,” বলেন উরসুলা ও কস্তা।

28 Feb 2026, 04:55 PM

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আহত ১

ইসরায়েলের উত্তরাঞ্চলে বাধা দিয়ে ধ্বংস করা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নয়তলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একজন আহত হয়েছে।  

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধাদানকারী ইসরায়েলি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন, তবে তার আঘাত তেমন গুরুতর নয়। 

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভবনটি একটি অ্যাপার্টমেন্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইসরায়েলের জরুরি পরিষেবা মাগেন দাভীদ আদোম (এমডিএ) এক বিবৃতিতে বলেছে, “এমডিএর ও ইএমটি চিকিৎসা কর্মীরা যেখান থেকে (হামলার) খবর এসেছে সেখানের পরিস্থিতি যাচাই করেছে। এই পর্যায়ে প্রায় ৫০ বছর বয়সী একজন চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তর ইসরায়েলে বিস্ফোরণে তিনি সামান্য আঘাত পেয়েছেন।”
 

28 Feb 2026, 04:41 PM

ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল ‘খামেনি, পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ নেতৃত্ব’

ইসরায়েলের শনিবার সকালের হামলার লক্ষ্যই ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সাইদ আবদুলরহমান মুসাভিসহ শিয়ার সংখ্যাগরিষ্ঠ দেশটির সর্বোচ্চ নেতৃত্ব।

অভিযান সম্বন্ধে অবগত দুটি সূত্র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।  

ইসরায়েলের নিশানায় আরও ছিল ইরানের নতুন বানানো প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি ও ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি লারিজানি, বলছে ইসরায়েলি সূত্রগুলো।

হামলাগুলোতে ইসরায়েল সফল হতে পেরেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পেজেশকিয়ান যে অক্ষত আছেন তা জানিয়েছে ইরানি গণমাধ্যম। খামেনিকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল।

28 Feb 2026, 04:36 PM

ইরানের স্কুলে হামলায় ৫ শিশু নিহত

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। 

এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। কোনো আহতের খবর পাওয়া যায়নি।


 

28 Feb 2026, 04:32 PM

দোহায় বিস্ফোরণ, ‘একাধিক’ হামলা প্রতিহতের দাবি কাতারের

কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। 

প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থাকে কাতারের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

কাতারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’ অবস্থিত।

28 Feb 2026, 04:26 PM

কিছু মার্কিন সেনার মৃত্যু হতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানে অভিযানের সঙ্গে সম্পর্কিত কারণে কিছু মার্কিন সেনা বা কর্মী হতাহত হতে পারেন।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ভিডিওতে ট্রাম্প বলেছেন, “ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) মার্কিন কর্মীদের ঝুঁকি কমাতে আমার প্রশাসন সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও আমি এই বিবৃতিটি হালকাভাবে দিচ্ছি না, ইরানি শাসকগোষ্ঠী ‘হত্যা’ করতে চাইছে।  

“সাহসী আমেরিকান বীরদের জীবন হারাতে হতে পারে আর যুদ্ধে সচরাচর যা ঘটে আমাদের পক্ষে হতাহত হতে পারে, কিন্তু আমরা এটি করছি, এখনকার জন্য না। আমরা এটি করছি ভবিষ্যতের জন্য এবং এটি একটি মহৎ লক্ষ্য।”

28 Feb 2026, 04:24 PM

মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। 

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”

28 Feb 2026, 04:23 PM

ইরানে হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি: বিবিসি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে যুক্তরাজ্য অংশ নিচ্ছে না বলে বুঝতে পেরেছে বিবিসি।

তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার জরুরিভিত্তিতে নিরাপত্তা সংক্রান্ত ‘কোবরা’ কমিটির বৈঠকে ডেকেছেন। সেখানে তার সভাপতিত্ব করার কথা। 

ইরানে এ হামলা পুরো অঞ্চলজুড়ে বিস্তৃত সংঘাত উসকে দিতে পারে বলে আশঙ্কার কথাও জানিয়েছে লন্ডন। 

