২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভিয়েতনামের কাছে টাইফুন বুয়ালোই, সরানো হল কয়েক হাজার মানুষকে

ফিলিপিন্সে টাইফুন বুয়ালোইয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর বিস্তৃত এলাকা তলিয়ে যায় আর অন্তত ১০ জনের মৃত্যু হয়।

ভিয়েতনামের কাছে টাইফুন বুয়ালোই, সরানো হল কয়েক হাজার মানুষকে
টাইফুন বুয়ালোই আরও শক্তি সঞ্চয় করে ভিয়েতনামের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। ছবি: টিয়েনফং

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

টাইফুন বুয়ালোই আরও শক্তি সঞ্চয় করে এগিয়ে আসার মুখে বিমানবন্দরগুলো বন্ধ করে ও ঝড়ের কবলে পড়তে যাওয়া সম্ভাব্য এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ভিয়েতনাম। 

রোববার স্থানীয় সময় রাতে টাইফুনটি স্থলে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে, ভিয়েতনামের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। 

দিন দুই আগে ফিলিপিন্সে বুয়ালোইয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর বিস্তৃত এলাকা তলিয়ে যায় আর অন্তত ১০ জনের মৃত্যু হয়।

ভিয়েতনামের স্থানীয় সময় রোববার সকাল ৯টায় টাইফুনটি ঘণ্টায় সর্বোচ্চ ১৩৩ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে দেশটির মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল।  

বুয়ালোইয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর ফিলিপিন্সের বিস্তৃত এলাকা তলিয়ে যায়। ছবি: রয়টার্স 

বুয়ালোইয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর ফিলিপিন্সের বিস্তৃত এলাকা তলিয়ে যায়

দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, “এটি খুব দ্রুতগতিতে এগোতে থাকা একটি ঝড়। গড় গতির দ্বিগুণ বেগ নিয়ে এগিয়ে আসছে এটা। তীব্র শক্তির হওয়ায় বিস্তৃত এলাকায় এর প্রভাব পড়বে। 

“এর কারণে একইসঙ্গে প্রবল ঝড়, ভারি বৃষ্টি, বন্যা, হড়কা বান, ভূমিধস ও উপকূলীয় প্লাবনের মতো অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে।” 

ভিয়েতনাম সরকার জানিয়েছে, মধ্যাঞ্চলীয় প্রদেশে হা টিংয়ের কর্তৃপক্ষ ১৫ হাজারেও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। সেখানে কয়েক হাজার সেনাকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। 

রোববার থেকে উপকূলীয় চারটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রেখেছে ভিয়েতনাম। এগুলোর মধ্যে দানাং আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেশ কয়েকটি ফ্লাইটের ছাড়ার সময় সমন্বয় করেছে। 

সরকার জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে ইতোমধ্যেই হিউ ও কোয়াং ট্রি প্রদেশের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। 

দক্ষিণ চীন সাগর বরাবর ভিয়েতনামের একটি দীর্ঘ উপকূলরেখা রয়েছে। এই দেশটি প্রায়ই টাইফুনের কবলে পড়ে যেগুলোর কোনো কোনোটি প্রাণঘাতী হয়ে ওঠে। গত বছর টাইফুন ইয়াগির কারণে দেশটিতে প্রায় ৩০০ মানুষের মৃত্যু ও ৩৩০ কোটি ডলার সমমূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল।