১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদুরোর অবস্থান অজানা, ‘জীবিত আছেন’ প্রমাণ চান ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

মার্কিন সামরিক বাহিনী বেসামরিক এলাকায়ও আঘাত হেনেছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষমন্ত্রী ভ্লাদিমির পাদরিনো।

মাদুরোর অবস্থান অজানা, ‘জীবিত আছেন’ প্রমাণ চান ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস জানিয়েছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন তা দেশটির সরকারের জানা নেই। 

তারা উভয়েই ‘বেঁচে আছেন’, ভেনেজুয়েলার সরকার তার ‘তাৎক্ষণিক প্রমাণ’ চেয়েছে বলে জানিয়েছেন তিনি।   

বিবিসি জানায়, শনিবার ভোররাতে দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর থেকে অনেক কিছুই অজানা রয়ে গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দেশটির সামরিক অবকাঠামো ও অন্যান্য লক্ষ্যে হামলা চালিয়েছে। হামলায় সামরিক অবকাঠামোগুলো কতোটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ হতাহত হয়েছে কি না, তা পরিষ্কার হয়নি। 

ভেনেজুয়েলার প্রতিরক্ষমন্ত্রী ভ্লাদিমির পাদরিনো জানিয়েছেন, সরকার নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। মার্কিন বাহিনী বেসামরিক এলাকায়ও আঘাত হেনেছে বলে অভিযোগ করেছেন তিনি।  

স্পেনীয় ভাষায় দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেন, “ভেনেজুয়েলা বিদেশি বাহিনীর উপস্থিতি প্রতিরোধ করবে।” 

অবিলম্বে দেশজুড়ে সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে ঘোষণা করেছেন তিনি। মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে খারাপ আগ্রাসন’ বলে বর্ণনা করেছেন তিনি। এই আগ্রাসন প্রতিরোধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।  

তিনি জানান, ভেনেজুয়েলা ‘মাদুরোর আদেশ’ অনুযায়ী সব সশস্ত্র বাহিনীকে মোতায়েন করবে। 

“তারা আমাদের আক্রমণ করেছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না,” বলেছেন তিনি। 

আরও পড়ুন: 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক: ট্রাম্প

ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ, জরুরি অবস্থা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ট্রাম্পের নির্দেশে: সিবিএস নিউজ