“সংঘাত বেড়ে বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষে রূপ নিক তা চাই না আমরা,” বলেছেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র। ওই অঞ্চলে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই ব্রিটিশ সরকারের ‘তাৎক্ষণিক অগ্রাধিকার’, বলেছেন তিনি।
 

28 Feb 2026, 04:06 PM

বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর আবুধাবিতে নিহত ১

সংযুক্ত আরব আমিরাত ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করার পর আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছে। 

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। 

সংযুক্ত আরব আমিরাত বলেছে, “এসব হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন।” 

দেশটি বলেছে, এই উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার তাদের আছে।

28 Feb 2026, 04:01 PM

যুক্তরাষ্ট্র তার ‘আসল চেহারা’ দেখাল: মেদভেদেভ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কড়া সমালোচনা করেছেন।

এই সামরিক অভিযানকে আড়াল করার কৌশল হিসেবে ওয়াশিংটন পরমাণু আলোচনাকে ব্যবহার করেছে বলেও অভিযোগ তার।

“শান্তি প্রতিষ্ঠাকারী আরও একবার তার আসল চেহারা দেখিয়ে দিল। ইরানের সঙ্গে সব আলোচনাই ছিল ঢাল। কারও সন্দেহ ছিল না। কারওই কোনো কিছুতে রাজি হওয়া দরকার ছিল না,” টেলিগ্রামে দেওয়া পোস্টে মেদভেদেভ এসব বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

একসময় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ এখন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি তার যুদ্ধংদেহী মন্তব্য প্রায়ই পাওয়া যায়।

28 Feb 2026, 03:59 PM

উপসাগরীয় অঞ্চলে হামলার কথা নিশ্চিত করেছে ইরান

ইরানি বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরান কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল-উদেইদ, কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আল-সালেম, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি আল-ধাফরা ও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

28 Feb 2026, 03:50 PM

ইসরায়েলের অভিযানের নাম ‘গর্জনরত সিংহ’, যুক্তরাষ্ট্রের ‘মহাতাণ্ডব’

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলাকে ‘রোরিং লায়ন’ বা ‘গর্জনরত সিংহ’ অভিযান নাম দিয়েছে ইসরায়েল। এ অভিযান আপাতত কয়েকদিন চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। লাগলে কয়েক সপ্তাহও চলতে পারে, ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে ‘দ্য এপিক ফুরি’, বা ‘মহাতাণ্ডব’। 

দুই দেশের যৌথ অভিযানে এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে আল–জাজিরা।

এর মধ্যে ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক স্থাপনাও আছে। তেহরানের এক গোয়েন্দা কার্যালয়ে হামলার পর ভবনটি থেকে ধোঁয়া ওঠার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 

28 Feb 2026, 03:41 PM

কাতার, বাহরাইন, কুয়েত ও আরব আমিরাতে মার্কিন বাহিনীর ওপর হামলা ইরানের

ইরান উপসাগরীয় আরব দেশ কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন বাহিনীগুলোর ওপর হামলা চালিয়েছে। 

এ পযন্ত সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবি, বাহরাইনের রাজধানী মানামা, কাতারের রাজধানী দোহা ও কুয়েতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

আল জাজিরা জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে। কিন্তু এর কিছুক্ষণ পরই দোহায় দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা পদ্ধতি দিয়ে ইরানি একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।   

বাহরাইন নিশ্চিত করে জানিয়েছে, তাদের দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর হয়েছে। 

কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। 

এর আগে ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা জবাব দিয়েছে।

28 Feb 2026, 03:34 PM

বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছে বাহরাইন, খবর আল জাজিরার। মার্কিন এই নৌবহরের ঘাঁটিটি বাহরাইনে অবস্থিত।  

এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছিল। 

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যে এ বিস্ফোরণের খবর মিলল। 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

28 Feb 2026, 03:24 PM

কুয়েত, আরব আমিরাতেও বিস্ফোরণ, উপসাগরীয় তিন দেশের আকাশসীমা বন্ধ

কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতেও বিস্ফোরণের খবর দিয়েছে আল-জাজিরা ও রয়টার্স।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহর লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানা গেছে। 

