১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২০ মিনিটে ৭ বিস্ফোরণ দুবাইয়ের শিল্পাঞ্চলে, হামলা না দুর্ঘটনা?

ইরাকের সংবাদমাধ্যমগুলো বলছে, ইয়েমেন থেকে দুবাইয়ের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে আরব আমিরাত এখনও হামলার কারণ নিয়ে কিছু জানায়নি।

২০ মিনিটে ৭ বিস্ফোরণ দুবাইয়ের শিল্পাঞ্চলে, হামলা না দুর্ঘটনা?
ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 10:17 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

একের পর এক বিস্ফোরণ। তার পরই দেখা গেল ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠছে। সেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে রাতের আকাশে এই ধোঁয়ার ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদমাধ্যম মেহর দাবি করেছে, ২০ মিনিটের মধ্যে পর পর সাতটি বিস্ফোরণ হয়েছে শিল্পাঞ্চলে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনার ছবি তোলা এবং ভিডিও করার জন্য দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট হয়নি। এটি কোনও সামরিক হামলা নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়।

তবে ইরাকের সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, ইয়েমেন থেকে দুবাইয়ের শিল্পাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও আরব আমিরাত কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামলার কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

নাসার থার্মাল ইমেজারি-র রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ইরানের সাংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, সমুদ্রবন্দর সংলগ্ন বেশ কয়েকটি গুদামে আগুন ধরে যায়। এই গুদামগুলোতে জ্বালানি সঞ্চয় করে রাখা হত। তবে এই বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুবাইয়ের সিটি সেন্টারের দক্ষিণ-পশ্চিমে ২৫ মাইল দূরে রয়েছে জেবেল আলি। আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ ‘শপিং হাব’ এটি। এছাড়াও এখানে রয়েছে পাম জেবেল আলি। 

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বহুবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে। গত কয়েক মাসে বহুবার সংযুক্ত আরব আমিরাত একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে। ফলে দুবাইয়ের এই বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।