Published : 17 Aug 2024, 12:45 PM
দক্ষিণ কোরিয়ায় ধনকুবের চে তায়ে-ওনকে বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীর খোরপোশ হিসাবে রেকর্ড ১ লাখ ৩৮ হাজার কোটি ওন (১০০ কোটি ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বিবিসি জানায়, দেশটিতে বিবাহবিচ্ছেদের ঘটনায় এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় অঙ্কের খোরপোশ। চে তায়ে-ওনের বিয়ে ভেঙে যাওয়ার প্রায় এক দশক পর সিউল হাইকোর্টের এ নির্দেশ এসেছে।
তায়ে-ওনের বিবাহবহির্ভূত প্রেম সম্পর্ক এবং সন্তানের বাবা হওয়ার ঘটনা সামনে আসার পর স্ত্রী রোহ সো-ইয়ং এর সঙ্গে তার ৩৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে।
চে তায়ে-ওন দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক করপোরেশন এসকে গ্রুপের চেয়ারম্যান। বৃহস্পতিবার সিউল হাই কোর্ট ওনের এই কোম্পানির শেয়ার তার সাবেক স্ত্রী সো-ইয়ং পাবেন বলে রায় দিয়েছে।
সো-ইয়ংকে যে অঙ্কের অর্থ দেওয়ার আদেশ হাই কোর্ট দিয়েছে তা ২০২২ সালে নিম্ন পারিবারিক আদালতের নির্ধারিত অঙ্কের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি।
পারিবারিক আদালত ২০২২ সালে ওনকে ৬ হাজার ৬৫০ কোটি ওন দেওয়ার আদেশ দিয়েছিল। তায়ে-ওনের এসকে গ্রুপের শেয়ার দেওয়ার জন্য সো-ইয়ং যে অনুরোধ জানিয়েছিলেন তাও আদালত নাকচ করেছিল।
সেই রায়ই বৃহস্পতিবার উল্টে দিয়ে সিউল হাই কোর্ট বলেছে, কোম্পানির শেয়ার যৌথ সম্পত্তি হিসাবে বিবেচনায় নেওয়া উচিত। রায়ে বলা হয়েছে, “একথা বলা যুক্তিসঙ্গত যে, রোহ সো-ইয়ং স্ত্রী হিসাবে চে তায়ে ওনের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এসকে গ্রুপের মূল্যমান বাড়াতে ভূমিকা রেখেছিলেন।”
আদালত তায়ে-ওনের সম্পদের মূল্যমান দক্ষিণ কোরীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ কোটি ওন ধরেছে। তার মানে, এই ধনকুবেরের সাবেক স্ত্রী সো-ইয়ং পাবেন এই সম্পদের আনুমানিক ৩৫ শতাংশ। রোহ সো-ইয়ং এবং চে তায়ে-ওন দম্পতির তিন সন্তান আছে।
আদালত নতুন করে খোরপোশের অঙ্ক নির্ধারণের সময় ওনের বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সো-ইয়ংয়ের ভোগান্তিও বিবেচনায় নিয়েছে বলে জানিয়েছে।
তবে চে তায়ে-ওনের আইনজীবীরা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। সো-ইয়ংয়ের “একতরফা দাবি আদালত বাস্তব ধরে নিয়েছে” বলে যুক্তি দেখাবেন তারা।