Published : 30 Aug 2026, 12:14 AM
অনুশাসন ও আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ তদন্তের পর চীনের সর্বোচ্চ সামরিক কমান্ড সংস্থা (সেন্ট্রাল মিলিটারি কমিশন) থেকে দুই শীর্ষ জেনারেলকে অপসারণ করা হয়েছে।
গত শুক্রবারই চীনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’ থেকে অপসারিত হন ঝ্যাং ইউশিয়া এবং লিউ ঝেনলি। ঝ্যাং ছিলেন কমিশনের ভাইস চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর সামরিক কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি পলিটব্যুরোরও সদস্য ছিলেন।
ওদিকে, লিউ ঝেনলি ছিলেন কমিশনের জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের চিফ অফ স্টাফ। সামরিক অভিযান পরিকল্পনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। দুইজনের বিরুদ্ধেই শৃঙ্খলা ভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছিল।
চীনের সরকারি বিভিন্ন স্তরে দুর্নীতি দূর করতে ২০১২ সাল থেকে অভিযান শুরু করেছে প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসন। এই অভিযানের নিশানায় ছিল সামরিক বাহিনীও। চীনের এই অভিযানকে অনেকে ‘শুদ্ধিকরণ’ বলেও বর্ণনা করেন।
এর আওতায় গত কয়েক বছরে বিভিন্ন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হতে দেখা গেছে। অনেককেই দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে বা বহিষ্কার করার মতো ঘটনাও ঘটেছে।
ঝ্যাং ইউশিয়া এবং লিউ ঝেনলি অপসারণের ঘটনাটিকেও শি জিনপিংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনীতে চলমান শুদ্ধি অভিযানের নতুন অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে।
গত শুক্রবার ন্যাশনাল পিপলস কংগ্রেস তালিকা থেকেও তাদের নাম বাদ দেওয়া হয়, যা পদচ্যুতির আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছিল বলেই মনে করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে সেন্ট্রাল মিলিটারি কমিশনে প্রেসিডেন্ট শি জিনপিংসহ মাত্র দুইজন সক্রিয় সদস্য অবশিষ্ট থাকলেন। আগে সাত সদস্যের এই সংস্থায় এখন বড় ধরনের শূন্যতা তৈরি হল।
চীনের রাজনৈতিক ব্যবস্থায় সামরিক নেতৃত্বে এমন বড় পরিবর্তন বিরল। বিশেষজ্ঞরা বলছেন, শি জিনপিং দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছেন।
দুর্নীতি দমন ও আনুগত্য নিশ্চিত করতে গত কয়েক বছরে অসংখ্য কর্মকর্তাকে পদচ্যুত করা হয়েছে বা তারা নিখোঁজ হয়েছেন। ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির অনুপস্থিতি মাসখানেক ধরেই লক্ষ্য করা যাচ্ছিল।
গত জানুয়ারি মাসে তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর খবর প্রকাশিত হয়েছিল। আর অগাস্টের শেষ দিকে এসে আনুষ্ঠানিকভাবে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা এল।
এছাড়াও, আলাদা একটি ঘটনায় সেনা কর্মকর্তা ঝাও জঙ্গকি-কে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টামণ্ডলী থেকে সরিয়ে ফেলেছে শি জিনপিং প্রশাসন। ৬ বছর আগে গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের সময়ে চীনা বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন এই কর্মকর্তা।
সংবাদসংস্থা রয়টার্স জানায়, গত বুধবার রাজনৈতিক উপদেষ্টামণ্ডলী থেকে অপসারিত হন ঝাও। তবে এই অপসারণের কোনও ব্যাখ্যা প্রকাশ্যে আসেনি। তার বিরুদ্ধে কোনও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।