উপসাগরের তিন দেশ কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
 

28 Feb 2026, 03:14 PM

বাসিন্দাদের ঘরের ভেতর, সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বলল কাতার

মোবাইল ফোনে দেওয়া সতর্কবার্তায় কাতার সব বাসিন্দাকে ঘরে বা যে কোনো জায়গায় চার দেওয়ালের ভেতর অবস্থান করতে এবং সব সামরিক ঘাঁটি থেকে দূরে থাকতে বলেছে। 

দেশটির আল-উদেইদ ঘাঁটিতে গত জুনে ইরান পাল্টা হামলা চালিয়েছিল। ইরানে নতুন অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি থেকে অনেক সেনাকে সরিয়ে নিয়েছে বলে শনিবারই খবর বেরিয়েছে।

28 Feb 2026, 03:14 PM

ইরানের কোথায় কোথায় আক্রমণ হলো?

ইরানের যেসব স্থান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে, তা একনজরে তুলে ধরেছে আল-জাজিরা।

28 Feb 2026, 03:09 PM

বাহরাইনে বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েঠে আল জাজিরা। 

এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছিল। 

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যে এ বিস্ফোরণের খবর মিলল। বাহরানেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে।

28 Feb 2026, 03:02 PM

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে সাইবার হামলার খবর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও অনলাইন প্লাটফর্ম সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে বলে দৈনিক হামশাহরি’র টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সামরিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি ‘ব্যাপক আকারে’ সাইবার অভিযান শুরু হয়েছে। এতে দেশের কয়েকটি প্রধান অভ্যন্তরীণ সংবাদমাধ্যম প্লাটফর্মের কার্যক্রম বিঘ্নিত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।

এছাড়া ইরানে বহুল ব্যবহৃত কিছু অনলাইন অ্যাপ্লিকেশনও বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে, তবে হামলার প্রকৃতি বা উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিবিসি মনিটরিং দেখেছে, ইরানের বাইরে থেকে তাসনিম নিউজ এজেন্সি, পার্স নিউজ এজেন্সি এবং আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি ও ইসনার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
 

28 Feb 2026, 02:49 PM

ইরানের ৫ শহরে আঘাত

ইরানের বার্তা সংস্থা পার্স নিউজ জানিয়েছে, ইস্পাহান, কোম, কারাজ ও কেরমানশাহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এছাড়া রাজধানী তেহরানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।


 

28 Feb 2026, 02:47 PM

ইরানজুড়ে ইন্টারনেট যোগাযোগ ব্যাহত

রাজধানী তেহরানসহ ইরানের অনেক জায়গায় ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার খবর দিয়েছে নেটব্লকস।  

“সংযোগ স্বাভাবিক মাত্রার ৫৪ শতাংশে নেমে এসছে,” বলেছে তারা।

28 Feb 2026, 02:43 PM

ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে আছেন’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জীবিত ও নিরাপদ আছেন  বলে তার কার্যালয়ের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা।

প্রেসিডেন্ট ‘সুস্থ আছেন’, টেলিগ্রামে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় তারা এমনটিই বলেছে।

28 Feb 2026, 02:39 PM

মার্কিন অভিযান ‘কয়েকদিন চলতে পারে’

যুক্তরাষ্ট্র ইরানে কয়েকদিনব্যাপী অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এক কর্মকর্তা।

গত বছরের জুনে ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধের মধ্যে মার্কিন বাহিনী একবারই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা
চালিয়েছিল। 

এবার তাদের লক্ষ্য আরও ব্যাপক বলেই মনে হচ্ছে। 

এরই মধ্যে ট্রাম্পের ভিডিও বার্তায় বোঝা যাচ্ছে যে ওয়াশিংটন এবার ইরানি শাসকদের পতন নিশ্চিত করতেই মাঠে নেমেছে।

28 Feb 2026, 02:34 PM

বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টায় ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানানোর পরপরই

বিস্ফোরণে ইসরায়েলের উত্তরাঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে আল জাজিরা।   

