১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ ভারতে ভারি বৃষ্টি ও বন্যায় ১৪ মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ভারি বর্ষণের কারণে কেরালাজুড়ে অধিকাংশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা।

দক্ষিণ ভারতে ভারি বৃষ্টি ও বন্যায় ১৪ মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো মানুষ
বৃষ্টিপাত কমে আসা সত্ত্বেও কেরালার মুখ্যমন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে পাহাড়ি এলাকায়। ছবি: এএনআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 01:59 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ভারতের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনি ও রোববার বন্যায় কেরালা রাজ্যে ১১ জনের প্রাণহানি হয়েছে এবং প্রতিবেশী কর্ণাটকে ভূমিধসে মারা গেছেন একই পরিবারের ৩ জন।

কেরালা মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের দেওয়া তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত ভারি বৃষ্টির ফলে বিভিন্ন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। রাজ্যজুড়ে খোলা প্রায় ২৭৫টি ত্রাণ শিবিরে এ পর্যন্ত অন্তত সাত হাজার ৭০০ জন মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারি বর্ষণের কারণে কেরালাজুড়ে অধিকাংশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সরকার।

মুখ্যমন্ত্রী সতীশন জানিয়েছেন, ত্রাণ শিবিরগুলোর ব্যবস্থাপনা পর্যালোচনা করতে সোমবার তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। এর আগে রোববার বন্যাদুর্গত এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করার কথা জানান তিনি।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, সোমবারও কিছু এলাকায় তীব্র বাতাসের সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

কর্ণাটকে ভূমিধস

কেরালার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী রাজ্য কর্ণাটকেও ভারি বর্ষণে বিপর্যয় নেমে এসেছে। ভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’র বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার টানা বৃষ্টির ফলে সৃষ্ট এক ভূমিধসে এক দম্পতি ও তাদের ছেলের করুণ মৃত্যু হয়েছে।