Published : 05 Jul 2025, 09:13 PM
এক শতাব্দীরও বেশি সময় পর জনসাধারণের সাঁতারের জন্য প্যারিসের সেইন নদী খুলে দেওয়া হয়েছে। ১৯২৩ সালের পর এই প্রথমবার সাঁতারের জন্য উন্মুক্ত হলো নদীটি।
শনিবার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নদীতে নেমে পড়েন প্যারিসের অনেক বাসিন্দা।
ফ্রান্সের রাজধানী শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া সেইনের তীরের তিনটি স্থানে প্রতিদিন এক হাজারের বেশি মানুষ সাঁতার কাটতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এই সুযোগ থাকবে ৫ জুলাই, শনিবার থেকে ৩১ অগাস্ট পর্যন্ত।
গত বছর প্যারিস অলিম্পিকের একটি ভ্যেনু হিসেবে ব্যবহার করার পর নদী পরিষ্কারের জন্য ব্যাপক অভিযান চালানো হয়। পরিষ্কার অভিযান শেষ হওয়ার পর এবার নদীটি খুলে দেওয়া হলো।
সেইন নদী বিষয়ক প্যারিসের ডেপুটি মেয়র পিয়ের রাবাদাঁ বলেছেন, “এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশয়বাদীদের ভুল প্রমাণ করতে পেরে আমরা বিশেষভাবে আনন্দিত। এটি বাস্তবায়ন করা ছিল একটি বড় ও জটিল বিষয়।”
অলিম্পিকে ব্যবহারের উপযোগী করতে নদীর পানি মান উন্নয়নের জন্য ফ্রান্স সরকার বিশাল বিনিয়োগ করে। এর অংশ হিসেবে হাজার হাজার বাড়িকে নতুন করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় সংযুক্ত করা হয়, আধুনিকীকরণ করা হয় পানিশোধনাগার এবং বৃষ্টির পানি ধরে রাখার জন্য তৈরি করা হয় বড় আকারের সংরক্ষণাগার, যাতে ভারি বৃষ্টিতে পয়ঃবর্জ্য নদীতে না পড়ে।
প্রবল বৃষ্টির কারণে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে আশঙ্কায় কিছু অলিম্পিক প্রশিক্ষণ এবং পুরুষদের ট্রায়াথলন ইভেন্ট বিলম্বিত হলেও শেষ পর্যন্ত সেইনে প্রতিযোগিতা সম্পন্ন হয়, যা জনসাধারণের সাঁতারের উপযোগিতা নিয়ে আস্থা সৃষ্টি করে।
সাঁতারের মৌসুমজুড়ে প্রতিদিন পানির মান পরীক্ষার ব্যবস্থা থাকবে। সাগরসৈকতের আদলে সবুজ ও লাল পতাকা ব্যবহার করে জানানো হবে জায়গায় সাঁতার কাটার স্থানটি খোলা আছেন না বন্ধ।
রাবাদাঁ রয়টার্সকে বলেন, “যদি সাঁতারের জন্য যদি নির্দিষ্ট স্থানটি খোলা রাখা হয়, তার মানে ওই পানির মান স্বাস্থ্যবিধি অনুযায়ী ঠিক আছে এবং যিনি সাঁতার কাটবেন তার জন্য এটি নিরাপদ।”
শুধু প্যারিস শহরের মধ্যেই নয়, রাজধানীর বাইরেও সেইন ও মার্ন নদীর তীরে আরও ১৪টি সাঁতারের স্থান স্থাপন করা হবে। তবে ইতোমধ্যে জুন মাসেই মার্ন নদীর দুটি স্থানে সাঁতারের সুযোগ চালু হয়েছে।