ইরানিদের ক্ষেপণাস্ত্র প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে কাজে লাগানোর কথাও নির্দেশনায় বলেছিল তেল আবিব।

বিস্ফোরণ বা হামলায় ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

28 Feb 2026, 02:29 PM

অভিযান শেষ হলে সরকারের নিয়ন্ত্রণ নিন: ইরানিদের ট্রাম্প


ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হলে দেশটির শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েক প্রজন্মের মধ্যে এটাই তাদের জন্য সবচেয়ে সেরা সুযোগ।

“যখন আমরা শেষ করব- সরকারের দখল নিন। আপনাদেরই নিতে হবে এটা। সম্ভবত এটাই কয়েক প্রজন্মের মধ্যে আপনাদের একমাত্র সুযোগ,” ভিডিও বার্তায় ট্রাম্প এ কথা বলেছেন বলে জানিয়েছে সিএনএন।

ইরানে শনিবার সকাল থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানের ওপর ট্রাম্প তার মার-আ-লগোর বাসভবন থেকে নজর রাখছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

সকালে ইসরায়েল হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রও যে তাতে আছে ভিডিও বার্তায় ট্রাম্প তা নিশ্চিতও করেন।

“অনেক বছর ধরে আপনারা যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে আসছিলেন, কিন্তু কখনো পাননি। কোনো প্রেসিডেন্টই এটা করতে আগ্রহী ছিল না, যা করতে আমি রাজি হয়েছি। এখন আপনারা এমন এক প্রেসিডেন্ট পেয়েছেন যে আপনাদেরকে যা চেয়েছিলেন তা দিয়েছে, এখন দেখি আপনারা কীভাবে প্রতিক্রিয়া দেখান।

“প্রবল পরাক্রম ও বিধ্বংসী শক্তি নিয়ে আমেরিকা আপনাদের পাশে দাঁড়াচ্ছে। এখনই সময় আপনার ভাগ্যের দখল নেওয়ার এবং আপনাদের নাগালের মধ্যেই যে সমৃদ্ধ ও গৌরবময় ভবিষ্যৎ রয়েছে, তা ছিনিয়ে নেওয়ার। এটা পদক্ষেপ নেওয়ার সময়, একে চলে যেতে দেবেন না,” বলেছেন তিনি।

এ অভিযানে মার্কিন সেনাদের প্রাণও যেতে পারে বলে আশঙ্কা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

“ইরানি শাসকরা হত্যা করতে চাইতে পারে। সাহসী মার্কিন নায়করা প্রাণ হারাতে পারেন, আমাদের দিক থেকে প্রাণহানি হতে পারে, যুদ্ধে প্রায়ই এটা হয়। কিন্তু আমরা এটা এখনকার জন্য করছি না, করছি ভবিষ্যতের জন্য, এবং এটা একটা মহৎ অভিযান,” বলেছেন তিনি।

28 Feb 2026, 02:27 PM

পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, “কিছুক্ষণ আগে আইডিএফ শনাক্ত করেছে যে, ইরান থেকে ইসরায়েল ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।”
 

28 Feb 2026, 02:19 PM

ইরানে সামরিক অভিযান ‘ব্যাপক ও চলমান’: ট্রাম্প

ট্রুথ সোশালে দেওয়া এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানকে ‘ব্যাপক ও চলমান’ আখ্যা দিয়ে বলেছেন, মার্কিনিদের নিরাপত্তার স্বার্থেই এ হামলা চালানো হচ্ছে।

“আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি, তাদের ক্ষেপণাস্ত্র খাত মাটির সঙ্গে মিশিয়ে দিতে যাচ্ছি।

“তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে সব সুযোগ প্রত্যাখ্যান করেছে, আমরা আর পারছি না,” বলেছেন তিনি।

এ অভিযানে মার্কিন সেনাদের প্রাণও যেতে পারে বলে আশঙ্কা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

