১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অং সান সু চির সঙ্গে রেডক্রসের কর্মকর্তার সাক্ষাৎ

রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) আবাসিক প্রতিনিধি আর্নো দ ব্যাক রাজধানী নেপিডোতে সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

অং সান সু চির সঙ্গে রেডক্রসের কর্মকর্তার সাক্ষাৎ
একটি ছবিতে সু চি ঐতিহ্যবাহী বার্মিজ পোশাক পরে রেডক্রসের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন, এমনটি দেখা গেছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 03:49 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির সঙ্গে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির এক প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। 

নোবেল শান্তি পুরস্কার জয়ী ৮১ বছর বয়সী সু চির স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কয়েক বছর ধরে চলা প্রশ্নের পর সোমবার এ সাক্ষাতের খবর দিলেন মিয়ানামার সরকারের এক মুখপাত্র। 

সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল মিয়ানামারের সাধারণ নির্বাচনে জয়লাভ করার কিছুদিনের মধ্যই ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় নির্বাচিত বেসামরিক সরকার। তারপর থেকে কারাগারে থাকলেও সু চি বর্তমানে রাজধানী নেপিদোতে গৃহবন্দি আছেন বলে ধারণা করা হয়। 

তবে কোনো বিদেশি নেতা বা দূত প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় তার অবস্থান ও স্বাস্থ্যের অবস্থা নির্ধারণ কঠিন হয়ে আছে, লিখেছে রয়টার্স। 

টেলিগ্রামে এক বার্তায় মিয়ানমার সরকারের মুখপাত্র খাইন খাইন সো জানিয়েছেন, সোমবার রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) আবাসিক প্রতিনিধি আর্নো দ ব্যাক রাজধানী নেপিদোতে সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

কি কারণে ব্যাক সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন তা জানা যায়নি। এ বিষয়ে রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে আইসিআরসি সাড়া দেয়নি। 

মিয়ানমার সরকারের মুখপাত্র টেলিগ্রামে বার্তার সঙ্গে চারটি ছবি দিয়েছেন। সেগুলোর দুইটিতে সু চি ঐতিহ্যবাহী বার্মিজ পোশাক পরে ব্যাকের সঙ্গে বৈঠক করছেন, এমনটি দেখা গেছে। যে ঘরটিতে বসে তারা কথা বলছেন সেটি কাঠের প্যানেল দিয়ে মোড়ানো আর সেখানে আসবাবপত্র বলতে কেবল দুটি কাঠের চেয়ার ও একটি ছোট টেবিল রয়েছে। 

আরেক ছবিতে সু চিকে তার নাম লেখা একটি জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। এই ছবিতে তার বাসস্থান বলে মনে হওয়া একটি ঘরের বিরল দৃশ্য পাওয়া গেছে। সেখানে একটি পোশাকের র‌্যাক ও জিনিসপত্র রাখার বাক্স দেখা গেছে।  

চতুর্থ ছবিটিতে কেকটির পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে। কেকে লেখা রয়েছে ‘শুভ জন্মদিন আন্টি সু ১৯.৬.২০২৬’।  

রয়টার্স স্বতন্ত্রভাবে বৈঠকের স্থান ও ছবিগুলো কবে তোলা হয়েছে তা যাচাই করতে পারেনি। সোমবারের আগে এসব ছবির কোনোটিই অনলাইনে খুঁজে পাওয়া যায়নি। 

মিয়ানমারের বিরোধীদলীয় ছায়া সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ এর মুখপাত্র নে ফোন লে জানিয়েছেন, সোমবারের বৈঠকের বিষয়ে তারা আইসিআরসির নিশ্চিতকরণের অপেক্ষায় আছেন।