Published : 25 Dec 2025, 02:33 PM
অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির প্রখ্যাত বন্ডাই সৈকতে এবারের বড়দিন উৎসব একেবারেই ম্লান। দিনটি উদযাপনের চিরচেনা সেই আমেজ নেই। মাত্র ১১ দিন আগেই ঘটে যাওয়া প্রাণঘাতী বন্দুক হামলায় নিহতদের স্মরণে শোকাতুর বন্ডাইয়ের বড়দিনে এখন কেবলই নীরব প্রার্থনা।
গত ১৪ ডিসেম্বর বন্ডাই সৈকতে ইহুদিদের ‘হানুকা’ উৎসব চলাকালে এক বাবা ও ছেলের ওই হামলায় ১৫ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়। গত তিন দশকের মধ্যে এটি ছিল অস্ট্রেলিয়ায় সবচেয়ে রক্তক্ষয়ী বন্দুক হামলা। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়াবাসী।
বৃহস্পতিবার বড়দিনে বন্ডাইয়ের বালুকাময় সৈকতে শান্তা টুপি পরে শত শত মানুষ জড়ো হলেও তাদের চোখেমুখে ছিল বিষাদের ছায়া। নিরাপত্তা রক্ষায় সৈকতে ছিল কড়া পুলিশ পাহারাও। হামলাস্থলের কাছে ঐতিহ্যবাহী বন্ডাই প্যাভিলিয়ন ভবনের বাইরে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।
সৈকতে বড়দিন পালন করতে যাওয়া ব্রিটিশ পর্যটক মার্ক কনরয় রয়টার্সকে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক। সবাই এখানে সৈকতে এলেও প্রত্যেকের মনে সেই ভয়াবহ স্মৃতি রয়ে গেছে এবংযা ঘটেছে তাতে সবাই দুঃখ ভারাক্রান্ত বলেই আমি মনে করি।
“নিহতদের পরিবার ও বন্ধুবান্ধবরা যে অকল্পনীয় দুঃখ-যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে সেটা প্রত্যেকেই অনুভব করতে পারছে।” সৈকতে জড়ো হওয়া মানুষজনকে এদিন ক্রিসমাস ট্রি’র সামনে দাঁড়িয়ে কিংবা লাইফগার্ডদের সঙ্গে নিয়ে ছবি তুলতে দেখা গেছে।
আবার দমকা বাতাসের কারণে মানুষজনের ভিড় কমেও যেতে দেখা গেছে। লাইফগার্ড প্রহরী ক্যাপ্টেন থমাস হগ বলেন, “আজকের বড়দিনে পরিস্থিতি খুব ভাল মোটেই না, কিছুটা অস্থির..ফলে আদর্শ বলা যায় না। তারপরও মানুষ এখনও এখানে উপস্থিত আছে।”
ওদিকে, বড়দিনের ভোরে মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গাড়িটির ওপরে ‘হ্যাপি হানুকা’ লেখা একটি সাইনবোর্ড ছিল। এই ঘটনায় কেউ হতাহত না হলেও একে ‘ইহুদিবিদ্বেষী’ হামলা হিসেবে দেখছে ভিক্টোরিয়া পুলিশ।
ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে বিরোধী পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বড়দিনের সকালে মেলবোর্নে গাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনাকে ‘অভাবনীয়’ বলে বর্ণনা করেছেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের আলবানিজ বলেন, “এমন উৎসবের সময়ে কোনো ধরনের অশুভ আদর্শ ও চিন্তা মানুষকে এ ধরনের কাজ করতে উদ্বুদ্ধ করতে পারে, তা কল্পনা করাও দুষ্কর।”
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়াজুড়ে ইহুদিদের উপাসনালয় (সিনাগগ), ইহুদি মালিকানাধীন ভবন এবং যানবাহনের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
বন্ডাই সৈকত বন্দুক হামলার পর অস্ট্রেলিয়ায় কঠোর বন্দুক আইন এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার জনসমাবেশের ওপর কঠোর নিয়ম এবং সন্ত্রাসবিরোধী নতুন আইন পাস করেছে।