“ইরানি শাসকরা হত্যা করতে চাইতে পারে। সাহসী মার্কিন নায়করা প্রাণ হারাতে পারেন, আমাদের দিক থেকে প্রাণহানি হতে পারে, যুদ্ধে প্রায়ই এটা হয়। কিন্তু আমরা এটা এখনকার জন্য করছি না, করছি ভবিষ্যতের জন্য, এবং এটা একটা মহৎ অভিযান,” বলেছেন তিনি।

28 Feb 2026, 02:19 PM

ইরানে যৌথ হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের

ইরানে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

শনিবার সকালে এ হামলার পর ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থাও’ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, তাদের প্রতিবেদকরা ইরানের রাজধানী তেহরানের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছে এবং ধোঁয়া দেখতে পেয়েছেন।

একাধিক ক্ষেপণাস্ত্র ইউনিভার্সিটি স্ট্রিট ও তেহরানের জামহুরি এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ফারস।

ইরানি গণমাধ্যমগুলো প্রথমে তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের খবর দেয়। পরে ফারস রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলে আরও বিস্ফোরণের খবর দেয়।

তেহরানের হাসান আবেদ ও জামহুরি চত্বরে ধোঁয়ার ছবি দিয়েছে বিবিসি।

পাল্টা ইরানির হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে স্থানীয় সময় সকাল সোয়া ৮টা থেকে সাইরেন বাজছে।

তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান সর্বশেষ দফার আলোচনায় ইরান তাদের পরমাণু কর্মসূচিতে ছাড় দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বলে খবর গণমাধ্যমের। যদিও ওই আলোচনার পর শুক্রবারই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের ওপর ‘খুশি নন’।

তার মধ্যেই শনিবার সকালে ইসরায়েল এ হামলা চালাল।

মার্কিন এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ এক সামরিক অভিযানের অংশ হিসেবেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে।

ইরানে মার্কিন বাহিনীও হামলা চালাচ্ছে বলে মার্কিন তিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। কেবল সামরিক স্থাপনা লক্ষ্য করেই এ হামলা হচ্ছে, এবং হামলার আওতা ‘ছোট নয়’, বলেছেন এক কর্মকর্তা।

মধ্যপ্রাচ্যে গত কয়েক মাসে বিপুল পরিমাণ যুদ্ধযান মোতায়ন করেছে ওয়াশিংটন। তাদের দুটি বিমানবাহী রণতরীও এখন ওই অঞ্চলে অবস্থান করছে। আছে কয়েকশ যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার, অ্যাটাক হেলিকপ্টারসহ অনেক কিছু।

তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের আশপাশে হামলা হয়েছে। রাজধানীর উত্তরের সৈয়দ খানদান এলাকায়ও হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম।

তবে খামেনি এখন তেহরানে নেই এবং তাকে নিরাপদ এক স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ এ হামলাকে ‘প্রিঅ্যাম্পটিভ’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি নির্মূলেই’ এ হামলা চালানো হয়েছে।

সিএনএন ও ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে।

তেহরানের বিস্ফোরণের পর ইসরায়েল ও ইরান উভয়ই তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছে বিবিসি।

ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টায় তারাও পাল্টা ‘সর্বনাশা’ হামলার প্রস্তুতি নিচ্ছে।

“আমরা তোমাদের সতর্ক করেছিলাম। কিন্তু তোমরা এমন পথে যাত্রা করেছো, যার পরিণতি আর তোমাদের নিয়ন্ত্রণে থাকবে না,” সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই লিখেছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
ইরানে হামলার খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও।

“কিছুক্ষণ আগে মার্কিন সামরিক বাহিনী ইরানে বড় অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে, ইরানি শাসকদের দিক থেকে আসা হুমকি নির্মূল করে মার্কিনিদের সুরক্ষা দেওয়া,” বলেছেন তিনি।

28 Feb 2026, 02:14 PM

লাইভ শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে কয়েক দফা আলোচনার পর ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

চলমান এ সংঘাতের সবশেষ খবর জানতে চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোরের লাইভ ব্লগে। 

সঙ্গে আছি আফসার বিপুল, মীর মোশাররফ হোসেন, তনুশ্রী বিশ্বাস রোকন রাকিব