জাতিসংঘ মানবাধিকার পরিষদে ফেরার চেষ্টায় রাশিয়া
প্রচারপত্রে মানবাধিকার বিষয়ক সমস্যাগুলোর যথাযথ সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের হারানো সদস্যপদ ফিরে পাওয়ার চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেইনে আগ্রাসন চালানোর কারণে গত এপ্রিলে রাশিয়াকে এই পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এখন রুশ কূটনীতিকেরা চাইছেন, রাশিয়া এই সংস্থায় আবার নতুন মেয়াদে তিন বছরের জন্য নির্বাচিত হয়ে ফিরে আসুক। তারা এজন্য সদস্য দেশগুলোর সমর্থন আদায়ে কাজ করছেন। ভোটাভুটি হবে আগামী মাসে।
বিবিসি জানিয়েছে, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্যদের কাছে সমর্থন চেয়ে রাশিয়ার বিলানো প্রচারপত্রের একটি অনুলিপি তারা হাতে পেয়েছে।
প্রচারপত্রে ‘মানবাধিকার বিষয়ক সমস্যাগুলোর যথাযথ সমাধান’ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার পরিষদ যেন কয়েকটি দেশ নিয়ে গঠিত একটি গোষ্ঠীর রাজনৈতিক ইচ্ছা পূরণের হাতিয়ার’ হয়ে না ওঠে, সে চেষ্টা নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।
উক্রেইন যুদ্ধ এবং নিজেদের সীমানায় মানবাধিকার লঙ্ঘনের কিছু অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আছে। তাই রাশিয়া এবার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার আশা করছে বলেই জানিয়েছেন কূটনীতিকরা। সংবাদসূত্র: বিবিসি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
