১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিআর কঙ্গোতে অন্ত্যেষ্টিক্রিয়ায় এডিএফ বিদ্রোহীদের হামলায় নিহত অন্তত ৫০

ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত এডিএফের সদস্যরা চাপাতি ব্যবহার করে হামলাটি চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলায় ৫০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন। 

ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত এডিএফের সদস্যরা চাপাতি ব্যবহার করে হামলাটি চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

হামলাটি হয়েছে সোমবার স্থানীয় সময় রাতে নর্থ কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের এনতোয়ো শহরে, জানিয়েছেন স্থানীয় প্রশাসক ম্যাকেয়ার সিভিকুনুলা।  

রয়টার্সকে তিনি বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর সংখ্যা ৫০ বলে আমি নিশ্চিত করতে পারি। এনতোয়োতে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়া এসব মানুষ রাত ৯টার দিকে হঠাৎ করেই আক্রমণের শিকার হন। তাদের অধিকাংশকেই চাপাতির আঘাতে হত্যা করা হয়েছে। তল্লাশি চলছে।”   

লুবেরোর সামরিক প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া রয়টার্সকে জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রায় ৬০ আর অনেকে এখনো নিখোঁজ থাকায় তা আরও বাড়তে পারে। 

কঙ্গোর পূর্বাঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। ওই অঞ্চলের ভূমি ও খনিজ সম্পদ দখল নিতে এডিএফসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী লড়াই করছে।  

কঙ্গোর সামরিক বাহিনী ও তাদের মিত্র উগান্ডা জানিয়েছে, সম্প্রতি তারা এডিএফের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। 

অগাস্টে এডিএফ বেশ কয়েকটি আক্রমণ চালিয়ে ৫০ জনেরও বেশি বেসামরিককে হত্যা করেছিল।